নতুন মন্ত্রিসভায় নেই বিএনপির একঝাঁক জ্যেষ্ঠ নেতা

বিশ্লেষকরা মনে করছেন, অভিজ্ঞদের বদলে তরুণ ও নতুন মুখদের প্রাধান্য দিয়ে প্রশাসনে গতি আনতেই হয়তো এমন ‘চমক’ দেখিয়েছেন তারেক রহমান।
দীর্ঘ দুই দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিল বিএনপি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান।
প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের পর ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীও শপথ নেন। তবে এবারের মন্ত্রিসভায় সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে দলের বেশ কয়েকজন প্রভাবশালী জ্যেষ্ঠ নেতার অনুপস্থিতি। বিএনপির নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির একঝাঁক অভিজ্ঞ মুখকে এবার মন্ত্রিসভায় রাখা হয়নি।
তারেক রহমানের নতুন এই মন্ত্রিসভায় জায়গা পাননি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান। এছাড়াও জ্যেষ্ঠ নেতা আমানউল্লাহ আমান এবং দলের দীর্ঘদিনের পরিচিত মুখ সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও মন্ত্রিপরিষদে ডাক পাননি।
উল্লেখিত নেতাদের মধ্যে নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী বাদে বাকি সবাই বিগত বিএনপি সরকারগুলোতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন।
বিশ্লেষকরা মনে করছেন, অভিজ্ঞদের বদলে তরুণ ও নতুন মুখদের প্রাধান্য দিয়ে প্রশাসনে গতি আনতেই হয়তো এমন ‘চমক’ দেখিয়েছেন তারেক রহমান।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ২৯৭টি আসনের গেজেট গত শুক্রবার প্রকাশ করে নির্বাচন কমিশন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ৩০০ আসনের মধ্যে ২০৯টি আসনে বিশাল জয় পেয়েছে বিএনপি। এককভাবে ৬৯.৬৬ শতাংশ আসনে জয়লাভ করায় দলটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করল।
অন্যান্য দলের মধ্যে জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয় পেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। এছাড়া নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়ী হয়েছেন।
বিকেল ৪টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথের পর একে একে শপথ নেন মন্ত্রিসভার অন্য সদস্যরা। সংসদ ভবন এলাকা জুড়ে এখন উৎসবের আমেজ। মানিক মিয়া এভিনিউতে হাজারো নেতাকর্মী বড় পর্দায় এই শপথ অনুষ্ঠান উপভোগ করেন। দীর্ঘ নির্বাসন ও রাজনৈতিক সংগ্রামের পর তারেক রহমানের এই অভিষেককে নেতা-কর্মীরা ‘গণতন্ত্রের পুনর্জন্ম’ হিসেবে অভিহিত করছেন।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



