মাথাপিছু আয় যাচ্ছে কার পকেটে?


ঢাকা পেপার্স গ্রাফিক্স
মাথাপিছু গড় আয়ের হিসেবে বাংলাদেশে চার সদস্যের একটি পরিবারের কাগজে-কলমে আয় মাসে ১ লাখ ২২ হাজার ৯৫৬ টাকা। অথচ প্রতিষ্ঠিত বড় গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করা সংসারের উপার্জনক্ষম একজন শ্রমিকের মজুরি ৩০ থেকে ৩২ হাজার টাকার দাবিতে দিনের উপার্জন ত্যাগ করে রাজপথে আন্দোলন করতে হয়! তাদের বর্তমান ন্যূনতম মজুরি মাসে মাত্র ১২,৫০০ টাকা
বাংলাদেশ মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যাচ্ছে, এই গেল বলে। রপ্তানি আয়ও বাড়ছে। এমন হরেক রকমের ‘উন্নয়নের’গাল-ভারি গল্প প্রায়শ শুনি, শুনতে হয়। অথচ বাস্তব জীবনে এই মাথাপিছু আয়ের খবর কোন আনন্দ দিচ্ছে না। কারণ, একটি পরিবারে যে আয় হয়, তা দিয়ে মাসের বাজারই চলে না। মেহমান আসার খবর কিংবা কারও বিয়ে বা জন্মদিনের দাওয়াত, কোনভাবেই আর সুখানুভূতির উৎস নয়। মনের মধ্যে কেবলই অস্বস্তির খচখচানি। আর পরিবারের কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে যতটা না উদ্বিগ্ন হই, তার থেকে সম্ভাব্য চিকিৎসা ব্যয় অনেক বেশী বিচলিত করে। একের পর এক ক্রেডিট কার্ড ব্লক হওয়া, কখনও দীর্ঘ বাকেয়া থেকে মামলার মুখোমুখি হওয়া- এখন আর কোন ব্যাতিক্রমী ঘটনা নয়। এ তো গেলো বাংলাদেশের বাড়ন্ত মধ্যবিত্ত শ্রেণীর নিত্য সংগ্রামের গল্প।
বিশাল কৃষক ও শ্রমিক জনগোষ্ঠীর সংগ্রাম আরও ভয়াবহ। প্রতিষ্ঠিত বড় শিল্প-কারখানার শ্রমিকেরা বেঁচে আছেন ওভারটাইমের ওপর। আট ঘণ্টা শ্রম দিয়ে যে মজুরি মেলে, তাতে বস্তির ঘর ভাড়া দিয়ে অর্ধেক মাসের চাল, ডাল, তেল, নুন আর চিনির দাম দেয়া যায় না। বাকি যে বিশাল শ্রমজীবী জনগোষ্ঠী রয়েছেন, তারা যেন ‘বেঁচে নেই’, অনাহারে, অর্ধাহারে ‘মরে যাওয়া একেকটা ভূত’।
আর বাংলার কৃষক! এক কথায় বলতে গেলে, জরুরি প্রয়োজন মেটাতে বছরের খোরাকি চালটাও বিক্রি করে দিতে হচ্ছে। সাথে আছে ক্ষুদ্র ঋণের ফাঁদ। একেকটি কৃষক ও শ্রমিক পরিবার কমপক্ষে তিন থেকে চারটি এনজিও বা মহাজনের কিস্তির জালে আবদ্ধ। তীব্র অনটনের সংসারে নেওয়া সেই ঋণের ন্যূনতম সুদের হার ৩২ শতাংশের বেশী।
সমাজে অর্থনীতির এই যে চিত্র আমরা পাচ্ছি, তা কোনভাবেই ওই ক্রমবর্ধমান মাথাপিছু আয়ের যে চিত্র আমাদের সামনে তুলে ধরা হচ্ছে, তার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রশ্ন হচ্ছে ফাঁকিটা ঠিক কোথায়?
আসলে এই ধরনের গড় হিসেবের বড় সমস্যা হলো, যে আয় বা ঋণ আপনি করেননি, তারও একটি অংশের দায় আপনার ভাগে পড়ে। পরিসংখ্যান বলছে বাংলাদেশের বছরে মাথাপিছু গড় আয় বছরে ৩ হাজার ২০ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৬৮ হাজার ৮৭৩ টাকা বা মাসে ৩০ হাজার ৭৩৯ টাকা। সে হিসেবে বাংলাদেশে চার সদস্যের একটি পরিবারের কাগজে-কলমে আয় মাসে ১ লাখ ২২ হাজার ৯৫৬ টাকা। অথচ প্রতিষ্ঠিত বড় গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করা সংসারের উপার্জনক্ষম একজন শ্রমিকের মজুরি ৩০ থেকে ৩২ হাজার টাকার দাবিতে দিনের উপার্জন ত্যাগ করে রাজপথে আন্দোলন করতে হয়! তাদের বর্তমান ন্যূনতম মজুরি মাসে মাত্র ১২,৫০০ টাকা। ঠিক এইখানেই আমরা পেয়ে যাই দেশে বিদ্যমান তীব্র আয় বৈষম্যের সন্ধান। অর্থাৎ প্রতিষ্ঠিত রপ্তানীমূখী গার্মেন্টে একজন শ্রমিকের নূন্যতম মজুরি যখন ওই মাথাপিছু আয়ের মাত্র ৪০ শতাংশ বা অর্ধেকেরও কম। আর যদি সেটা সরকারি হিসেবের চার সদস্যের পরিবারে উপার্জনক্ষম একজনের আয় ধরা হয়, তাহলে তার আয় চারজনের মাথাপিছু আয়ের ১০ শতাংশ বা দশ ভাগের একভাগ। এই হচ্ছে আমাদের আনুষ্ঠানিক বা ফর্মাল খাতের মধ্যেও যারা ‘অভিজাত’, সেই রপ্তানিমূখী তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের অবস্থা। তাহলে একবার ভাবুন, দেশের অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত প্রায় সাড়ে পাঁচ কোটি মানুষের আয় কত হতে পারে! এই বিশাল অপ্রাতিষ্ঠানিক খাতের উৎপাদন, মূল্য সংযোজন কিংবা দেশের শ্রম বাজারের এই ৮৪ শতাংশ মানুষের উপার্জনের কোন পরিষ্কার চিত্র আমরা পাই না। কারণ, রাষ্ট্র কিংবা সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলো প্রয়োজনীয় সমীক্ষার উদ্যোগ নেয় না।
আমরা যা জানতে পারি, তা হলো, বাংলাদেশ শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুযায়ী, প্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকের সংখ্যা এক কোটি ১০ লাখ ৫০ হাজার এবং অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত পাঁচ কোটি ৪০ লাখ ৪০ হাজার। অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত মানুষের গড় আয় সম্পর্কে একটা ধারণা দেয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও আন্তর্জাতিক শ্রম সংস্থা। তাদের দাবি, অপ্রাতিষ্ঠনিক খাতে শ্রমিকদের মজুরি সেই ১২ হাজার ৫০০ টাকা বা তার থেকে নিচে। এই অপ্রাতিষ্ঠানিক খাতের মধ্যে মোটা দাগে কৃষি, মৎস্য ও পশুপালন, পরিবহন খাত, নির্মাণ ও কারিগরি কাজ, ক্ষুদ্র ব্যবসা ও হকার, গৃহস্থালি ও ব্যক্তিগত সেবা, বর্জ্য ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহার (রিসাইক্লিং) এবং অনিবন্ধিত ক্ষুদ্র কারখানা রয়েছে।
প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের প্রায় ৯০ শতাংশ মানুষের আয়ের যে ধারণা আমরা পাই, তা এক কথায় ভয়ঙ্কর। তাই স্বাভাবিক নিয়মেই প্রশ্ন আসে, দেশের সামগ্রিক আয়ের বিপুল অর্থ যাচ্ছে কার বা কাদের পকেটে? এখানে অবশ্য কিছু পরিসংখ্যান পাওয়া যাচ্ছে। বিশ্ব বৈষম্য প্রতিবেদন, ২০২৬ বলছে বাংলাদেশের প্রথম ১০ শতাংশ ধনীদের আয়, মোট জাতীয় আয়ের ৪১ শতাংশ। পক্ষান্তরে, নিচের দিকে দরিদ্র ৫০ শতাংশ মানুষের আয়, মোট জাতীয় আয়ের মাত্র ১৯ শতাংশ। আর সম্পদের মালিকানার হিসেব নিলে পরিস্থিতি আরো ভয়াবহ। আসলে সেটাই হবার কথা। উদ্বৃত্ত জমে জমে তো সম্পদেই রূপান্তর হয়। বাংলাদেশের সেই প্রথম ১০ শতাংশ ধনীদের মালিকানায় দেশের ৫৮ শতাংশ সম্পদ। আর প্রথম এক শতাংশ ধনীদের মালিকানায় রয়েছে দেশের প্রায় এক-চতুর্থাংশ সম্পদ। ওই এক শতাংশের মধ্যেই যেমন তৈরি পোশাক কারখানার মালিক রয়েছেন, তেমনি নিচের দিকের অর্থাৎ দরিদ্র ৫০ শতাংশের মধ্যে রয়েছেন একই কারখানার একজন শ্রমিক।
___________________
লেখক: ঢাকা পেপার্সের যুগ্ম সম্পাদক
[email protected]
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



