যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: সয়াবিন থেকে বোয়িং কিনবে ঢাকা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ধরনের এক দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিতে উপনীত হয়েছে বাংলাদেশ। এই চুক্তির আওতায় আগামী ১৫ বছরে দেশটি থেকে ১৫ বিলিয়ন (১ হাজার ৫০০ কোটি) ডলারের জ্বালানি পণ্য এবং সাড়ে ৩ বিলিয়ন ডলারের কৃষিপণ্য আমদানি করবে বাংলাদেশ।
সোমবার হোয়াইট হাউস থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, আমদানির তালিকায় জ্বালানি ও কৃষিপণ্যের পাশাপাশি ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়টিও অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার জানিয়েছে, এই ১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে চুক্তির প্রক্রিয়া চলছে, যার আনুমানিক মূল্য ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা।
বিনিময়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের শিল্প ও কৃষিপণ্যের জন্য অগ্রাধিকারমূলক বাজার সুবিধা নিশ্চিত করবে। এর মধ্যে রয়েছে রাসায়নিক, চিকিৎসা সরঞ্জাম, আইসিটি সরঞ্জাম, সয়াবিন, দুগ্ধজাত পণ্য, গরুর মাংস ও পোলট্রি।
চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো বাংলাদেশি পণ্যের ওপর মার্কিন শুল্ক হ্রাস। যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের বিদ্যমান শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশ করেছে। কিছু পণ্যের ক্ষেত্রে শুল্ক হার হবে শূন্য। এছাড়া নির্দিষ্ট পরিমাণ বাংলাদেশি তৈরি পোশাক ও বস্ত্র মার্কিন তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহারের শর্তে শুল্কমুক্ত সুবিধায় যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাবে।
২০২৫ সালের এপ্রিলে বাংলাদেশি পণ্যের ওপর প্রাথমিকভাবে ৩৭ শতাংশ শুল্ক আরোপের পর দীর্ঘ নয় মাস আলোচনার পর এই চুক্তি চূড়ান্ত হলো।
চুক্তি অনুযায়ী, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের গাড়ির নিরাপত্তা মানদণ্ড এবং চিকিৎসা সরঞ্জামের ক্ষেত্রে এফডিএ সনদকে স্বীকৃতি দেবে।
এছাড়া শুল্ক প্রক্রিয়া ডিজিটাল করা এবং সীমান্ত পারাপারের তথ্য লেনদেন অবাধ করার প্রতিশ্রুতি দিয়েছে ঢাকা। শ্রম সুরক্ষা জোরদার, পরিবেশ আইন প্রয়োগ এবং মেধাস্বত্ব সুরক্ষায় কঠোর মানদণ্ড অবলম্বনের পাশাপাশি মার্কিন পনির ও মাংসের স্বার্থ রক্ষায় জিআই (ভৌগোলিক নির্দেশক) সংক্রান্ত বিধান মেনে চলবে বাংলাদেশ।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ওয়াশিংটন এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক এবং ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফিন্যান্স করপোরেশনের (ডিএফসি) মাধ্যমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতগুলোতে বিনিয়োগ ও অর্থায়নের বিষয়টি বিবেচনা করবে। এই চুক্তির মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



