ভোক্তার পকেট কেটে ব্যবসায়ীদের পকেট ভারি

মনজুরুল আহসান
মনজুরুল আহসান
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ১৩:১৮পরিবর্তন করতে ক্লিক করুন
ভোক্তার পকেট কেটে ব্যবসায়ীদের পকেট ভারি

ঢাকা পেপার্স গ্রাফিক্স

শেয়ার করুন:

পাশের দেশ ভারতের বড় শহর কলকাতায় যখন ১২ কেজি এলপিজি বিক্রি হয় বাংলাদেশি মুদ্রায় ১,০৮০ টাকায়, তখন ঢাকাসহ সারা দেশের জন্য আইনি মূল্যই প্রায় ৯১ শতাংশ বেশি, ২,০৬০ টাকা। বাস্তবে বিক্রি হচ্ছে ২,৩০০ থেকে ২,৫০০ টাকায়। ভারতের মোট এলপিজি চাহিদার ৬০ থেকে ৬৫ শতাংশ আমদানি করতে হয়। এলপিজি আমদানিতে হরমুজ প্রণালীর ওপর ভারতের নির্ভরতাও বাংলাদেশের তুলনায় কম নয়, বরং বেশি।

মাত্র এক মাসের ব্যবধানে বাংলাদেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দুই দফায় প্রায় ৩০ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজির খুচরা মূল্য নির্ধারণ করা হয় ১,৫৮৫ টাকা। ৪ অক্টোবর তা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১,৮৩৭ টাকা। আর নভেম্বরের ২ তারিখে আরেক দফা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ২,০৬০ টাকা। প্রায় ১০ শতাংশ মূল্যস্ফীতির চাপে পিষ্ট এক কোটি পরিবারের রান্নার জ্বালানি খরচ এক মাসে বেড়ে গেল ৪৭৫ টাকা বা ৩০ শতাংশ।

কেন? উত্তরটা ব্যবসায়ী আর সরকারি লোকেদের ঠোঁটের ডগায়। অশান্ত মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলে না। বাব-আল-মান্দেব প্রণালী ব্যবহারের ঝুঁকিও দিন দিন বেড়ে যাচ্ছে। আমদানি ব্যয় বেড়ে গেছে অনেক।

তবে গত ২ নভেম্বর ১২ কেজি এলপিজির দাম যে ২২৩ টাকা বাড়ানো হয়েছে, তার মাত্র ৩৪.৫৩ শতাংশ "বেড়ে যাওয়া আমদানি ও আমদানি সংশ্লিষ্ট ব্যয়" মেটাতে বরাদ্দ হয়েছে। বাকি ৬৫.৪৭ শতাংশ চলে যাচ্ছে আমদানিকারক, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের পকেটে। অর্থাৎ প্রতিটি ১২ কেজি এলপিজি সিলিন্ডার থেকে ব্যবসায়ীদের পকেটে অতিরিক্ত ১৪৬ টাকা চলে যাচ্ছে।

অক্টোবরের ১ তারিখ পর্যন্ত প্রতি ১২ কেজি এলপিজি বিক্রিতে আমদানিকারকদের মজুদ ও বোতলজাতকরণের জন্য বরাদ্দ ছিল প্রায় ১৯৫ টাকা। পরিবেশকদের জন্য ৫০ টাকা এবং খুচরা বিক্রেতাদের জন্য ৪৫ টাকা। নভেম্বর মাসে তা বাড়িয়ে মজুদ ও বোতলজাতকরণের জন্য বরাদ্দ করা হলো প্রায় ২৮২ টাকা। পরিবেশকদের জন্য ৮৫ টাকা এবং খুচরা বিক্রেতাদের জন্য ৭০ টাকা। বছরে ১৭ লাখ টন এলপিজি চাহিদার প্রায় ৮০ শতাংশ এক কোটি পরিবারে রান্নার কাজে ব্যয় হয়। সে হিসেবে এলপিজি ব্যবসায়ীরা বছরে ১,৬০০-১,৭০০ কোটি টাকা মধ্যবিত্তের রান্নাঘর থেকেই অতিরিক্ত আদায় করবে। আর তার আইনি ব্যবস্থা করে দিয়েছে বিইআরসি।

তবে এই খাতের ব্যবসায়ীদের ক্ষুধা কেবল বিইআরসি নির্ধারিত দামের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। দীর্ঘদিন ধরে ভোক্তাদের অভিযোগ, বিইআরসির নির্ধারিত মূল্যে এলপিজি পাচ্ছেন না। শুরুর দিকে প্রতিটি ১২ কেজি সিলিন্ডারে ৫০ থেকে ১০০ টাকা বেশি নিত। পরে তা বাড়তে বাড়তে গত আগস্ট মাস নাগাদ ৫০০ থেকে ৭০০ টাকায় উন্নীত হয়। প্রতিটি ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারিত মূল্যের চেয়ে ৫০০ টাকা বেশি আদায় ধরে নিলেও শুধু সেপ্টেম্বর ও অক্টোবর মাসেই মধ্যবিত্তের রান্নাঘর থেকে লোপাট হয়েছে ৮৫০ থেকে ৯৫০ কোটি টাকা।

বিইআরসির সর্বশেষ আদেশের মধ্য দিয়ে ব্যবসায়ীদের এই "বেআইনি" উপার্জনের একটি অংশ যেন আইনি বৈধতা পেল। তবে বাংলাদেশের এলপিজি বাজারের অরাজকতার চিত্র কতটা ভয়াবহ, তা প্রতিবেশী দেশগুলোর এলপিজির দাম যাচাই করলে বোঝা যাবে।

পাশের দেশ ভারতের বড় শহর কলকাতায় যখন ১২ কেজি এলপিজি বিক্রি হয় বাংলাদেশি মুদ্রায় ১,০৮০ টাকায়, তখন ঢাকাসহ সারা দেশের জন্য আইনি মূল্যই প্রায় ৯১ শতাংশ বেশি, ২,০৬০ টাকা। বাস্তবে বিক্রি হচ্ছে ২,৩০০ থেকে ২,৫০০ টাকায়। ভারতের মোট এলপিজি চাহিদার ৬০ থেকে ৬৫ শতাংশ আমদানি করতে হয়। এলপিজি আমদানিতে হরমুজ প্রণালীর ওপর ভারতের নির্ভরতাও বাংলাদেশের তুলনায় কম নয়, বরং বেশি।

আমাদের দুই ল্যান্ডলক প্রতিবেশী ভুটান ও নেপালের এলপিজি চাহিদা শতভাগ ভারত থেকে আমদানি করে মেটানো হয়। অর্থাৎ দুই স্তরে আমদানির পর ভুটান ও নেপালের বাজারে এলপিজি ঢোকে। তারপরেও ভুটানের তুলনায় প্রায় ২৩ শতাংশ এবং নেপালের তুলনায় ৪৪ শতাংশ বেশি মূল্য নির্ধারণ করা হলো বাংলাদেশের ভোক্তাদের জন্য।

এদিকে শতভাগ আমদানি-নির্ভর আরেক প্রতিবেশী, শ্রীলঙ্কার তুলনায় বাংলাদেশের ভোক্তাদের জন্য এলপিজির দাম ৩২ শতাংশ বেশি নির্ধারণ করা হয়েছে। আর পাকিস্তানের তুলনায় তা ৩৬.৪২ শতাংশ বেশি। পরিস্থিতি দেখে মনে হয়, সাধারণ মানুষের পকেট কেটে বড় ব্যবসায়ীদের বড় ব্যাংক ব্যালান্স তৈরির পথ সুগম করাই যেন বাংলাদেশের সরকারগুলোর একমাত্র কাজ।

-----
লেখকঃ যুগ্ম সম্পাদক, ঢাকা পেপার্স
[email protected]

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: