ক্যালকুলেটরের গাণিতিক জাদু বনাম শ্রমিকের বাজারের থলে: সিপিডির মজুরি প্রস্তাব


শ্রমিকের ঘামে ভেজা অর্থনীতিতে যখন প্রবৃদ্ধির ঢেকুর তোলা হয়, তখন সেই প্রবৃদ্ধির সুফল কেন শ্রমিকের রান্নাঘরে পৌঁছায় না, সেই মৌলিক প্রশ্নটি এড়িয়ে গিয়ে ১৮ থেকে ২৪ হাজার টাকার মধ্যে “ন্যায্য মজুরি” খোঁজা এক নির্মম রসিকতা ছাড়া আর কিছুই নয়।
শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে বসে এক্সেল শিটের ফর্মুলা দিয়ে গরিবের ক্ষুধা মাপা এক চমৎকার বুদ্ধিবৃত্তিক বিলাসিতা। ১৮ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর ধানমন্ডিতে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) “পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ” শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে যে গাণিতিক চমৎকারিতা দেখিয়েছে, তা দেখে মনে হয় বাংলাদেশের পোশাক শ্রমিকরা রক্ত-মাংসের মানুষ নন, বরং কোনো এক রোবোটিক প্রাণী।
সংস্থাটির হিসাব অনুযায়ী, নতুন ন্যূনতম মজুরি ১৮,৫৭৮ টাকা থেকে ২৪,২০৪ টাকার মধ্যে হওয়া উচিত। যে দেশে নিত্যপণ্যের দাম রকেটের গতিতে ছোটে, সেখানে শ্রমিকের বেঁচে থাকার অঙ্কটা কীভাবে এত নিখুঁতভাবে ২৪ হাজারের কোঠায় আটকে গেল, তা ভাবলে বিস্মিত হতে হয়।
১.৫৮ জন উপার্জনক্ষম সদস্যের রূপকথা ও রূঢ় বাস্তবতা
সিপিডির তাত্ত্বিক হিসাবে চার সদস্যের একটি পরিবারে গড়ে ১.৫৮ জন উপার্জনক্ষম সদস্য ধরা হয়েছে। প্রশ্ন হলো, এই ০.৫৮ অংশের মানুষটি কে? তিনি কি পরিবারের কোনো অর্ধ-বয়স্ক কিশোর, যে স্কুলের বই খাতা ফেলে দিয়ে কারখানা, রেস্টুরেন্ট বা টেম্পোর হেলপার হিসেবে কাজ করতে বাধ্য হচ্ছে? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যমতে, ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত শহরাঞ্চলে মূল্যস্ফীতি ৩০.৮ শতাংশ।
এমনকি বিবিএসের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবরেও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯.৮৯ শতাংশ। ২০২৬ সালের জুনে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম এক লাফে প্রায় ১৬.৬৮ শতাংশ বাড়ানো হয়েছে। এই আগুনে বাজারে ঢাকা শহরের মাথাপিছু দারিদ্র্যসীমা ৭,৩৩৮ টাকা ধরে সিপিডি যে “মানবিক ও মর্যাদাপূর্ণ” জীবনের নকশা এঁকেছে, সেখানে প্রোটিন বা আমিষের কোনো স্থান নেই।
একজন শ্রমিক যখন অসুস্থ হন, তখন সরকারি হাসপাতালে গিয়ে তিনি দেখেন ওষুধ নেই, শয্যা নেই, আছে কেবল দীর্ঘ লাইন আর অবহেলা। বাধ্য হয়ে তাঁকে ছুটতে হয় বেসরকারি ক্লিনিক বা ফার্মেসিতে, যেখানে এক পাতা অ্যান্টিবায়োটিকের দাম শ্রমিকের একদিনের মজুরির সমান। সিপিডির ২৪,২০৪ টাকার বাজেটে সন্তানের প্রাইভেট টিউশন বা কোচিং তো দূরের কথা, সরকারি বিদ্যালয়ে পড়ানোর খরচও সংকুলান হওয়া অসম্ভব। এমনকি যে কৃষক রোদে পুড়ে ধান ফলান, তিনিও সারের দাম ও সেচ খরচের চাপে উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন। কৃষি ও শিল্প—উভয় খাতের শ্রমজীবী মানুষই আজ এক অদৃশ্য অর্থনৈতিক জাঁতাকলে পিষ্ট।
বাংলাদেশের শিল্পায়ন: উপনিবেশবাদ ও আইএমএফ-এর অদৃশ্য শৃঙ্খল
আমাদের দেশের মূলধারার গবেষণা সংস্থাগুলো সবসময় বর্তমানের সংকটকে বিচ্ছিন্নভাবে দেখে, কিন্তু ইতিহাসের শিকড়ে হাত দেয় না। ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি যেভাবে এখানকার বিশ্বখ্যাত মসলিন ও দেশীয় তাঁত শিল্পকে ধ্বংস করে এই ভূখণ্ডকে কেবল কাঁচামাল সরবরাহকারী ও ব্রিটিশ পণ্যের বাজারে পরিণত করেছিল, স্বাধীনতার পরও সেই ধারাটি ভিন্ন রূপে ফিরে এসেছে।
অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ এবং সমসাময়িক অনেক বিশ্লেষকই বিভিন্ন সময়ে কাঠামোগত সংস্কারের সীমাবদ্ধতা নিয়ে কথা বললেও, আশির দশকে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর চাপিয়ে দেওয়া স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি (এসএএফ) বা কাঠামোগত সমন্বয় কর্মসূচির ভয়াবহতা উপেক্ষা করে আইএমএফ-বিশ্বব্যাংকেরই অনুগামী আমাদের মূলধারার থিংক-ট্যাংকগুলো।
আশির দশকের সেই নব্য-উদারতাবাদী প্রেসক্রিপশনের মূল শর্তই ছিল কৃষি ও দেশীয় শিল্প থেকে সরকারি ভর্তুকি প্রত্যাহার করা এবং আমদানি শুল্ক কমিয়ে বাজার উন্মুক্ত করে দেওয়া। এর ফলে বাংলাদেশে প্রকৃত কোনো ভারী শিল্পায়ন বা স্বনির্ভর পুঁজিবাদী অর্থনীতি গড়ে ওঠেনি। আমরা হয়ে পড়েছি শতভাগ আমদানি-নির্ভর একটি জাতি। সুতা, কাপড়, বোতাম থেকে শুরু করে যন্ত্রপাতি—সবই আমদানি করতে হয়।
অর্থনীতিবিদ হা-জুন চ্যাং তাঁর “কিকিং অ্যাওয়ে দ্য ল্যাডার” বইয়ে এবং যোসেফ স্টিগলিৎজ তাঁর “গ্লোবালাইজেশন অ্যান্ড ইটস ডিসকনটেন্টস” গ্রন্থে স্পষ্টভাবে দেখিয়েছেন, কীভাবে আইএমএফ ও বিশ্বব্যাংকের এই নীতিগুলো উন্নয়নশীল দেশগুলোর নিজস্ব শিল্পায়নের সিঁড়ি ভেঙে দিয়েছে। স্বাধীন বাংলাদেশে ক্ষমতাসীন প্রতিটি সরকারই সেই একই প্রেসক্রিপশন মেনে চলায় আজ আমাদের রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি একটিমাত্র খাতের ওপর নির্ভরশীল, যার কাঁচামালের বড় অংশই আসে বিদেশ থেকে।
৩০-৩৫ হাজার টাকার দাবি: বিলাসিতা নাকি বেঁচে থাকার শেষ আর্তনাদ?
মিরপুর, সাভার-আশুলিয়া, গাজীপুর ও ময়মনসিংহের শিল্পাঞ্চলে শ্রমিকরা যখন ন্যূনতম মজুরি ৩০ থেকে ৩৫ হাজার টাকা করার দাবিতে রাস্তায় নামেন, তখন তাঁদের ওপর টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড আর লাঠিচার্জ নেমে আসে। শ্রমিক সংগঠনগুলোর জোট ইতিমধ্যেই ৩২,০০০ থেকে ৩৭,১২৫ টাকা পর্যন্ত ন্যূনতম মজুরির দাবি তুলেছে। প্রশ্ন হলো, বর্তমান বাজারদরের প্রেক্ষাপটে ৩০-৩৫ হাজার টাকা কি খুব অযৌক্তিক? মোটেও না।
ঢাকা বা গাজীপুরের শিল্পাঞ্চলে একটি ছোট্ট স্যাঁতসেঁতে এক রুমের বাসা ভাড়া নিতে গেলেও এখন ৬ থেকে ৮ হাজার টাকা গুনতে হয়। এর সাথে গ্যাস, পানি ও বিদ্যুৎ বিল যোগ করলে অঙ্কটা দাঁড়ায় প্রায় ১০ হাজার টাকায়। চারজনের পরিবারের জন্য মাসে চাল, ডাল, তেল, লবণ আর সামান্য সবজি কিনতে গেলেই ১৫ থেকে ১৬ হাজার টাকা শেষ হয়ে যায়। এর ওপর আছে যাতায়াত ভাড়া, সন্তানের পড়াশোনা, অসুখ-বিসুখ এবং গ্রামে থাকা বৃদ্ধ বাবা-মায়ের জন্য সামান্য কিছু টাকা পাঠানো।
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং গ্লোবাল লিভিং ওয়েজ কোয়ালিশনের মানদণ্ড অনুযায়ী, একজন শ্রমিকের মজুরি এমন হওয়া উচিত যা দিয়ে তিনি পুষ্টিকর খাদ্য, নিরাপদ আবাসন, চিকিৎসা, শিক্ষা এবং জরুরি সঞ্চয়ের ব্যবস্থা করতে পারেন। বর্তমান মুদ্রাস্ফীতির বাজারে ৩০-৩৫ হাজার টাকা কোনো বিলাসবহুল জীবনের গ্যারান্টি দেয় না, এটি কেবল কোনোমতে না মরে বেঁচে থাকার একটি ন্যূনতম রক্ষাকবচ মাত্র।
মালিকদের লোকসানের গল্প ও রাষ্ট্রীয় তোষণের মহোৎসব
সিপিডি তাদের প্রস্তাবে মালিকদের “পরিশোধের সক্ষমতা” এবং শ্রমিকদের “উৎপাদনশীলতা” বিবেচনায় নেওয়ার কথা বলেছে। কী চমৎকার ভারসাম্য। কিন্তু সিপিডি কি ভুলে গেছে, স্বাধীনতার পর থেকে প্রতিটি সরকারের আমলে এই শিল্পমালিকরা রাষ্ট্রের কাছ থেকে কী পরিমাণ সুযোগ-সুবিধা ভোগ করেছেন? প্রতি বছরের জাতীয় বাজেটে তাঁদের জন্য থাকে কর অবকাশ, নামমাত্র উৎসে কর, নগদ প্রণোদনা এবং বন্ডেড ওয়্যারহাউস সুবিধা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংক এবং সরকারি-বেসরকারি ব্যাংকগুলো যেন তাঁদের সেবায় সদা প্রস্তুত। ঋণখেলাপি হলে মেলে পুনঃতফসিলের বিশেষ সুবিধা, আর করোনার মতো দুর্যোগে মেলে নামমাত্র সুদে হাজার হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ।
আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলোর বিভিন্ন প্রতিবেদনে বারবার উঠে এসেছে যে, বৈশ্বিক সাপ্লাই চেইনে মুনাফার সিংহভাগ লুটে নেয় পশ্চিমা ব্র্যান্ডগুলো, আর স্থানীয় মালিকরা তাঁদের মুনাফার মার্জিন অক্ষুণ্ণ রাখতে প্রথম কোপটি বসান শ্রমিকের মজুরি এবং কারখানার কর্মপরিবেশ উন্নয়ন বাজেটের ওপর। অর্থনীতিবিদ টমাস পিকেটি তাঁর 'ক্যাপিটাল ইন দ্য টোয়েন্টি-ফার্স্ট সেঞ্চুরি' গ্রন্থে দেখিয়েছেন, কীভাবে পুঁজির মুনাফা বৃদ্ধির হার সবসময় শ্রমের মজুরি বৃদ্ধির হারকে ছাড়িয়ে যায় এবং বৈষম্যকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়। বাংলাদেশের পোশাক খাতে ঠিক এই পিকেটিয়ান বৈষম্যই চলছে। মালিকরা যখন তাঁদের বিলাসবহুল গাড়ি আর বিদেশের বাড়ির সংখ্যা বাড়ান, তখন শ্রমিকের মজুরি বাড়ানোর কথা উঠলেই তাঁরা “বিশ্ববাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়া” ও “কারখানা বন্ধ হয়ে যাওয়ার” সেই পুরনো, জীর্ণ গল্পের ঝাঁপি খুলে বসেন।
দর-কষাকষির গণ্ডি নাকি পুঁজির পাহারাদারি?
সিপিডি পরামর্শ দিয়েছে, মজুরি নির্ধারণে কেবল মালিক-শ্রমিক দর-কষাকষির ওপর নির্ভর না করে ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে একটি “প্রমাণনির্ভর” সীমারেখা টেনে দিতে। এটি আসলে শ্রমিকের দর-কষাকষির অধিকারকে এক অদৃশ্য দেয়ালে বন্দি করার নামান্তর। যখন একটি গবেষণা সংস্থা আলোচনার আগেই সর্বোচ্চ সীমা ২৪,২০৪ টাকা বেঁধে দেয়, তখন মালিকপক্ষ স্বাভাবিকভাবেই সর্বনিম্ন সীমা অর্থাৎ ১৮ হাজার ৫৭৮ টাকার নিচে নামার জন্য মরিয়া হয়ে ওঠে। এতে লাভবান হন কারা? নিশ্চয়ই মিরপুর বা আশুলিয়ার সেই নারী শ্রমিক নন, যিনি ভোর ছয়টায় ঘুম থেকে উঠে রাত দশটা পর্যন্ত সেলাই মেশিনের চাকা ঘোরান।
প্রকৃতপক্ষে, নব্য-উদারতাবাদী অর্থনীতির এই যুগে অনেক থিংক-ট্যাংকই সরাসরি পুঁজির পক্ষ না নিয়ে “তথ্য-উপাত্ত” ও “বৈজ্ঞানিক পদ্ধতির” দোহাই দিয়ে এমন এক কাঠামো তৈরি করে, যা শেষ পর্যন্ত শোষক শ্রেণির স্বার্থকেই রক্ষা করে। শ্রমিকের ঘামে ভেজা অর্থনীতিতে যখন প্রবৃদ্ধির ঢেকুর তোলা হয়, তখন সেই প্রবৃদ্ধির সুফল কেন শ্রমিকের রান্নাঘরে পৌঁছায় না, সেই মৌলিক প্রশ্নটি এড়িয়ে গিয়ে ১৮ থেকে ২৪ হাজার টাকার মধ্যে “ন্যায্য মজুরি” খোঁজা এক নির্মম রসিকতা ছাড়া আর কিছুই নয়। যতদিন না এই আমদানি-নির্ভর লুটেরা পুঁজিবাদী কাঠামোর আমূল পরিবর্তন হচ্ছে এবং শ্রমিকের মানবিক মর্যাদাকে ক্যালকুলেটরের সংখ্যার ওপরে স্থান দেওয়া হচ্ছে, ততদিন রাজপথের বিক্ষোভ আর কারখানার অসন্তোষ কোনো “প্রমাণনির্ভর” ফর্মুলা দিয়েই থামানো যাবে না।
-- --
লেখক: নির্বাহী সম্পাদক, ঢাকা পেপারস।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



