বিএনপি সদস্যদের শপথ গ্রহণ, জামায়াত জোটে সংশয়

ছবি: ভিডিও থেকে নেওয়া
‘আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। বিষয়টি আগে জাতীয় সংসদে সাংবিধানিকভাবে উত্থাপিত ও গৃহীত হতে হবে, এরপরই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া যাবে।’
এক অভাবনীয় রাজনৈতিক পটপরিবর্তনের পর অবশেষে যাত্রা শুরু করল ত্রয়োদশ জাতীয় সংসদ। মঙ্গলবার সকালে শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রথম দফার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথম দফায় শপথ নিয়েছেন প্রধান বিরোধী দল ও একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপির ২০৯ জন সংসদ সদস্য।
তবে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নিতে অস্বীকৃতি জানিয়েছেন তারা। বিএনপির এই অনড় অবস্থানের ফলে দুপুর ১২টায় নির্ধারিত জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের শপথ গ্রহণ নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক ধোঁয়াশা।
মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের নিচতলায় শপথকক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। দেশের বিদ্যমান পরিস্থিতিতে সাধারণত স্পিকার শপথবাক্য পাঠ করালেও এবার গণ-অভ্যুত্থান পরবর্তী সাংবিধানিক ধারাবাহিকতায় শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বিএনপি জোটের নতুন সংসদ সদস্যদের মধ্যে সবার আকর্ষণের কেন্দ্রে ছিলেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন পর সংসদীয় রাজনীতিতে তাঁর এই সরাসরি অংশগ্রহণকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। অনুষ্ঠানে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা। শপথ গ্রহণ শেষে সদস্যরা পর্যায়ক্রমে শপথপত্রে সই করেন।
শপথ অনুষ্ঠানের শুরুতেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দলীয় সিদ্ধান্তের কথা জানান। তিনি স্পষ্ট করে বলেন, বিএনপির সংসদ সদস্যরা কেবল সাংসদ হিসেবেই শপথ নেবেন, ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে নয়।
তিনি বলেন, ‘আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। বিষয়টি আগে জাতীয় সংসদে সাংবিধানিকভাবে উত্থাপিত ও গৃহীত হতে হবে, এরপরই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া যাবে।’
বিএনপির এই অবস্থান অন্যান্য দলগুলোর মধ্যেও প্রভাব ফেলেছে। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, বিএনপির এই সিদ্ধান্তের পর ১১ দলীয় জোটের নির্বাচিত সদস্যদের শপথ নেওয়া নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে সংসদ ভবনের ভেতরেই ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জরুরি বৈঠকে বসেছেন জোটের শীর্ষ নেতারা। বৈঠক শেষে জানা যাবে তারা শেষ পর্যন্ত শপথ নেবেন কি না।
এদিকে এর আগে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নতুন নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের প্রক্রিয়ায় থাকায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন। তবে এটিই হতে যাচ্ছে তাদের শেষ রাষ্ট্রীয় কর্মসূচি।
শফিকুল আলম বলেন, ‘উপদেষ্টারা শপথ অনুষ্ঠানে পতাকাবাহী গাড়িতে করেই আসবেন। তবে অনুষ্ঠান শেষে যখন তারা ফিরে যাবেন, তখন তাদের ব্যবহৃত গাড়িতে আর জাতীয় পতাকা থাকবে না।’
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হস্তান্তরের একটি প্রতীকী প্রতিফলন ঘটবে। তবে উপদেষ্টারা দেশত্যাগ করবেন—এমন গুঞ্জনকে উড়িয়ে দিয়ে প্রেস সচিব তাদের ‘দেশের গর্বিত সন্তান’ হিসেবে অভিহিত করেন এবং তারা দেশেই অবস্থান করবেন বলে জানান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে বিএনপি পেয়েছে ২০৯টি আসন (ভোটের হার ৪৯.৯৭%) এবং জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন (ভোটের হার ৩১.৭৬%)। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়ী হয়েছেন। আইনি জটিলতার কারণে চট্টগ্রামের দুটি আসনের ফলাফল স্থগিত রয়েছে।
এই শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা। বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি সাধারণ মানুষেরও ভিড় লক্ষ্য করা গেছে। বেলা সাড়ে ১১টায় সিইসির কাছ থেকে শপথ নেওয়া শেষে বিকেলে ৪টায় বঙ্গভবনে নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ গ্রহণের কথা রয়েছে।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



