ইরান যুদ্ধ: বাংলাদেশের জিডিপিতে যে অশনি সংকেত

স্কেচ: এআই
মূলত জ্বালানি নির্ভরতা, মধ্যপ্রাচ্য থেকে আসা প্রবাসী আয়ের অনিশ্চয়তা এবং বৈশ্বিক বাণিজ্যিক অস্থিরতার কারণেই বাংলাদেশ এই ঝুঁকির মুখে পড়েছে।
ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাব বাংলাদেশের অর্থনীতির জন্য অশনিসংকেত হয়ে দাঁড়িয়েছে। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) এক সাম্প্রতিক নীতিগত বিশ্লেষণে জানানো হয়েছে, এই যুদ্ধের প্রভাবে আগামী দুই বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি ৩ শতাংশ পর্যন্ত হ্রাস পেতে পারে।
মূলত জ্বালানি নির্ভরতা, মধ্যপ্রাচ্য থেকে আসা প্রবাসী আয়ের অনিশ্চয়তা এবং বৈশ্বিক বাণিজ্যিক অস্থিরতার কারণেই বাংলাদেশ এই ঝুঁকির মুখে পড়েছে।
সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হানের নেতৃত্বে এই গবেষণায় ‘গ্লোবাল ট্রেড অ্যানালাইসিস প্রজেক্ট’ (জিটিএপি) মডেল ব্যবহার করা হয়েছে। গবেষকরা মূলত তিনটি ভিন্ন পরিস্থিতির ভিত্তিতে অর্থনীতির সম্ভাব্য ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেছেন।
প্রথমত, যুদ্ধের ফলে পারস্য উপসাগরে তেল ও গ্যাস সরবরাহ ব্যাহত হলে বিশ্ববাজারে তেলের দাম ৪০ শতাংশ এবং এলএনজির দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এর সরাসরি প্রভাবে দেশে বিদ্যুৎ ও শিল্প উৎপাদন খরচ বহুগুণ বেড়ে যাবে, যা জিডিপি ১.২ শতাংশ কমিয়ে দিতে পারে।
দ্বিতীয়ত, সমুদ্রপথে ঝুঁকি বাড়লে পণ্য পরিবহনের খরচ ও বিমা মাশুল ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে ইউরোপ ও আমেরিকার বাজারে বাংলাদেশের পণ্যের চাহিদা ৫ শতাংশ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। রপ্তানি খাতের এই বিপর্যয়ের ফলে জিডিপিতে ১.৪ শতাংশ নেতিবাচক প্রভাব পড়তে পারে।
তৃতীয়ত, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী কর্মরত। যুদ্ধের কারণে ওই অঞ্চলের দেশগুলোর অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলে রেমিট্যান্স বা প্রবাসী আয় ১০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। সানেমের মতে, জ্বালানি সংকট, রপ্তানি হ্রাস এবং রেমিট্যান্স প্রবাহের পতন—এই তিনটি ধাক্কা যখন একসঙ্গে আসবে, তখন জিডিপি ৩ শতাংশ পর্যন্ত সংকুচিত হতে পারে।
গবেষণা অনুযায়ী, খাতভিত্তিক ক্ষয়ক্ষতির মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে তৈরি পোশাক শিল্প, যেখানে উৎপাদন ৪.৫ শতাংশ কমতে পারে। এছাড়া পরিবহন ও লজিস্টিকস খাতে ৫ শতাংশ, জ্বালানি-নির্ভর শিল্পে ৪ শতাংশ এবং কৃষি খাতে ১.৫ শতাংশ উৎপাদন হ্রাসের শঙ্কা রয়েছে।
সামগ্রিকভাবে বাংলাদেশের রপ্তানি ৬ শতাংশ পর্যন্ত কমে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
ড. সেলিম রায়হান সতর্ক করেছেন, বৈশ্বিক অর্থনীতির সঙ্গে নিবিড় সংযোগ থাকার কারণে বাইরের যেকোনো ভূরাজনৈতিক সংকট বাংলাদেশকে সহজেই আঘাত করে। এই পরিস্থিতি মোকাবিলায় তিনি জ্বালানির উৎস বৈচিত্র্যময় করা, নতুন রপ্তানি বাজার খোঁজা এবং অবকাঠামোগত সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন।
যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এই ক্ষতির মাত্রা আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে তিনি উল্লেখ করেন।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



