অব্যাহত রয়েছে মানবিক সহায়তার নামে জোরপূর্বক ধর্মান্তরকরণ ও বাউলের চুল কাটা

নূজিয়া হাসিন রাশা
নূজিয়া হাসিন রাশা
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩৫পরিবর্তন করতে ক্লিক করুন
অব্যাহত রয়েছে মানবিক সহায়তার নামে জোরপূর্বক ধর্মান্তরকরণ ও বাউলের চুল কাটা

ছবিঃ ঢাকা পেপার্স গ্রাফিক্স

শেয়ার করুন:

ঢাকা পেপার্সের তদন্তে সামনে এসেছে, মাহাবুব ক্রিয়েশনের ফেসবুক পেজ, তাদের ইউটিউব চ্যানেল স্ট্রিট হিউম্যানিটি বাংলাদেশ এবং কে এম রিয়াজের মতো চ্যানেলগুলো এখনও পুরোদমে অব্যাহত রেখেছে বাউল ফকিরের চুল ও জটা কাটা, জোরপূর্বক ধর্মান্তরকরণ এবং শারীরিক ও মানসিক অত্যাচারের কার্যক্রম। এই প্রক্রিয়ায় প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন ইউটিউব চ্যানেল। আর তারা যথারীতি সামাজিক যোগাযোগমাধ্যমে সেইসবের ভিডিও আপলোড করে অব্যাহত রেখেছে নিজেদের ভিউ ব্যবসা।

বাউল, ফকির ও পাগলপন্থী সাধুদের ধর্ম, বিশ্বাস ও আধ্যাত্মিক সাধনার ওপর একটা উগ্রবাদী ওহাবি, সালাফি ও ভিউ ব্যবসায়ী সাম্প্রদায়িক গোষ্ঠী ক্রমাগত নিপীড়ন চালিয়ে যাচ্ছে। হাইকোর্ট পুলিশকে তদন্তের নির্দেশ দিলেও কোন কার্যকর ব্যবস্থা পরিলক্ষিত হয়নি। জটা ও চুল কাটা, শরীর থেকে আধ্যাত্মিক সাধনার চিহ্ন ও সরঞ্জাম খুলে নেওয়া, শারীরিক নিপীড়ন, মানসিক নিপীড়ন, সর্বোপরি জোরপূর্বক ধর্মান্তরকরণ এর ঘটনা বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় শুরু হলেও, ব্যাপক আলোচনা, আদালতের নির্দেশ এর পরেও যথারীতি অব্যাহত রয়েছে বর্তমান নির্বাচিত বিএনপি সরকারের আট মাসে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে বাউল, সাধু, ফকির ও মাজারের অনুসারীদের জোর করে চুল-দাড়ি কেটে দেওয়া, গোসল করানো, হাত-পা চেপে ধরা, নখ কাটা, পোশাক ছিঁড়ে ফেলা এবং তাঁদের আধ্যাত্মিক পরিচয়ের সঙ্গে যুক্ত কণ্ঠিমালা ও বালা খুলে নেওয়ার দৃশ্য জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে দেখা যাচ্ছে।

ইন্টারিম আমলে, গত ২০২৫ সালে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, এক বৃদ্ধের হাত-পা চেপে ধরে জোর করে তাঁর চুল ও দাড়ি কেটে দিচ্ছেন তিন ব্যক্তি। নিজেকে ছাড়িয়ে নিতে প্রাণপণ চেষ্টা করছেন বৃদ্ধ। কিন্তু পারছেন না। একপর্যায়ে অসহায় আত্মসমর্পণ করে বলে ওঠেন, 'আল্লাহ তুই দেহিস।'

পরে জানা যায়, বৃদ্ধের নাম হালিম আকন্দ। তিনি নকশবন্দি তরিকার একজন সুফি সাধক এবং হজরত শাহজালাল (র.)-এর ভক্ত। হালিম উদ্দিন আকন্দের ছেলে মো. শহীদ মিয়া আকন্দ বাদী হয়ে গত ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে তারাকান্দা থানায় ৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলায় 'হিউম্যানিটি ফার্স্ট বিডি' নামের সংগঠনের দায়িত্বশীল ব্যক্তি ও স্থানীয় ১২ জনকে আসামি করা হয়েছে।

হালিমের ঘটনাই বাউল ফকিরদের প্রতি অন্যায় ও বিদ্বেষের শেষ বা শুরুর ঘটনা নয়। এটি ফেসবুক অ্যালগরিদমে ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপমাত্র। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা যায়, 'মানবিক সহায়তা' দেওয়ার কথা বলে কয়েকটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বাউল-ফকির ও মাজারের অনুসারীদের লক্ষ্যবস্তু করছেন। তাঁদের চুল-দাড়ি ও নখ জোর করে কেটে দেওয়া, গায়ে পানি ঢেলে গোসল করানো, হাত-পা চেপে ধরা, পোশাক ছিঁড়ে ফেলা কিংবা তাঁদের আধ্যাত্মিকতার পরিচায়ক হিসেবে ব্যবহৃত কণ্ঠিমালা ও বালা খুলে নেওয়ার মতো কর্মকাণ্ড চলছে।

ভিডিওতে কী দেখা যায়?

মাহাবুব ক্রিয়েশনের স্বত্বাধিকারী মাহাবুবের পরিচালিত 'স্ট্রিট হিউম্যানিটি অফ বাংলাদেশ' এবং কওমি আলেম রিয়াজের পরিচালিত 'কে এম রিয়াজ' নামের চ্যানেলগুলোর ভিডিওতে বাউল-ফকিরদের চুল-দাড়ি কাটার পাশাপাশি তাঁদের শরীরের বিভিন্ন অনুষঙ্গ সরিয়ে দেওয়ার দৃশ্যও রয়েছে।

'স্ট্রিট হিউম্যানিটি অফ বাংলাদেশ' শাহজালাল মাজারে বসে থাকা এক বাউলকে জোর করে গোসল করানো ও তাঁর চুল কেটে দেওয়ার একটি ভিডিওর শিরোনাম ও থাম্বনেইলে তাঁকে 'শাহজালাল মাজারের ভণ্ড বাবা' হিসেবে উপস্থাপন করেছে। ১৭ মিনিট ৪৮ সেকেন্ডের ওই ভিডিওতে তাঁর কথিত ভণ্ডামির সুনির্দিষ্ট প্রমাণ বা বিবরণ পাওয়া যায় নাই, বরং পুরোটা সময় ভুক্তভোগীকে আতঙ্কিত ও প্রতিরোধী অবস্থায় দেখা যায়।

ভিডিওতে ওই সাধুর গলায় ও হাতে থাকা কণ্ঠিমালা, বালা ও অন্যান্য অলংকার খুলে ফেলার দৃশ্য দেখা রয়েছে। ভুক্তভোগী আপত্তি জানিয়ে বলেন, 'আমাকে না ছুঁয়ে কথা বলেন।' কিন্তু ভিডিওতে তাঁর আপত্তির পরও তাঁকে ধরে চুল কাটার দৃশ্য রয়েছে। তাদের আরেকটি ভিডিওতে দেখা যায়, ঢাকার পোস্তাগোলা শ্মশানের শ্মশানবন্ধু লিটন সাধুকে জোর করে তার জটা, গোঁফ কেটে দিয়ে তাঁর শরীর থেকে সমস্ত আধ্যাত্মিক অলঙ্কার খুলে নেয়। তিনি হিন্দু পরিচয় দেওয়ার পরেও তাঁর দাড়ি রেখে তার চেহারাকে সুন্নতি সুরত দেয় মাহাবুব ক্রিয়েশন বা স্ট্রিট হিউম্যানিটি বাংলাদেশ।

এই চ্যানেলের মালিক মাহাবুব এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনলাইনে লাইভে এসে নিজের চুল কেটে রম্য ভিডিও তৈরি করে আর বাউল ফকিরের চুল না কাটার ঘোষণা দেন। কিন্তু তার সেই ঘোষণা, নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণ এবং এই বিষয়ে আদালতের তদন্তের নির্দেশের পরও এই মাহাবুব ক্রিয়েশান বা স্ট্রিট হিউম্যানিটি বাংলাদেশ চ্যানেলটি তাদের এই সাংস্কৃতিক গণহত্যামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। এবং তারা এই নির্যাতনের ভিডিও এখনও ফেসবুক ও ইউটিউবে আপলোড দিয়ে রেভিনিউ আয় অব্যাহত রেখেছে। এখনও প্রতি এক দুদিন পরপরই তারা ডাউনলোড করছে বাউল-ফকির-হিন্দু নিপীড়নের এইসব ভিডিও। উল্লেখ্য এই চ্যানেলটিই জুলাই আন্দোলন পরবর্তী ইউনুস আমলে এই ধরনের ভিডিও নির্মাণ করে ব্যাপক ভিউ ও অর্থনৈতিক সাফল্য লাভ করেছে।

অন্যদিকে 'কে এম রিয়াজ' নামের ইউটিউব চ্যানেলে ফকিরের ওপর নির্যাতনের দৃশ্যসংবলিত অনেক অনেক ভিডিও রয়েছে। এর একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তির চুল ট্রিমার দিয়ে কাটা হচ্ছে। ভিডিওর বিবরণ থেকে জানা যায়, ওই ব্যক্তি টাঙ্গাইলের বাসিন্দা। ভিডিওতে ওই ব্যক্তিকে রিয়াজকে বলতে শোনা যায়, 'আগে দাড়ি কাটো!' জবাবে রিয়াজ বলেন, 'তুমি তো নামাজ পড়ো না, রোজাও রাখো না। তোমার দাড়ি বা চুল রেখে কী লাভ? তুমি তো এক মাজার থেকে আরেক মাজারে ঘুরে বেড়াও আর ভণ্ডামি করো! জীবনে অনেক ভণ্ডামি করেছ!' রিয়াজ ওই ব্যক্তিকে ধমক দেন। এরপর তাঁর চুল ও গোঁফ কেটে দেন। ওই ব্যক্তি প্রতিবাদ করলে রিয়াজ তাঁকে চড় মারেন এবং ধমক দেন। এ সময় রিয়াজ বলেন, এ ধরনের মানুষ-অর্থাৎ মাজারে যাওয়া ব্যক্তিদের-আটকে রাখার জন্য তাঁরা একটি জায়গা তৈরি করছেন। সেখানে তাঁদের হয় সংশোধন করা হবে, নয়তো আজীবন বন্দী করে রাখা হবে। আক্রান্ত ব্যক্তি রাজাকারের বাচ্চা বলে প্রতিবাদ জানান ওই ভিডিওতে। নিজেদের কর্মকাণ্ডের পক্ষে 'কে এম রিয়াজ' চ্যানেলের ভিডিওর বিবরণে লেখা হয়: 'টাঙ্গাইলের এই অদ্ভুত মানুষটির জীবনযাপন যেন একটি রহস্য। তিনি গত ১৩ বছর ধরে খেয়ে-পরে রাস্তায় হাঁটছেন এবং বিভিন্ন মাজারে ঘুরে বেড়াচ্ছেন। তিনি দাবি করেন, মাজারের অনুসরণই তাঁকে জান্নাতে নিয়ে যাবে এবং নামাজ বা ইসলামের বিধিবিধান তাঁর জন্য নয়। আমরা তাঁকে আল্লাহ ও রাসুল (সা.)-এর দেখানো সঠিক পথে ফিরে আসার পরামর্শ দিয়েছি। দোয়া করি, আল্লাহ এই মানুষটিকে সঠিক হেদায়েত দান করুন এবং তাঁর জীবনে শান্তি ফিরিয়ে আনুন।'

এসব ভিডিওতে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁদের কাজকে মানবিক সহায়তা হিসেবে উপস্থাপন করেন। কিন্তু কাউকে খাবার বা পোশাক দেওয়ার বিনিময়ে বাউল সাধু দরবেশদের বিশ্বাসে ওপর আক্রমণ করা ও তাকে জোরপূর্বক ওহাবি-সালাফি মতে ধর্মান্তরিত করা আইনের দৃষ্টিতে অপরাধ। বাউল-ফকিরদের ওপর এমন আক্রমণের ঘটনার প্রেক্ষিতে সুরেশ্বর দরবার শরীফের মুনতাজিম দরবারের দিপু নূরী ঢাকা পেপার্স কে জানান, "যারা সাধু-দরবেশ, তাঁরা দুনিয়া বিমুখ হন। তাঁরা মোহ-মায়া থেকে দূরে থেকে ভাবজগতে বিচরণ করেন। তাঁরা একধরনের পরাবাস্তব অবস্থায় থাকেন। এই অবস্থায় কেউ তাঁদের সামাজিক রীতিনীতির মধ্যে ফিরিয়ে আনতে স্নান করাতে চাইলে তাঁদের ভাবনার জগতে ছেদ পড়ে, সাধনার জগতে ব্যত্যয় ঘটে। এই আক্রমণকারীরা। বাউল-ফকির-সাধুদেরকে পরিষ্কার করে দিচ্ছেন, বিষয়টা এমন নয়। বরং বাউল-ফকির-দরবেশরা যে আধ্যাত্মিক ভাবনার জগতে বিচরণ করেন, সেই জগৎকে অস্বীকার করে তাঁদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, যাঁরা এই কাজ করছেন, তাঁরা কারা? অন্যের ভাবজগৎ নষ্ট করার অধিকার তাঁদের কে দিয়েছে? একজন মানুষ নিজের বিশ্বাস, সাধনা ও আধ্যাত্মিকতার মধ্য দিয়ে যে জগৎ নির্মাণ করেন, সেই জগতে হস্তক্ষেপ করার অধিকার অন্য কারও নেই।”

মানবিক সহায়তা, নাকি ভিউয়ের জন্য কনটেন্ট?

আদতে এই ভিডিওগুলো না মানবিক সহায়তা; আর না তো ভিউয়ের জন্য কনটেন্ট। এগুলো স্পষ্টত এবং স্বঘোষিত ধর্মীয় নিপীড়ন। কে এম রিয়াজ কিংবা স্ট্রিট হিউম্যানিটির মত পেজগুলো ভিডিওতে মানবিকতার কথা থাকলেও নিজেদের ভিডিও থাম্বনাইলে রয়েছে ভুক্তভোগীদের পরিচয়, জীবনযাপন কিংবা বিশ্বাস নিয়ে নেতিবাচক শিরোনাম; কোথাও তাঁদের 'ভণ্ড' হিসেবে উপস্থাপন করা হয়েছে। আক্রান্তের ধর্ম ও বিশ্বাসকে ভণ্ডামি হিসেবে উল্লেখ করে তাঁর ওপর চাপিয়ে দেওয়া হয় আক্রমণকারীদের ধর্ম। চিশতিয়া, কাদেরিয়া, মুজাদ্দেদিয়া ও নকশবন্দিয়া-এই সুফি তরিকার অনুসারীদের জন্য চুল বা গোঁফ রাখার বিষয়ে কোনো বাধ্যতামূলক নিয়ম নেই। ঐতিহাসিকভাবে খাজা মঈনুদ্দিন চিশতির বাণী এবং ফকির লালন শাহের গানেও চুল, গোঁফ ও অলংকারের মতো বাহ্যিক অনুষঙ্গের স্বাধীনতার স্বীকৃতি রয়েছে। অথচ এই সাধকদের সেই ধর্মীয় চর্চার স্বাধীনতার কোনো সুরক্ষা দেয়নি বাংলাদেশ রাষ্ট্র।

আইন কী বলছে?

'সুন্নতি' রীতির নামে ধর্মীয় অনুশীলন চাপিয়ে দেওয়ার চেষ্টা মানুষের মৌলিক অধিকার ও আধ্যাত্মিক স্বাধীনতার পরিপন্থী। এবং এটা সংবিধান স্বীকৃত ধর্মীয় স্বাধীনতা ও আন্তর্জাতিক মানবাধিকারের ঘোষণার স্পষ্ট লঙ্ঘন। এই ঘটনায় হাইকোর্ট বাংলাদেশ পুলিশের প্রতি নির্দেশ জারি করে যে, বাউল, ফকির ও সন্ন্যাসীদের ওপর হামলা এবং মাজার ও খানকায় আক্রমণের অভিযোগ তদন্ত করে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ২০২৬ সালের ২১ জুন বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেন।

আদালত স্বরাষ্ট্র, ধর্ম ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত মহাপরিদর্শককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। একই সঙ্গে বাউল, ফকির ও সন্ন্যাসীদের সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারি করেন। রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রিটকারীদের মধ্যে ছিলেন নারীপক্ষের প্রতিষ্ঠাতা শিরীন পারভীন হক, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক আমেনা মহসিন, হাসান শাহ সুরেশ্বরী দীপু নূরী, অধ্যাপক গীতি আরা নাসরীন, লেখক ও গবেষক আলতাফ পারভেজ, সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান, কণ্ঠশিল্পী নবীন কিশোর গোস্বামী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসান নাইম, চিত্রশিল্পী নজীর আমিন চৌধুরী জয়, বাউল নয়ন সরকারসহ ২৯ জন।

রিটে সামাজিক যোগাযোগমাধ্যমে বাউল-ফকিরদের চুল-দাড়ি কাটার ভিডিও এবং তাঁদের ওপর নিপীড়নের অভিযোগ তুলে ধরা হয়। সেখানে 'স্ট্রিট হিউম্যানিটি বাংলাদেশ', 'হিউম্যানিটি ফার্স্ট বিডি' ও 'কে এম রিয়াজ 'সহ সংশ্লিষ্ট চ্যানেল ও পেজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। আদালতের আদেশে চারজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীকে বিবাদী করা হয়েছে: মো. মাহবুব সরকার, মুফতি সোহরাব হোসেন আশরাফী, মোহাম্মদ আফসার আহমেদ এবং কে এম রিয়াজ।

নির্দেশের পরও কি বন্ধ হয়েছে হয়রানি?

হাইকোর্টের নির্দেশ তদন্তের দায়িত্ব নির্দিষ্ট কর্তৃপক্ষের ওপর দিয়েছে। কিন্তু নির্দেশ জারির পর তদন্ত কত দূর এগিয়েছে, বাউল-ফকিরদের ওপর জোরজবরদস্তি বন্ধ হয়েছে কি না-এসব প্রশ্নের উত্তরে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ঢাকা পেপার্সকে জানান যে তদন্তের আদেশ এসেছে কোর্ট থেকে। এই তদন্ত এখনও প্রক্রিয়াধীন। এই ব্যাপারে বাউলদের পক্ষে আন্দোলনের সংগঠক ও অ্যাক্টিভিস্ট আপন দেবনাথ বলেন, ”বাউল, ফকির, পাগলপন্থি ও সাধারণ একজন নাগরিকের ইচ্ছার বিরুদ্ধে যে অপরাধের বিচার করতে ৬০ দিনের তদন্ত সময় দিতে হাইকোর্টকে সেখানে আমরা সবাই নিরুপায়! আমরা তো আইন নিজের হাতে তুলে নিতে পারিনা। কিন্তু আদালতের এই নির্দেশের পরও যথারীতি অব্যাহত রয়েছে বাউল ফকিরের ওপর এই সমস্ত জুলুম। এখন মাহাবুব ক্রিয়েশান, কেএম রিয়াজের মতো চ্যানেলগুলোর ব্যাপারে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। মাঝে মাঝে মনে হয় এই দেশটা কি শুধুই মোল্লাদের, আমরা কি এই দেশের নাগরিক নই?”

ঢাকা পেপার্সের তদন্তেও মিলেছে আপন দেবনাথের বক্তব্যের সত্যতা। মাহাবুব ক্রিয়েশনের ফেসবুক পেজ, তাদের ইউটিউব চ্যানেল স্ট্রিট হিউম্যানিটি বাংলাদেশ এবং কে এম রিয়াজের মতো চ্যানেলগুলো এখনও পুরোদমে অব্যাহত রেখেছে বাউল ফকিরের চুল ও জটা কাটা, জোরপূর্বক ধর্মান্তরকরণ এবং শারীরিক ও মানসিক অত্যাচারের কার্যক্রম। এই প্রক্রিয়ায় প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন ইউটিউব চ্যানেল। আর তারা যথারীতি সামাজিক যোগাযোগমাধ্যমে সেইসবের ভিডিও আপলোড করে অব্যাহত রেখেছে নিজেদের ভিউ ব্যবসা।


____

*লেখক: গবেষক ও সাংবাদিক

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: