অভিবাসীদের অভিজ্ঞতা কতটা কাজে লাগাবে বাংলাদেশ

প্রতীকী ছবি/ঢাকা পেপার্স
বাংলাদেশের অভিবাসন ব্যবস্থায় দক্ষতা উন্নয়ন, তথ্যপ্রাপ্তি, নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা, বিদেশে শ্রমিকের অধিকার সুরক্ষা এবং দেশে ফেরার পর পুনর্বাসনে কার্যকর সমন্বয়ের অভাব রয়েছে। অভিবাসনের প্রতিটি ধাপে সমন্বিত উদ্যোগ না থাকলে প্রবাসীদের অভিজ্ঞতা ও শ্রম দেশের অর্থনীতিতে পূর্ণাঙ্গভাবে কাজে লাগানো সম্ভব নয়।
প্রতি বছর লাখ লাখ মানুষ বিদেশে পাড়ি জমান। জাতীয় অর্থনীতিতে এর গুরুত্ব অপরিসীম। অভিবাসন কেবল মানুষ পাঠানো নয়; এটি মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান, আন্তর্জাতিক দক্ষতা অর্জন, সামাজিক মর্যাদা এবং দেশের অর্থনীতির সঙ্গে যুক্ত। এই বিরাট সম্ভাবনা নানাবিধ চ্যালেঞ্জের মুখোমুখি। পরিস্থিতি মোকাবিলায় কেবল বিচ্ছিন্ন পদক্ষেপ নয়, বরং প্রয়োজন অভিবাসনের সবগুলো ধাপকে একটি সমন্বিত উদ্যোগের মাধ্যমে সমাধানের পথ খোঁজা। বিদেশ যাওয়ার প্রথম পদক্ষেপ থেকে ফিরে আসার পর পরিবার ও সমাজে পুনঃএকত্রীকরণ পর্যন্ত এই প্রক্রিয়া বিস্তৃত। অভিবাসনের সঙ্গে যুক্ত প্রত্যেকটি অফিস, সংস্থা এবং মন্ত্রণালয় একসঙ্গে কাজ না করলে সমন্বিত অভিবাসন বাস্তবায়ন মোটেও সম্ভব হবে না।
সমন্বিত অভিবাসন হচ্ছে বিদেশ গমনের প্রাক্-প্রস্তুতি, লাভ-ক্ষতির হিসাব করা, দক্ষতা গড়ে তুলতে কর্মীর জন্য সহায়ক পরিবেশ তৈরি করা, নিরাপদ, নিয়মিত ও সুশৃঙ্খল অভিবাসনযাত্রা নিশ্চিত করা, প্রবাসে অবস্থানকালে কর্মীর অধিকার রক্ষার জন্য সরকারি উদ্যোগ গ্রহণ করা এবং দেশে ফেরার পর তাদের সঠিকভাবে পুনঃএকত্রীকরণের (Reintegration) ব্যবস্থা নিশ্চিত করা। এসব যদি বিচ্ছিন্নভাবে পরিচালিত হয়, তাহলে অভিবাসীরা প্রতারণা, অতিরিক্ত অভিবাসন ব্যয়, মানবপাচার, কর্মক্ষেত্রে শোষণ এবং পুনঃএকত্রীকরণে নানা সমস্যার মুখে পড়বেন। অন্যদিকে, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের (জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, প্রবাসী কল্যাণ ডেস্ক, প্রবাসী কল্যাণ সেন্টার, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মানবপাচার প্রতিরোধ কমিটি, জেলা ও উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি, অভিবাসন নিয়ে কাজ করা বিভিন্ন এনজিও এবং আন্তর্জাতিক সংস্থা) মধ্যে কার্যকর সমন্বয় থাকলে অভিবাসন প্রক্রিয়াকে আরও নিরাপদ, নিয়মিত, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ করা সম্ভব।
সমন্বয়হীনতাটা কোথায়?
একজন অভিবাসীর ওপর যদি গড়ে চারজন মানুষ নির্ভরশীল হন, তাহলে প্রায় পাঁচ কোটি মানুষের রুটি-রুজির ব্যবস্থা হচ্ছে প্রবাসীদের দ্বারা। দেশের প্রায় চার ভাগের এক ভাগ মানুষ প্রবাসীদের আয়ের ওপর নির্ভর করে। শুধুমাত্র ২০২৫ সালে বাংলাদেশ থেকে প্রায় ১১ লাখ ৩২ হাজার কর্মী বিদেশ গমন করেছেন এবং ওই বছরেই রেমিট্যান্স এসেছে প্রায় ৩২.৮৭ বিলিয়ন ডলার! অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত, নিরাপদ, সুশৃঙ্খল এবং দক্ষতাসম্পন্ন অভিবাসন নিশ্চিত করতে পারলে রেমিট্যান্স প্রবাহ দ্বিগুণ হওয়া সম্ভব। পুরো অভিবাসনের ধাপগুলো লক্ষ্য করলে আমরা যে সমন্বয়হীনতা দেখতে পাই—
১
অদক্ষ, আধা-দক্ষ শ্রমিক— ২০২৫ সালে ১১ লাখ ৩২ হাজার অভিবাসিত কর্মীর মধ্যে অদক্ষ কর্মী ৪৩.৪৭%, আধা-দক্ষ কর্মী ৩৪.৪৬%, দক্ষ কর্মী ১৯.১৩% এবং পেশাজীবী ২.৯৪%। অর্থাৎ মোট অভিবাসীর প্রায় ৭৭.৯৩% কর্মীই অদক্ষ ও আধা-দক্ষ শ্রেণির আওতায় ছিলেন। দক্ষ ও অদক্ষ শ্রমিক রপ্তানির একটি তুলনামূলক চিত্র আমরা দেখতে পাই সৌদি আরব এবং যুক্তরাজ্যে অবস্থানরত শ্রমিকের আয়ের পার্থক্যে। সরকারি-বেসরকারি হিসাবমতে, সৌদি আরবে প্রবাসী থাকেন প্রায় ৩২ লাখ। গত অর্থবছরে সৌদি আরব থেকে রেমিট্যান্স এসেছে ৫২৭৯.৭১ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রত্যেক অভিবাসী গড়ে বার্ষিক রেমিট্যান্স পাঠিয়েছেন ১৬৪৯.৯১ ডলার। অপরদিকে, যুক্তরাজ্যে অবস্থানরত আট লাখ অভিবাসী পাঠিয়েছেন ৪৬৮৫.৫০ মিলিয়ন ডলার। অর্থাৎ প্রত্যেক অভিবাসী গড়ে বার্ষিক রেমিট্যান্স পাঠিয়েছেন ৫৮৫৬.৯১ ডলার! সৌদি আরবের তুলনায় যুক্তরাজ্যে রেমিট্যান্স পাঠানোর হার ৩.৫৫ গুণ বেশি। এখানে উপার্জনের মূল পার্থক্য শ্রমিকের দক্ষতা ও অদক্ষতার ওপর। দেশে শত শত সরকারি ও বেসরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে, কিন্তু মানসম্মত (বিদেশিদের চাহিদা অনুযায়ী) প্রশিক্ষণের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। সিপিডির গবেষণায় দেখা যাচ্ছে, মাত্র ৯.৬ শতাংশ কর্মী সরকারি টিটিসি থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন, বেসরকারি/অন্যান্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে ১৭.৪ শতাংশ। শুধু কারিগরি প্রশিক্ষণ নিলেই হবে না, সঙ্গে ভাষা, গন্তব্য দেশের সংস্কৃতি, খাদ্যাভ্যাস ইত্যাদিও একই প্যাকেজে না হলে পুরো প্রক্রিয়া অসম্পূর্ণ থেকে যায়।
২
সঠিক তথ্যের সরবরাহ এবং সম্ভাব্য অভিবাসনপ্রত্যাশীদের ব্যাপক সচেতনতার মাধ্যমে মধ্যস্বত্বভোগী বা দালালদের ওপর নির্ভরতা কমিয়ে সরকারি ডিজিটাল তথ্যকেন্দ্র ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে ভিসা, খরচ ও কাজের শতভাগ নির্ভুল তথ্য পৌঁছে দেওয়ার সরকারি যে লক্ষ্যমাত্রা ছিল, সেটি এখন অকার্যকর অবস্থায় আছে। নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং মানবপাচার ও মানব চোরাচালান প্রতিরোধে ইউনিয়নগুলোতে মানবপাচার প্রতিরোধ কমিটি আছে, কিন্তু সেগুলোর কোনোটিই সক্রিয় নয়। ইউনিয়ন পর্যায়ে মানবপাচার প্রতিরোধ কমিটিগুলো কার্যকরভাবে দায়িত্ব পালন করলে মানবপাচার ও অনিয়মিত অভিবাসনের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। ২০২৫ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত শুধু ইতালিতে সমুদ্রপথে অবৈধভাবে প্রবেশ করেছেন ১৫ হাজার ৪৭৬ জন বাংলাদেশি। পৃথিবীর আর কোনো দেশ থেকে এত মানুষ অবৈধভাবে ইতালিতে প্রবেশ করেননি। এই সময় শত শত মানুষ সমুদ্রে মারা গেছেন, শত শত মানুষ লিবিয়ার কুখ্যাত গাম্বুদা জেলে বন্দি আছেন। এই অনুপ্রবেশের কারণে ইউরোপের শ্রমবাজার আমাদের জন্য জটিল হয়েছে।
৩
ডিমান্ড লেটার জালিয়াতি একটি গুরুত্বপূর্ণ ও জটিল সমস্যা। এর সঙ্গে কখনো ভুয়া বিদেশি নিয়োগকর্তা, কখনো অসাধু রিক্রুটিং এজেন্সি, স্থানীয় দালাল, সাব-এজেন্ট এবং আন্তঃদেশীয় প্রতারণা চক্র জড়িত থাকতে পারে। কিছু ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক যাচাইয়ের দুর্বলতাও প্রতারণার সুযোগ তৈরি করে। সাধারণত কয়েকটি পদ্ধতিতে এ ধরনের প্রতারণা হয়ে থাকে। (১) অস্তিত্বহীন কোম্পানির নামে ডিমান্ড লেটার (২) পুরোনো ডিমান্ড লেটার পুনরায় ব্যবহার (৩) ডিমান্ড লেটারের শর্ত পরিবর্তন (৪) ভুয়া ভিসা ও ডিমান্ড লেটারের সমন্বয়ে প্রতারণা (৫) প্রকৃত কোম্পানির নাম ব্যবহার করে জালিয়াতি (এখানে মালিকানা ভিন্ন নামে থাকে)। এই ডিমান্ড লেটার জালিয়াতি একটি নেটওয়ার্কের মতো কাজ করে। এর সঙ্গে জড়িত—বিদেশি ভুয়া নিয়োগকর্তা, অসাধু বিদেশি এজেন্ট, সরকারি কর্মকর্তা, অসাধু মধ্যস্বত্বভোগী, অসাধু বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি যাচাইবিহীন ডিমান্ড লেটার ব্যবহার করে কর্মী সংগ্রহ করে থাকে। বিশ্বব্যাংকের বাংলাদেশের অভিবাসন ব্যবস্থাবিষয়ক প্রাতিষ্ঠানিক মূল্যায়নে অতীতে বিদেশি নিয়োগকর্তাদের সরেজমিনে যাচাই না করা এবং ডিমান্ড লেটার যাচাইয়ের দুর্বলতার কথা উল্লেখ করা হয়েছিল। আইএলওর একটি গবেষণায় বাংলাদেশের অভিবাসন প্রক্রিয়ায় অনিবন্ধিত মধ্যস্বত্বভোগী ও সাব-এজেন্টদের ভূমিকা এবং নিয়োগকর্তার অস্তিত্ব যাচাইয়ের দুর্বলতা তুলে ধরা হয়েছে। এর ফলে এই জালিয়াতিগুলো বাড়ছে।
৪
গন্তব্য দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি জোরদার এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর সেবার মান বৃদ্ধি করার মাধ্যমে অভিবাসী কর্মীদের বেতন-ভাতা, চাকরির নিশ্চয়তা, কর্মীর অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। গন্তব্য দেশের কোম্পানিতে কতজন বাংলাদেশি শ্রমিক কাজ করছেন, তাঁরা চুক্তিপত্র অনুযায়ী বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা পাচ্ছেন কি না, তা মনিটরিং করার কোনো ব্যবস্থা নেই। বিদেশে হাজার হাজার প্রবাসী কর্মী জেলে বন্দি থাকলেও দূতাবাসগুলোর কাছে সঠিক হিসাব নেই। বন্দিদের ন্যায়বিচার নিশ্চিত করতে আইনি সুরক্ষা দিতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে দূতাবাসগুলো। এই অব্যবস্থাপনার একটি দিকের ওপর ফোকাস করলে বাকিগুলোর চিত্র বোঝা সহজ হবে—২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৪০৬০ জন প্রবাসীর লাশ দেশে ফেরত এসেছে। শুধু সৌদি আরব থেকেই ফেরত এসেছে প্রায় ২০০০ জনের লাশ। দেশের বিমানবন্দরে প্রতিদিন গড়ে প্রায় ১৪ জন প্রবাসীর লাশ আসে। কত শত লাশ বিদেশে দাফন হয়ে যাচ্ছে, তার হিসাব আমাদের কাছে নেই!
মৃত্যুর কারণগুলো সম্পর্কে কোনো যাচাই করে না দূতাবাসগুলো! ২০২৬ সালে দেশে আসা লাশের সনদ পর্যবেক্ষণ করলে দেখা যায়—স্বাভাবিক মৃত্যু ৬৬%, দুর্ঘটনাজনিত ও অন্যান্য মৃত্যু ৩৪%। অন্যান্য মৃত্যুর মধ্যে হত্যা, আত্মহত্যা, গন্তব্য দেশে মৃত্যুদণ্ড ইত্যাদি রয়েছে। বাংলাদেশ দূতাবাস একটিও তদন্ত করে দেখে না। প্রবাসী কর্মীদের মৃত্যুকে শুধু ব্যক্তিগত অসুস্থতা কিংবা দুর্ঘটনা হিসেবে দেখলে সমস্যার গভীরে যাওয়া সম্ভব নয়। এর সঙ্গে নিয়োগব্যবস্থা, কর্মপরিবেশ, শ্রমিকের অধিকার, স্বাস্থ্যসেবা, নিয়োগকর্তার জবাবদিহিতা এবং দূতাবাসের কনস্যুলার সক্ষমতা জড়িত। এই সমন্বয়হীনতা প্রবাসীদের চরম ভোগান্তির মধ্যে ফেলে।
৫
প্রবাস থেকে ফেরত আসার পর অনেক কর্মী আর্থিক ও মানসিকভাবে দিশেহারা হয়ে পড়েন। তাঁদের জন্য স্থায়ী সামাজিক বা অর্থনৈতিক পুনর্বাসন ব্যবস্থা গড়ে ওঠেনি এখনো। বাংলাদেশ থেকে যে অদক্ষ কর্মী বিদেশ যান, তাঁরা কাজ করতে করতে একসময় দক্ষ শ্রমিকে পরিণত হন, অথচ দেশে ফেরত আসার পর তাঁদের পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা বিভিন্ন সরকারি-বেসরকারি প্রকল্পে কাজে লাগানো সম্ভব। অথচ রাষ্ট্র এখনো সেই ব্যবস্থা সুচারুভাবে সম্পূর্ণ করতে পারেনি। একজন কর্মী অভিবাসিত হলে অথবা প্রত্যাবর্তন করলে ব্যাপক মনঃসামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়। তাঁদের কাউন্সেলিং তো অনেক দূরের কথা, রাষ্ট্র এখনো প্রত্যাগত অভিবাসীদের তালিকা প্রস্তুত করতে পারেনি। অর্জিত জ্ঞান, দক্ষতা ও সঞ্চয়কে কাজে লাগাতে ফেরত আসা প্রবাসীদের উদ্যোক্তা হতে সহজ শর্তে ঋণ, ঋণ পুনর্গঠন ও বিনিয়োগ পরামর্শ দেওয়া, নানা ধরনের প্রশিক্ষণের আওতায় আনা, আর্থিক প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি উদ্যোগ গ্রহণ এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক যোগাযোগ ও সমন্বয় অত্যন্ত জরুরি।
কর্মী পাঠানোর প্রাক্-প্রস্তুতি থেকে দেশে ফিরে আসা পর্যন্ত প্রতিটি ধাপ যদি একটি সমন্বিত নীতির আওতায় আসে, তবে উন্নত ও আধুনিক বাংলাদেশ নির্মাণে আমাদের শ্রমশক্তিকে সুরক্ষিত, দক্ষ ও মর্যাদাপূর্ণ করা সম্ভব।
_________________________________
লেখক: লেখক ও সংগঠক
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



