ছাত্রনেতা অনিন্দ্য বিশ্বাস ও সাংবাদিক মোরসালিনা অনিকার ওপর ছাত্রদলের হামলার তীব্র নিন্দা ছাত্র ফ্রন্টের
সমাজতান্ত্রিক ফ্রন্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রনেতা অনিন্দ্য বিশ্বাস ও সাংবাদিক মোরসালিনা অনিকার ওপর ছাত্রদলের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। হামলার বিচার, অপরাধীদের শাস্তি এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
ছাত্রনেতা অনিন্দ্য বিশ্বাস ও সাংবাদিক মোরসালিনা অনিকার ওপর ছাত্রদলের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। অনিন্দ্য বিশ্বাস বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের বিজ্ঞান শাখার আহ্বায়ক। মোরসালিনা অনিকা ঢাকা পেপার্সের হেড অব প্রোডাকশন। সংগঠনটি অবিলম্বে এ হামলার বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সংগঠনটির ঢাবি শাখার আহ্বায়ক অদিতি ইসলাম ও সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ফারহান এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান। বিবৃতিতে বলা হয়, রোববার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রদল এ সন্ত্রাসী আক্রমণ চালায়।
নেতৃবৃন্দ বলেন, "এই হামলার ঘটনা ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত না করাসহ ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের উন্নাসিকতার ফলাফল। ফলে রাজনৈতিক ও একাডেমিক সকল বিচরণক্ষেত্রে গণতান্ত্রিক সম্পর্ক ভারসাম্য হারাচ্ছে। আইনত পদক্ষেপ গ্রহণে প্রশাসনের অনীহার কারণে 'জোর যার মুল্লুক তার' নীতিতে পেশিশক্তির রাজনীতি ও গ্যাং কালচার প্রশ্রয় পাচ্ছে।"
তাঁরা আরও বলেন, "ইতোপূর্বে বহুবার ক্যাম্পাসে যৌন হেনস্তা, ছিনতাই, মব-আক্রমণের মতো নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ড হয়েছে। সেগুলোর বিরুদ্ধে প্রক্টরিয়াল টিমকে কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি। কিন্তু যৌক্তিক আন্দোলনকারী নারী শিক্ষার্থীদের প্রতি কটূক্তিতেই তাদের ব্যস্ত দেখা যায়।"

বিবৃতিতে বলা হয়, এই হামলাসহ বহু অপরাধমূলক কর্মকাণ্ডে ক্ষমতাসীন ছাত্র সংগঠনগুলোর নানা রকম অপরাধ ধরা পড়েছে। তবু তাদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ গ্রহণে প্রশাসনের অনীহা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্যই হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই বিচারহীনতা বিশ্ববিদ্যালয়ের প্রতি জনগণের অনাস্থা তৈরি করবে। নেতৃবৃন্দের ভাষায়, তা হবে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক মূল্যবোধকে সমাধিস্থ করার কফিনে আরও একটি পেরেক ঠোকার মতো। বিশ্ববিদ্যালয়কে পরিকল্পিতভাবে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করার আয়োজন রুখতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন তাঁরা।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট তিনটি দাবি জানিয়েছে। প্রথমত, বিশ্ববিদ্যালয়ে প্রক্টরিয়াল দায়িত্বে নিযুক্ত ব্যক্তিবর্গের অকার্যকরতাকে অবিলম্বে জবাবদিহির আওতায় আনতে হবে। দ্বিতীয়ত, এই সন্ত্রাসী আক্রমণের দ্রুত তদন্ত করে বিচার ও অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, ক্যাম্পাসে সন্ত্রাসের চর্চা বন্ধে গণতান্ত্রিক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে সন্ত্রাস-দখলদারিত্ব রুখতে ও নিরাপদ ক্যাম্পাস নির্মাণে ছাত্রসমাজের প্রতি গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



