শান্তিপূর্ণ ভোটের জন্য জাতিকে অভিনন্দন মুহাম্মদ ইউনূসের

‘চূড়ান্ত ফল ঘোষণার পরও যেন গণতান্ত্রিক শালীনতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট থাকে। মতের ভিন্নতা থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ‘শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায়’ জাতিকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার বিকেলে ভোট গ্রহণ শেষ হওয়ার পর এক বিবৃতিতে তিনি এই অভিনন্দন জানান। একই সঙ্গে নির্বাচনের ফলাফল ঘোষণার পরও রাজনৈতিক দলগুলোকে ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, ‘ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ, প্রার্থীদের সংযম ও নির্বাচনসংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের পেশাদারিত্ব—এই সম্মিলিত প্রচেষ্টাই প্রমাণ করেছে যে, গণতন্ত্রের প্রতি আমাদের অঙ্গীকার অটুট। জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা রেখেছেন।’
মুহাম্মদ ইউনূস তার বক্তব্যে নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, পর্যবেক্ষক দল ও গণমাধ্যমকর্মীসহ নির্বাচন প্রক্রিয়ায় সম্পৃক্ত সবার প্রতি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি উল্লেখ করেন, সবার নিষ্ঠা ও পরিশ্রমের ফলেই এই বিশাল গণতান্ত্রিক আয়োজন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।
বিবৃতিতে রাজনৈতিক দল ও প্রার্থীদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ‘চূড়ান্ত ফল ঘোষণার পরও যেন গণতান্ত্রিক শালীনতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট থাকে। মতের ভিন্নতা থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’
তিনি বিশ্বাস করেন, এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের এক অভূতপূর্ব যাত্রা শুরু হলো এবং বাংলাদেশ আবারও প্রমাণ করল যে জনগণই সকল ক্ষমতার উৎস।
প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করেন, এই নির্বাচন দেশের ইতিহাসে অন্যতম শান্তিপূর্ণ ও উৎসবমুখর ছিল। এই ধারা বজায় রাখতে পারলে দেশের গণতন্ত্র উৎকর্ষের শিখরে পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন। পরিশেষে একটি জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



