শপথ ও গেজেটের তোড়জোড়, সিইসির হাতেই থাকতে পারে দায়িত্ব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৩পরিবর্তন করতে ক্লিক করুন
শপথ ও গেজেটের তোড়জোড়, সিইসির হাতেই থাকতে পারে দায়িত্ব

ছবি: উইকি

শেয়ার করুন:

সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর কথা স্পিকার বা ডেপুটি স্পিকারের। তবে দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বর্তমানে আত্মগোপনে এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে থাকায় এক ধরনের আইনি জটিলতা তৈরি হয়েছে।

 

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী বদলে যাওয়া প্রেক্ষাপটে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৯টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। আওয়ামী লীগবিহীন এই নির্বাচনে এক সময়ের মিত্র জামায়াতে ইসলামী এবার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়ে ৬৮টি আসন পেয়েছে।

 

নির্বাচনের এই ফল ঘোষণার পর এখন বড় আলোচনা হয়ে দাঁড়িয়েছে—বিজয়ী সংসদ সদস্যদের গেজেট কবে হবে এবং তাদের শপথ পড়াবেন কে?

 

শুক্রবার নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানান, ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির ফলাফল একীভূত করা হয়েছে। এতে দেখা গেছে, সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতির হার ছিল ৫৯ দশমিক ৪৪ শতাংশ।

 

অন্যদিকে একই দিনে অনুষ্ঠিত রাষ্ট্র সংস্কারের ‘গণভোটে’ ভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ। আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রামের দুটি আসনের ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে এবং প্রার্থী মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

 

দলভিত্তিক ফলাফলের বিস্তারিত তথ্য জানিয়ে ইসি সচিব বলেন, বিএনপি ২০৯টি ও জামায়াত ৬৮টি আসন ছাড়াও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, গণঅধিকার পরিষদ ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১টি, গণসংহতি আন্দোলন ১টি এবং খেলাফত মজলিস ১টি আসনে জয়ী হয়েছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ৭টি আসনে।

 

সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর কথা স্পিকার বা ডেপুটি স্পিকারের। তবে দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বর্তমানে আত্মগোপনে এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে থাকায় এক ধরনের আইনি জটিলতা তৈরি হয়েছে।

 

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানান, সংবিধানের ১৪৮-এর ৩ ধারা অনুযায়ী স্পিকার বা ডেপুটি স্পিকার না থাকলে বা তারা অসমর্থ হলে, তিন দিন পার হওয়ার পর চতুর্থ দিন থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) শপথ পাঠ করাতে পারবেন।

 

আইন উপদেষ্টা আসিফ নজরুলও জানিয়েছেন, স্পিকারের অনুপস্থিতিতে ‘রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি’ অথবা সিইসি এই দায়িত্ব পালন করবেন। সামনে রোজা থাকায় রমজানের আগেই সরকার গঠনের প্রক্রিয়া শেষ করতে চায় কমিশন।

 

বিএনপির এই জয়কে দলটির ইতিহাসের অন্যতম বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। এর আগে ১৯৭৯ সালের দ্বিতীয় সংসদে বিএনপি ২০৭টি আসন পেয়েছিল। পরবর্তীতে ১৯৯১ সালের পঞ্চম সংসদে ১৪০টি, ১৯৯৬ সালের বিতর্কিত ষষ্ঠ সংসদে ২৭৮টি এবং ২০০১ সালের অষ্টম সংসদে ১৯৩টি আসনে জয়লাভ করেছিল দলটি।

 

অন্যদিকে জামায়াতে ইসলামী ১৯৯১ সালে ১৮টি ও ২০০১ সালে ১৭টি আসন পেলেও এবার ৬৮টি আসন পেয়ে বড় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। অথচ ১৯৭৩ সালের প্রথম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৯৩টি আসন পেলেও তখনকার নিষিদ্ধ জামায়াত বা অনস্তিত্বশীল বিএনপি কোনো আসন পায়নি। দুই দশক পর এবার ২০৯ আসন নিয়ে ফের রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি।

 

ইসি সচিব জানিয়েছেন, যত দ্রুত সম্ভব ২৯৭ জনের নাম ও ঠিকানাসহ গেজেট প্রকাশ করা হবে এবং আজকের মধ্যেই তা সম্পন্ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। গেজেট প্রকাশের পরই শুরু হবে নতুন মন্ত্রিসভা গঠন ও শপথের আনুষ্ঠানিকতা।

 

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: