মার্কিন চুক্তির বোঝা দাম শেষ পর্যন্ত কে দেবে?

পাঁচ থেকে দশ বছরের মধ্যে আরও ২,২১০ ধরনের পণ্যে এই সুবিধা দিতে হবে। বর্তমান আমদানির হিসাবেই বছরে প্রায় ১,৫০০ কোটি টাকার রাজস্ব হারাবে দেশ। একদিকে সরকার বলছে তার হাতে টাকা নেই, সে কারণে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়াতে হয়েছে। ভর্তুকি দেয়া যাচ্ছে না। অন্যদিকে ধার করে বোয়িং, এয়ারবাস ও চীনা জঙ্গি বিমান কিনছে।
সরকার এখন ঋণের জন্য ছুটছে। যুক্তরাষ্ট্র, বিশ্বব্যাংক আর আইএমএফের কাছে হাত পাতছে। লক্ষ্য ১,৮০০ থেকে ১,৯০০ কোটি ডলার। এর মধ্যে প্রায় দেড় হাজার কোটি ডলার আশা করা হচ্ছে আইএমএফ ও বিশ্বব্যাংক থেকে। অথচ অর্থনীতির অবস্থা ভালো নয়। আইএমএফ বলছে, এ বছর প্রবৃদ্ধি হতে পারে ৩.২ শতাংশ। গত ৩৮ বছরে এত কম হয়নি। মূল্যস্ফীতি উঠতে পারে ১০.৯ শতাংশে।
বুধবার ব্যাংককে যুক্তরাষ্ট্রের ট্রেজারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এত আমদানির বিনিময়ে যুক্তরাষ্ট্রের আরও সহায়তা পাওয়া উচিত। তাঁর ভাষায়, এখন সহায়তা না এলে আর কবে আসবে?
এই অবস্থায় সরকার যুক্তরাষ্ট্র থেকে দামি পণ্য কিনছে। কম দামের উৎস থেকে গম, সয়াবিন আর এলএনজি আনা কমেছে। বদলে আসছে মার্কিন পণ্য। প্রতিবছর সাত লাখ টন গম কেনার কথা দিয়েছে সরকার। দাম পড়বে ২৫ থেকে ৩০ শতাংশ বেশি। বেসরকারি খাতে ১০০ কোটি ডলারের সয়াবিন কেনার চুক্তি হয়েছে। আগামী ১৫ বছরে ১,৫০০ কোটি ডলারের এলএনজিও কিনতে হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিবছর লোকসান দেয়। তাদের উড়োজাহাজ মাত্র ২০টি। কিছু রুটও বন্ধ করতে হয়েছে। তবুও ৩০ এপ্রিল বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি হলো। যার দাম ৩৭০ কোটি ডলার। ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে আরও ১১টির চুক্তি হলো। এর দাম সরকার এখনো জানায়নি। ৭ অক্টোবর এয়ারবাসের ১০টির জন্য ২০০ কোটি ডলারের চুক্তি হলো। মোট ৩৫টি নতুন উড়োজাহাজ। ২০টি চালাতেই যে সংস্থা হিমশিম খায়, তার জন্য এটা কতটা যুক্তিসংগত? এই বহর আগামী অন্তত ৫০ বছরের জন্য সরকারি ভর্তুকির স্থায়ী ব্যবস্থা হয়ে দাঁড়াবে।
এর ধাক্কা বাজারে পড়ছে। মার্কিন গমের প্রথম দুই চালান ঢুকতেই আটা-ময়দার দাম বাড়ল। ঢাকার টং দোকানে বনরুটি দুই মাস আগে ছিল ১০ টাকা। এখন ১৫ টাকা। আমদানিকৃত গম দেশের চাহিদার মাত্র ১০ শতাংশ। তাও এই প্রভাব। অবশ্য পুরো দোষ গমের নয়। আটা-ময়দা ব্যবসায়ীদের সিন্ডিকেট আছে। সরকারও অনেক ক্ষেত্রে নিষ্ক্রিয়। সয়াবিন এলে ভোজ্যতেলের দাম বাড়বে। এলএনজি আনলে আগে জ্বালানির দাম বাড়বে। তারপর বিদ্যুৎ আর নিত্যপণ্যের দাম। টাকার মান কমবে। সাধারণ মানুষ আরও গরিব হবে।
এসব আলাদা চুক্তির পেছনে আছে একটি বড় চুক্তি। ক্ষমতা ছাড়ার মাত্র কয়েক দিন আগে, ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে, অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকাল ট্রেড ডিলে সই করে। সই করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। নির্বাচিত সরকার এই চুক্তি যাচাই করেনি। একটি অনির্বাচিত সরকার এত লম্বা মেয়াদের চুক্তি করতে পারে কি না, সে প্রশ্নও তোলেনি। বরং কোথাও কোথাও চুক্তির চেয়েও বেশি সুবিধা দিচ্ছে। ১৪টির পর আরও ১১টি বোয়িং কেনা তার উদাহরণ। খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করাও আনুগত্য ধরে রাখার চেষ্টা বলে মনে হয়।
কোন দেশ থেকে আমদানি বা কোন দেশে রপ্তানি হবে, তা ঠিক হবে ওই দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক দেখে। মার্কিন শিল্প ও কৃষিপণ্যের জন্য বাজার খুলতে হবে। কিছু ক্ষেত্রে আমদানি বাধ্যতামূলক।
রাসায়নিক, যন্ত্রপাতি, মোটরযান, ওষুধ, গম, দুধ, মাংস এর মধ্যে আছে। ৩৫০ কোটি ডলারের কৃষিপণ্য আর ১৫ বছরে ১,৫০০ কোটি ডলারের জ্বালানি কেনার প্রতিশ্রুতি। বোয়িং কেনার প্রতিশ্রুতি। এ ছাড়া প্রায় সাড়ে ৪ হাজার মার্কিন পণ্য শুল্কমুক্ত ঢুকবে। পাঁচ থেকে দশ বছরের মধ্যে আরও ২,২১০ ধরনের পণ্যে এই সুবিধা দিতে হবে। বর্তমান আমদানির হিসাবেই বছরে প্রায় ১,৫০০ কোটি টাকার রাজস্ব হারাবে দেশ।
একদিকে সরকার বলছে তার হাতে টাকা নেই, সে কারণে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়াতে হয়েছে। ভর্তুকি দেয়া যাচ্ছে না। অন্যদিকে ধার করে বোয়িং, এয়ারবাস ও চীনা জঙ্গি বিমান কিনছে।
প্রশ্ন একটাই: দাম শেষ পর্যন্ত কে দেবে?
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



