প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণ, ভাঙল ইউনূসের সরকার

ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
দীর্ঘ ১৮ মাস পর জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে এই সরকারের মেয়াদ শেষ হলো।
বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন।
রাষ্ট্রপতি তাকে নতুন সরকার গঠনের জন্য সম্মতি প্রদান করেছেন। এর ফলে নিয়ম অনুযায়ী বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বিলুপ্ত হয়ে গেছে।
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার এক রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর ওই বছরের ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছিল।
দীর্ঘ ১৮ মাস পর জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে এই সরকারের মেয়াদ শেষ হলো।
নতুন সরকারের শপথ গ্রহণের পর বুধবার থেকেই নতুন মন্ত্রিসভা তাদের কার্যক্রম শুরু করবে বলে সচিবালয় সূত্রে জানা গেছে।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



