পশ্চিমা নারীবাদ ও বামপন্থার লেজুড়বৃত্তি

আনিস রায়হান
আনিস রায়হান
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ৯:৩৩পরিবর্তন করতে ক্লিক করুন
পশ্চিমা নারীবাদ ও বামপন্থার লেজুড়বৃত্তি

স্কেচ: এআই

শেয়ার করুন:

বুর্জোয়া নারীবাদের সঙ্গে আঁতাত করেছে, মিলেমিশে থেকেছে, কোনো ব্যবচ্ছেদ বা ডিমার্কেশন তো টানেইনি, আবার অন্যদিকে নিজেদের সংগঠনের অভ্যন্তরে উদ্ভূত প্রশ্নে যৌন নিপীড়নের শর্তগুলো কিভাবে উদ্ভুত হয়, পার্টিতে এসব শর্ত কিভাবে বিরাজ করে এবং এ ধরনের সংকট সমাধানে সুনির্দিষ্ট কোনো প্রতিবিধানও গড়ে তুলতে তারা ব্যর্থ হয়েছে।

 

 

এটা পরিষ্কার দেখা যায় যে, পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদের কেন্দ্র থেকে সরাসরি অর্থ ও অন্যান্য সহায়তা দিয়ে আমাদের মতো দেশগুলোতে নারীবাদী কার্যক্রমকে পুষ্ট করা হয়। এদেশে সাম্রাজ্যবাদী পুঁজিনির্ভর নারীবাদী সংস্থা/ব্যক্তির সংখ্যা নিছক কম নয়। এর বাইরে পশ্চিমাদের দান, অনুগ্রহ ও প্রকল্পনির্ভর বিভিন্ন সংস্থা ও সংগঠনই প্রভুদের সঙ্গে তাল মেলানোর স্বার্থে আমাদের সমাজে নারীবাদ প্রচার করে এবং পশ্চিমা নারীবাদী প্রচারণার পক্ষে অবস্থান নেয়। এছাড়া দলছুট বামপন্থি নেতা-কর্মী, যাদের মার্কসবাদের বোঝাপড়া ব্যক্তিস্বার্থকে অতিক্রম করতে পারে না, এদের একাংশ এক পর্যায়ে এনজিও এজেন্ডা বাস্তবায়নের প্রথম সারিতে অবস্থান নেয় এবং স্বভাবতই বুর্জোয়া নারীবাদের পক্ষে সওয়াল করাটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে।

 

মার্কসীয় নারীমুক্তি ও বুর্জোয়া নারীবাদের তফাত না বুঝতে পারায়, সংগঠনের ভেতরকার নারী কর্মীদের চিন্তা চেতনার লেজুড়বৃত্তি করে এবং বুর্জোয়া এস্টাবলিশমেন্টের দ্বারা ঘায়েল হয়ে, সুবিধাজনক অবস্থানে থাকার প্রত্যয়ে এবং কথিত গণতান্ত্রিক সংগ্রামের মিত্র আখ্যা দিয়ে বুর্জোয়াদের ও আদর্শত্যাগীদের সঙ্গে চলাফেরা-ওঠবসের অভ্যস্ততা দ্বারা চালিত হওয়ায়— বাংলাদেশে বামপন্থিরা এনজিও নারীবাদকে বিরোধিতা করেনি, এখনো করতে পারছে না। বুর্জোয়া নারীবাদের সঙ্গে আঁতাত করেছে, মিলেমিশে থেকেছে, কোনো ব্যবচ্ছেদ বা ডিমার্কেশন তো টানেইনি, আবার অন্যদিকে নিজেদের সংগঠনের অভ্যন্তরে উদ্ভূত প্রশ্নে যৌন নিপীড়নের শর্তগুলো কিভাবে উদ্ভুত হয়, পার্টিতে এসব শর্ত কিভাবে বিরাজ করে এবং এ ধরনের সংকট সমাধানে সুনির্দিষ্ট কোনো প্রতিবিধানও গড়ে তুলতে তারা ব্যর্থ হয়েছে। যে কারণে এ ধরনের সংকট সৃষ্টি হওয়ামাত্র বিষয়টিকে নারীবাদীরা তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী চিত্রিত করে এবং সেই মতামতই প্রাধান্য বিস্তার করে।

 

দেখা যায় যখনই কোনো একটি সংগঠনে নেতাকর্মীদের কয়েকজনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে, তা কিভাবে নিষ্পত্তি হবে তার কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা বামপন্থিদের হাতে নেই। এদিকে এস্টাবলিশমেন্টের প্রভাব ও সুবিধাজনক অবস্থানে থাকার প্রত্যয়ে অনেকেই এনজিও নারীবাদীদের সঙ্গে তাল মিলিয়ে চলে বিধায় এই অবস্থায় বুর্জোয়া পক্ষগুলো বামপন্থি আন্দোলন, বিশেষত কমিউনিস্ট রাজনীতির বিরুদ্ধে প্রচারণা জোরদার করার সুযোগ পায়। যাই হোক—এগুলো এক অর্থে ভালো, কারণ এই পরিস্থিতি বামপন্থিদের চোখ খুলে দিতে সহায়তা করতে পারে। এটা তারা হয়তো বুঝতে পারবে যে, পার্টিতে যৌনতা সংক্রান্ত সংকট ও অভিযোগ নিষ্পত্তির প্রতিবিধান প্রণয়ন জরুরি এবং বুর্জোয়া নারীবাদের সঙ্গে মার্কসবাদী নারীমুক্তি আন্দোলনের সুস্পষ্ট পার্থক্যরেখাও টানতে হবে।

 

বুর্জোয়া নারীবাদের মানুষবিরোধী অবস্থানগুলো হলো— ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ, নারীআধিপত্যবাদী চেতনা, ভোগবাদ, যৌন ও কসমেটিকস ইন্ডাস্ট্রিপন্থি দৃষ্টিভঙ্গি, ব্যক্তিমালিকানাবাদী অবস্থান, মাতৃত্বকে অপরাধীকরণের চেতনা, লৈঙ্গিক ঘৃণার মনোভাব এবং পুঁজিবাদী, সাম্রাজ্যবাদী ব্যবস্থার প্রত্যক্ষ দালালি। এগুলো কিভাবে এবং কতটা মার্কসবাদী সংগঠনের অভ্যন্তরে ছড়িয়েছে তা চিহ্নিত করা জরুরি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা মানদণ্ড যে সাম্রাজ্যবাদ কার পক্ষ নেয়! পুঁজিবাদী, সাম্রাজ্যবাদীরা মানুষের মধ্যে বিভাজন চাঙা রাখতে সদাচেষ্ট— এ কারণেই তারা একদিকে যেমন পুরুষতন্ত্রের পৃষ্ঠপোষকতা করে, তেমনি এর পাশাপাশি নারীবাদের পালেও হাওয়া দেয়। একইভাবে দেখবেন তারা উগ্র ধর্মীয় মৌলবাদীদের হাওয়া দেয় আবার কট্টর নাস্তিকদেরও পৃষ্ঠপোষকতা করে। সারা পৃথিবীকে সাম্রাজ্যবাদী দখলদারিতে আটকে রাখে, আবার জাতীয়তাবাদের প্রসারেও বিনিয়োগ করে। এই সর্প হইয়া দংশন করে ওঝা হইয়া ঝাড়ফুঁক করা সাম্রাজ্যবাদ যে প্রকারের নারীবাদের বিকাশ ঘটাতে চায়, তার বিরুদ্ধে অবশ্যই মুক্তিকামী মানুষদের সোচ্চার হতে হবে।

 

অর্থনৈতিক দিক থেকে পুঁজিবাদ, সাম্রাজ্যবাদের শোষণ-নিপীড়নকে বোঝা আজকের যুগে খুব কঠিন কিছু নয়। কিন্তু পুঁজিবাদীরা যে ধরনের পরিবেশবাদের পক্ষ নেয়, তারা যে ধরনের নারীবাদের কথা বলে, অধিকার ও গণতন্ত্র বলতে তারা যা বোঝায়, যৌনতার স্বাধীনতার প্রশ্ন টেনে তারা যেরকম সমকামিতার পক্ষ নেয়, তারা যে ধরনের নবায়নযোগ্য জ্বালানির কথা বলে, তারা যে ধরনের 'সাস্টেইনেবল/টেকসই' ব্যবস্থার কথা বলে তার গোমর বোঝা অত সহজ নয়। পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ মানুষের শত্রু— এই সত্যটা যদি আমরা বুঝতে পারি, তাহলে অন্তত এটুকু ধারণা করতে পারি যে, তাদের এসব আপাতদৃষ্টে 'ভালো নীতি'গুলোর পেছনেও রয়েছে সুস্পষ্ট বুর্জোয়া স্বার্থ।

 

একটা সুবিদিত উক্তি আছে যে, "জ্যামিতি শাস্ত্রের স্বতঃসিদ্ধ সত্যগুলি যদি মানুষের স্বার্থকে আঘাত করতো, তাহলে সেগুলিকে খণ্ডন করার জন্যও নিশ্চিতই প্রচেষ্টা নেয়া হতো।" আর রুশ বিপ্লবের কারিগর লেনিন বলেছিলেন, "ধর্মীয় বিবাদের দিকে জনগণের মন টানতে প্রতিক্রিয়াশীল বুর্জোয়া সর্বত্রই সচেষ্ট।" এই দুই উক্তি মিলিয়ে আমরা আঁচ করতে পারি যে, বুর্জোয়াদের ভালো ভালো নীতিগুলোর প্রকৃত উদ্দেশ্য আসলে কী হতে পারে।

 

সব যুগেই এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে লড়াইটাই হলো সমাজ পরিবর্তনের মূল চাবিকাঠি। নারীবাদকে কেন বুর্জোয়া এস্টাবলিশমেন্ট হাতিয়ার করেছে, করতে পেরেছে, তা মুক্তিকামী নারী ও পুরুষ— সকলেরই বোঝা জরুরি।

_________

*আনিস রায়হান: লেখক ও গবেষক

ইমেইল: [email protected]

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: