রঙিন মোড়কের আড়ালে রুঢ় বাস্তবতা: গণঅভ্যুত্থান-পরবর্তী নির্বাচিত সরকারের প্রথম বাজেট

মনজুরুল আহসান
মনজুরুল আহসান
প্রকাশ: ১২ জুন ২০২৬, ৭:০৫পরিবর্তন করতে ক্লিক করুন
  রঙিন মোড়কের আড়ালে রুঢ় বাস্তবতা: গণঅভ্যুত্থান-পরবর্তী নির্বাচিত সরকারের প্রথম বাজেট

ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

শেয়ার করুন:

বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে এই লক্ষ্যমাত্রাকে আকাশকুসুম মনে হওয়াই স্বাভাবিক। এই সময়ে বাংলাদেশে প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে মাত্র ৪.১৪ শতাংশ এবং সাধারণ মূল্যস্ফীতি ৯.৫ শতাংশের ঘরে। শ্রমবাজারে প্রতিদিন যুক্ত হচ্ছে কর্মহীন মানুষ। টানা মূল্যস্ফীতির চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন সীমিত আয়ের মানুষ। দারিদ্র্যসীমার নিচে চলে যাওয়া মানুষের সংখ্যাও বাড়ছে হু হু করে। গবেষণা প্রতিষ্ঠানগুলোর পরিসংখ্যানে উঠে আসছে শঙ্কিত হওয়ার আরো নতুন নতুন দিক।

গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক ও অর্থনৈতিক তীব্র সংকটময় প্রেক্ষাপটে গতকাল, ১১ই জুন, জাতীয় বাজেট ঘোষণা করেছে বিএনপি সরকার। দুই দশক ক্ষমতার বাইরে থাকা দলটি এবছর ১২ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে সরকার গঠণ করে। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন।

‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ শিরোনামের এই বাজেট ‘ক্রিয়েটিভ ইকোনমি’, ‘স্টার্টআপ তহবিল’, ‘ফ্যামিলি কার্ড’- এর মতো চমৎকার অঙ্গীকারে ভরপুর। অঙ্গীকারের রাজকীয় পোশাকে মণি-মুক্তোর মতো যুক্ত হয়েছে জিডিপি প্রবৃদ্ধি ৬.৫ শতাংশে উন্নীত করা এবং মূল্যস্ফীতি ৭ শতাংশে সীমিত করার লক্ষ্যমাত্রা।

অথচ বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে এই লক্ষ্যমাত্রাকে আকাশকুসুম মনে হওয়াই স্বাভাবিক। এই সময়ে বাংলাদেশে প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে মাত্র ৪.১৪ শতাংশ এবং সাধারণ মূল্যস্ফীতি ৯.৫ শতাংশের ঘরে। শ্রমবাজারে প্রতিদিন যুক্ত হচ্ছে কর্মহীন মানুষ। টানা মূল্যস্ফীতির চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন সীমিত আয়ের মানুষ। দারিদ্র্যসীমার নিচে চলে যাওয়া মানুষের সংখ্যাও বাড়ছে হু হু করে। গবেষণা প্রতিষ্ঠানগুলোর পরিসংখ্যানে উঠে আসছে শঙ্কিত হওয়ার আরো নতুন নতুন দিক।

এদিকে বিদায়ী অর্থবছর, ২০২৫-২৬, জাতীয় রাজস্ব বোর্ড ৫ লাখ ৪ হাজার কোটি টাকা আদায় করতে সক্ষম হয়। একটি স্থবির প্রায় অর্থনীতি থেকে পরবর্তী অর্থবছরের জন্য ৬ লাখ ৪ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা পূর্ববর্তী বছরের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি।

এমন এক বাস্তবতায় অর্থমন্ত্রী জাতীয় সংসদে উত্থাপন করলেন ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার বিশাল ঘাটতি বাজেট, যা মোট বাজেটের রেকর্ড প্রায় ২৬ শতাংশ। ঘাটতির ৪৬ শতাংশ বা ১ লাখ ১২ হাজার কোটি টাকা সরকার দেশীয় ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে। মধ্যবিত্তের সঞ্চয় থেকে ৬ শতাংশ এবং বৈদেশিক উৎস থেকে বাকি ৪৮ শতাংশ ঘাটতি পূরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিচ্ছিন্নভাবে উত্থাপিত এসব লক্ষ্যমাত্রা ও প্রতিশ্রুতি পারস্পরিক সম্পর্কের নিরিখে যাচাই করলে বোঝা যায় কী পরিমাণ অসংগতি নিয়ে এই বাজেট পরিকল্পনা করা হয়েছে। প্রস্তাবিত বাজেটের অর্থসংস্থানের জন্য যেসব পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তা বাস্তবায়িত হলে সরকারের মূল লক্ষ্যসমূহ যেমন—কর্মসংস্থান সৃষ্টি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়বে। ফলে এই বাজেট মানুষের জীবনধারণকে আরও কঠিন করে তুলবে।

 

কর্মসংস্থান বনাম ব্যাংকিং খাতের তারল্য সংকট

বেকারত্ব বৃদ্ধি এবং সাম্প্রতিক সময়ে বন্ধ হওয়া কলকারখানার প্রেক্ষাপটে বাজেটে কর্মসংস্থান সৃষ্টিকে অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে দাবি করা হয়েছে। বন্ধ কলকারখানা চালু ও ঋণপ্রবাহ সচল করতে ৬০ হাজার কোটি টাকার স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করা হয়েছে। একই সাথে ঘাটতি বাজেট মেটাতে সরকার মুমূর্ষু দেশীয় ব্যাংকিং খাত থেকে প্রায় ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেবে বলে ঘোষণা দিয়েছে। সরকার নিজেই যদি ব্যাংক থেকে বড় ধরনের ঋণ নেয়, তবে তারল্য সংকটে থাকা ব্যাংকিং খাতের ঋণ বেসরকারি উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য দুষ্প্রাপ্য হয়ে যাবে। ফলে স্টিমুলাস প্যাকেজের বাইরে যে বিপুল বেসরকারি উদ্যোগ থাকবে তাদের জন্য উচ্চ সুদের হার নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিবেশকে শুরুতেই শ্বাসরোধ করে মারবে।

৭% মূল্যস্ফীতির লক্ষ্য বনাম প্রাক-বাজেট ‘এনার্জি শক’

সরকার মূল্যস্ফীতি চলতি ৯.৫ শতাংশ থেকে ৭ শতাংশে নামাতে চায়, অথচ বাজেট ঘোষণার ঠিক আগ মুহূর্তে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়িয়ে এক অবিশ্বাস্য স্ববিরোধী ক্ষেত্র প্রস্তুত করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (BERC) পাইকারি বিদ্যুতের দাম ১৯.৮৫% এবং খুচরা পর্যায়ে ১৬.৮% বাড়িয়েছে। একই সাথে খুচরা বাজারে অকটেন, পেট্রোল এবং বিশেষ করে উৎপাদন ও পরিবহনের মূল চালিকাশক্তি ডিজেলের দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়ানো হয়েছে। জ্বালানি ও বিদ্যুতের এই চেইন-ইফেক্ট সরাসরি পণ্য পরিবহন খরচ ও সেচ খরচ বাড়িয়ে দেবে। ফলে বাজেটে চাল, ডাল বা ওষুধের শুল্ক কমানোর যে ‘রঙিন মোড়ক’ দেখানো হয়েছে, তা জ্বালানির এই রুক্ষ বাস্তবতার নিচে চাপা পড়ে যাবে এবং মূল্যস্ফীতি ৭%-এ নামানো তাত্ত্বিক রূপকথাতেই সীমাবদ্ধ থাকবে।

ক্ষুদ্র উদ্যোক্তাদের ওপর করের বোঝা

সরকারের ঘাটতি বাজেট মেটাতে ক্ষুদ্র উদ্যোক্তাদেরও ছাড় দেওয়া হয়নি; বরং ভ্যাটের জাল আরও বিস্তার করা হয়েছে। বার্ষিক ভ্যাট রেজিস্ট্রেশনের সীমা ৩০ লাখ টাকা থেকে কমিয়ে ২০ লাখ টাকা করা হয়েছে। অর্থাৎ, যে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান মাসে মাত্র ১ লাখ ৬৭ হাজার টাকার (দৈনিক মাত্র ৫,৫০০ টাকা) পণ্য বা সেবা বিক্রি করে, তাকেও এখন বাধ্যতামূলক ভ্যাটের আওতায় আসতে হবে। আগে এই সীমা নির্ধারিত ছিল মাসে ২ লাখ ৫০ হাজার টাকা (বার্ষিক ৩০ লাখ)। এর ফলে একদিকে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার বিকাশ থমকে যাবে, অন্যদিকে পরোক্ষ ভ্যাটের চাপে ভোক্তার পকেট আরও বেশি খালি হবে।

৫% বনাম ৯৫% এর বৈষম্য

বাজেটে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির ঘোষণা দিয়ে দাবি করা হয়েছে, এতে মানুষের ক্রয়ক্ষমতা বাড়বে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে। অথচ দেশের মোট কর্মসংস্থানের মাত্র ৫ শতাংশের কম (আনুমানিক ৪.৫% - ৪.৮%) মানুষ সরকারি চাকরি করেন। বিগত বছরগুলোর অভিজ্ঞতা থেকেই পরিষ্কার যে, এই ৫ শতাংশ চাকুরিজীবীর বেতন বৃদ্ধির অজুহাতে বাজার সিন্ডিকেটগুলো গোটা দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য একলাফে বাড়িয়ে দেয়। অথচ দেশের বাকি ৯৫ শতাংশ বেসরকারি ও অনানুষ্ঠানিক খাতের মানুষের বেতন বাড়ছে না। এই বৈষম্যমূলক নীতি মূল্যস্ফীতিকে আরও উসকে দেবে এবং সীমিত ও অনিয়মিত আয়ের মানুষের জীবনধারণ অসম্ভব করে তুলবে।

সামাজিক নিরাপত্তা: ক্ষতে সামান্য মলম

হয়তো বড় ধরনের সামাজিক অসন্তোষ বা দুর্যোগ যাতে না হয়, সে জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আকার বাড়িয়ে ১ লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে ফ্যামিলি কার্ডের আওতায় ৪১ লাখ প্রান্তিক নারীকে প্রতি মাসে ২,৫০০ টাকা করে সরাসরি নগদ অর্থ দেওয়ার জন্য ১৪,৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা কিছুটা স্বস্তিদায়ক। কিন্তু যে হারে জ্বালানির দাম বৃদ্ধি ও ভ্যাটের জাল বিস্তার করে মূল্যস্ফীতিকে উসকে দেওয়া হয়েছে, তাতে এই সামান্য ভাতার টাকা দিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর প্রকৃত ক্রয়ক্ষমতা ধরে রাখা কঠিন হবে।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটটি মূলত একটি ‘উভয়সংকট’-এর বাজেট। একদিকে অর্থনৈতিক পুনরুদ্ধার ও কর্মসংস্থানের গালভরা বুলি, অন্যদিকে সেই কর্মসংস্থানের মূল উৎস বেসরকারি খাতকে ঋণবঞ্চিত করা এবং প্রাক-বাজেট জ্বালানির মূল্যবৃদ্ধি—সব মিলিয়ে সরকারের ৭% মূল্যস্ফীতি এবং ৬.৫% জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাকে একটি কাগজের দলিলে পরিণত করেছে। রঙিন মোড়কটি সরিয়ে দিলে ভেতরের রুক্ষ বাস্তবতা এটাই বলে যে, সাধারণ মানুষের জন্য আগামী দিনগুলো আরও বেশি ব্যয়বহুল ও চ্যালেঞ্জিং হতে চলেছে।

_____

*লেখক: যুগ্মসম্পাদক, ঢাকা পেপারস,

ইমেইল: [email protected]

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: