নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৪:০৪পরিবর্তন করতে ক্লিক করুন
নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র
শেয়ার করুন:

'দুই দেশের অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে যুক্তরাষ্ট্র আগামী দিনে বাংলাদেশের পাশে থাকবে।'


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের নিরঙ্কুশ ও ভূমিধস বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 


শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে  দেওয়া এক পোস্টে তিনি এই অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি বাংলাদেশের নবনির্বাচিত সরকারের সঙ্গে আঞ্চলিক সমৃদ্ধি ও নিরাপত্তা জোরদারে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।


মার্কো রুবিও তার পোস্টে লেখেন, 'বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), দলনেতা তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন। আমরা আঞ্চলিক সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে নতুন সরকারের সঙ্গে অংশীদারত্ব অব্যাহত রাখতে আগ্রহী।'


এর আগে শুক্রবার সকালে ঢাকার মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় তারেক রহমান ও বিএনপিকে ‘ঐতিহাসিক বিজয়ের’ জন্য শুভেচ্ছা জানায়। দূতাবাস উল্লেখ করে, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণ প্রশংসার দাবিদার। দুই দেশের অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে যুক্তরাষ্ট্র আগামী দিনে বাংলাদেশের পাশে থাকবে।


শুধু যুক্তরাষ্ট্রই নয়, তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানরা। 


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বার্তায় নতুন সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন। 


পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি পৃথক বার্তায় তারেক রহমানকে অভিনন্দন জানান।


এছাড়া অভিনন্দন জানিয়েছেন নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কারকি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। 


বিশ্বনেতারা তাদের বার্তায় বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রাকে স্বাগত জানিয়ে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেছেন।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি জোট ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ঐতিহাসিক এই জয়ের পর আন্তর্জাতিক মহলের এই সমর্থন ও অভিনন্দন বার্তাকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: