নারীর নাম মুছে দিয়ে ইসলাম রক্ষা হয় না

সাদিক মোহাম্মদ আলম
সাদিক মোহাম্মদ আলম
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ৯:১৬পরিবর্তন করতে ক্লিক করুন
নারীর নাম মুছে দিয়ে ইসলাম রক্ষা হয় না

ঢাকা পেপার্স গ্রাফিক্স

শেয়ার করুন:

ধর্মকে রাষ্ট্রীয় জবরদস্তির হাতিয়ার বানালে সবচেয়ে বেশি ক্ষতি হয় ধর্মেরই। যে রাষ্ট্র তার নারীর নাম জানে না, সে রাষ্ট্র তাঁকে চিকিৎসা দিতে পারে না, বিচার দিতে পারে না, নাগরিক অধিকারও দিতে পারে না। তালেবান যা করছে, তা ইসলাম নয়, ইসলামের নামে করা একটি রাজনৈতিক প্রকল্প। আর ইসলামের নামে যা ইসলাম নয়, এই কথাটা আমাদেরই সবচেয়ে জোরে বলতে হবে।

কোরআনে ব্যক্তিনামে পাওয়া যায় একটিমাত্র নারী, মারইয়াম। সেই নামেই একটি সম্পূর্ণ সূরার নামকরণ হয়েছে, সূরা মারইয়াম, আর নামটি এসেছে ত্রিশ বারের বেশি। সৃষ্টিকর্তা নিজেই একজন নারীর নাম চিরস্থায়ী করেছেন। এরপর কোন ধর্মীয় যুক্তিতে রাষ্ট্র সেই নাম মুছে দেবে?

নবীজির ঘরের নারীদের নাম আমরা প্রতিদিন ওয়াজে, দোয়ায়, ইতিহাসে উচ্চারণ করি: খাদিজা বিনতে খুওয়াইলিদ, আয়েশা, হাফসা, উম্মে সালামা, ফাতিমা। এগুলো ঐচ্ছিক সৌন্দর্য নয়, আইনের ভিত্তি। আয়েশা একাই দুই হাজারের বেশি হাদিস বর্ণনা করেছেন। ফিকহের অসংখ্য মাসআলা শুরু হয় 'আয়েশা বলেন' দিয়ে। উত্তরাধিকারের অংশ, কাবিননামা, সন্তানের বংশপরিচয়, সাক্ষীর নির্ভরযোগ্যতা, সবকিছুতেই নির্দিষ্ট নারীর নাম দরকার। নামহীন নারীকে ইসলামি আইন চিনতে পারে না, ফলে তাঁকে আইনি দায়িত্বও দিতে পারে না।

কাবুলে মানবিক সহায়তা সংস্থার খাদ্য রেশন নিতে অপেক্ষমাণ নারীদের পাহারা দিচ্ছেন তালেবানের এক যোদ্ধা ২৩ মে, ২০২৩)। ছবি: ইব্রাহিম নুরুজি/এপি

আর 'ছাগল' বা 'গরু' ডাকার ব্যাপারে কোরআনের অবস্থান স্পষ্ট। সূরা হুজুরাতের এগারো নম্বর আয়াতে বিদ্রূপ করা আর মন্দ উপনামে ডাকা, দুটোই নিষিদ্ধ। সূরা মুজাদালা শুরু হয় একজন নারীর অভিযোগ শুনে। আর সেই অভিযোগ চিরকালের জন্য নথিবদ্ধ হয়েছে। যে ধর্ম নারীর কণ্ঠস্বর সংরক্ষণ করে, সে ধর্মের নামে নারীর নাম মুছে দেওয়া চলে না। সূরা মুমতাহিনার বারো নম্বর আয়াতে নবী সরাসরি নারীদের কাছ থেকে বাইয়াত নেন, তাঁরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে সামনে এসেছেন, আর ইতিহাস সেই নারীদের নাম ধরে ধরে মনে রেখেছে। ইসলামের প্রথম শহীদ একজন নারী, সুমাইয়া বিনতে খাইয়াত। যুদ্ধের ময়দানে সন্তানসহ লড়াই করা নুসাইবা বিনতে কাব; তাঁরা কেউ নামহীন নন। আমরা তাঁদের ওমুকের মা, কিংবা অমুকের স্ত্রী, কিংবা গরু বা ছাগল নামে চিনি না, বরং তাঁরা প্রত্যেকেই পরিবারের দেওয়া নামেই দেড় হাজার বছর পরেও স্ব-মহিমায় উজ্জ্বল।

পুরোনো রীতির নতুন ব্যবস্থা

আফগান সমাজে নারীর নাম গোপন রাখার রীতি পুরোনো। কবরে মেয়ের নাম লেখা হয় না, বিয়ের দাওয়াত কার্ডেও অনেকে মায়ের নাম লেখেন না। এই রীতি তালেবান বানায়নি। কিন্তু রীতি নিয়ে তর্ক করা যায়, রাষ্ট্রীয় নির্দেশ নিয়ে যায় না। ২০২০ সালে আফগান রাষ্ট্র নিজেই প্রমাণ দিয়েছিল, রীতি বদলানো সম্ভব। তালেবান পুরোনো লজ্জাকে রাষ্ট্রের হাতে তুলে দিয়ে তাকে প্রায় অপরিবর্তনীয় করে ফেলছে।

আর এই নির্দেশটি একা আসেনি। মেয়েদের স্কুল বন্ধ, বিশ্ববিদ্যালয় বন্ধ, চাকরির অধিকাংশ পথ বন্ধ, মাহরাম ছাড়া ভ্রমণ বন্ধ, পুরুষ চিকিৎসকের হাতে নারী রোগীর চিকিৎসা বন্ধ, নারীর চিকিৎসা-শিক্ষা বন্ধ। এর কোনোটিই একা একজন নারীর নাগরিকত্ব কেড়ে নেয় না, কিন্তু সবগুলো মিলে কেড়ে নেয়। নাম মুছে দেওয়াটা সেই ভবনের শেষ ইট। 'বিবি' শব্দটা অবমাননাকর নয়, আমরা খাদিজাকে বলি বিবি খাদিজা। কিন্তু যখন বিবি শব্দের সাথে ছাগল, গরু ইত্যাদি প্রাণীর নাম নামকরণ উচ্চারিত হয়, তখন তা আর সম্মানজনক হয় না।

আধুনিক রাষ্ট্র নাম ছাড়া চলে না

তাজকিরা ছাড়া আফগানিস্তানে কোনো কাজ চলে না, আর সেই তাজকিরায় নারীর নিজের নাম লেখা থাকে। হাসপাতালে ভর্তি, ব্যাংক হিসাব, মানবিক সহায়তার নগদ বিতরণ, জন্মনিবন্ধন, উত্তরাধিকারের দাবি, পাসপোর্ট, সবখানে নির্দিষ্ট নাম লাগে। চল্লিশ জন নারীর ফাইলে একই শব্দ লেখা থাকলে ভুল হওয়াটাই স্বাভাবিক, আর সেই ভুলের দাম দিতে হয় রোগীকে।

ভাবুন একটি বাস্তব ঘটনা। স্বামী মারা গেছেন, স্ত্রীকে জমির উত্তরাধিকার দাবি করতে হবে আদালতে। কাগজে তাঁর নিজের নাম নেই, আছেন কেবল 'বিবি' হিসেবে। অথবা মানবিক সহায়তার নগদ বিতরণের তালিকায় একজন নারীর নাম লেখা যায় না, ফলে তিনিও বাদ পড়েন। এই দুই ক্ষেত্রেই সমস্যাটা কাগজের নয়, বেঁচে থাকার। আন্তর্জাতিক আইনে এই ব্যবস্থাকে লিঙ্গভিত্তিক বর্ণবাদ বলে চিহ্নিত করার দাবি যে জোরালো হচ্ছে, তার কারণ এটাই।

বাংলাদেশে নারীর নাম এনআইডি, পাসপোর্ট, ব্যাংক হিসাব, কাবিননামা—সবখানেই লেখা থাকে। তবু আমাদের ঘরেও মাকে ডাকা হয় 'অমুকের মা' বলে। আমরা মায়ের নাম ভুলে তাঁর পরিচয় তৈরি করে ফেলি অন্য কারো পরিচয়র, আফগানিস্তানে নারীদের বিনামকরণ রাষ্ট্রীয় স্বীকৃতি পেল। নারীদের নাম হরণ করার মধ্য দিয়ে তাঁদের স্বতন্ত্র পরিচয়ও হরণ করল আফগান সরকার। তালেবানের নির্দেশ দেখিয়ে দিল, এই অভ্যাস রাষ্ট্রীয় ক্ষমতার পৃষ্ঠপোষকতা পেলে কোথায় গিয়ে দাঁড়ায়। আর মুসলিম বিশ্বের বড় সংগঠন ও আলেম প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে যে জোরালো অবস্থান দরকার ছিল, তা আসেনি। নীরবতাকে উম্মাহর ঐক্য বলে চালিয়ে দেওয়া যায় না, কারণ উম্মাহর অর্ধেকাংশ নারী।

ধর্মকে রাষ্ট্রীয় জবরদস্তির হাতিয়ার বানালে সবচেয়ে বেশি ক্ষতি হয় ধর্মেরই। যে রাষ্ট্র তার নারীর নাম জানে না, সে রাষ্ট্র তাঁকে চিকিৎসা দিতে পারে না, বিচার দিতে পারে না, নাগরিক অধিকারও দিতে পারে না। তালেবান যা করছে তা ইসলাম নয়, ইসলামের নামে করা একটি রাজনৈতিক প্রকল্প। আর ইসলামের নামে যা ইসলাম নয়, এই কথাটা আমাদেরই সবচেয়ে জোরে বলতে হবে। এটা ধর্মবিরোধী দাবি নয়, বরং ধর্মের নিজের দাবি, আর এই দাবি জানাতে আমাদের কারও অনুমতির দরকার নেই।


__________________________________

লেখক: প্রতিষ্ঠাতা, দি ইনস্টিটিউট ফর কুরআনিক রিসার্চ এন্ড এপ্লিকেশন

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: