ভোটের ফল যাই হোক, জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন: প্রধান উপদেষ্টা

নির্বাচনের ফল যাই হোক না কেন, ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দেওয়ার জন্য সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের ওপর গণভোট উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এই আহ্বান জানান।
বিজয় ও পরাজয়—উভয়কেই গণতন্ত্রের অবিচ্ছেদ্য সত্য হিসেবে গ্রহণ করে সবাইকে মিলে একটি নতুন, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার অনুরোধ করেন তিনি।
বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে অভিহিত করে প্রধান উপদেষ্টা বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থান আমাদের এই সুযোগ এনে দিয়েছে। যখন জাতি আরেকটি প্রহসনের নির্বাচনের শঙ্কায় ছিল, তখনই ছাত্র-জনতা সহস্রাধিক প্রাণের বিনিময়ে গোলামির জিঞ্জির ভেঙে ফেলেছে।’
তিনি বিশেষ করে তরুণ ও নারী ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘যারা গত ১৭ বছর ভোটাধিকার থাকা সত্ত্বেও ভোট দিতে পারেননি, তাদের জন্য এই নির্বাচন এক নতুন সূচনা। তাদের একটি ভোটই ১৭ বছরের নীরবতা ও বাধাহীন ফ্যাসিবাদের জবাব দেবে।’
ভাষণে প্রধান উপদেষ্টা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে আয়োজিত গণভোটের গুরুত্ব তুলে ধরেন। তিনি স্পষ্ট করেন যে, এই সনদ কোনো একক দলের ইশতেহার নয়, বরং ৩০টিরও বেশি রাজনৈতিক দলের দীর্ঘ আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতে তৈরি এক ঐতিহাসিক দলিল। গণভোটের মাধ্যমেই জনগণ সরাসরি সিদ্ধান্ত নেবেন রাষ্ট্র ভবিষ্যতে কোন কাঠামোয় চলবে। তিনি বলেন, ‘একটি জাতীয় রূপান্তর কখনোই একক সিদ্ধান্তে টেকসই হয় না, পরিবর্তনের চূড়ান্ত বৈধতা আসে জনগণের সম্মতি থেকেই।’
নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, ‘প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে প্রথমবারের মতো সারাদেশে ব্যাপক পরিসরে সিসি ক্যামেরা ও বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসম্পন্ন সশস্ত্র বাহিনীর পাশাপাশি রেকর্ডসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। এ ছাড়া প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি করা হয়েছে, যা দেশের গণতন্ত্রের পরিসরকে আরও বিস্তৃত করেছে।’
রাজনৈতিক দলগুলোর প্রতি সতর্কবার্তা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘কোনো ধরনের বিশৃঙ্খলা, কেন্দ্র দখল বা ভোটে প্রভাব বিস্তারের চেষ্টা রাষ্ট্র সহ্য করবে না। ইতিহাস শিক্ষা দেয় যে ত্রুটিপূর্ণ নির্বাচন কারও জন্যই মঙ্গল বয়ে আনে না। একই সঙ্গে তিনি গুজব ও অপপ্রচার থেকে দেশবাসীকে সতর্ক থাকার অনুরোধ করেন। তিনি পুনরায় আশ্বস্ত করেন যে, নির্বাচনে বিজয়ী প্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তী সরকার তার দায়িত্ব সমাপ্ত করবে।’
ভাষণের শেষে প্রধান উপদেষ্টা দেশবাসীকে সপরিবারে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘ভয়ের বদলে আশা আর উদাসীনতার বদলে দায়বদ্ধতা নিয়ে কেন্দ্রে যান। এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন। দেশের চাবি এখন আপনাদের হাতে, সেই চাবিটি সঠিকভাবে ব্যবহার করুন।’
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



