নতুন মন্ত্রিসভার শপথ ও অভিষেক ঘিরে যে আশাবাদ

ছবি: উইকি
'১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। তবে আমরা ১৭ ফেব্রুয়ারিকে কেন্দ্র করেই যাবতীয় প্রস্তুতি নিচ্ছি।’
আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে শপথ নেবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা। একই দিন বিকেলে অথবা সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবে নতুন মন্ত্রিসভা। এর মাধ্যমেই দেশে নতুন এক রাজনৈতিক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ শপথ গ্রহণের এই সম্ভাব্য সময়ের কথা জানান।
তিনি বলেন, ‘১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। তবে আমরা ১৭ ফেব্রুয়ারিকে কেন্দ্র করেই যাবতীয় প্রস্তুতি নিচ্ছি।’
শপথের আয়োজন ও প্রস্তুতি
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করানো হবে। বর্তমান সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায়, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি বা প্রধান নির্বাচন কমিশনার এই শপথ পরিচালনা করতে পারেন।
সংসদ সদস্যদের শপথের পর ওই দিনই সংসদীয় দলের নেতা নির্বাচন করা হবে।
এরপর বিকালে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। এই অনুষ্ঠান ঘিরে বঙ্গভবনে প্রায় এক হাজার অতিথির আপ্যায়নের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
জোটের এমন বিশাল বিজয়ের পর মন্ত্রিসভায় কারা ঠাঁই পাচ্ছেন, তা নিয়ে দেশজুড়ে বইছে কৌতূহল। বিশেষ করে তারেক রহমানের নেতৃত্বে গঠিতব্য এই মন্ত্রিসভায় অভিজ্ঞ রাজনীতিকদের পাশাপাশি কতজন তরুণ ও নতুন মুখ থাকছেন, সেটিই এখন আলোচনার মূল বিষয়।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এই শপথ অনুষ্ঠানের মধ্য দিয়েই নবনির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



