ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্যে জ্বালানি বাণিজ্য কতটা স্থবির?

ছবি: হোয়াইট হাউজ, এক্স
শীর্ষ তেল রপ্তানিকারক দেশ হিসেবে সৌদি আরব সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে। পরামর্শক প্রতিষ্ঠান উড ম্যাকেঞ্জির হিসাবে, দেশটি গত দুই সপ্তাহে প্রায় ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার আয় হারিয়েছে।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় গত দুই সপ্তাহে উপসাগরীয় তেল উৎপাদনকারী দেশগুলো অন্তত ১৫ দশমিক ১ বিলিয়ন ডলারের রাজস্ব হারিয়েছে।
দ্য ফিন্যান্সিয়াল টাইমস জানায়, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইরান এই নৌপথে বাণিজ্যিক জাহাজে হামলা চালালে জাহাজ চলাচল প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলারের তথ্যমতে, এই প্রণালি দিয়ে স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে ১ দশমিক ২ বিলিয়ন ডলার মূল্যের তেল ও এলএনজি পরিবহন হতো, যা এখন পুরোপুরি স্থবির।
এই বিপুল আর্থিক ক্ষতির ৭ শতাংশই অপরিশোধিত তেল। শীর্ষ তেল রপ্তানিকারক দেশ হিসেবে সৌদি আরব সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে। পরামর্শক প্রতিষ্ঠান উড ম্যাকেঞ্জির হিসাবে, দেশটি গত দুই সপ্তাহে প্রায় ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার আয় হারিয়েছে।
পরিস্থিতি সামাল দিতে রিয়াদ তাদের পূর্বাঞ্চলীয় তেলক্ষেত্র থেকে লোহিত সাগরের পাইপলাইনে সরবরাহ বাড়ানোর চেষ্টা করছে, যদিও এই বিকল্প ব্যবস্থার সক্ষমতা নিয়ে বিশ্লেষকদের সংশয় রয়েছে। তবে সৌদি আরবের হাতে বিদেশের বিভিন্ন সংরক্ষণাগারে তেল মজুত থাকায় তারা স্বল্পমেয়াদে গ্রাহকদের চাহিদা মেটাতে সক্ষম হতে পারে।
যুদ্ধের কারণে সবচেয়ে চরম ঝুঁকিতে রয়েছে ইরাক। দেশটির সরকারি আয়ের ৯০ শতাংশই আসে তেল রপ্তানি থেকে। এছাড়া কুয়েত ও কাতারও বড় ধরনের রাজস্ব হারিয়েছে।
উড ম্যাকেঞ্জির অর্থনীতি বিভাগের প্রধান পিটার মার্টিন জানান, কুয়েত ও কাতারের বিশাল সার্বভৌম সম্পদ তহবিল থাকায় তারা হয়তো সাময়িকভাবে এই ধাক্কা সামলে নিতে পারবে, কিন্তু ইরাকের মতো দেশগুলোর জন্য এটি বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে।
কেপলারের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ১০ দশমিক ৭ বিলিয়ন ডলার মূল্যের জ্বালানি পণ্যবাহী কার্গো হরমুজ প্রণালির ভেতরে আটকা পড়ে আছে।
বিশ্লেষকদের মতে, তেল উৎপাদনকারী দেশগুলোর এই আয়ের ঘাটতি শেষ পর্যন্ত সাধারণ বিশ্ববাসীর ওপরই প্রভাব ফেলবে। বিমার খরচ বৃদ্ধি এবং সরবরাহে ঘাটতির কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বাড়ছে, যার চূড়ান্ত বোঝা বইতে হবে সাধারণ গাড়িচালক ও ভোক্তাদের। কাতার এনার্জির মতো বড় প্রতিষ্ঠানগুলোও নতুন প্রকল্প ও উৎপাদন নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছে।
সামগ্রিকভাবে, সৌদি আরব, ইরাক, আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন—সব মিলিয়ে প্রায় ১৩ দশমিক ৩ বিলিয়ন ডলারের নিশ্চিত শুল্ক ও বিক্রি আয় স্থগিত হয়ে পড়েছে।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



