সংবিধানের ‘আদি পাপ’ ও সংস্কারের দাবি

ছবি: উইকি
‘বাংলাদেশের সংবিধানের ক্ষমতা-কাঠামো এখনও স্বৈরতান্ত্রিক। শুধু চব্বিশের ধাক্কার কারণেই রাজনীতিতে এই চেতনা তৈরি হয়েছে যে, বাংলাদেশের সংবিধান যে ক্ষমতা সরকারকে দেয়, সেটা পুরোপুরি নেয়া আর যাবে না। সেটা সরকারের জন্যই বিপদজনক হবে। মানুষ আর মানবে না। বরং সংবিধানকে “সংস্কার” করতে হবে।’
ড. শাহদীন মালিকের দাবি—স্বৈরশাসনের দায় সংবিধানের নয়, বরং এর অপব্যবহারকারীদের—এই বয়ানটি একটি গভীর তাত্ত্বিক ও কাঠামোগত বিভ্রম তৈরি করে। কোনো জড় বস্তুর ওপর যদি ‘দোষ’ আরোপ করা সম্ভব হয়, তবে বাংলাদেশের সংবিধানের ক্ষেত্রে সেই দোষ বা ‘আদি পাপ’ ১৯৭২ সাল থেকেই বিদ্যমান ছিল।
বিশ্লেষকরা বলছেন, সংবিধান কেবল একটি লিখিত দলিল নয়, বরং এটি রাষ্ট্রের ক্ষমতা বণ্টনের মানচিত্র। যখন এই মানচিত্রের প্রতিটি পথ এক ব্যক্তির কুক্ষিগত ক্ষমতার কেন্দ্রের দিকে ধাবিত হয়, তখন তাকে কেবল ‘অপব্যবহার’ বলে উড়িয়ে দেওয়ার সুযোগ থাকে না। বাংলাদেশের সংবিধানের মূল কাঠামোটি জন্মলগ্ন থেকেই প্রধানমন্ত্রীকেন্দ্রিক এবং একব্যক্তির হাতে চরম ক্ষমতা কেন্দ্রীভূত করার বাসনায় জারিত। এই এককেন্দ্রিক ক্ষমতা কাঠামো কখনোই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে বিকশিত হতে দেয়নি, বরং সেগুলোকে অনুগত দাসে পরিণত করার আইনি বৈধতা দিয়েছে।
শাহদীন মালিক গত ১৫ বছরের স্বৈরাচারকে যেভাবে কেবল অপব্যবহার হিসেবে চিহ্নিত করেছেন, তা ইতিহাসের আংশিক পাঠ মাত্র। এই স্বৈরতান্ত্রিক প্রবণতা গত দেড় দশকের আকস্মিক কোনো বিচ্যুতি নয়, বরং এটি একটি ধারাবাহিক অবনতি যা সংবিধানের আদি কাঠামোর ভেতরেই সুপ্ত ছিল। ক্ষমতার এই ভারসাম্যহীন বিন্যাসের কারণেই প্রধানমন্ত্রীর সাথে থানার ওসির সরাসরি সম্পর্ক তৈরি হতে পেরেছে। ফলে পুলিশ আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠেনি, বরং তা ব্যক্তির লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে। একইভাবে নির্বাচন কমিশন ও বিচার বিভাগও ক্ষমতার সমান্তরাল ভাগীদার না হয়ে ক্ষমতা কুক্ষিগত করার দাপ্তরিক মাধ্যমে রূপান্তরিত হয়েছে।
বাংলাদেশের সংবিধান যেমন মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল অর্জন, তেমনি এতে সেই সময়ের রাজনৈতিক একাধিপত্যের ‘আদি পাপ’ মিশে আছে। মুক্তিযুদ্ধের ওপর একক দখলদারিত্ব প্রতিষ্ঠার অভিলাশ থেকেই এই স্বৈরতান্ত্রিক ক্ষমতাকাঠামোটি আইনি রূপ পরিধান করেছিল।
লেখক ও গবেষক ফিরোজ আহমেদ মনে করেন, সংস্কারের দাবিই এখন বাংলাদেশের সংবিধান চিন্তার প্রধান দিক।
তিনি বলেন, ‘বাংলাদেশের সংবিধানের ক্ষমতা-কাঠামো এখনও স্বৈরতান্ত্রিক। শুধু চব্বিশের ধাক্কার কারণেই রাজনীতিতে এই চেতনা তৈরি হয়েছে যে, বাংলাদেশের সংবিধান যে ক্ষমতা সরকারকে দেয়, সেটা পুরোপুরি নেয়া আর যাবে না। সেটা সরকারের জন্যই বিপদজনক হবে। মানুষ আর মানবে না। বরং সংবিধানকে “সংস্কার” করতে হবে।’
‘ভুল কাজের সংশোধন করা যেতে পারে, ভুল জমে জমে পাহাড় হলে যে রাষ্ট্রীয় অপকাঠামো তৈরি হয়, ক্ষমতাকে একচেটিয়া করার যে মনোবৃত্তি তৈরি হয়, যে ইতিহাস ও সংস্কৃতি তৈরি হয়-- তাকে “সংস্কারই” করতে হবে। নিছক “সংশোধনে” তা চলে না,’ যোগ করেন ফিরোজ।
বিশ্লেষকদের মতে, বিগত বছরগুলোর স্বেচ্ছাচারিতা কেবল ব্যক্তির খেয়ালখুশি ছিল না, বরং তা সাংবিধানিক রক্ষাকবচের সুযোগ নিয়েই সম্পন্ন হয়েছে। সাংবিধানিক এই পথ ধরেই বাংলাদেশ একটি সুসংগঠিত অধোগতির দিকে যাত্রা করেছিল। ২০২৪ সালের গণঅভ্যুত্থান বাংলাদেশের সেই অন্ধকার যাত্রাকে রুদ্ধ করেছে এবং রাজনীতির অন্দরে এই চেতনার জন্ম দিয়েছে যে, সংবিধান সরকার বা ব্যক্তিকে যে অসীম ক্ষমতা প্রদান করে, তা ভোগ করা এখন আত্মঘাতী। জনগণের বর্তমান আকাঙ্ক্ষা কেবল এই ব্যবস্থার ‘সংশোধন’ নয়, বরং আমূল ‘সংস্কার’।
সংশোধনের মাধ্যমে কেবল ভুল ত্রুটি মার্জনা করা যায়, কিন্তু যখন পাহাড়সম ভুল একটি অপকাঠামো ও সংস্কৃতি তৈরি করে ফেলে, তখন সেখানে সংস্কার বা নতুন সামাজিক চুক্তির কোনো বিকল্প থাকে না। সংবিধানের সংস্কার ও সংশোধন—এই দুইয়ের মর্মবস্তু সম্পূর্ণ পৃথক। শাহদীন মালিকও হয়তো এখন সেই সত্যটি উপলব্ধি করছেন, যার প্রমাণ মেলে তাঁর কণ্ঠে বাহাত্তরের সংবিধান রচয়িতাদের বিচ্যুতির উল্লেখ দেখে। তবে সেই বিচ্যুতি পরবর্তী কোনো সংযোজন ছিল না, তা ছিল খোদ সংবিধান রচনার প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ। রাষ্ট্রকে মেরামত করতে হলে এই আদি কাঠামোগত ত্রুটিকে চিহ্নিত করে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে, যা নিছক সংশোধনীতে সম্ভব নয়।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



