প্রেশার কুকার ও ছাত্রী হোস্টেলে নারীর জীবন, বঞ্চনা ও আধিপত্যের রাজনীতি

মোনছেফা তৃপ্তি
মোনছেফা তৃপ্তি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১৪:৫২পরিবর্তন করতে ক্লিক করুন
প্রেশার কুকার ও ছাত্রী হোস্টেলে নারীর জীবন, বঞ্চনা ও আধিপত্যের রাজনীতি

ঢাকা পেপার্স গ্রাফিক্স

শেয়ার করুন:

প্রেশার কুকারের ভেতরে জমতে থাকা চাপকে অস্বীকার করে বিস্ফোরণ ঠেকানো যায় না। চাপ কমানোর জন্য প্রয়োজন নিরাপদ বহিঃপ্রকাশের পথ, প্রয়োজন সমস্যার সমাধান। সরকারি কলেজের ছাত্রী হোস্টেলগুলোর ক্ষেত্রেও এখন সেই পরিবর্তন জরুরি।

রায়হান রাফী পরিচালিত প্রেশার কুকার সিনেমাটির কথা হয়তো অনেকেরই মনে আছে। ২০২৬ সালে মুক্তি পাওয়া সিনেমাটি মূলত হাইপারলিংক থ্রিলার ক্যাটাগরির। সিনেমাটিতে নারীদের জীবনের নানা সংকট, সামাজিক ও অর্থনৈতিক চাপ, শোষণ, ক্ষমতার অসম সম্পর্ক এবং টিকে থাকার সংগ্রাম উঠে এসেছে। প্রেশার কুকারের ভেতরে যেমন ক্রমাগত তাপ ও বাষ্প জমতে থাকে, বাইরে থেকে যার তীব্রতা সবসময় বোঝা যায় না, তেমনি সমাজের নানা স্তরে নারীদের জীবনে প্রতিদিন জমতে থাকে অসংখ্য চাপ। পারিবারিক কর্তৃত্ব, অর্থনৈতিক নির্ভরশীলতা, সামাজিক বিধিনিষেধ, পুরুষতান্ত্রিক মানসিকতা ও ক্ষমতার অপব্যবহার—সব মিলিয়ে একসময় সেই চাপ অসহনীয় হয়ে ওঠে।

সম্প্রতি হোম ইকোনমিকস কলেজের ছাত্রীদের আন্দোলন এরকমই এক ধরনের প্রেশার কুকারের বহিঃপ্রকাশ। দিনের পর দিন নানা কারণে কলেজ প্রশাসনের সঙ্গে বিরোধ, অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখা এবং পরবর্তী সময়ে তাঁকে উদ্ধার করার সময় নারী শিক্ষার্থীদের ওপর পুরুষ পুলিশের আক্রমণ—এই ঘটনাগুলো পর্যবেক্ষণ করে অন্তত সেটাই বোঝা যায়।

পুরো ঘটনাটিকে বুঝতে হলে শুধু একটি কলেজের প্রশাসনিক সংকট কিংবা শিক্ষার্থীদের শৃঙ্খলাভঙ্গের ঘটনা হিসেবে দেখলে চলবে না। বরং বাংলাদেশের প্রেক্ষাপটে ছাত্রী হোস্টেলে বসবাসকারী মেয়েদের জীবন, তাঁদের সুযোগ-সুবিধা, অধিকার, স্বাধীনতা এবং প্রশাসনিক ক্ষমতার সম্পর্কের বিষয়গুলোও আলোচনায় আনা জরুরি।

কাঠামোগত উন্নয়ন আমাদের দেশে খুব জনপ্রিয়। বাইরে থেকে হোস্টেলগুলোকে মনে হয় মেয়েদের উচ্চশিক্ষার জন্য নিরাপদ আবাসনব্যবস্থা। কিন্তু ভেতরে বসবাসকারী অনেক শিক্ষার্থীর দৈনন্দিন জীবন বিবেচনা করলে দেখা যায়, সেখানে আবাসনসংকট, নিম্নমানের খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ, নিরাপত্তাহীনতা, চলাফেরায় বিধিনিষেধ, প্রশাসনিক কর্তৃত্ব এবং ব্যক্তিস্বাধীনতার সংকটে জর্জরিত। প্রতিটি সমস্যা হয়তো আলাদাভাবে ছোট মনে হতে পারে, কিন্তু প্রতিদিনের এসব অভিজ্ঞতা একত্রে শিক্ষার্থীদের জীবনে প্রচণ্ড মানসিক ও সামাজিক চাপ তৈরি করে। অনেকেই দীর্ঘমেয়াদি ট্রমার মধ্য দিয়েও যান।

১

অনেক ছাত্রী হোস্টেলে একটি ছোট কক্ষে চারটি খাট থাকে, কোথাও আবার একই খাটে দুজনকে থাকতে হয়। ছয় থেকে আটজন শিক্ষার্থীকে একটি কক্ষে থাকতে হয়—এমন অভিযোগও রয়েছে। এই পরিবেশে ব্যক্তিগত গোপনীয়তা, পড়াশোনা কিংবা বিশ্রামের সুযোগ কতটুকু থাকে? একজন শিক্ষার্থীর জন্য হোস্টেল শুধু রাত কাটানোর জায়গা নয়; এটি তাঁর পড়াশোনা, ব্যক্তিগত জীবন ও বেড়ে ওঠার জায়গা। অথচ সেখানে ন্যূনতম আবাসন সুবিধাটুকুও নিশ্চিত করা যাচ্ছে না।

হোম ইকোনমিকস কলেজের শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে খাবারের মান ও ডাইনিংয়ের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে অভিযোগ দেখা গেছে। খাবারের মধ্যে তেলাপোকা পাওয়ার অভিযোগও শিক্ষার্থীরা করেছেন। তাঁদের বক্তব্য অনুযায়ী, অভিযোগের যথাযথ সমাধান না করে ক্যানটিন বন্ধ রাখা এবং পরে একই বাবুর্চিকে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে। এসব অভিযোগের সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা প্রয়োজন। তবে প্রশ্ন হচ্ছে, শিক্ষার্থীরা যদি খাবারের মতো মৌলিক বিষয় নিয়েও বারবার অভিযোগ করতে বাধ্য হন, তাহলে সংশ্লিষ্ট প্রশাসনের জবাবদিহি কোথায়?

অনেক ছাত্রী হোস্টেলে সন্ধ্যার পর গেট বন্ধ করে দেওয়া হয়। অথচ অনেক শিক্ষার্থী টিউশনি করেন, পার্টটাইম কাজ করেন, কোচিং বা লাইব্রেরিতে যান। তাঁদের জীবন কি শুধু কলেজ আর হোস্টেলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে? নিরাপত্তার নামে নারীর চলাফেরা সীমিত করে দেওয়া সবচেয়ে সহজ কৌশল। বাইরে গেলে ডাকাত ধরবে, তাই বাড়ির ভেতর তালা লাগিয়ে থাকি আমরা!

একজন প্রাপ্তবয়স্ক নারী কখন বাইরে যাবেন, কখন ফিরবেন, বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন কি না, সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেবেন কি না—এসব সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তাঁর থাকা উচিত। নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে নারীর স্বাধীনতা কেড়ে নেওয়া মোটেও শোভনীয় নয়, বরং অন্যায়।

কিছু ছাত্রী হোস্টেলে আত্মহত্যার ঝুঁকি এড়ানোর যুক্তিতে কক্ষগুলোতে সিলিং ফ্যান লাগানো হয় না। শিক্ষার্থীদের নিজেদের টেবিল ফ্যান কিনে ব্যবহার করতে হয়। যাঁদের ফ্যান কেনার সামর্থ্য নেই, তাঁদের গরমের মধ্যে কষ্ট করে থাকতে হয়। আবার অনেক হোস্টেলের ছাদে যাওয়ার দরজায় তালা লাগিয়ে রাখা হয়, যাতে কেউ ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করতে না পারে। আত্মহত্যা প্রতিরোধ অবশ্যই জরুরি, কিন্তু ফ্যান না দেওয়া কিংবা ছাদে তালা লাগিয়ে রাখাই কি এর সমাধান? শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনযাপনের সুযোগ সীমিত না করে মানসিক স্বাস্থ্যসেবা, কাউন্সেলিং ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা কি বেশি জরুরি নয়?

একটি শিক্ষাপ্রতিষ্ঠানের হোস্টেলে থাকার পাশাপাশি পড়াশোনা, বিনোদন, শরীরচর্চা ও সাংস্কৃতিক চর্চার সুযোগ থাকা প্রয়োজন। কিন্তু অনেক হোস্টেলে পর্যাপ্ত পাঠাগার, পড়ার কক্ষ, খেলার মাঠ, খোলা জায়গা কিংবা বসার মতো পরিবেশ নেই। শিক্ষার্থীদের জন্য সুস্থ সামাজিক সম্পর্ক গড়ে তোলার জায়গাও তৈরি করা হয় না। ফলে হোস্টেল অনেক সময় শুধু ঘুমানোর জায়গায় পরিণত হয়। অথচ বিশ্ববিদ্যালয় ও কলেজজীবন শুধু ক্লাস আর পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়।

২

হোস্টেলের প্রশাসনিক কাঠামো অনেক সময় শিক্ষার্থীদের সেবার বদলে নিয়ন্ত্রণের জায়গা হয়ে ওঠে। শিক্ষার্থীদের অভিযোগ শোনা, সমস্যা সমাধান করা এবং তাঁদের সঙ্গে আলোচনা করার পরিবর্তে কর্তৃত্ব দেখানোর প্রবণতা দেখা যায়। এর সঙ্গে যুক্ত হয় রাজনৈতিক প্রভাব। কোনো কোনো শিক্ষার্থী রাজনৈতিক পরিচয় বা ক্ষমতাসীন গোষ্ঠীর সঙ্গে যোগাযোগের সুবিধা ব্যবহার করে অন্য শিক্ষার্থীদের ওপর আধিপত্য বিস্তার করেন—এমন অভিযোগও রয়েছে। ফলে সাধারণ শিক্ষার্থীরা নিজেদের আবাসস্থলেই নিরাপত্তাহীনতা ও চাপের মধ্যে থাকেন।

শিক্ষার্থীরা অনেক সময় হোস্টেলের সমস্যা নিয়ে কথা বলতে ভয় পান। কারণ, তাঁদের একাডেমিক মূল্যায়ন, ভাইভা বা পরীক্ষার ফলাফলে শিক্ষকদের ভূমিকা রয়েছে। অভিযোগ জানালে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে একাডেমিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তাঁদের মধ্যে তৈরি হতে পারে। এই ভয় যদি বাস্তবতা হয়ে দাঁড়ায়, তাহলে শিক্ষার্থীদের কথা বলার জায়গা কোথায়? শিক্ষক ও প্রশাসনের ক্ষমতা শিক্ষার্থীদের ন্যায্য দাবি দমনের জন্য নয়। একাডেমিক মূল্যায়ন হতে হবে যোগ্যতা ও মেধার ভিত্তিতে।

সরকারি কলেজের অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে পড়াশোনা করেন। তাঁদের বড় একটি অংশ নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে আসেন। পড়াশোনার খরচ চালাতে অনেকে টিউশনি করেন, পার্টটাইম কাজ করেন। এর মধ্যে বাসাভাড়া, খাবার, যাতায়াত ও শিক্ষাসামগ্রীর খরচ বাড়ছে। অথচ হোস্টেলে থেকেও যদি ন্যূনতম খাবার, স্বাস্থ্যসম্মত পরিবেশ ও আবাসন সুবিধা না পাওয়া যায়, তাহলে তাঁদের ওপর চাপ আরও বাড়ে। যাঁদের বিকল্প আবাসনের সামর্থ্য নেই, তাঁদের জন্য এই অব্যবস্থাপনা আরও বেশি অসহনীয়।

৩

হোম ইকোনমিকস কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও প্রশাসনের মধ্যে যে সংঘাত তৈরি হয়েছে, তা কোনোভাবেই কাম্য নয়। অধ্যক্ষকে আটকে রাখা কিংবা তাঁর ওপর শারীরিক আক্রমণের অভিযোগ থাকলে সেটির নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা হওয়া উচিত। একইভাবে নারী শিক্ষার্থীদের ওপর পুলিশ, বিশেষ করে পুরুষ পুলিশ সদস্যদের শারীরিক হামলা বা অযৌক্তিক বলপ্রয়োগও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন পরিস্থিতিতে শিক্ষক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব ছিল আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করা, দুই পক্ষের কথা শোনা এবং সংঘাত এড়ানোর চেষ্টা করা। শিক্ষার্থীদের প্রতিবাদকে অপরাধ হিসেবে দেখা যেমন ঠিক নয়, তেমনি সহিংসতাকেও সমর্থন করা যায় না।

প্রেশার কুকারের ভেতরে চাপ তৈরি হলে সেটি নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকতে হয়। চাপ বের হওয়ার নিরাপদ পথ বন্ধ করে দিলে বিস্ফোরণের ঝুঁকি তৈরি হয়। সামাজিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও বিষয়টি অনেকটা একই রকম। একজন শিক্ষার্থী প্রতিদিন খাবারের মান নিয়ে আপস করছেন, অপরিচ্ছন্ন টয়লেট ব্যবহার করছেন, গাদাগাদি করে থাকছেন, সন্ধ্যার পর গেট বন্ধ হওয়ার ভয়ে তাড়াহুড়ো করছেন, নিজের প্রয়োজন ও মতামত প্রকাশ করতে ভয় পাচ্ছেন। তাঁর ব্যক্তিগত জীবন, চলাফেরা এবং অবসর কাটানোর ওপরও নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে রাজনৈতিক পরিচয়ধারীদের প্রভাব, প্রশাসনিক কর্তৃত্ব এবং পরীক্ষার ফলাফল নিয়ে উদ্বেগ। এসব অভিজ্ঞতা একত্রে তাঁর মধ্যে ক্ষোভ, হতাশা ও মানসিক চাপ তৈরি করতেই পারে।

সেই প্রতিষ্ঠানের ভেতরে অসন্তোষ জমতে থাকাই স্বাভাবিক। হোম ইকোনমিকস কলেজের ঘটনা আমাদের অন্তত এই বিষয়টি স্পষ্ট করে যে দীর্ঘদিনের সমস্যাকে উপেক্ষা করে শুধু নিয়মকানুন কঠোর করলেই কোনো প্রতিষ্ঠান পরিচালনা করা যায় না।

কেমন হওয়া উচিত একটি ছাত্রী হোস্টেল?

ছাত্রী হোস্টেলগুলোকে সত্যিকার অর্থে শিক্ষার্থীবান্ধব করতে হলে প্রথমেই দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন।

প্রথমত, ধারণক্ষমতা অনুযায়ী আবাসন নিশ্চিত করতে হবে। একটি কক্ষে কতজন শিক্ষার্থী থাকবেন, তার যৌক্তিক সীমা নির্ধারণ করতে হবে। পর্যাপ্ত টয়লেট, গোসলখানা, বিশুদ্ধ পানি, পরিচ্ছন্ন রান্নাঘর এবং স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

দ্বিতীয়ত, নিরাপত্তার নামে চলাফেরার অযৌক্তিক বিধিনিষেধ বন্ধ করতে হবে। হোস্টেলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশিক্ষিত নিরাপত্তাকর্মী, পর্যাপ্ত আলো, জরুরি যোগাযোগব্যবস্থা এবং কার্যকর নজরদারির ব্যবস্থা করা যেতে পারে। শিক্ষার্থীদের বাস্তবতা বিবেচনায় গেট বন্ধের সময় নির্ধারণ করতে হবে।

তৃতীয়ত, প্রতিটি হোস্টেলে রিডিং রুম, খোলা জায়গা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিনোদনের সুযোগ তৈরি করতে হবে। মানসিক স্বাস্থ্যসেবা এবং সংকটকালীন কাউন্সেলিংয়ের ব্যবস্থাও থাকা প্রয়োজন।

চতুর্থত, শিক্ষার্থীদের প্রতিনিধিত্বে হোস্টেল ব্যবস্থাপনা কমিটি গঠন করতে হবে। খাবারের মান, মেস পরিচালনা, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও আর্থিক ব্যবস্থাপনা পর্যালোচনায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

পঞ্চমত, অভিযোগ জানানোর স্বাধীন ও কার্যকর ব্যবস্থা থাকতে হবে। কোনো শিক্ষার্থী অন্যায়ের প্রতিবাদ করলে তাকে হয়রানি, একাডেমিক বৈষম্য কিংবা আবাসিক সুবিধা হারানোর আশঙ্কায় থাকতে হবে না।

ষষ্ঠত, শিক্ষক ও প্রশাসনের একাডেমিক ক্ষমতার অপব্যবহার বন্ধে কার্যকর জবাবদিহি নিশ্চিত করতে হবে। পরীক্ষার মূল্যায়ন, ভাইভা ও ফলাফল প্রকাশে স্বচ্ছতা এবং অভিযোগ নিষ্পত্তির স্বাধীন ব্যবস্থা থাকতে হবে। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে শিক্ষার্থীদের ওপর প্রভাব বিস্তার ও হয়রানি প্রতিরোধেও প্রতিষ্ঠানকে কার্যকর ভূমিকা নিতে হবে। সবশেষে, প্রশাসনিক নিয়োগ ও দায়িত্ব বণ্টনে পেশাদারত্ব, নিরপেক্ষতা এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের স্বার্থ যেন কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের কাছে জিম্মি না হয়।

একটি মেয়ে যখন উচ্চশিক্ষার জন্য বাড়ি ছেড়ে সরকারি কলেজের হোস্টেলে আসে, তখন তার সঙ্গে থাকে অনেক স্বপ্ন। সে পড়াশোনা করতে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়, পরিবারের আর্থিক ও সামাজিক অবস্থার পরিবর্তন করতে চায়। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের পথে যদি তাকে প্রতিদিন আবাসনসংকট, নিম্নমানের খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ, নিরাপত্তাহীনতা, প্রশাসনিক কর্তৃত্ব এবং ব্যক্তিস্বাধীনতার সংকটের সঙ্গে লড়াই করতে হয়, তাহলে সেই হোস্টেল তার শিক্ষাজীবনের সহায়ক না হয়ে বাড়তি প্রতিবন্ধকতায় পরিণত হয়।

মেয়েদের জন্য হোস্টেল নির্মাণ করাই যথেষ্ট নয়। সেখানে তাদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে হবে। তাদের শুধু নিরাপদে আটকে রাখার ব্যবস্থা নয়, বরং নিরাপদে স্বাধীনভাবে বেঁচে থাকার পরিবেশ তৈরি করতে হবে। নারীর নিরাপত্তা মানে তার চলাফেরা বন্ধ করে দেওয়া নয়। নারীর কল্যাণ মানে তার হয়ে সব সিদ্ধান্ত নিয়ে নেওয়া নয়। আর প্রশাসনিক শৃঙ্খলা মানে শিক্ষার্থীদের প্রশ্ন করার অধিকার কেড়ে নেওয়া নয়।

ছাত্রী হোস্টেলগুলোতে বসবাসকারী মেয়েদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, অভিযোগ ও বঞ্চনাকে গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। কারণ, তাদের নীরবতা মানেই সন্তুষ্টি নয়। অনেক সময় সেই নীরবতার পেছনে থাকে অসহায়ত্ব, অর্থনৈতিক নির্ভরশীলতা, ভাইভায় কম নম্বর পাওয়া বা কোর্সে ফেল করা ও আবাসন হারানোর ভয় কিংবা পড়াশোনা শেষ করার তীব্র আকাঙ্ক্ষা।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কি শিক্ষার্থীদের কথা শোনার মানসিকতা তৈরি করবে, নাকি তারা কেবল শিক্ষার্থীদের কাছ থেকে আনুগত্য প্রত্যাশা করে—সিস্টেমকে এই প্রশ্নের মুখোমুখি করতে হবে। যাদেরকে ঘিরে এত আয়োজন, তারা যদি ভালো না থাকে, তাহলে পুরো সিস্টেমের ব্যবহারিক প্রয়োজনীয়তা কতটুকু, সেই আলাপও জরুরি।

প্রেশার কুকারের ভেতরে জমতে থাকা চাপকে অস্বীকার করে বিস্ফোরণ ঠেকানো যায় না। চাপ কমানোর জন্য প্রয়োজন নিরাপদ বহিঃপ্রকাশের পথ, প্রয়োজন সমস্যার সমাধান। সরকারি কলেজের ছাত্রী হোস্টেলগুলোর ক্ষেত্রেও এখন সেই পরিবর্তন জরুরি। মেয়েদের আবাসনকে নিয়ন্ত্রণের প্রতিষ্ঠান নয়, অধিকার, মর্যাদা, স্বাধীনতা ও বিকাশের জায়গা হিসেবে গড়ে তুলতে হবে।

_________________________________

লেখক: পরিবেশ ও নারী অধিকারকর্মী

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: