যুদ্ধের আবহে সংকটে অর্থনীতি

পরিসংখ্যান বলছে, বর্তমানে দেশের মূল্যস্ফীতির হার ৮.৭১ শতাংশ, অথচ মজুরি বৃদ্ধির হার মাত্র ৮.০৯ শতাংশ। অর্থাৎ মানুষের আয়ের চেয়ে ব্যয় বেশি বাড়ছে, যার ফলে ক্রয়ক্ষমতা কমছে এবং বাজারে চাহিদা দুর্বল হচ্ছে।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের অর্থনীতি এখন এক জটিল মোড়ে দাঁড়িয়ে। একদিকে অভ্যন্তরীণ নানা সংকট, অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরান-মার্কিন উত্তেজনা ও যুদ্ধের আশঙ্কা অর্থনীতির ওপর নতুন চাপ তৈরি করছে।
সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণে দেখা যাচ্ছে, বাংলাদেশ এখন একসঙ্গে কয়েকটি বড় চ্যালেঞ্জ মোকাবিলা করছে—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগে আস্থা ফেরানো, ব্যাংক খাত সংস্কার এবং জ্বালানি খাতের ঝুঁকি কমানো।
পরিসংখ্যান বলছে, বর্তমানে দেশের মূল্যস্ফীতির হার ৮.৭১ শতাংশ, অথচ মজুরি বৃদ্ধির হার মাত্র ৮.০৯ শতাংশ। অর্থাৎ মানুষের আয়ের চেয়ে ব্যয় বেশি বাড়ছে, যার ফলে ক্রয়ক্ষমতা কমছে এবং বাজারে চাহিদা দুর্বল হচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়িয়ে রাখা হচ্ছে, কিন্তু এতে বিনিয়োগ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
অন্যদিকে কর্মসংস্থান বাড়াতে অর্থের জোগান বাড়ালে মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে। সরকারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই দুই বিপরীত লক্ষ্যের মধ্যে ভারসাম্য আনা।
২০২৪-২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৩.৪৯ শতাংশ, যা টানা তিন অর্থবছর ধরে কমছে। উচ্চ মূল্যস্ফীতি ও দুর্বল কর্মসংস্থানের কারণে দরিদ্র মানুষের সংখ্যা আবার বাড়ছে।
বিশ্বব্যাংকের তথ্যমতে, দেশে দারিদ্র্যের হার এখন ২১.২ শতাংশ, অর্থাৎ প্রায় ৩ কোটি ৬০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে রয়েছে। আরও উদ্বেগের বিষয় হলো আয়বৈষম্য—জিনি অনুপাত বেড়ে ০.৪৯৯ হয়েছে। দেশের মোট আয়ের প্রায় ৪১ শতাংশ এখন শীর্ষ ১০ শতাংশ মানুষের হাতে, যা প্রবৃদ্ধির সুফল সবার কাছে সমানভাবে পৌঁছাচ্ছে না।
বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে ১ কোটি ৪০ লাখ তরুণ কর্মক্ষম বয়সে পৌঁছেছেন, কিন্তু এ সময় চাকরি তৈরি হয়েছে মাত্র ৮৭ লাখ। ২০২৩ সালে যুব বেকারত্বের হার ছিল ৮ শতাংশ, আর বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মধ্যে এটি ছিল ১৪ শতাংশ। বিনিয়োগে সবচেয়ে বড় বাধা আস্থার ঘাটতি, জ্বালানি সংকট, নীতিগত অনিশ্চয়তা ও ঋণপ্রবাহের দুর্বলতা।
ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ এখন ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা, যা মোট ঋণের ৩৫.৭৩ শতাংশ। রাজনৈতিক হস্তক্ষেপ, দুর্বল তদারকি ও অর্থ পাচার মিলিয়ে ব্যাংক খাত এখন অর্থনীতির সবচেয়ে বড় দুর্বলতা।
মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাংলাদেশের অর্থনীতির জন্য নতুন এক বাহ্যিক ঝুঁকি তৈরি করেছে। ইরান যুদ্ধ শুরুর আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ইতিমধ্যে বাড়তে শুরু করেছে। এতে বাংলাদেশের আমদানি ব্যয় বাড়বে, টাকার ওপর চাপ বাড়বে এবং মূল্যস্ফীতি আবার উসকে যেতে পারে।
একইসঙ্গে প্রবাসী আয়ে নেতিবাচক প্রভাব পড়তে পারে, কারণ মধ্যপ্রাচ্যে কর্মরত লাখো বাংলাদেশির নিরাপত্তা ও কর্মস্থল হুমকির মুখে। রপ্তানি বাণিজ্যেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে ইরান যুদ্ধ বাংলাদেশের জন্য একটি বড় বাহ্যিক পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।
বিশ্লেষকরা বলছেন, অভ্যন্তরীণ সংকট ও বৈশ্বিক অস্থিরতার এই জটিল সময়ে সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হলো স্বল্পমেয়াদে স্থিতিশীলতা আনা ও দীর্ঘমেয়াদে টেকসই সমাধান বের করা। জ্বালানি খাতে বৈচিত্র্য আনা, ব্যাংক খাতে সুশাসন ফেরানো এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা এখন জরুরি।
এর পাশাপাশি আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে মধ্যপ্রাচ্যের ঝুঁকি মোকাবিলার কৌশল প্রণয়ন করতে হবে। আগামী কয়েক মাস বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংকটপূর্ণ সময়।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



