মাইলফলক নির্বাচনে জয়, দৃষ্টি এখন আগামী মন্ত্রিসভার দিকে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৯পরিবর্তন করতে ক্লিক করুন
মাইলফলক নির্বাচনে জয়, দৃষ্টি এখন আগামী মন্ত্রিসভার দিকে
শেয়ার করুন:

‘কেমন মন্ত্রিসভা হতে যাচ্ছে, তা দেখার জন্য দেশবাসীকে আর অল্প কিছু সময় অপেক্ষা করতে হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর এখন সবার নজর আগামী মন্ত্রিসভার দিকে। দীর্ঘ দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় ফিরতে যাওয়া বিএনপি কেমন সরকার গঠন করবে, তা নিয়ে দেশজুড়ে বইছে জল্পনা-কল্পনার জোয়ার। এ বিষয়ে দলটির নীতিনির্ধারণী পর্যায় থেকে জানানো হয়েছে, জন-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি মেধা ও প্রযুক্তি নির্ভর ‘নতুন বাংলাদেশ’ গড়াই হবে তাদের মূল লক্ষ্য।

 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘কেমন মন্ত্রিসভা হতে যাচ্ছে, তা দেখার জন্য দেশবাসীকে আর অল্প কিছু সময় অপেক্ষা করতে হবে।’

 

নির্বাচন একটি মাইলফলক

 

সালাহউদ্দিন আহমদ শুরুতেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি এই নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসের একটি ‘মাইলফলক’ হিসেবে অভিহিত করেন।

 

তিনি বলেন, ‘সারা বিশ্ব এই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দিকে তাকিয়ে ছিল। ভোটাররা কেবল ভোট দিয়েই ক্ষান্ত হননি, তারা কেন্দ্র পাহারা দিয়ে গণতন্ত্র রক্ষা করেছেন। আমাদের নেতা জনাব তারেক রহমান দেশে ফেরার পর যে অভূতপূর্ব গণজোয়ার তৈরি হয়েছিল, তাতেই পরিষ্কার ছিল যে জনগণ পরিবর্তনের জন্য উন্মুখ।’

 

রাষ্ট্র সংস্কার ও ‘৩১ দফা’

 

নতুন সরকারের লক্ষ্য ও অগ্রাধিকার নিয়ে সালাহউদ্দিন আহমদ স্পষ্ট বার্তা দেন। তিনি জানান, শহীদদের আকাঙ্ক্ষা এবং তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করা হবে। বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার এবং ঘোষিত ‘৩১ দফা’ অনুযায়ী সংবিধানের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করবে। এ ছাড়া রাজনৈতিক সমঝোতার দলিল ‘জুলাই জাতীয় সনদ’ অক্ষরে অক্ষরে পালন করার প্রতিশ্রুতি দেন তিনি।

 

সালাহউদ্দিন আহমদ আশা প্রকাশ করেন যে, স্বাধীনতার পর এই সংসদই হবে সবচেয়ে বেশি জন-আকাঙ্ক্ষার প্রতিফলক এবং আইন প্রণয়নকারী সংসদ। নতুন সরকারের তিনটি মূল অগ্রাধিকার হবে— আইনের শাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং দুর্নীতি নির্মূল করা।

 

শেখ হাসিনার বিচার ও পররাষ্ট্রনীতি

 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেহেতু তার বিরুদ্ধে তদন্ত চলছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাই ভারত সরকারের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু করা হবে। এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আইনি পথেই সম্পন্ন হবে।’

 

বিদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি জানান, সার্বভৌমত্ব, সমমর্যাদা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে বিএনপি সরকার।

 

শপথ ও গেজেট প্রসঙ্গ

 

নির্বাচনী ফলাফলের গেজেট নিয়ে এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আমরা আশা করছি আজ বিকেলের মধ্যেই নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করবে। এরপর সাংবিধানিক নিয়ম অনুযায়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ এবং সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে।’

 

শেষে তিনি একটি সাম্য ও মানবিক মর্যাদার বাংলাদেশ গড়তে গণমাধ্যমসহ দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

 

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: