বিশ্লেষণ: ‘সংবিধান সংস্কার পরিষদ’ কি বৈধ?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১৩:০৮পরিবর্তন করতে ক্লিক করুন
বিশ্লেষণ: ‘সংবিধান সংস্কার পরিষদ’ কি বৈধ?

ছবি: উইকি

শেয়ার করুন:

‘প্রধানমন্ত্রী এমন কোনো পরামর্শ রাষ্ট্রপতিকে দিতে পারেন না যা বিদ্যমান সংবিধানের সাথে সাংঘর্ষিক।’

 

‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন নিয়ে সরকার ও বিরোধী শিবিরের মধ্যে তীব্র মতপার্থক্য তৈরি হয়েছে। ‘সংবিধান সংস্কার পরিষদের’ প্রথম অধিবেশন ডাকার আইনি সময়সীমা রোববার (১৫ মার্চ) শেষ হলেও সরকার সাফ জানিয়ে দিয়েছে যে, সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী না এনে এ ধরনের কোনো পরিষদ গঠন করা সম্ভব নয়।

 

ফলে জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কারের যে প্রক্রিয়া শুরু হয়েছিল, তা আপাতত অনিশ্চয়তার মুখে পড়েছে।

 

অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোট এ দিনই অধিবেশন ডাকার আলটিমেটাম দিয়ে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।

 

সংসদে বিষয়টি নিয়ে উত্তাপ ছড়িয়ে পড়ে যখন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান রাষ্ট্রপতির জারিকৃত আদেশ অনুসারে অধিবেশন আহ্বানের দাবি জানান।

 

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বিশেষ পরিস্থিতিতে এই সংসদের জন্ম এবং এটি একটি প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমেই পরিচালিত হচ্ছে। সেই আদেশের শর্ত অনুযায়ী ৩০ দিনের মধ্যে সংস্কার পরিষদের অধিবেশন ডাকার কথা থাকলেও কেন তা করা হয়নি, সেই প্রশ্ন তোলেন তিনি।

 

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ সাংবিধানিক সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বলেন, ‘প্রধানমন্ত্রী এমন কোনো পরামর্শ রাষ্ট্রপতিকে দিতে পারেন না যা বিদ্যমান সংবিধানের সাথে সাংঘর্ষিক।’ তিনি স্পষ্ট করেন যে, সংবিধানের কোনো ধারা অধ্যাদেশের মাধ্যমে পরিবর্তন করা যায় না এবং রাষ্ট্রপতির জারি করা তথাকথিত সেই আদেশের কোনো আইনি ভিত্তি নেই।

ঘটনার মূলে রয়েছে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তৎকালীন প্রশাসনের নেওয়া কিছু পদক্ষেপ। ২০২৫ সালের ১৭ অক্টোবর রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষরিত হয় এবং পরবর্তীতে গণভোটের মাধ্যমে জনগণ এর পক্ষে রায় দেয়। ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত এই গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলেও বিএনপি শুরু থেকেই এই প্রক্রিয়ার কাঠামোগত বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আসছিল। দলটির নির্বাচিত প্রতিনিধিরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও ‘সংবিধান সংস্কার পরিষদের’ সদস্য হিসেবে শপথ নেওয়া থেকে বিরত থাকেন।

বিএনপির অবস্থান হলো—যে কোনো সংস্কার হতে হবে সংসদের সার্বভৌম প্রক্রিয়ায় এবং সংবিধান সংশোধন বিল উত্থাপনের মাধ্যমে।

 

রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ মনে করেন, বিএনপি সংবিধান সংস্কারের প্রতিশ্রুতি থেকে সরে যায়নি, তবে তারা সেটি বিদ্যমান সংসদীয় কাঠামোর ভেতর থেকেই করতে চায়। তাদের হাতে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তারা চাইলে বিল এনে প্রয়োজনীয় পরিবর্তন করতে পারে।

 

অন্যদিকে, জামায়াত ও তাদের শরিক দলগুলো মনে করছে, জুলাই সনদের অঙ্গীকার পূরণ করতে হলে বিশেষ এই পরিষদ গঠন করা অপরিহার্য।

 

লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, সরকার দাবি না মানলে তারা জনগণকে সাথে নিয়ে অচিরেই কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

 

এই পাল্টাপাল্টি অবস্থানের ফলে দেশের রাজনীতিতে নতুন করে রাজপথের উত্তাপ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

 

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: