মধ্যপ্রাচ্য সংকটের চাপে বাংলাদেশের শ্রমবাজার

বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ১১ মে ২০২৬, ১১:৪৭পরিবর্তন করতে ক্লিক করুন
মধ্যপ্রাচ্য সংকটের চাপে বাংলাদেশের শ্রমবাজার

স্কেচ: এআই

শেয়ার করুন:

এক বছরের ব্যবধানে বিদেশে কর্মী পাঠানোর হার অর্ধেকেরও নিচে নেমে এসেছে।  

 

ইরান যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের অর্থনীতি ও শ্রমবাজারে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। এর সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের জনশক্তি রপ্তানি ও রেমিট্যান্স খাতে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র (বিএমইটি) তথ্য অনুযায়ী, গত এক বছরে বাংলাদেশ থেকে প্রতি মাসে গড়ে প্রায় ৯৫ হাজার কর্মী বিদেশে গেলেও যুদ্ধ শুরুর পর সেই সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে।

 

বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের বিদেশগামী কর্মীদের প্রায় ৮০ শতাংশই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করেন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও ওমানে সবচেয়ে বেশি বাংলাদেশি শ্রমিক রয়েছেন। কিন্তু যুদ্ধের কারণে ওই অঞ্চলে ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও নির্মাণ খাতে ধীরগতি তৈরি হওয়ায় কর্মসংস্থানের সুযোগ কমছে।

 

বিএমইটির তথ্য বলছে, ২০২৬ সালের মার্চে বিদেশে যাওয়ার ছাড়পত্র পেয়েছেন সাড়ে ৪৪ হাজারের কিছু বেশি কর্মী। অথচ ২০২৫ সালের মার্চে এই সংখ্যা ছিল এক লাখ পাঁচ হাজারের বেশি। অর্থাৎ এক বছরের ব্যবধানে বিদেশে কর্মী পাঠানোর হার অর্ধেকেরও নিচে নেমে এসেছে।

 

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশিরা বলছেন, যুদ্ধের পর কাজ কমে গেছে এবং জীবনযাত্রার ব্যয় বেড়েছে। সৌদি আরবে কর্মরত শ্রমিক হায়দার আলী জানান, অনেক প্রতিষ্ঠানে শ্রমিক ছাঁটাইয়ের আশঙ্কা তৈরি হয়েছে। কাতারপ্রবাসী নাজমুল হোসেন বলেন, নির্মাণ খাতে কাজ কমে যাওয়ায় আয় কমেছে, অথচ বাজারে নিত্যপণ্যের দাম বেড়েছে।

 

বিশেষজ্ঞরা বলছেন, সংকট দীর্ঘায়িত হলে বাংলাদেশের রেমিট্যান্স অর্থনীতিও চাপে পড়বে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় এক কোটি বাংলাদেশি কাজ করছেন, যাদের বড় অংশ মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে মোট রেমিট্যান্সের প্রায় ৪৫ শতাংশ এসেছে জিসিসিভুক্ত ছয়টি দেশ থেকে।

 

অর্থনীতিবিদ ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘বাংলাদেশের বৈদেশিক মুদ্রার বড় উৎস রেমিট্যান্স। মধ্যপ্রাচ্যের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা ঝুঁকিপূর্ণ। তাই বিকল্প শ্রমবাজার তৈরি এখন জরুরি।’

 

যদিও সাম্প্রতিক মাসগুলোতে রেমিট্যান্স প্রবাহ এখনো শক্তিশালী রয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গত এপ্রিল মাসে তিনশ’ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। তবে বিশ্লেষকদের মতে, এটি সাময়িক প্রবণতা। যুদ্ধ ও অনিশ্চয়তার কারণে অনেক প্রবাসী তাদের সঞ্চিত অর্থ দেশে পাঠাচ্ছেন।

 

ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন, ‘এখনো বড় ধাক্কা বোঝা যাচ্ছে না। কিন্তু দীর্ঘমেয়াদে কর্মসংস্থান কমে গেলে রেমিট্যান্সেও নেতিবাচক প্রভাব পড়বে।’

 

বর্তমান পরিস্থিতিতে সরকার মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প শ্রমবাজার খুঁজতে জোর দিচ্ছে। জাপান, রোমানিয়া, পর্তুগাল, সেশেলস ও রাশিয়াসহ নতুন কয়েকটি দেশে কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের দাবি, দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি প্রশিক্ষণ ও ভাষা শিক্ষার কার্যক্রমও বাড়ানো হচ্ছে।

 

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, শুধু নতুন বাজার খুঁজলেই হবে না, উন্নত দেশগুলোর চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরি করাও বড় চ্যালেঞ্জ। তা না হলে মধ্যপ্রাচ্যকেন্দ্রিক শ্রমবাজার সংকট ভবিষ্যতে বাংলাদেশের অর্থনীতির জন্য বড় ঝুঁকিতে পরিণত হতে পারে।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: