নিয়ম ভেঙ্গে ভারতীয় কোম্পানির কাছ থেকে বাড়তি দামে মার্কিন গম কিনছে সরকার

আরিফুজ্জামান তুহিন
আরিফুজ্জামান তুহিন
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৩:৫৩পরিবর্তন করতে ক্লিক করুন
নিয়ম ভেঙ্গে ভারতীয় কোম্পানির কাছ থেকে বাড়তি দামে মার্কিন গম কিনছে সরকার

ঢাকা পেপার্স গ্রাফিক্স

শেয়ার করুন:

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ১০ হাজার ৪৮০ কোটি টাকার মানি লন্ডারিং মামলাতেও অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনালের নাম এসেছে। অর্থ স্থানান্তরের অন্যতম মাধ্যম হিসেবে প্রতিষ্ঠানটিকে চিহ্নিত করা হয়েছে। ব্যাংক ও অর্থনীতি বিশ্লেষকদের মতে, সোয়া দুই লাখ কোটি টাকা লোপাট ও অর্থ পাচারে অভিযুক্ত গোষ্ঠীর দীর্ঘদিনের সহযোগী প্রতিষ্ঠানকে কোনো যাচাই-বাছাই ছাড়া রাষ্ট্রীয় খাদ্য কেনার কাজ দেওয়া মোটেই সমীচীন হয়নি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যঘাটতি কমাতে চুক্তি করেছে সরকার। এর আওতায় আগামী পাঁচ বছরে দেশটি থেকে ৩৫ লাখ টন গম কেনা হবে। সরকার থেকে সরকার (জিটুজি) পর্যায়ে এই গম কিনবে খাদ্য অধিদপ্তর। ইতিমধ্যে প্রথম বছরের তিন লাখ টন গম দেশে এসেছে। বাকি চার লাখ টন কেনার চূড়ান্ত প্রক্রিয়াও শেষ হয়েছে।

জিটুজি প্রক্রিয়ায় কেনাকাটায় প্রচলিত দরপত্রের প্রয়োজন হয় না। নির্দিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করলেই চলে। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটিকে ওই দেশের হতে হয়। কিন্তু খাদ্য অধিদপ্তর যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান থেকে গম কিনছে না। গম কেনা হচ্ছে সিঙ্গাপুরে নিবন্ধিত অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনালের কাছ থেকে। প্রতিষ্ঠানটির মালিকানা ভারতীয় নাগরিকের। যুক্তরাষ্ট্রে এর নিবন্ধন নেই, মালিকানাও কোনো মার্কিন নাগরিকের নয়। ফলে গম কেনার কমিশন ও জাহাজভাড়া—সবই চলে যাচ্ছে ভারতীয় মালিকানাধীন এই কোম্পানির কাছে।

অনুসন্ধানে জানা গেছে, শেখ হাসিনার টানা ১৬ বছরের শাসনামলে সরকারি খাদ্য সরবরাহ এককভাবে নিয়ন্ত্রণ করত অ্যাগ্রোকর্প। কাগজে-কলমে এটি ভারতীয় মালিকানাধীন প্রতিষ্ঠান। তবে ব্যাংক ও বাণিজ্য খাতের অনেকেই একে এস আলম গ্রুপের ‘শেল কোম্পানি’ বা ছায়া প্রতিষ্ঠান হিসেবে দেখেন। কারণ, এস আলম ও নাবিল গ্রুপের প্রায় সব ধরনের খাদ্যপণ্যই সরবরাহ করত প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে জানতে চাইলে নলেজ হাব ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ও অর্থনীতিবিদ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম ঢাকা পেপার্সকে বলেন, ‘এস আলমের সঙ্গে কাজ করেছে এবং যাদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ রয়েছে, এমন একটি বিতর্কিত কোম্পানিকে কেন সরকার গম কেনার কাজ দিল, তা পরিষ্কার নয়। অ্যাগ্রোকর্পকে কালো তালিকাভুক্ত করার কথা। তা না করে উল্টো তাদের কাজ দেওয়া বিস্ময়কর।’

দেশের ব্যাংক খাত থেকে নামে-বেনামে ২ লাখ ২৫ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে এস আলম গ্রুপ।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। কেবল ইসলামী ব্যাংক থেকেই এস আলম ও তাদের ঘনিষ্ঠ নাবিল গ্রুপ বের করে নিয়েছে প্রায় ১ লাখ কোটি টাকা। ব্যাংক খাত ফাঁকা করে দেওয়া এই দুই গোষ্ঠীর সঙ্গে অ্যাগ্রোকর্পের আর্থিক লেনদেনেও বড় জালিয়াতির তথ্য মিলেছে। খাদ্যপণ্য আমদানির নামে একাধিক ঋণপত্র (এলসি) খোলা হলেও সেই পণ্য দেশে আসেনি। উল্টো ব্যাংকের টাকা ‘ব্যাংক অব চায়না’ ঘুরে অ্যাগ্রোকর্পের মাধ্যমে চট্টগ্রামের বাঁশখালী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে পাঠানো হয়েছে। সেখানে তা কথিত ‘চীনা বিনিয়োগ’ হিসেবে দেখানো হয়।

নথিপত্র বলছে, বিগত আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের সময়েও খাদ্য আমদানিতে একচ্ছত্র আধিপত্য ধরে রাখে অ্যাগ্রোকর্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রায় ৭০০ কোটি ডলারের বাণিজ্যঘাটতি কমানোর প্রতিশ্রুতি থেকে এই গম কেনার উদ্যোগ নেওয়া হয়। বর্তমান চুক্তির আওতায় কেবল গম আমদানিতে প্রায় ২১ কোটি ৬০ লাখ ডলার পরিশোধের লক্ষ্যমাত্রা রয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকা। জিটুজি পর্যায়ের এই কেনাকাটায় যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বাজারের চেয়ে বাড়তি দাম পাচ্ছে। তবে মধ্যস্বত্বভোগী থাকায় বৈদেশিক মুদ্রার বড় অংশই ঘুরপথে চলে যাচ্ছে সিঙ্গাপুরে নিবন্ধিত অ্যাগ্রোকর্পের হাতে।

খাদ্য চুক্তিতে কী আছে?


খাদ্য অধিদপ্তর ও অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনালের মধ্যে একাধিক চুক্তি সই হয়েছে। এসব চুক্তির নথি পর্যালোচনায় দেখা যায়, গত বছরের ২৭ জুলাই প্রথম বড় চুক্তিটি হয়। এতে ২ লাখ ২০ হাজার টন গম আমদানির কথা ছিল। চলতি বছরের ৬ জুলাই নতুন অর্থবছরের জন্য আরও ২ লাখ ২০ হাজার টনের আরেকটি চুক্তি সই করে খাদ্য অধিদপ্তর।

চুক্তি অনুযায়ী, গত বছর প্রতি টন গমের দাম ধরা হয়েছিল ৩০২ দশমিক ৭৫ মার্কিন ডলার। চলতি বছর তা বাড়িয়ে ৩২২ ডলার করা হয়েছে। আন্তর্জাতিক বাজারের প্রকৃত দরের তুলনায় এই দাম টনপ্রতি প্রায় ৭০ ডলার পর্যন্ত বেশি। ফলে কেবল প্রথম বছরের গম আমদানিতেই সরকারি কোষাগার থেকে প্রায় ৫০০ কোটি টাকা বাড়তি খরচ হচ্ছে। তা ছাড়া জিটুজি চুক্তির আওতায় হওয়ায় কোনো ‘পারফরম্যান্স গ্যারান্টি’ বা জামানত ছাড়াই অ্যাগ্রোকর্পকে এই কাজ দেওয়া হয়েছে।

এস আলম ও নাবিল গ্রুপের সংযোগ

সরকারি কেনাকাটার বাইরে বেসরকারি খাতেও প্রধান জোগানদাতা ছিল অ্যাগ্রোকর্প। বিগত দেড় দশকে গম, সয়াবিন, অপরিশোধিত ভোজ্যতেল ও ডালসহ বিপুল ভোগ্যপণ্য বাংলাদেশের বাজারে রপ্তানি প্রতিষ্ঠানটি। সরকারি ও ব্যাংকিং নথিতে দেখা গেছে, গত ১৬ বছরে এস আলম গ্রুপ, নাবিল গ্রুপ ও তাদের বেনামি প্রতিষ্ঠানগুলো অ্যাগ্রোকর্পের নামে হাজার হাজার কোটি টাকার খাদ্যপণ্য আমদানির নথি তৈরি করেছে।

বিএফআইইউর ওই প্রতিবেদনে বলা হয়, সাতটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের পর্ষদ দখল করে ২ লাখ ২৫ হাজার কোটি টাকা ঋণ নেয় এস আলম গ্রুপ। এর বিপরীতে জামানত রয়েছে মাত্র ৩২ হাজার কোটি টাকার সম্পদ। মোট ঋণের মধ্যে ৯৮ হাজার কোটি টাকাই নেওয়া হয়েছে ভুয়া বা শেল কোম্পানির নামে। এ ছাড়া ৪৩টি প্রতিষ্ঠানের নামে ৯০ হাজার কোটি ও অন্যান্য পরোক্ষ মাধ্যমে ৩৭ হাজার কোটি টাকা বের করা হয়েছে। এর মধ্যে এককভাবে ইসলামী ব্যাংক থেকেই নেওয়া হয়েছে প্রায় ১ লাখ কোটি টাকা। প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে এলসি জালিয়াতি ও ট্রাস্ট অ্যাকাউন্ট ব্যবহার করে এই অর্থের বড় অংশ সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে পাচার করা হয়েছে।

ব্যাংক খাতের তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ইসলামী ব্যাংকসহ এস আলমের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলো থেকে খাদ্যপণ্য আমদানির নামে অ্যাগ্রোকর্পের অনুকূলে একের পর এক এলসি খোলা হতো। মেয়াদ শেষে আমদানিকারক প্রতিষ্ঠান টাকা শোধ করত না। ফলে ব্যাংকগুলো তা ‘ফোর্সড লোনে’ বা বাধ্যতামূলক ঋণে রূপান্তর করত। এর বেশ কিছু এলসির বিপরীতে কোনো পণ্যই বাংলাদেশে আসেনি। আমদানির আড়ালে পুরো ডলারই সিঙ্গাপুরে পাচার হয়ে গেছে। পরে সিঙ্গাপুরে ব্যাংক অব চায়নায় থাকা এস আলমের শেল কোম্পানির হিসাব ঘুরে সেই অর্থ দেশে আসে বাঁশখালীর ‘এসএস পাওয়ার প্ল্যান্ট’-এ বিদেশি বিনিয়োগ হিসেবে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ১০ হাজার ৪৮০ কোটি টাকার মানি লন্ডারিং মামলাতেও অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনালের নাম এসেছে। অর্থ স্থানান্তরের অন্যতম মাধ্যম হিসেবে প্রতিষ্ঠানটিকে চিহ্নিত করা হয়েছে। ব্যাংক ও অর্থনীতি বিশ্লেষকদের মতে, সোয়া দুই লাখ কোটি টাকা লোপাট ও অর্থ পাচারে অভিযুক্ত গোষ্ঠীর দীর্ঘদিনের সহযোগী প্রতিষ্ঠানকে কোনো যাচাই-বাছাই ছাড়া রাষ্ট্রীয় খাদ্য কেনার কাজ দেওয়া মোটেই সমীচীন হয়নি।

এস আলমের অর্থ পাচারের অভিযোগ থাকা এমন একটি প্রতিষ্ঠানের কাছ থেকেই সরকার এখন যুক্তরাষ্ট্রের গম আমদানি করছে। এ বিষয়ে সরকারের বক্তব্য জানতে চাইলে খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এ এম ইমদাদুল ইসলাম বলেন, ‘এস আলমের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।’

মার্কিন প্রশাসনের নীরবতা

দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির আড়ালে তৃতীয় দেশের একটি প্রতিষ্ঠান একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে। তাদের বিরুদ্ধে অর্থ পাচারে সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে। জিটুজি চুক্তির নিয়ম অনুযায়ী অ্রাগ্রোক্রপের কাছ থেকে গম কেনার সুযোগও নেই। এ বিষয়টি মার্কিন প্রশাসনের নজরে আছে কি না, তা জানতে চেয়ে গত ১৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও কৃষি মন্ত্রণালয়, ইউএস হুইট অ্যাসোসিয়েটস এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে ঢাকা পেপার্স থেকে একটি ই-মেইল পাঠানো হয়।

মার্কিন কর্তৃপক্ষ সরাসরি ওই ই-মেইলের কোনো জবাব দেয়নি। তবে ই-মেইল পাঠানোর পর অক্টোবরের শেষ সপ্তাহে গম আমদানির প্রক্রিয়ায় পরিবর্তন দেখা যায়। তখন ‘লুইস ড্রেফাস’ নামে মার্কিন যুক্তরাষ্ট্রে নিবন্ধতি বহুজাতিক কোম্পানিকে এই প্রক্রিয়ায় যুক্ত করা হয়। তবে বাকি ২ লাখ ৬০ হাজার টন গমের কার্যাদেশ শেষ পর্যন্ত লুইস ড্রেফার্স দেয়া হয়নি, কাজটি নিয়ম ভেঙ্গে অ্যাগ্রোক্রপকে দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাণিজ্যঘাটতি কমানোর মতো কৌশলগত চুক্তিতে শুরুতেই স্বচ্ছতা নিশ্চিত করা দরকার ছিল। তা না করে একটি বিতর্কিত মধ্যস্বত্বভোগী প্রতিষ্ঠানকে একচেটিয়া সুবিধা দেওয়া হয়েছে। এতে দ্বিপক্ষীয় বাণিজ্য ভারসাম্যের মূল লক্ষ্য ব্যাহত হয়েছে। পাশাপাশি বেশি দামে গম কেনায় রাষ্ট্রীয় কোষাগারের শত শত কোটি টাকা বাড়তি খরচ হচ্ছে। এতে পুরোনো অর্থ পাচারের চক্রটিই নতুন করে সক্রিয় হওয়ার সুযোগ পাচ্ছে।

জামায়াত ও এনসিপি যা বলল

সংসদের চলতি অধিবেশনেও জিটুজির মাধ্যমে বাড়তি দামে গম আমদানি নিয়ে কোনো আলোচনা হয়নি। যুক্তরাষ্ট্রের গম ভারতীয় মালিকানাধীন কোম্পানির কাছ থেকে কেনার বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের কাছে জানতে চাওয়া হয়েছিল। তিনি জানান, বিষয়টি জেনে পরে জানাবেন। তবে তিনি আর জানান নাই।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও আমেরিকান ককাসের সদস্য এবং সংসদ সদস্য আখতার হোসেনের কাছেও বিষয়টি জানতে চাওয়া হয়। জবাবে তিনি জানান, বিষয়টি তাঁর জানা নেই। পরে জেনে মন্তব্য করবেন বলে তিনি প্রসঙ্গটি এড়িয়ে যান। তবে আখতার হোসেনও পরে আর জানান নাই।

__________________

লেখা: সম্পাদক, ঢাকা পেপার্স

[email protected]

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: