গণতন্ত্রায়নের ট্রেনে উঠে গেছে বাংলাদেশ: সিইসি
'আমি স্পষ্ট করে বলেছি, এদেশে কোনো পাতানো নির্বাচন আর হবে না।'
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ঐতিহাসিক ভোটগ্রহণের এই শুভসূচনার মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রায়নের ট্রেনে উঠে গেছে। তিনি দৃঢ় সংকল্প ব্যক্ত করে বলেন, ‘এই ট্রেন ইনশাআল্লাহ স্টেশনে পৌঁছাবে।
’বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি। তাঁর মতে, এই নির্বাচনের মাধ্যমে দেশে পুনরায় জনগণের ভোটের প্রতি আস্থা ফিরে আসবে।
নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘আমি ওয়াদা করেছিলাম একটি উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার। আপনারা দেখেছেন, গত কয়েক দিনে মানুষ ঈদুল ফিতর বা ঈদুল আজহার মতো করে গ্রামে ছুটে গেছে ভোট দেওয়ার জন্য। সারা দেশে এখন ঈদের আমেজ চলছে। আমি আমার নিজ গ্রামসহ বিভিন্ন স্থানে কথা বলে জেনেছি, মানুষ ভোটের আনন্দে উদ্বেলিত।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ২০২৬ সালের সবথেকে বড় কর্মযজ্ঞ আখ্যা দিয়ে সিইসি বলেন, প্রায় ১৭ লাখ লোক এই নির্বাচনী কাজে নিয়োজিত রয়েছেন। বিভিন্ন প্রতিষ্ঠানের বিশাল জনবলকে প্রশিক্ষণ দিয়ে এক জায়গায় কাজে লাগানো একটি বড় চ্যালেঞ্জ ছিল। বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকরা এই ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেছেন।
দেশের নির্বাচনী ইতিহাসের নেতিবাচক দিকগুলো পরিহার করার আহ্বান জানিয়ে সিইসি বলেন, ‘আমি স্পষ্ট করে বলেছি, এদেশে কোনো পাতানো নির্বাচন আর হবে না। পাতানো নির্বাচন, কেন্দ্র দখল কিংবা ব্যালট বাক্স ছিনতাইয়ের ইতিহাস আমাদের ভুলে যেতে হবে। আমরা সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছি।’
নিজের ব্যক্তিগত আকাঙ্ক্ষা সম্পর্কে ৭৪ বছর বয়সী এই প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘এই বয়সে আমার আর নতুন করে কিছু পাওয়ার নেই। আমরা চেয়েছিলাম জাতির এই ক্রান্তিলগ্নে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়ে শেষ অবদান রাখতে। আল্লাহ আমাকে সেই দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছেন। বাকি কাজটুকুও সফলভাবে সমাপ্ত হবে বলে আমার বিশ্বাস।’
ভোটের দিন সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো উৎস থেকে অপতথ্য ছড়ানোর বিষয়ে সতর্ক করে সিইসি সাংবাদিকদের বলেন, ‘আমরা সত্য তথ্য দিয়ে অপতথ্যকে মোকাবিলার কৌশল নিয়েছি। আপনারা সঠিক তথ্য প্রচার করবেন এবং সংবাদ প্রকাশের আগে যাচাই করে নেবেন। আমাদের একটিই উদ্দেশ্য—সুষ্ঠু নির্বাচন।’
নির্বাচনী চিত্র বর্ণনা করতে গিয়ে সিইসি আরও জানান, বৃহস্পতিবার সকাল থেকেই দেশের বিভিন্ন কেন্দ্রে নারীদের সরব উপস্থিতি দেখা গেছে। বিশেষ করে নতুন ভোটার ও তরুণরা দল বেঁধে ভোটকেন্দ্রে আসছেন, যা একটি সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ার ইঙ্গিত দিচ্ছে। ছোটখাটো যেসব সমস্যার খবর পাওয়া যাচ্ছে, তা তাৎক্ষণিকভাবে সমাধান করা হচ্ছে বলেও তিনি নিশ্চিত করেন।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



