‘ঢাকা পেপার্স’ ও সাংবাদিকদের হত্যার হুমকির তীব্র নিন্দা বিপ্লবী কমিউনিস্ট লীগের

বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ১৬:২৬পরিবর্তন করতে ক্লিক করুন
‘ঢাকা পেপার্স’ ও সাংবাদিকদের হত্যার  হুমকির তীব্র নিন্দা বিপ্লবী কমিউনিস্ট লীগের
শেয়ার করুন:

এই ঘটনাকে বাকস্বাধীনতা, মুক্তবুদ্ধির চর্চা ও স্বাধীন গণমাধ্যমের ওপর ‘নগ্ন হুমকি’ আখ্যা দিয়েছেন বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ। বিজ্ঞপ্তিতে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, এই ঘটনা কেবল মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত নয়; বরং দেশে ভয়ের সংস্কৃতি তৈরি করে ফ্যাসিস্ট ব্যবস্থা টিকিয়ে রাখার এক অপকৌশল মাত্র।

ডিজিটাল সংবাদমাধ্যম ‘ঢাকা পেপার্স’ ও এর একজন সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ। মতপ্রকাশের স্বাধীনতায় আঘাত হানা এই দোষী ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি।

সোমবার (৫ অক্টোবর) দলটির সম্পাদকমণ্ডলীর সদস্য নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ‘ঢাকা পেপার্স’–এর ফেসবুক পেজে প্রকাশিত একটি বিশ্লেষণধর্মী কনটেন্টের জেরে একটি উগ্র ধর্মান্ধ গোষ্ঠী দুটি ভিডিওর কমেন্ট বক্সে কুরুচিপূর্ণ ভাষায় প্রাণনাশের হুমকি দেয়। এরপর সংবাদমাধ্যমটির জুনিয়র প্রডিউসার মো. রাজেকুজ জামান জুয়েলের ব্যক্তিগত মেসেঞ্জারে ভয়েস মেসেজ পাঠিয়ে অকথ্য ভাষায় গালাগাল ও তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়।

এই ঘটনাকে বাকস্বাধীনতা, মুক্তবুদ্ধির চর্চা ও স্বাধীন গণমাধ্যমের ওপর ‘নগ্ন হুমকি’ আখ্যা দিয়েছেন বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ। বিজ্ঞপ্তিতে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, এই ঘটনা কেবল মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত নয়; বরং দেশে ভয়ের সংস্কৃতি তৈরি করে ফ্যাসিস্ট ব্যবস্থা টিকিয়ে রাখার এক অপকৌশল মাত্র।

উদ্বেগ প্রকাশ করে ইকবাল কবির জাহিদ আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকেই একটি চিহ্নিত ধর্মান্ধ গোষ্ঠী নানা ধরনের হুমকি, মব সন্ত্রাস ও ভয়ের সংস্কৃতি কায়েম করে ফায়দা হাসিলের চেষ্টা চালাচ্ছে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলেই এই গোষ্ঠী প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচী কার্যালয়সহ দেশের বিভিন্ন মাজারে হামলা-অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটিয়েছে।

এর আগের এসব ঘটনায় জড়িতদের বিচার ও শাস্তি না হওয়ায় একই গোষ্ঠী বারবার এ ধরনের কাজ করার সাহস দেখাচ্ছে বলে মন্তব্য করেন এই বাম নেতা। ধর্মান্ধ গোষ্ঠীর এসব কাজকে গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারের পরিপন্থি বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

অনতিবিলম্বে সাংবাদিক রাজেকুজ জামান জুয়েলকে হুমকিদাতাদের চিহ্নিত করে কঠোর শাস্তি নিশ্চিত করতে এবং ‘ঢাকা পেপার্স’–এর সব কর্মীর সার্বিক নিরাপত্তা বিধানে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানায় দলটি।

শেয়ার করুন: