তড়িঘড়ি মার্কিন চুক্তিতে আনু মুহাম্মদের প্রশ্ন

ফাইল ফটো
“চুক্তিগুলো করার ব্যাপারে তাদের বিশেষ উৎসাহ দেখে মনে হয়েছে, তারা উপদেষ্টা বা বিশেষ সহকারী হলেও আসলে বিভিন্ন কোম্পানির লবিস্ট হিসেবে ভূমিকা পালন করেছেন।”
যুক্তরাষ্ট্রের সঙ্গে তড়িঘড়ি করে সম্পাদিত বাণিজ্য চুক্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ। এই চুক্তি করতে অন্তর্বর্তী সরকার কেন এত ‘অস্থির’ ছিল, সেই প্রশ্ন তুলে তিনি বলেছেন, এর মাধ্যমে বাংলাদেশকে এক প্রকার ‘হাত-পা বাঁধা’ অবস্থায় ফেলা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
চুক্তি নিয়ে স্বচ্ছতার অভাব
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, অন্তর্বর্তী সরকার ইচ্ছা করলেই বলতে পারত যে তারা এই চুক্তি করবে না, বরং নির্বাচিত সরকার এসে সিদ্ধান্ত নেবে। কিন্তু তাদের মধ্যে এক ধরনের ‘অতিমাত্রায় উৎসাহ’ দেখা গেছে।
তিনি অভিযোগ করেন, “চুক্তিগুলো করার ব্যাপারে তাদের বিশেষ উৎসাহ দেখে মনে হয়েছে, তারা উপদেষ্টা বা বিশেষ সহকারী হলেও আসলে বিভিন্ন কোম্পানির লবিস্ট হিসেবে ভূমিকা পালন করেছেন।” বিশেষ করে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের সঙ্গে চুক্তির প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, এই চুক্তির ফলে দেশের যোগাযোগব্যবস্থায় আদতে কী ইতিবাচক পরিবর্তন এসেছে?
শর্ত ও শুল্কমুক্ত সুবিধার ধোঁয়াশা চুক্তির শর্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির বিনিময়ে তৈরি পোশাক খাতে শুল্কমুক্ত সুবিধার যে কথা বলা হচ্ছে, তাকে ‘অনিশ্চিত’ বলে উল্লেখ করেন তিনি।
ব্যবসায়ীদের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, মার্কিন তুলার দাম বেশি এবং রপ্তানির পরিমাণ নিয়ে কোনো সুনির্দিষ্ট গ্যারান্টি নেই। তিনি আরও বলেন, নির্বাচনের মাত্র কয়েক দিন আগে, অর্থাৎ ৯ ফেব্রুয়ারি এই চুক্তি স্বাক্ষরের কোনো যৌক্তিকতা ছিল না।
জবাবদিহিতার দাবি নতুন সরকারের প্রতি এই চুক্তিগুলো পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে আনু মুহাম্মদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান যদি সত্যি হয়, তবে প্রথম কাজ হবে এই চুক্তিগুলো থেকে বের হওয়ার পথ পরিষ্কার করা।
যারা জাতীয় স্বার্থ উপেক্ষা করে এই চুক্তি সম্পাদন করেছেন, তাদের জবাবদিহি ও বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
সভায় উপস্থিত অন্যান্য আলোচকরাও একমত হন যে, এই চুক্তিগুলো দেশের জ্বালানি নিরাপত্তা ও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



