প্যাভিলিয়ন ছাড়াই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৩পরিবর্তন করতে ক্লিক করুন
প্যাভিলিয়ন ছাড়াই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

স্কেচ: এআই

শেয়ার করুন:

ইতোমধ্যে যেসব প্রকাশক প্যাভিলিয়ন বরাদ্দ পেয়েছিলেন, তারা বৃহত্তর স্বার্থে নিজ নিজ প্যাভিলিয়ন সরিয়ে নিতে সম্মত হয়েছেন। মূলত অধিক সংখ্যক প্রকাশককে মেলায় অংশগ্রহণের সমান সুযোগ করে দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।


বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে। এবারের মেলায় একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। মেলায় অংশগ্রহণকারী প্রায় সাড়ে ৩০০ প্রকাশকের স্থান সংকুলান নিশ্চিত করতে এবার কোনো প্যাভিলিয়ন না রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 


রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে বাংলা একাডেমিতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।


গুরুত্বপূর্ণ এই সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং সচিব ড. মো. সেলিম রেজা। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, অমর একুশে বইমেলা ২০২৬-এ কোনো প্রকাশনা সংস্থার জন্যই আলাদা প্যাভিলিয়ন বরাদ্দ থাকবে না। 


বাপুস নেতাদের আন্তরিক সহায়তায় ইতোমধ্যে যেসব প্রকাশক প্যাভিলিয়ন বরাদ্দ পেয়েছিলেন, তারা বৃহত্তর স্বার্থে নিজ নিজ প্যাভিলিয়ন সরিয়ে নিতে সম্মত হয়েছেন। মূলত অধিক সংখ্যক প্রকাশককে মেলায় অংশগ্রহণের সমান সুযোগ করে দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।


এদিকে মেলায় স্টল বরাদ্দের আনুষঙ্গিক প্রক্রিয়াও দ্রুতগতিতে সম্পন্ন হচ্ছে। গত ১৯ ফেব্রুয়ারি যেসব প্রকাশক স্টলের জন্য আবেদন করেছিলেন, তাদের স্টল-বিন্যাসের লটারি ২২ ফেব্রুয়ারি রাত ১০টায় অনুষ্ঠিত হয়। লটারির ফলাফল অনুযায়ী প্রকাশকরা ২৩ ফেব্রুয়ারি থেকেই মেলা প্রাঙ্গণে নিজেদের স্টল নির্মাণের কাজ শুরু করতে পারবেন।


প্রকাশকদের উৎসাহ প্রদান এবং তাদের সুবিধার্থে এর আগেই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে একুশে বইমেলার স্টল-ফি সম্পূর্ণ মওকুফ করার ঘোষণা দেওয়া হয়েছিল। সব প্রস্তুতি শেষে আগামী ২৬ ফেব্রুয়ারি দুপুর ২টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এবারের অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন।


শেয়ার করুন: