চলনবিলের জাত্যাভিমানী শামুক-কাণ্ড

প্রতীকী ছবি / ঢাকা পেপার্স গ্রাফিক্স
খাদ্যসংস্কৃতির বহু আদি উপাদানের মতো শামুকও একটি। পরিবেশগত অবদান থেকে শুরু করে গ্রামীণ জনপদে শামুকের বহু লোকায়ত ব্যবহার আছে। আদিবাসীরা প্রথাগত নিয়ম ও লোকায়ত বিজ্ঞানের মাধ্যমে শামুকসহ প্রাকৃতিক বুনো উপাদান সংগ্রহ করেন, যার অন্যতম ভিত্তি হলো সংরক্ষণবিধি। এসব আজ জাতিসংঘ থেকে বিদ্যায়তন সর্বত্র স্বীকৃত।
চলতি বছরের কার্তিকের শেষে এক কাণ্ড ঘটেছে চলনবিলে, দেশের বৃহত্তম জলাভূমি এলাকায়। কার্তিক-অগ্রহায়ণে বিল-জলা শুকিয়ে এলে বহু আদিবাসী বিল-জলা থেকে শামুক, মাছ, কাঁকড়া, কুচিয়া এবং জঙ্গল থেকে বুনো আলু সংগ্রহ করেন। কিন্তু বরেন্দ্রসহ বৃহত্তর উত্তরাঞ্চলের জলাভূমিগুলোর করুণ খতিয়ান আমাদের সামনে কী হাজির করে? জলাধারগুলো ক্রমাগত খুন ও দখল হয়েছে। নিখোঁজ হয়েছে জলজ প্রাণবৈচিত্র্য। জলাভূমিতে আদিবাসী ও গ্রামীণ নিম্নবর্গের প্রবেশাধিকারও রুদ্ধ হয়েছে। উত্তরাঞ্চল ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বহু সাঁওতাল, মুন্ডা, ওঁরাও, মান্দিদের দেখা যায় নিজেদের গ্রাম ও এলাকা ছেড়ে বহুদূরের ঢাকা, সিরাজগঞ্জ, নাটোর, নরসিংদী, মুন্সীগঞ্জসহ দেশের নানা প্রান্তে কুচিয়া, মাছ বা শামুক সংগ্রহে যেতে।
খাদ্যসংকটের কারণে এক এলাকা ছেড়ে অন্য এলাকায় স্থানান্তর কোনো নতুন উদাহরণ নয়। নিয়ানডার্থাল থেকে আদি হোমো স্যাপিয়েন্স মানুষেরা এভাবেই খাবারের সন্ধানে এলাকার পর এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। দিনাজপুর ও জয়পুরহাট থেকে আদিবাসীরা গিয়েছিলেন নাটোরের চলনবিলের সিংড়ার সাতপুকুরিয়া এলাকায়। খাওয়ার জন্য শামুক সংগ্রহ করতে গিয়ে প্রশাসন তাদের আটক করে। ২০২৬ সালের ৪ নভেম্বর চলনবিলে এই শামুক-কাণ্ড ঘটে। তাড়াশ-বারুহাস সড়কে সিংড়া প্রশাসন অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন টন শামুক উদ্ধার করে বিলে অবমুক্ত করে বলে গণমাধ্যম জানায়। এ ঘটনায় দিনাজপুরের শুকচান ওঁরাও এবং শাহজাহান, জয়পুরহাটের স্বপন এক্কাকে তিন থেকে সাত দিন কারাদণ্ড এবং একজন নসিমন চালককে পাঁচ হাজার টাকা জরিমানা করে প্রশাসন। অভিযানটির নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)।
ঘটনার প্রতিবাদে উত্তপ্ত হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম। ৮ নভেম্বর জাতীয় আদিবাসী পরিষদ নাটোরে এবং ১২ নভেম্বর নওগাঁর ধামইরহাটে এ ঘটনার প্রতিবাদ ও বিচার চেয়ে পদযাত্রা করেন আদিবাসী নারী-পুরুষেরা। ‘শামুক আদিবাসীদের খাদ্যসংস্কৃতির অংশ’ কিংবা ‘শামুক ধ্বংসের মূল কারণ বন্ধ না করে গরিব আদিবাসীদের হয়রানি বন্ধ কর’—এ ধরনের বয়ান সামনে এসেছে। চলনবিলের এই সাম্প্রতিক শামুক-কাণ্ড আমাদের কী বার্তা দেয়?
‘সংরক্ষণের’ দায়িত্ব নাকি প্রশ্নহীন ‘জাত্যাভিমান’
চলনবিলের সাম্প্রতিক শামুক-কাণ্ড কোনোভাবেই শামুকসহ বিলের প্রতিবেশ সংরক্ষণের দায়িত্বশীলতার প্রকাশ ঘটায়নি। বরং ঘটনার সামগ্রিক বিবরণ প্রশ্নহীন জাত্যাভিমানকে উসকে দিয়েছে। যদি সত্যিকার অর্থে চলনবিল এবং বিলের শামুক সংরক্ষণের প্রতি প্রশাসন দায়িত্বশীল হতো, তাহলে চলনবিলে শামুকের বাণিজ্য কারবার দশাসই হতো না। আর এসব কারবার কোনোভাবেই গোপনে করা অসম্ভব। বহু প্রমাণ আছে, চলনবিলে দীর্ঘদিন ধরে একটি শামুক সিন্ডিকেট বহাল আছে। গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে এসব খবর বহুবার প্রচারিত ও প্রকাশিত হয়েছে। ক্ষমতা ও স্থানীয় প্রশাসনের সম্পর্ক ছাড়া কোনো সিন্ডিকেটবাজি টিকে থাকে না। এছাড়া অধিপতি উন্নয়নে বিধ্বস্ত চলনবিলের প্রতি কি রাষ্ট্রীয় প্রশাসন কোনো দায় বোধ করে? শামুকের সংসার চুরমার হওয়ার সঙ্গে জড়িয়ে আছে চলনবিল এলাকার বিষনির্ভর দশাসই কৃষি ও খাদ্য উৎপাদনব্যবস্থা। শামুক বিপন্ন হওয়ার সামগ্রিক সংকটগুলো দূর না করে আদিবাসীদের হঠাৎ দণ্ডপ্রদান কোনোভাবেই চলনবিলে শামুকের নিরাপত্তা নিশ্চিত করবে না।
ইউটিউবে দেদার ব্যবসায়ীরা বিজ্ঞাপন দিয়ে শামুক বিক্রি করছেন। সেখানে তাদের মোবাইল নম্বর ও ঠিকানা দেওয়া আছে। প্রশাসন কি কখনো এসব দেখেননি? কী বিপদ! ‘এনি বিডি’ নামের একটি ইউটিউব চ্যানেলে ‘হাঁসের পুষ্টিকর খাবার চলনবিলের শামুক কোথায় পাবেন?’ ভিডিওটি ১৮ হাজারের বেশি ভিউ হয়েছে। বিজ্ঞাপনে বলা হয়েছে, ঢিডের পরিবর্তে শামুক, বস্তাপ্রতি ২ হাজার ৪০০ টাকা বাঁচান। ‘এটদ্যরেটকৃষিখামার’ নামের আরেক ইউটিউব চ্যানেলে ‘অদ্ভুত শামুকের হাট’ ভিডিওটি ৪৮ হাজার বার ভিউ হয়েছে। প্রশাসন কেন এসব শামুক-কারবারিদের দণ্ড ও বিচার করার সাহস পান না? চলনবিলের ঘটনায় ‘শামুক খুঁড়তে গিয়ে হাঙর’ আবিষ্কার কী হবে?
এ বিষয়ে ২০২১ সালে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত সম্পাদকীয়টি দেখা যাক। ২ নভেম্বর প্রকাশিত সেই সম্পাদকীয় লিখছে, ‘... জীববৈচিত্র্য রক্ষায় দেশে আইন থাকলেও প্রয়োগ হয় না বললেই চলে। চলনবিলে নির্বিচার শামুক নিধনের ঘটনায় তেমন চিত্রই আমরা দেখছি। শ্রমজীবী মানুষের জীবিকাকে লক্ষ্য করে স্থানীয় কিছু প্রভাবশালী শামুক আহরণকে জমজমাট ব্যবসায় পরিণত করেছে। প্রতিদিন ১৫-২০টি ট্রাকে করে শামুক যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। খামারের হাঁস ও মাছের খাদ্য ছাড়াও চুন তৈরিতে ব্যবহৃত হয়ে আসছে শামুক। শামুক সংগ্রহে জেল-জরিমানার বিধান থাকলেও আইন প্রয়োগ হয় বললেই চলে না। সে সুযোগে চলনবিল এলাকায় শামুক নিয়ে এ রমরমা বাণিজ্য চলছে।’
চলনবিলে বাণিজ্যিক শামুক আহরণ নিয়ে বেশ কিছু গণমাধ্যমের সংবাদ চোখে পড়ে। অনলাইন পোর্টাল ঢাকা পোস্টে ২৩/৯/২৫ তারিখে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাকড়শানের ২০-২৫টি শামুক আড়ত চলনবিল থেকে রাতভর জাল দিয়ে শামুক সংগ্রহ করে। নাটোরের সিংড়া ও গুরুদাসপুর এবং সিরাজগঞ্জের তাড়াশ অংশ থেকে এসব শামুক আহরণ করা হয়। প্রতিটি আড়তে প্রতিদিন প্রায় দুই টন শামুক কেনাবেচা হয়। ঢাকা পোস্টেরই (১/১০/২৫) আরেক প্রতিবেদন জানায়, মাকড়শানের অস্থায়ী শামুক আড়তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আটজন ব্যবসায়ীর প্রত্যেককে দুই হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। শামুকবোঝাই নয়টি নৌকা জব্দ করে শামুকগুলো বিলে অবমুক্ত করা হয়। সেই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট। নাটোরভিউ২৪ অনলাইন পোর্টালে ২৪/৯/২৫ প্রকাশিত আরেকটি খবরে দেখা যায়, নাটোরের সিংড়া উপজেলা প্রশাসন নিঙ্গইন ও তেলিগ্রামে অভিযান চালিয়ে মজুত করে রাখা শত বস্তা শামুক জব্দ করে এবং পরে বিলের পানিতে অবমুক্ত করে। প্রতিবেদনটি জানায়, অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। চলনবিলের শামুক বাণিজ্য নিয়ে এসব প্রতিবেদন স্পষ্ট বার্তা দেয়, বিল কিংবা শামুক—কোনো কিছু সুরক্ষাতেই রাষ্ট্রীয় মনোযোগ নেই, শুধুমাত্র মৌসুমভিত্তিক কিছু ভ্রাম্যমাণ আদালতের কর্মসূচি ছাড়া।
চলনবিলের সাম্প্রতিক শামুক-কাণ্ডে প্রশাসন কেন দণ্ড দিতে ‘অতি-তৎপর’ হতে পারলেন? কারণ গরিব আদিবাসীরা তাদের শামুক ফেলে পালিয়ে যাননি, এমনকি তারা শামুকের ব্যবসাও করেন না। তারা নিজেদের সংগ্রহ এবং বিল সুরক্ষায় নিজেদের অবদানের প্রতি আত্মবিশ্বাসী ছিলেন। কারোর খাবারের থালা কেড়ে নিয়ে রাষ্ট্র হাতকড়া পরাতে পারে, এটি তাদের জানা ছিল না। প্রশাসন আদিবাসীদের সঙ্গে অন্যায় জাত্যাভিমানী বাহাদুরি করেছেন। দণ্ড ও জরিমানা দিয়ে তারা বিল ও শামুক রক্ষায় নিজেদের দায়িত্বশীলতাকে ‘ভাইরাল’ করতে চেয়েছেন। যদি দেশজুড়ে এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ না হতো, তবে প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা হয়তো এই জাত্যাভিমান ও বর্ণবাদ আবার অন্য কোনো আদিবাসী ও গ্রামীণ নিম্নবর্গের ওপর জারি করতেন।
সিলেটের হরিপুরে বিজ্ঞাপন দিয়ে হোটেলগুলোতে পরিযায়ী পাখিদের লাশ রান্না হয়। রাষ্ট্র এখনো তা বন্ধ করতে পারেনি। করোনা মহামারির সময় চলনবিলের গ্রামে ঘূর্ণিঝড়ে আহত ২০০ শামুকখোল পাখি জবাই করা হয়েছিল। প্রশাসন পাখিহত্যা বন্ধ করতে পারেনি।
চলনবিলের শামুক-কাণ্ড কেবল বিচার, দণ্ড, জরিমানা, খাদ্যসংস্কৃতি কিংবা প্রকৃতি সংরক্ষণের আয়নায় দেখা যাচ্ছে না; এর সঙ্গে জড়িয়ে আছে আদিবাসী জনগণের প্রতি রাষ্ট্রীয় অবহেলার কলোনিয়াল লিগ্যাসি এবং প্রশ্নহীন জাত্যাভিমান।
শামুক সংগ্রহের বিচার ও দণ্ড কোন আইনে?
ধরে নিচ্ছি চলনবিলের সাম্প্রতিক শামুক-কাণ্ডের বিচার ও দণ্ড হয়েছে ‘বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০২৬’ অনুযায়ী। কিন্তু সিংড়া উপজেলা প্রশাসন কি আইনটি পড়েছেন? আইনের ১৮.৫ এবং ৩৬ নম্বর ধারা কি তারা আড়াল করতে চাইলেন? এভাবে কি রাষ্ট্রীয় আইনের ধারা লঙ্ঘন হলো? এর আগেও যেভাবে বড়লেখা উপজেলা প্রশাসন ধারা লঙ্ঘন করে ‘গরু মেরে জুতা দান’ করেছিলেন। কী আছে আইনের ১৮.৫ ধারায়? উল্লিখিত ধারাটি বলছে, ‘...কোনো বনভূমি বা জলাভূমি বা জলাধার বা সামুদ্রিক বা কোনো নির্দিষ্ট এলাকাকে অভয়ারণ্য বা জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হইলে উক্ত এলাকায় বসবাসরত জনগোষ্ঠী, যেমন—বনজীবী, বননির্ভর জনগোষ্ঠী, জেলে, নৌকাচালকদের পেশাগত, প্রথাগত বা জীবনজীবিকার অধিকার সংরক্ষণের প্রয়োজনে ক্ষতিপূরণের ব্যবস্থা রাখিতে হইবে।’
উক্ত আইনে শিকার নিষিদ্ধ এবং শিকারকৃত বন্যপ্রাণীর মৃতদেহ বা দেহের অংশ, যা আইনের ভাষায় ‘ট্রফি’, তা রাখা আইনত দণ্ডনীয়। মানে, আইনের তফসিলে অন্তর্ভুক্ত বাঘ, হরিণ, ধনেশ, শামুকসহ বন্যপ্রাণীর ট্রফি কারো কাছে পাওয়া গেলে রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা জব্দ করতে পারে এবং যাদের কাছে ট্রফি পাওয়া যাবে, তাদের আইন ও বিচারের আওতায় আনতে পারবে। কিন্তু উক্ত আইনের মাধ্যমে শামুক ধরার জন্য এবং শামুকের ট্রফি পাওয়ার জন্য আদিবাসীদের কী দণ্ড দেওয়া যায়?
আইনটি বলছে, দণ্ড দেওয়া যায় না। কারণ, আইনের ৩৬ ধারায় উল্লেখ আছে, ‘...তবে শর্ত থাকে যে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রথাগত ঐতিহ্য বা দৈনন্দিন জীবনধারণের অংশ হিসেবে এই আইন প্রণয়ণের পূর্বে সংগৃহীত ও ব্যবহৃত বন্যপ্রাণীর ট্রফি বা স্মৃতিচিহ্নের ক্ষেত্রে এই উপধারার বিধান প্রযোজ্য হইবে না।’ এ আইন বহুদিন ধরেই দেশে প্রচলিত। কারণ, আইনটি প্রথম হয়েছিল ২০১২ সালে। ‘বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২’-এর ৩২ নম্বর ধারাতে উল্লিখিত শর্তটি যুক্ত হয়েছিল প্রথম।
উত্তরাঞ্চলের সাঁওতালদের ভাষায় গোংহা হলো বড় গোল শামুক এবং ছোট গুগলি শামুক হলো রোকচ, যদিও সাদরি ভাষায় শামুক মানে ঘুংগি। চলনবিল থেকে মূলত এসব শামুকই সংগ্রহ করা হয়। বন্যপ্রাণী আইনে এই শামুক প্রজাতিগুলো সংগ্রহ করা অপরাধ নয়। কারণ, আইনটির তফসিলে ছাতা, ডোরাকাটা, সানকি, নীল, চান, ছোট শামুক, গোল আংটি, গাজর, ব্যাংগারু, লম্বা, ফোঁটা শামুক আহরণ নিষিদ্ধ করা হয়েছে।
মাধবকুন্ডের শজারু-কাণ্ড
সিংড়ার শামুক-কাণ্ডের মতো মাধবকুন্ডেও এমন একটি শজারু-কাণ্ড ঘটিয়েছিল বড়লেখা প্রশাসন। ২০২০ সালে এই ঘটনা নিয়ে লিখেছিলাম ‘মাধবকুন্ডের নিদারুণ শজারু-কাণ্ড’। মৌলভীবাজারের বড়লেখার সদর ইউনিয়নের কেছরিগুল গ্রাম থেকে নয়জন আদিবাসী সোহরাই পরবের রাতে শিকারকৃত্যে গিয়েছিলেন মাধবকুন্ড ইকোপার্ক এলাকায়। সাঁওতালদের নিয়ম হলো, সহরাই পরবের সময় বন থেকে অনুমতি ও প্রথাগত নিয়ম মেনে শিকার করা। বন বিভাগ তাদের আটক করে। তাদের কাছে একটি শজারু পাওয়া যায়। রাতেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জগ সাঁওতাল ও সুবল ভূমিজকে এক মাসের বিনাশ্রম দণ্ড দেন। বাকি সাতজনকে দশ হাজার করে সত্তর হাজার টাকা অর্থদণ্ড দেন। দণ্ডিত জগ সাঁওতাল ও সুবল ভূমিজের সাজার মেয়াদ ১৪ ডিসেম্বর ২০২০ তারিখে শেষ হয়। ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা দণ্ডিতদের পারিবারিক তথ্য জানার চেষ্টা করেন এবং সাজাপ্রাপ্ত দুই গৃহহীন আদিবাসী পরিবারের জন্য সরকারিভাবে ঘর নির্মাণের উদ্যোগ নেন।
শুকচান কিংবা প্রদীপরা যদি ‘ক্ষমতাবান’ হতেন?
চলনবিলের শামুক-কাণ্ডের ঘটনার মাত্র সাত মাস আগে মুন্সীগঞ্জের গজারিয়ায় সাত বস্তা পাখি-কাণ্ডের কথা মনে আছে? স্বাধীনতা দিবসের দিন গজারিয়ার মেঘনা নদীর মাথাভাঙ্গা চর এলাকা থেকে প্রায় দুই শতাধিক পাখি খুন করেন ছয়জন অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা। সাত বস্তা সেই পাখিদের ওজন ছিল প্রায় চার মণ। এলাকাবাসী তাদের আটক করলে ভ্রাম্যমাণ আদালত পাখি হত্যাকারীদের কেবল অর্থদণ্ড দিয়ে ছেড়ে দেয়। শামুক সংগ্রহের দায়ে আটককৃত আদিবাসীদের মতো তাদের জেলে নিতে পারেনি। কারণ, তারা কেবল ক্ষমতাবানই নন, তারা আদিবাসীও ছিলেন না। চলনবিলের শামুক-কাণ্ডে দণ্ডপ্রাপ্ত গরিব ও ক্ষমতাহীন দিনমজুরেরা যদি গজারিয়ার পাখিহত্যাকারীদের মতো ক্ষমতাবান হতেন, তবে সিংড়া প্রশাসনের ভূমিকা কেমন হতো? রাষ্ট্রকে অমীমাংসিত এসব বৈষম্য ও বিবাদের উত্তর দিতে হবে।
শামুক সুরক্ষার দায়িত্বশীল আওয়াজ
দুনিয়ার প্রাণবৈচিত্র্য ও বাস্তুতন্ত্রের ভাণ্ডার মূলত সুরক্ষা করেন আদিবাসী ও স্থানীয় জনগণ। বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে এর কিছু কাঠামোগত স্বীকৃতি মিলেছে ২০১২ সালে। আদিবাসী ও স্থানীয় জনগণের ঐতিহ্যগত সংরক্ষণ রীতি ও লোকায়ত ব্যবস্থাপনাকে গুরুত্ব দিয়ে ২০১২ সালে প্রণীত ‘বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন’-এ ‘পবিত্র বৃক্ষ’, ‘কুঞ্জ বন’, ‘কমিউনিটি কনজারভেশন এরিয়া’ এবং ‘স্মারক বৃক্ষের’ মতো বিষয়গুলোকে যুক্ত করা হয়েছে।
খাওয়ার জন্য শামুক সংগ্রহ করতে গিয়ে চলনবিলে আদিবাসীরা যখন নির্যাতিত, তখন ঢাকার মিরপুরে অনুষ্ঠিত হয় পঞ্চম আদিবাসী খাদ্য ও শস্য মেলা। বৈচিত্র্যময় আদিবাসী খাদ্যসম্ভারে শামুকও ছিল। প্রশাসন সেখানে কাউকে আটক করেনি বা জরিমানা ও দণ্ড দেয়নি।
খাদ্যসংস্কৃতির বহু আদি উপাদানের মতো শামুকও একটি। পরিবেশগত অবদান থেকে শুরু করে গ্রামীণ জনপদে শামুকের বহু লোকায়ত ব্যবহার আছে। আদিবাসীরা প্রথাগত নিয়ম ও লোকায়ত বিজ্ঞানের মাধ্যমে শামুকসহ প্রাকৃতিক বুনো উপাদান সংগ্রহ করেন, যার অন্যতম ভিত্তি হলো সংরক্ষণবিধি। এসব আজ জাতিসংঘ থেকে বিদ্যায়তন সর্বত্র স্বীকৃত। জাতিসংঘের আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য সনদের আর্টিকেল ৮ (জে) এবং আর্টিকেল ১০ সরাসরি আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীর লোকায়ত জ্ঞান ও অধিকার সম্পর্কিত। মাত্র কিছুদিন আগে আর্মেনিয়ার ইয়েরেভেনে অনুষ্ঠিত প্রাণবৈচিত্র্য সম্মেলন এবং তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত বৈশ্বিক জলবায়ু সম্মেলনে আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীর প্রাকৃতিক সম্পদ ও লোকায়ত জ্ঞান সুরক্ষার অঙ্গীকার করা হয়েছে। সিংড়া উপজেলা প্রশাসনসহ দেশের স্থানীয় সরকার কাঠামোকে রাষ্ট্রের অঙ্গীকার, নীতি, আইন ও নথির প্রতি সজাগ ও দায়িত্বশীল থাকতে হবে। তা না হলে প্রশাসনের মাধ্যমে ঘটে যাওয়া অন্যায় ও ভুলগুলো রাষ্ট্রের সঙ্গে নাগরিকের দূরত্ব ও ব্যবধান বাড়িয়ে তুলবে। আশা করি, চলনবিলের শামুক-কাণ্ডের ঘটনাটি ধামাচাপা না দিয়ে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
লেখক: গবেষক এবং প্রাণবৈচিত্র্য ও প্রতিবেশ বিশেষজ্ঞ
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



