ডিপ স্টেট: গণতন্ত্রের বিপরীতে সমান্তরাল শাসনব্যবস্থা

স্কেচ: এআই
উন্নয়নশীল দেশগুলোতে, যেখানে প্রতিষ্ঠানগুলো দুর্বল, সেখানে নির্বাচিত সরকারের নীতি ও সিদ্ধান্তে সামরিক এবং গোয়েন্দা প্রধানদের একচেটিয়া প্রভাবকে ‘ডিপ স্টেট’-এর বহিঃপ্রকাশ হিসেবে দেখা হয়।
সাধারণ মানুষের দৃষ্টির অগোচরে থেকে রাষ্ট্রের রাজনৈতিক ও প্রশাসনিক নীতিনির্ধারণে প্রভাব বিস্তারকারী এক রহস্যময় শক্তির নাম ‘ডিপ স্টেট’। রাষ্ট্রবিজ্ঞানী ও বিশ্লেষকদের মতে, এটি মূলত নির্বাচিত সরকারের সমান্তরালে সক্রিয় একটি শক্তিশালী চক্র, যা প্রশাসনিক, সামরিক ও গোয়েন্দা স্তরে শিকড় গেড়ে থাকে। দৃশ্যমান সরকার পরিবর্তনের ঢেউ এই কাঠামোর গায়ে লাগে না বললেই চলে। বরং তারা জাতীয় স্বার্থের দোহাই দিয়ে দীর্ঘমেয়াদী নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করে যায়।
বিশ্লেষক রবার্ট কাপলান আধুনিক রাষ্ট্রের এই স্বরূপকে ‘স্থায়ী কাঠামো’ হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, রাজনৈতিক নেতৃত্ব ক্ষণস্থায়ী হলেও (ডিপ স্টেট) এই অদৃশ্য শক্তিটি স্থায়ী, যারা পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ে।
নিউইয়র্ক টাইমসের হোয়াইট হাউস প্রতিবেদক মাইকেল ক্রাউলি একে ‘অদৃশ্য রাষ্ট্র’ বলে অভিহিত করেছেন। তার বিশ্লেষণ অনুযায়ী, এই শক্তি বেসামরিক রাজনৈতিক নেতৃত্বের নিয়ন্ত্রণের বাইরে থেকে কার্যকর হয়। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে, যেখানে প্রতিষ্ঠানগুলো দুর্বল, সেখানে নির্বাচিত সরকারের নীতি ও সিদ্ধান্তে সামরিক এবং গোয়েন্দা প্রধানদের একচেটিয়া প্রভাবকে ‘ডিপ স্টেট’-এর বহিঃপ্রকাশ হিসেবে দেখা হয়।
বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ‘ডিপ স্টেট’ শব্দটি সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে নতুন করে আলোচনায় আসে। এর সূত্রপাত হয় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর। সেখানে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের কাছে সরাসরি জানতে চাওয়া হয় যে, ২০২৪ সালে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনে মার্কিন ‘ডিপ স্টেট’-এর কোনো ভূমিকা ছিল কি না। যদিও ট্রাম্প সেই সম্ভাবনা সরাসরি নাকচ করে দেন, তবে এই প্রশ্নটি আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের পটপরিবর্তন ও অদৃশ্য শক্তির ভূমিকা নিয়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি করে।
বাংলাদেশে অভ্যন্তরীণভাবে এই আলোচনার আবারও সামনে আসে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার একটি চাঞ্চল্যকর দাবিতে। সম্প্রতি তিনি দাবি করেন, ২০২৪ সালে দায়িত্ব নেওয়ার পর তথাকথিত এই ‘ডিপ স্টেট’ তাদের ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার টোপ দিয়েছিল। এই শক্তির পেছনে দেশি-বিদেশি বিভিন্ন স্বার্থান্বেষী মহল জড়িত থাকলেও তিনি কৌশলগত কারণে কোনো সুনির্দিষ্ট নাম প্রকাশ করেননি। তার এই বক্তব্য বাংলাদেশে ক্ষমতার নেপথ্যে সক্রিয় অদৃশ্য সিন্ডিকেটের অস্তিত্ব নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দেয়।
অক্সফোর্ড অভিধানের সংজ্ঞায় ‘ডিপ স্টেট’ হলো সরকারি সংস্থা বা সামরিক বাহিনীর সদস্যদের এমন একটি চক্র, যারা রাষ্ট্রের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতির ওপর গোপন নিয়ন্ত্রণ বজায় রাখে।
লেখক ও অ্যাক্টিভিস্ট কল্লোল মোস্তফা বলেন, ‘ডিপস্টেট আবার কি? রাজনীতিতে যারা নানাভাবে প্রভাব বিস্তার করে তাদের মধ্যে রয়েছে: বিভিন্ন গোয়েন্দা সংস্থা, সামরিক বাহিনী, আমলাতন্ত্র, প্রভাবশালী ব্যবসায়ী ও সিভিল সোসাইটি এবং বিদেশী দূতাবাস। এদের মধ্যে কাদের সাথে কি করতে চেয়েছিলেন সেটা স্পষ্ট করে বলতে হবে। নইলে 'ডিপস্টেট' জাতীয় কথা বলে ধোঁয়াশা তৈরির চেষ্টা করে কোন ফায়দা হবে না।’
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ এই চক্রের গঠন নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। তার মতে, এতে শুধু সামরিক বাহিনী বা গোয়েন্দা সংস্থা নয়, বরং প্রভাবশালী আমলাতন্ত্র, বিদেশি শক্তির প্রতিনিধি, বড় বড় ব্যবসায়ী সিন্ডিকেট এমনকি সিভিল সোসাইটির একটি অংশও অন্তর্ভুক্ত থাকতে পারে।
‘এরা সম্মিলিতভাবে একটি “অদৃশ্য সিন্ডিকেট” হিসেবে কাজ করে, যেখানে দৃশ্যমান সরকার কেবল তাদের নেওয়া সিদ্ধান্তের আইনি অনুমোদন দেয়,’ যোগ করেন তিনি।
বিশ্লেষকরা বলছেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা নিশ্চিত করা এবং রাজনৈতিক নেতৃত্বের ওপর জনগণের সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা জরুরি।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



