নিষ্পত্তি হওয়া ঋণ হিসাব থেকে ইউনূস–প্রতিষ্ঠিত গ্রামীণ শক্তিকে ২১০ কোটি টাকা ফেরত দিল ইডকল

আরিফুজ্জামান তুহিন
আরিফুজ্জামান তুহিন
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ৯:৪৩পরিবর্তন করতে ক্লিক করুন
নিষ্পত্তি হওয়া ঋণ হিসাব থেকে ইউনূস–প্রতিষ্ঠিত গ্রামীণ শক্তিকে ২১০ কোটি টাকা ফেরত দিল ইডকল

ঢাকা পেপার্স গ্রাফিক্স

শেয়ার করুন:

নিরীক্ষা প্রতিবেদনে নজিরবিহীন অনিয়মের অভিযোগ ও অর্থ আদায়ের সুপারিশ

সরকারি প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) সোলার হোম সিস্টেম কর্মসূচির আওতায় নেওয়া সমুদয় ঋণ পরিশোধের পর বন্ধ হয়ে যাওয়া হিসাব থেকে ২১০ কোটি ২৫ লাখ টাকা ফেরত নিয়েছে গ্রামীণ শক্তি। ৮ আগস্ট, ২০২৪ সালে দেশের অন্তবর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টা হন ডক্টর মুহাম্মদ ইউনূস। এরপরের ঋন নিস্পত্তি হওয়া অর্থ দাবি করে গ্রামীণ শক্তি, এবং ওই বছরে ইডকল ২১০ টাকা প্রতিষ্ঠানটিকে ফেরত দয়। গ্রামীণ শক্তির প্রতিষ্ঠাতা ডক্টর মুহাম্মদ ইউনূস,তিনি এখন প্রতিষ্ঠানের চেয়ারম্যান। সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এই ঘটনাকে চরম আর্থিক অনিয়ম ও নজিরবিহীন স্বার্থের সংঘাত বলেছে।

গ্রামীণ শক্তি যখন ইডকল থেকে এই মূল সৌর ঋণ নিয়েছিল, তখন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছিলেন মুহাম্মদ ফাওজুল কবির খান। পরবর্তীতে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়সহ গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান। নীতিনির্ধারণী পর্যায়ে তাঁদের উপস্থিতির সময়েই বন্ধ হয়ে যাওয়া ঋণ হিসাবের টাকা ফেরতের এই বিতর্কিত প্রক্রিয়াটি সম্পন্ন হয়।

নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, প্রচলিত আর্থিক নিয়মে কোনো ঋণ অনাদায়ী থাকলে তা আদায়ের স্বার্থে সর্বোচ্চ কিছু সুদ মওকুফ করা হতে পারে। কিন্তু সম্পূর্ণ ঋণ পরিশোধ করে হিসাব পুরোপুরি নিষ্পত্তি (ক্লোজ) করার পর সেই হিসাব থেকে শতকোটি টাকা নগদে ফেরত দেওয়ার ঘটনা দেশের আর্থিক ইতিহাসে বিরল। ঋণ চুক্তির শর্ত ও বিধিবহির্ভূত এই লেনদেনের কারণে ইডকলের ২১০ কোটি ২৫ লাখ টাকার সরাসরি আর্থিক ক্ষতি হয়েছে উল্লেখ করে ওই অর্থ সরকারি কোষাগারে আদায়ের সুপারিশ করেছে নিরীক্ষা দল।

ঋণ নেওয়া ও হিসাব নিষ্পত্তির প্রেক্ষাপট

ইডকল সূত্রে জানা যায়, প্রত্যন্ত অঞ্চলে আলো পৌঁছে দিতে ২০০৩ সালের জানুয়ারি থেকে সরকার ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সহায়তায় সোলার হোম সিস্টেম কর্মসূচিতে অর্থায়ন শুরু হয়। এ কর্মসূচির আওতায় ৫৩টি প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার ৫৪৫ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়। এর মধ্যে ৪২টি প্রতিষ্ঠান নিয়ম মেনে ঋণ হিসাব নিষ্পত্তি করে। তবে গ্রামীণ শক্তিসহ ৯টি প্রতিষ্ঠান দীর্ঘ সময় কিস্তি পরিশোধ না করায় ইডকলের ৫২৩ কোটি ৫০ লাখ টাকার ঋণ বকেয়া পড়ে। এর মধ্যে শীর্ষ বকেয়াধারী ছিল গ্রামীণ শক্তি, রুরাল সার্ভিসেস ফাউন্ডেশন (আরএসএফ) এবং সৃজনী বাংলাদেশ।

ইডকল থেকে সহজ শর্তে স্বল্প সুদে ঋণ নিলেও গ্রামীণ শক্তি তাদের ক্ষুদ্রঋণ গ্রাহকদের কাছে চড়া সুদে কিস্তিতে এসব সৌর প্যানেল বিক্রি করেছিল বলে অভিযোগ রয়েছে। এরপরও বছরের পর বছর ইডকলের পাওনা পরিশোধ করেনি প্রতিষ্ঠানটি। নির্ধারিত সময়ে কিস্তি না দেওয়ায় ২০২৪ সালের ফেব্রুয়ারিতে গ্রামীণ শক্তির কাছে ইডকলের বকেয়া দাঁড়ায় ৩৯৬ কোটি ৯৩ লাখ টাকা। পরবর্তীতে ইডকলের জোর তাগাদার মুখে ২০২৪ সালের ১১ মার্চ কোনো ছাড় ছাড়াই ৩৯১ কোটি ৯৫ লাখ টাকা এককালীন পরিশোধ করে গ্রামীণ শক্তি। এর মধ্য দিয়ে তাদের সৌর ঋণের অ্যাকাউন্টটি পুরোপুরি বন্ধ হয়ে যায়।

হিসাব বন্ধের পর যেভাবে টাকা ফেরত গেল

নথি পর্যালোচনায় দেখা যায়, ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর গ্রামীণ শক্তির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হন। এর মাত্র এক মাস পর, অর্থাৎ ১২ সেপ্টেম্বর গ্রামীণ শক্তি ইডকলে একটি আবেদন পাঠায়। চিঠিতে ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকা বকেয়া ঋণের ৫০ শতাংশ মওকুফ এবং পূর্বে পরিশোধিত অর্থ থেকে সমপরিমাণ ২১০ কোটি ২৫ লাখ টাকা ফেরত দেওয়ার অনুরোধ জানানো হয়।

ঋণ হিসাব আগেই বন্ধ হয়ে গেলেও আবেদনটির দ্রুত নিষ্পত্তি হয়। ২০২৫ সালের ৩০ এপ্রিল ইডকল প্রথমে কাগজে-কলমে ২১০ কোটি ২৫ লাখ টাকার ঋণ মওকুফ ও অবলোপন অনুমোদন করে। এরপর ২০ মে ব্যাংকিং চ্যানেলের (আরটিজিএস) মাধ্যমে গ্রামীণ শক্তির অনুকূলে ২১০ কোটি ২৫ লাখ টাকা নগদে স্থানান্তর করা হয়।

ইডকলের বক্তব্য ও নিরীক্ষার কঠোর আপত্তি

এ বিষয়ে আত্মপক্ষ সমর্থন করে ইডকল জানিয়েছে, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্রুত গ্রিড সম্প্রসারণ, সরকারি উদ্যোগে বিনা মূল্যে সোলার বিতরণ এবং বাজারে অসম প্রতিযোগিতার কারণে অংশীদার প্রতিষ্ঠানগুলো সংকটে পড়েছিল। এ বাস্তবতায় ২০২২ সালের ৬ জুন ইডকলের ২৯২তম পর্ষদ সভায় ৩৯টি প্রতিষ্ঠানের আংশিক ঋণ মওকুফ করা হয়। তখন গ্রামীণ শক্তিসহ পাঁচটি প্রতিষ্ঠান ওই তালিকায় অন্তর্ভুক্ত ছিল না।

ইডকলের দাবি, পরবর্তীতে মাঠপর্যায়ের অনাদায়ী ঋণের যুক্তি তুলে ধরে গ্রামীণ শক্তি আবেদন করলে ২০২৪ সালের ৬ নভেম্বর ৩১৮তম বোর্ড সভায় অর্থ মওকুফ ও ফেরতের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি ইআরডি এবং ১০ মার্চ বাংলাদেশ ব্যাংক এতে অনাপত্তি দেয়। আইনি প্রতিষ্ঠান ‘ল ভ্যালি’র ইতিবাচক মতামত এবং গ্রামীণ শক্তির কাছ থেকে নোটারিকৃত অঙ্গীকারনামা নিয়ে ২০২৫ সালের ৩০ এপ্রিল ৩২৪তম পর্ষদ সভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। ফলে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি।

তবে ইডকলের এই সাফাই সরাসরি প্রত্যাখ্যান করেছে নিরীক্ষা দল। নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, একবার সমুদয় ঋণ পরিশোধ করে হিসাব নিষ্পত্তি হয়ে যাওয়ার পর তা পুনরায় চালু করে অর্থ ফেরত বা মওকুফ করার কোনো আইনগত ভিত্তি নেই। এ ধরনের সিদ্ধান্তের পেছনে ঋণ চুক্তির কোনো ধারা বা পর্যাপ্ত আর্থিক যৌক্তিকতার দলিল ইডকল দেখাতে পারেনি।

প্রতিবেদনে আরও বলা হয়, রাষ্ট্রের শীর্ষ পদে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং ঋণ বিতরণের সময়কার এমডি নীতিনির্ধারণী পদে থাকাকালীন এ ধরনের সিদ্ধান্ত আর্থিক শৃঙ্খলা ও সুশাসনের গুরুতর ব্যত্যয়। নিরীক্ষা দল অবিলম্বে এই ২১০ কোটি ২৫ লাখ টাকা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়ার সুপারিশ করেছে।

__________
লেখা: সম্পাদক, ঢাকা পেপার্স

[email protected]

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: