ধানের শীষ বিএনপির নাকি ন্যাপের?


১৯৫৭ সালে আওয়ামী লীগ ছেড়ে মওলানা ভাসানী ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠন করেন। মওলানা ভাসানীর সাথে সাথে আওয়ামী লীগ ছেড়ে চলে আসেন পোড়খাওয়া অনেক রাজনীতিবিদও। এই দলের মার্কা ছিল ধানের শীষ।
মওলানা ভাসানী বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপিকে ধানের শীষ উপহার দিয়েছেন, এই দাবিটা বিএনপির ছোট-বড় অনেক নেতাই পূর্বে রয়ে-সয়ে করেছেন। এ নিয়ে নানান বিতর্ক। অনেকে উদ্বিগ্ন। মির্জা ফখরুলও একবার এমন দাবি করেছিলেন। এবার আর ছোট-বড় নেতারা কেউ নন, বিএনপির প্রধান চেয়ার থেকেও দাবি করা হলো মওলানা ভাসানীই নাকি ধানের শীষ বিএনপিকে তুলে দিয়েছেন। বিএনপির নতুন প্রজন্মের অনেকে বিশ্বাসও করেন। দলীয় মহাসচিবের মুখে কোনো রাখঢাক ছাড়া বলতে দেখে দীর্ঘ সময় অপেক্ষা করেছিলাম কেউ না কেউ কথা বলবে; সত্যিকারের ঐতিহাসিক ঘটনাবলির যুক্তিতর্ক উপস্থাপন করবে। আমাদের দুর্ভাগ্য! আশায় গুড়ে বালি, এই বিষয়ে কাউকে তেমন একটা কথা বলতে দেখিনি, কেউ টুঁ শব্দটি পর্যন্ত করেনি। এমনকি মওলানা ভাসানীর কোনো অনুসারীকেও জোর প্রতিবাদ করতে দেখা যায়নি। নতুন করে বিতর্কের হালে পানি দিলেন বিএনপি প্রধান। দু-একজন অনলাইনে কথা বলেছেন, বাকিরা নির্বিকার। তাহলে কি সত্যিই মানুষ জানে না ধানের শীষের উৎপত্তিস্থল কোথায়? কীভাবে সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হলো? যা-হোক, বিষয়টি লেখার প্রয়োজনীয়তা এবার গুরুতর হলো, আওয়ামী আমলে লিখেছিলাম পত্রিকা ছাপেনি, এবার সাহস করে আগের লেখারই সংস্করণ করলাম।
১৯৭৫ সালের নভেম্বর মাস। তখনো মোশতাক সরকার ক্ষমতায়। মশিউর রহমান যাদু মিয়া জেল থেকে বের হলেন। তারপর ফারাক্কা লংমার্চের সময়টিতে যাদু মিয়া ন্যাপের ভবিষ্যৎ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, মওলানা ভাসানীর মৃত্যুর পর ন্যাপের গুরুদায়িত্ব পালন করবেন যাদু মিয়া। সত্যি বলতে যাদু মিয়া সম্পর্কে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর পূর্ব অভিজ্ঞতা থাকলেও গণতান্ত্রিক সিদ্ধান্তের বাইরে দ্বিতীয় কোনো পথ খোলা নেই। ১৯৭৬ সালে জীবনের গুরুত্বপূর্ণ এবং শেষ ফারাক্কা মিছিলে নেতৃত্ব দেওয়ার প্রায় ছ'মাস পর ১৭ নভেম্বর মওলানা আবদুল হামিদ খান ভাসানী ঢাকা মেডিকেল কলেজে মৃত্যুবরণ করলেন। আগের বছরের নভেম্বরে জেল থেকে বের হয়েই যাদু মিয়া গিয়েছিলেন লন্ডনে, তাঁর ভাই মোখলেসুর রহমানের কাছে। চিকিৎসার জন্য। পরবর্তী নানান ঘটনাপ্রবাহে এবং যাদু মিয়ার ভাইয়ের বয়ানে স্পষ্ট হয় যে, যাদু মিয়া আসলে চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যাননি, চিকিৎসা বিষয়টা একটা উপলক্ষ মাত্র। গিয়েছেন বিশেষ শলাপরামর্শ করতে। চিকিৎসার চিন্তা না করে যাদু মিয়া উত্তেজিত হয়ে পড়েছেন, ভাই মোখলেসুর রহমানকে জানালেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা কেউ একজন তাঁর সাথে রাজনৈতিক সংলাপ করতে চায়, ক্ষমতার সংলাপ।
১৯৫৭ সালে আওয়ামী লীগ ছেড়ে মওলানা ভাসানী ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠন করেন। মওলানা ভাসানীর সাথে সাথে আওয়ামী লীগ ছেড়ে চলে আসেন পোড়খাওয়া অনেক রাজনীতিবিদও। এই দলের মার্কা ছিল ধানের শীষ। এর ভেতরে মার্শাল ল জারি হয়ে আইয়ুব খান ক্ষমতা দখল করেন। এই সময়ে রাজনীতি নিষিদ্ধ হয়, অনেক রাজনৈতিক নেতা কারাবরণ করেন, কেউ কেউ রাজনীতিটাও ছেড়ে দেন। একদিকে মওলানা ভাসানীর বয়সের ভার, তার উপরে আইয়ুব খানের গ্রেপ্তার-উৎপাতে শুরুতে কাঙ্ক্ষিত মাত্রায় ন্যাপের বিস্তার ঘটেনি। তবে ষাটের দশকের শেষ দিকে, বিশেষ করে বলতে গেলে গণঅভ্যুত্থানের সময়ে প্রবল ভূমিকা রেখেছে। বঙ্গবীর জনাব আবদুল কাদের সিদ্দিকীও এই বিষয়টা স্বীকার করে লিখেছেন যে, মওলানা ভাসানী না থাকলে আগরতলা ষড়যন্ত্র মামলার ফাঁসির দড়ি থেকে শেখ মুজিবুর রহমানকে তাঁরা বাঁচাতে পারতেন না। স্বাধীনতা যুদ্ধেও ন্যাপের ভূমিকা অত্যন্ত উজ্জ্বল। আর মওলানা ভাসানী তো নিজেই একটা সংগঠন, নেতা বানানোর প্রতিষ্ঠান। কথা হলো— পাকিস্তান আমল থেকেই দলীয় প্রতীক হিসেবে ন্যাপ ধানের শীষ ব্যবহার করে এসেছে। এমনকি ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ভাসানীর ন্যাপ নির্বাচন করে ধানের শীষ প্রতীকে।
খন্দকার মোশতাক ক্ষমতাচ্যুত হয়েছে। ক্ষমতায় এসেছেন জেনারেল জিয়াউর রহমান। জিয়াউর রহমান এসেই যাদু মিয়ার সাথে শুরু করলেন সংলাপ। এ থেকেই পরিষ্কার হয় জেল থেকে কে যাদু মিয়ার সাথে রাজনৈতিক সংলাপের প্রস্তাব দিয়েছেন। যাদু মিয়া-জিয়াউর রহমানের সংলাপ হচ্ছিল সংবিধানের রূপরেখা নিয়ে, প্রেসিডেন্ট এবং সংসদের ক্ষমতা কাঠামো নিয়ে। জিয়াউর রহমান চাচ্ছিলেন তাঁকে প্রেসিডেন্ট নির্বাচন করা হোক এবং যাদু মিয়া যেন ব্যক্তিগত দরকষাকষি না করে। জিয়াউর রহমান তাঁর হাতে আরও ক্ষমতা পেতে তোড়জোড় করেন; যাদু মিয়া এক ব্যক্তির হাতে এত ক্ষমতা রাখার বিপরীতে ছিলেন। ফলাফলে অধিকতর ক্ষমতা পাওয়ার জন্য হঠাৎ করে জিয়াউর রহমান যাদু মিয়ার সাথে আলোচনা বন্ধ করে সিদ্ধান্ত নিলেন রাষ্ট্রপতির আস্থা গণভোটের। বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে যাদু মিয়া প্রেস কনফারেন্স করেন। যাদু মিয়ার বাড়ি ঘেরাও করে অবরুদ্ধ করা হয় প্রেস কনফারেন্স করার পরপরই। তাঁকে গ্রেপ্তারেরও চেষ্টা করা হয় কিন্তু এরশাদ, মঞ্জুর এবং ডিআইজি-এসবি কেউ রাজি না হওয়ায় সেটা আর সম্ভব হয়নি। তবে গণভোটের পোস্টার ছেঁড়ার অভিযোগে যাদু মিয়ার দুই ছেলেকে গ্রেপ্তার করা হয়। গণভোট শেষ না হওয়া পর্যন্ত তিন সপ্তাহ তাঁদের আটকে রাখা হয় থানাহাজতে। অবশেষে ১৯৭৭ সালের ৩০শে মে আস্থা হ্যাঁ-না গণভোট অনুষ্ঠিত হলো। তৎকালীন নির্বাচন কমিশনের তথ্য অনুসারে মোট ভোট সংগৃহীত হয়েছে ৮৮.১ শতাংশ এবং কাস্টিং ভোটের ৯৮.৯ শতাংশ হ্যাঁ ভোট পড়েছে। এর আগে ৩০শে এপ্রিল ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেন জিয়াউর রহমান, উদ্দেশ্য— শাসনকে বেসামরিকীকরণের চেষ্টা।
গণভোট পরবর্তী জিয়াউর রহমান গেলেন কমনওয়েলথ হেড অব স্টেটসের মিটিংয়ে। সেই মুহূর্তেই গণভোটে ভোট পড়ার হার নিয়ে সমালোচনা করল ম্যানচেস্টার গার্ডিয়ান। বিদেশিদের কাছে সমালোচিত এবং অনাস্থা তৈরিতে বড় ধরনের ধাক্কায় বিমর্ষ হয়েছেন জিয়াউর রহমান। বিদেশের মাটিতে তিক্ত অভিজ্ঞতায় দেশে ফিরেই জিয়াউর রহমান যাদু মিয়ার ধর্ণা ধরলেন আবার, দুঃখ প্রকাশ করলেন। কারণ এবার তাঁকে জনগণের ভোটে প্রেসিডেন্ট বানিয়ে দাও।
প্রেসিডেন্ট নির্বাচন ঘনিয়ে আসতে থাকলে ক্ষমতা ধরে রাখতে রাজনৈতিক দল গঠনের উপলব্ধি করলেন জেনারেল জিয়া। রাজনৈতিক দল গঠনের আগে আওয়ামী লীগ বিরোধী পাল্টা রাজনৈতিক মঞ্চ তৈরিরও সিদ্ধান্ত নেন। তবে শতভাগ অনুগত কোনো দল না থাকলে জোট নিয়ন্ত্রণ করা মুশকিল। একারণে জিয়াউর রহমানের পৃষ্ঠপোষকতায় ১৯৭৮ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) নামে নতুন একটি রাজনৈতিক দল ঘোষণা করা হয়। তৎকালীন উপ-রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার ছিলেন যার সভাপতি।
শক্তিশালী রাজনৈতিক জোট গঠনের লক্ষ্যে যাদু মিয়া কৌশলী হয়ে মুসলিম লীগ নিয়ে আসলেন। কাজী জাফররাও আসলেন। এভাবে ১৯৭৮ সালের ১লা মে জাগদল, ন্যাপ ভাসানী, মুসলিম লীগ (শাহ আজিজ), ইউনাইটেড পিপলস পার্টি (ইউপিপি), বাংলাদেশ লেবার পার্টি এবং বাংলাদেশ তফসিল জাতি ফেডারেশনের সমন্বয়ে ৬টি দল নিয়ে যাত্রা শুরু হয় জাতীয়তাবাদী ফ্রন্টের। জাতীয়তাবাদী ফ্রন্টের চেয়ারম্যান হন জিয়াউর রহমান। অন্যদিকে জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন পরবর্তী যাদু মিয়া ন্যাপের সমস্ত কার্যক্রম স্থগিত করে দেন।
১৯৭৮ সালের ৩ জুন অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে জিয়াউর রহমান জাতীয়তাবাদী ফ্রন্ট থেকে অংশ নেন। রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোট সংগৃহীত হয়েছিল ৫৪.৩ শতাংশ। যার মধ্যে জিয়াউর রহমান পেয়েছিলেন ৭৬.৬ শতাংশ এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গণতান্ত্রিক ঐক্যজোটের প্রার্থী একাত্তরের সেনাপতি আতাউল গনি ওসমানী পেলেন ২১.৭ শতাংশ ভোট। যা-হোক জাতীয়তাবাদী ফ্রন্ট তখন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। কিন্তু দলগুলোকে এক দলে একীভূত করার চেষ্টাস্বরূপ আগস্ট মাসে ফ্রন্ট ভেঙে দেওয়া হলো। ফ্রন্ট বিলুপ্তির পরেই ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর বিকাল পাঁচটায় রমনা রেস্তোরাঁয় জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠের মাধ্যমে জিয়াউর রহমান গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সংবাদ সম্মেলনে নতুন দলের আহ্বায়ক কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি ১৮ জন সদস্যের নাম এবং ১৯ সেপ্টেম্বর ঐ ১৮ জনসহ ৭৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। যাদু মিয়ারও স্থান হয় আহ্বায়ক কমিটিতে। জিয়াউর রহমানের অন্যতম থিংক ট্যাংক যাদু মিয়া হলেন দলের বেসামরিক স্থপতি।
জিয়াউর রহমান করাচিতে লেখাপড়া করেছেন। ফলে বাংলায় তেমন একটা লিখতে-পড়তে জানতেন না। উর্দু আর ইংরেজি ভালো জানতেন। যৎসামান্য বাংলা বলতে পারতেন। পরিণামে বাংলায় বক্তব্য রাখার সময়ে অস্বস্তিতে পড়তে হয় সকলকে। বুদ্ধি করে যাদু মিয়া প্রেসিডেন্ট জিয়াকে গাঁও-গ্রাম হাঁটিয়ে জনপ্রিয় করে আনেন। বাংলাদেশের অন্যতম স্থপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের পর খন্দকার মোশতাক ক্ষমতায় এসে বাকশালও নিষিদ্ধ হয়। ফলে রাজনৈতিক অঙ্গনে একটা রাজনীতি শূন্যতা ছিল। যাদু মিয়া জিয়াউর রহমানকে এমন সব প্রত্যন্ত অঞ্চলে নিয়ে গিয়েছেন যেখানে খোদ ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যানও কোনোদিন পদধূলি দেন নাই। ফলতঃ এভাবে হাঁটা এবং ১৯ দফা কর্মসূচির প্রচার জনগণকে অতিরিক্ত আবেগী করে ফেলে।
মশিউর রহমান যাদু মিয়াকে প্রধানমন্ত্রিত্বের ওয়াদা দিয়েছিলেন জিয়াউর রহমান। যাদু মিয়াও তাঁর দল ভাসানী ন্যাপের বড় অংশ নিয়ে বিএনপিতে অংশগ্রহণ করেন। আর বিএনপির প্রতিষ্ঠার প্রতি পরতে পরতে মিশে গেছেন যাদু। শেষ পর্যন্ত যাদু মিয়া প্রধানমন্ত্রিত্ব পাননি। তবে এটা সত্য যে মশিউর রহমান যাদু মিয়া প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রী সভায় সিনিয়র মন্ত্রী হয়েছিলেন।
বিএনপি প্রতিষ্ঠার পর ১৯৭৯ সালে জাতীয় সংসদ নির্বাচনে যাদু মিয়াকে ব্যবহার করে বিএনপি ন্যাপের নির্বাচনী প্রতীক ধানের শীষ বাছাই করে। জাতীয় সেই নির্বাচনে নীলফামারীর ডোমার-ডিমলা আসন থেকে মশিউর রহমান যাদু মিয়া ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী হন। অন্যদিকে মওলানা ভাসানীর স্ত্রী আলেমা খাতুনের নেতৃত্বে নামসর্বস্ব কোনো রকমে টিকে থাকে ন্যাপ। মওলানা ভাসানীর মৃত্যুর পর এভাবে তাঁর বেশিরভাগ অনুসারী বিএনপিতে যোগ দেয়। অন্যান্য সবকিছুর মতো ধানের শীষও দিনদুপুরে ন্যাপের হাতছাড়া হয়! ভাসানী অনুসারীদের হৃদয়ে হাহাকার ওঠে, রক্তক্ষরণ হয়— যার দলীয় প্রতীকটাই না থাকল তার আর থাকল কী!
জাতীয় নির্বাচনের মাত্র ২৩ দিনের মাথায় ১৯৭৯ সালের ১২ মার্চ মারা যান মশিউর রহমান যাদু মিয়া। যাদু মিয়ার মৃত্যুর জন্যও জিয়াউর রহমানের বিরুদ্ধে নানান অভিযোগের দাবি ওঠে। অভিযোগ আছে স্ট্রোক করার পরে সরকারি চিকিৎসকেরা দরকারি ইনজেকশন তাঁর শরীরে পুশ করেননি। তবে সময় শেষ হয়ে গেলে ভারতবর্ষের সেরা ডাক্তার যাদুর কপালে জুটেছিল। যাদু মিয়া মারা যাওয়ার আগে গভীর রাতে বিশেষ মিটিং শেষ করে বাড়িতে ফিরেছিলেন, আবোলতাবোল বকেছেন, উত্তেজিত ছিলেন মারাত্মক রকমের। যাদু মিয়া কেন এরকম ইতিহাসের আত্মঘাতী সিদ্ধান্ত নিলেন! কী চুক্তি হয়েছিল জিয়াউর রহমান-যাদু মিয়ার ভেতরে?
মওলানা ভাসানী বিএনপিকে ধানের শীষ উপহার দিয়েছেন এমন বক্তব্য শুধুমাত্র বিতর্কই জন্ম দেয়নি, বিভ্রান্তিও তৈরি করেছে। মওলানা ভাসানী মৃত্যুবরণ করেন ১৯৭৬-এর ১৭ নভেম্বর, অপরদিকে বিএনপির গঠন সূত্রপাত বা জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন হয় তারও প্রায় দুই বছর পর। তাহলে মওলানা ভাসানী বিএনপিকে উপহার দিতে গেলেন কোন সময়ে? এর বিপরীতে কেউ কেউ যুক্তি তুলতে পারেন যে, জীবিত অবস্থায় ভাসানী যাদু মিয়াকে কোনো ইঙ্গিত দিয়েছেন হয়তোবা। রাজনৈতিক দলকে একীভূত করার সে রকমের কোনো ইঙ্গিত যদি মওলানা ভাসানী দিয়েই থাকবেন তবে যাদু মিয়াদের চলে যাওয়ার সময়ে স্ত্রী আলেমা খাতুন কেন ন্যাপ টিকিয়ে রাখার লড়াইয়ে নামবেন? সর্বদা পাশে থেকে তিনি কি ভাসানীর এই ইঙ্গিত জানতেন না? অবশ্য সে রকমের কোনো ইঙ্গিত থাকলে বিএনপির সূচনালগ্নে আলেমা খাতুনেরও বিএনপিতে অংশগ্রহণের কথা। কাজেই আলেমা খাতুন কেন ন্যাপ টিকিয়ে রাখার ভূমিকায় অবতীর্ণ হলেন এটা তো পরিষ্কার। তবে হ্যাঁ, এটা সত্য যে মওলানার মৃত্যুশয্যায় জেনারেল জিয়াউর রহমান ভাসানীকে হাসপাতালে দেখতে গেলে স্বভাবসুলভ ভঙ্গিতে তিনি জিয়াউর রহমানের মাথায় হাত বুলিয়ে দোয়া দিয়েছেন। বাংলা ভালো আয়ত্তে না থাকায় জিয়াউর রহমান মাথায় হাত বুলিয়ে দোয়া দেওয়াকে বিএনপি বা তার সমর্থকেরা যদি মনে করেন ভাসানী তাদের ধানের শীষ উপহার দিয়েছেন, সেটা অত্যন্ত দুঃখজনক!
ভাসানী ন্যাপ বিএনপির রাজনীতিতে একীভূত হয়নি যা আলেমা খাতুন এবং ছোট একটা অংশ মিলে টিকিয়ে রাখার সংগ্রামে বিদ্যমান। কোনো দলের মূলধারা দাঁড়িয়ে থাকা অবস্থায়, এমনকি ক্ষেত্রবিশেষে রাজনৈতিক দল একীভূত হলেও পূর্ববর্তী দলের নাম ও আদর্শ ধারণ না করলে সেই দলের প্রতীক বা সম্পদ হিসেবে বিবেচিত বিষয় ব্যবহার করা উচিত নয়। ধানের শীষ কোনো ক্ষমতার প্রতীক নয়, শুধুমাত্রই ভাসানীর; কৃষক-শ্রমিক মেহনতি মজলুম মানুষের মুক্তির প্রতীক। আইনগতভাবে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি একটি নিবন্ধিত রাজনৈতিক দল, সমাজে তাদের গ্রহণযোগ্যতা আছে। সুতরাং রাজনীতির দৌড়ে বক্তব্য-বিবৃতি প্রদানে বিএনপিকে আরও সচেতন হতে হবে, যত্নশীল হতে হবে। শ্রদ্ধাশীল হতে হবে পূর্বসূরিদের প্রতি।
___
*লেখক: প্রাবন্ধিক, ঢাকা।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



