ক্ষমতার নিরঙ্কুশ দাপট ও সংবিধান পরিবর্তনের রাজনৈতিক পরম্পরা

ছবি: উইকি
বাংলাদেশের সংসদীয় ইতিহাসে দেখা গেছে, যখনই কোনো দল নির্বাচনে বিশাল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তখনই শাসনকাঠামো কিংবা সংবিধানের মৌলিক চরিত্র বদলে দেওয়ার একটি প্রবণতা লক্ষ্য করা গেছে।
আগামী মঙ্গলবার অনুষ্ঠেয় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণকে কেন্দ্র করে যখন দেশজুড়ে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে, তখন অতীতের রাজনৈতিক ইতিহাস ও শাসনকাঠামো পরিবর্তনের পুরনো বাঁকগুলো নতুন করে আলোচনায় আসছে।
বাংলাদেশের সংসদীয় ইতিহাসে দেখা গেছে, যখনই কোনো দল নির্বাচনে বিশাল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তখনই শাসনকাঠামো কিংবা সংবিধানের মৌলিক চরিত্র বদলে দেওয়ার একটি প্রবণতা লক্ষ্য করা গেছে। কখনো রাজপথের আন্দোলনের চাপে নতিস্বীকার করে, আবার কখনো একচ্ছত্র আধিপত্য বিস্তারের লক্ষ্যে সংবিধানে আনা হয়েছে বড় ধরনের পরিবর্তন।
এই ক্ষমতার সমীকরণ ও সংবিধান বদলের রাজনীতি গত পাঁচ দশকে দেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে বারবার ভিন্ন পথে চালিত করেছে।
আজ থেকে তিন দশক আগে, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি এক বিতর্কিত নির্বাচনের সাক্ষী হয়েছিল এ দেশের মানুষ। তৎকালীন ক্ষমতাসীন বিএনপির অধীনে আয়োজিত সেই ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছিল আওয়ামী লীগ, জামায়াতে ইসলামীসহ অধিকাংশ রাজনৈতিক দল। কোনো উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সেই নির্বাচনে ২৭৮টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করেছিল বিএনপি।
তবে সেই সরকারের স্থায়িত্ব ছিল নজিরবিহীনভাবে সংক্ষিপ্ত। বিরোধী দলগুলোর তীব্র আন্দোলন এবং রাজনৈতিক অচলাবস্থার মুখে তৎকালীন বিএনপি সরকার সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার আইন পাস করতে বাধ্য হয়। এর মাত্র চার মাসের মাথায় সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যা দেশের নির্বাচনী ইতিহাসে এক নাটকীয় অধ্যায় হিসেবে পরিচিত।
নির্বাচন পরবর্তী এই শাসন কাঠামো পরিবর্তনের পরম্পরা আরও গভীরে প্রোথিত। স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৭৩ সালে। সেই নির্বাচনে ২৯৩টি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল আওয়ামী লীগ। যদিও সেই ভোট আয়োজন নিয়ে তৎকালীন বিরোধী দলগুলোর পক্ষ থেকে কারচুপির নানা অভিযোগ তোলা হয়েছিল।
সেই বিশাল জয়ের দুই বছরের মাথায়, ১৯৭৫ সালের জানুয়ারিতে সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে দেশের শাসন পদ্ধতিতে আমূল পরিবর্তন আনা হয়। সংসদীয় ব্যবস্থা থেকে দেশ রাতারাতি রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় ফিরে যায়। এর পরের মাসেই দেশের সব রাজনৈতিক দল বিলুপ্ত ঘোষণা করে একদলীয় শাসন ব্যবস্থা ‘বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ’ বা বাকশাল চালু করা হয়। এর মাধ্যমে দেশের পুরো রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোই বদলে গিয়েছিল, যা আজও দেশের রাজনৈতিক বিতর্কের অন্যতম প্রধান অনুষঙ্গ।
সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর শুধু শাসন পদ্ধতিই নয়, বিভিন্ন সময়ে সংবিধানের আদর্শিক চরিত্রেও পরিবর্তন আনা হয়েছে। অনেক রাজনৈতিক বিশ্লেষকের ভাষ্যে, বিভিন্ন প্রক্রিয়ায় সংবিধানের ‘ইসলামীকরণ’ সম্পন্ন হয়েছে একই পথে।
সামরিক শাসন থেকে শুরু করে নির্বাচিত সরকার—সবাই তাদের রাজনৈতিক অবস্থান সংহত করতে বা জনসমর্থন আদায়ের কৌশলে সংবিধানে ধর্মীয় অনুষঙ্গ যুক্ত করেছে। কখনো প্রস্তাবনায় বিসমিল্লাহির রাহমানির রাহিম সংযোজন, আবার কখনো রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামের অন্তর্ভুক্তি—সবই হয়েছে রাষ্ট্রক্ষমতার সুবিধাজনক অবস্থানের ওপর ভিত্তি করে। মূলত রাজনৈতিক দলগুলো যখনই নিরঙ্কুশ ম্যান্ডেট পেয়েছে, তখনই তারা দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার পথ সুগম করতে বা নিজেদের রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠিত করতে সংবিধানের ওপর হাত দিয়েছে।
২০২৬ সালের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন একটি নতুন সরকার ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে, তখন ইতিহাসের এই পুনরাবৃত্তি নিয়ে সচেতন মহলে নানা আলোচনা চলছে। অতীতের ঘটনাপ্রবাহ বলে দেয়, ক্ষমতার ভারসাম্য রক্ষায় ব্যর্থ হলে এবং সংবিধানকে দলীয় প্রয়োজনে ব্যবহার করলে তার মাশুল দিতে হয় দীর্ঘমেয়াদে।
মঙ্গলবার নবনির্বাচিত সংসদ ও নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের মধ্য দিয়ে যে নতুন যাত্রা শুরু হচ্ছে, তা অতীতের সেই বিতর্কিত পথ এড়িয়ে কতটুকু গণতান্ত্রিক ধারা বজায় রাখতে পারবে, সেটিই এখন বড় প্রশ্ন। ইতিহাসের সেই শিক্ষা নিয়ে নতুন সরকার শাসন কাঠামোতে কোনো পরিবর্তন আনবে কি না, নাকি প্রচলিত পথেই হাঁটবে, তা সময় বলে দেবে।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



