মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধি নির্ধারণের প্রহসন আর কত কাল চলবে?

ঢাকা পেপার্স গ্রাফিক্স
মালিকদের সংগঠন বিজিএমইএ প্রতি বছর নির্বাচন করে তাদের প্রতিনিধি ঠিক করে। সেই প্রতিনিধিরা সরকারের সাথে দেন দরবার করতে পারলে, মজুরি বোর্ডে প্রতিনিধিত্ব করতে পারলে; শ্রমিকেরা কেন তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবে না? এবারও সরকার মজুরি বোর্ডের সদস্য চেয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাদের চিঠি পাঠিয়েছে। এটি সেই আগের কায়দা। দেশে অনির্বাচিত বা নির্বাচিত সব সরকারই কিভাবে শ্রমিকদের সাথে প্রতারণা করে তা আমরা আবারও দেখছি।
শ্রমিক আন্দোলনের অব্যহত চাপের মুখে, শ্রমমন্ত্রী মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেয়ার পর, শ্রমিকপক্ষের প্রতিনিধি নির্ধারণের পুরানো নাটকটি আবারও মঞ্চস্থ হতে চলছে।
আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের সভায় শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘মজুরি বোর্ড গঠনের জন্য মালিকপক্ষ প্রতিনিধি দিয়েছে। শ্রমিকদের প্রতিনিধির নাম দিতে আমি শ্রমিকপক্ষকে এক সপ্তাহ সময় বেঁধে দিচ্ছি। তাঁরা আলোচনা করে শ্রমিক প্রতিনিধির নাম দেওয়ার দুই দিনের মধ্যে আমরা মজুরি বোর্ডের প্রজ্ঞাপন জারি করব। ফলে এই বিষয় নিয়ে দ্বিধা–দ্বন্দ্ব থাকার কোনো সুযোগ নেই।’
শ্রম আইন অনুযায়ী, মজুরি বোর্ডে একজন নিরপেক্ষ চেয়ারম্যান ও একজন নিরপেক্ষ সদস্য, মালিকপক্ষের প্রতিনিধিত্বকারী একজন মালিক প্রতিনিধি ও শ্রমিকপক্ষের প্রতিনিধিত্বকারী একজন শ্রমিক প্রতিনিধি থাকেন। প্রতিবারই আমরা দেখছি, মালিকপক্ষের প্রতিনিধি নির্ধারণে মালিকদের কোন বিতর্ক থাকে না। কিন্তু শ্রমিকপক্ষের প্রতিনিধি নির্ধারণ প্রতিবারই বিতর্কের জন্ম দেয়।
প্রশ্ন হলো, যিনি শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে নির্ধারিত হয়, সে কি আদৌ শ্রমিক প্রতিনিধি? অতীতেও প্রতিবারই দেখা গেছে শ্রমিক প্রতিনিধির নামে মালিকপক্ষের লোককেই শ্রমিক প্রতিনিধি হিসাবে চালিয়ে দেয়া হয়েছে। ২০০৬ সাল থেকে ২০২৩ সালের মজুরি বোর্ডে শ্রমিক স্বার্থের প্রতিনিধির পরিবর্তে সরকার বা মালিক মনোনীত লোকজনই প্রতিনিধি হয়েছে।
২০১০ সালের মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধি ছিলেন বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক-কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি। সে সময় শ্রমিকদের ৫,০০০ টাকার দাবির বিপরীতে ৩,০০০ টাকা সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয়।
২০১৩ সালে সাভারের রানা প্লাজা ধসের পর তড়িঘড়ি করে যে মজুরি বোর্ড পুনর্গঠন করা হয়, সেখানে শ্রমিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন সিরাজুল ইসলাম রনি। সে সময়ে বিভিন্ন শ্রমিক সংগঠন ৫,০০০ টাকার দাবি করে, বিপরীতে ৩,০০০ টাকা সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা।
২০১৮ সালে গার্মেন্টস শ্রমিক সংগঠন ১৬,০০০ টাকার জোর দাবি জানায়। কিন্তু বোর্ড সে সময়ে সর্বনিম্ন মজুরি নির্ধারণ করে ৮,০০০ টাকা। সে সময়ে শ্রমিক প্রতিনিধি ছিলেন জাতীয় শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ শামসুন নাহার ভুঁইয়া।
২০২৩ সালে শ্রমিক সংগঠনগুলো ২৩,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকার দাবি জানায়। মালিকপক্ষ প্রথমে ১০,৪০০ টাকার প্রস্তাব দিলে শ্রমিকেরা আন্দোলনে ফেটে পড়ে। শেষপর্যন্ত সরকার ও বোর্ড ন্যূনতম ১২,৫০০ টাকা চাপিয়ে দেয়। সে সময়ে জাতীয় গার্মেন্টস শ্রমিক-কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি পুনরায় পোশাক খাতের শ্রমিক প্রতিনিধি মনোনীত হন।
এই প্রতিনিধিদের শ্রমিকস্বার্থের পক্ষে মজুরি বোর্ডে ভূমিকা রাখা দূরের কথা, সরকার ও মালিকের স্বার্থেই আন্দোলনরত শ্রমিকদের সাথে প্রতারণার জন্য কাজ করেছে। রাস্তায় পুলিশের গুলিতে জীবন দিয়েছে শ্রমিক, আর মজুরি বোর্ডে সরকারের সিদ্ধান্তকে শ্রমিকের উপর চাপিয়ে দিয়েছে তথাকথিত প্রতিনিধিরা। এই জাতের শ্রমিক প্রতিনিধি নির্ধারণের নাটক দিয়ে বোকা বানানোর কায়দা কি চলতেই থাকবে?
গণঅভ্যূত্থান পর এত গণতন্ত্রের কথা হচ্ছে, অথচ প্রতিনিধি নির্বাচনের ন্যূনতম গণতান্ত্রিক অধিকারটুকু শ্রমিকেরা পেল না। মালিকদের সংগঠন বিজিএমইএ প্রতি বছর নির্বাচন করে তাদের প্রতিনিধি ঠিক করে। সেই প্রতিনিধিরা সরকারের সাথে দেন দরবার করতে পারলে, মজুরি বোর্ডে প্রতিনিধিত্ব করতে পারলে; শ্রমিকেরা কেন তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবে না? এবারও সরকার মজুরি বোর্ডের সদস্য চেয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাদের চিঠি পাঠিয়েছে। এটি সেই আগের কায়দা। দেশে অনির্বাচিত বা নির্বাচিত সব সরকারই কিভাবে শ্রমিকদের সাথে প্রতারণা করে তা আমরা আবারও দেখছি।
অথচ অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক মজুরি বোর্ড গঠনের পূর্বশর্ত হলো, প্রকৃত শ্রমিক প্রতিনিধি নির্ধারণের বাস্তবসম্মত ও কার্যকরী প্রক্রিয়া সরকারকে নিশ্চিত করা। গার্মেন্টস ওয়ার্কার্স ইউনিয়ন পক্ষ থেকে আমরা দাবি তুলেছি, মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধি নির্ধারণের জন্য প্রত্যেক কারখানায় নির্বাচন দিতে হবে। শ্রমিকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত কারখানা প্রতিনিধিরা শিল্পাঞ্চলভিত্তিক জোনাল প্রতিনিধি নির্বাচন করবে। বিভিন্ন শিল্পাঞ্চলের জোনাল প্রতিনিধিরা মিলে মজুরি বোর্ডে তাদের প্রতিনিধি নির্বাচন করবে।
আইএলও কনভেনশন অনুযায়ী, দেশের শ্রমিকেরা মালিকপক্ষের সাথে প্রকৃতপক্ষে দর কষাকষির সুযোগ নিশ্চিত করতে পারবে। শিল্পে ট্রেড ইউনিয়ন অধিকারকে ব্যবহারের সুযোগ পাবে। পোশাক শ্রমিকখাতে ট্রেড ইউনিয়ন চর্চার সুযোগ বাড়বে, কার্যকরী মজুরি বোর্ড গঠন ও শ্রম আইন বাস্তবায়নের প্রকৃত সুযোগ তৈরি হবে।
আমাদের শ্রম সেক্টরে এই গণতান্ত্রিক পরিবেশের সম্পূর্ণ অনুপস্থিতি যে কোন সময়ে শ্রমিক রাস্তায় নেমে আসে, মজুরি আন্দোলনে ক্ষোভের বহিঃপ্রকাশ দেখায়। মালিকেরা এই ক্ষোভ, শ্রমিকের হতাশাকে বিশৃঙ্খলা বলে প্রচার করে, বিদেশি ষড়যন্ত্র বলে প্রচার করে। অথচ এই তথাকথিত বিশৃঙ্খলা সৃষ্টি ও শ্রমিককে রাস্তায় নামানোর পুরো জমিন তৈরি করে রাখে মালিক ও সরকারের এই অগণতান্ত্রিক ব্যবস্থা। এই পরিস্থিতি পরিবর্তনের দরকার সরকারের প্রহসনমূলক পদ্ধতির পরিবর্তন ঘটানো। পোশাক শিল্পের উন্নয়ন এবং শ্রমিকের কর্মপরিবেশ মানবৃদ্ধি দুটোই নিশ্চিত করার উপায় হলো- শ্রমিকদের নিজেদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ নিশ্চিত করা। তাহলেই কারখানার কর্মপরিবেশের মান এবং শ্রমিকের উৎপাদনশীলতা বাড়বে।
----
লেখকঃ সাধারণ সম্পাদক, গার্মেন্টস ওয়ার্কার্স ইউনিয়ন
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



