দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু: মুহাম্মদ ইউনূস

'আজ থেকে প্রতিটি পদে আমরা নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম।’
আজকের দিনটিকে ‘নতুন বাংলাদেশের জন্মদিন’ হিসেবে অভিহিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘সারা দিনব্যাপী এই জন্মদিন উৎসব পালন করা হবে।’
বৃহস্পতিবার সকাল ১০টা ২৬ মিনিটে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের কাছে প্রধান উপদেষ্টা এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
অধ্যাপক ইউনূস বলেন, ‘আজকের এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল, তা সম্পূর্ণভাবে বর্জন করলাম। আজ থেকে প্রতিটি পদে আমরা নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম।’
চলমান গণভোটের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘প্রার্থীকে ভোট দেওয়া গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোট খুবই গুরুত্বপূর্ণ। এটি সারা বাংলাদেশকে পাল্টে দেবে। তাই নতুন বাংলাদেশ গড়তে আমি সবাইকে এই গণভোটে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি।’
ভোট দেওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘এটা আমার জীবনে মহা আনন্দের দিন। বাংলাদেশের সবার মনে এটা মহা আনন্দের দিন, মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান হলো, নতুন স্বপ্নের শুরু হলো।’
বক্তব্য শেষে প্রধান উপদেষ্টা সবাইকে শুভেচ্ছা জানিয়ে ‘মোবারকবাদ’ জানান। এ সময় উপস্থিত সাংবাদিকরা তাঁকে ‘ঈদ মোবারক’ বলে পাল্টা শুভেচ্ছা জানালে তিনি হেসেই তার উত্তর দেন।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



