মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে কী ভাবছে সরকার
তিনি বলেন, চুক্তির সব ধারা বাংলাদেশের পক্ষে বা বিপক্ষে থাকবে—এমনটি নয়। সব দিক গভীরভাবে বিশ্লেষণ করেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তির প্রতিটি ধারা এবং দেশের স্বার্থ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করেই পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক বা ট্যারিফ নীতি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কের বিষয়টি এখনও পরিবর্তনশীল পর্যায়ে রয়েছে। সম্প্রতি সব দেশের জন্য ১৫ শতাংশ শুল্ক নির্ধারণের একটি ঘোষণা শোনা গেলেও এ বিষয়ে বাংলাদেশ এখনও কোনো লিখিত নথি হাতে পায়নি। এর আগে নির্দিষ্ট দেশভেদে ১৯ শতাংশ পর্যন্ত পারস্পরিক শুল্ক ছিল, যা এখন সবার জন্য অভিন্ন ১৫ শতাংশ করার কথা বলা হচ্ছে।
বিষয়টিকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে উল্লেখ করে মন্ত্রী জানান, আলোচনা চলাকালীন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের একটি গোপনীয়তা চুক্তি ছিল। যেহেতু পরিস্থিতি এখনও চূড়ান্ত নয়, তাই দেশের বৃহত্তর স্বার্থে এখনই আগাম কোনো মন্তব্য করা সমীচীন হবে না।
তিনি বলেন, চুক্তির সব ধারা বাংলাদেশের পক্ষে বা বিপক্ষে থাকবে—এমনটি নয়। সব দিক গভীরভাবে বিশ্লেষণ করেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
দেশের বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে বাণিজ্যমন্ত্রী দাবি করেন, বাণিজ্য মন্ত্রণালয় বিদেশ থেকে যেসব পণ্য আমদানি করে বাজারে সরবরাহ করে, সেগুলোর দাম সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করছেন।
উদাহরণ হিসেবে তিনি বলেন, ৪০ থেকে ৫০ টাকার লেবু হঠাৎ করে ১২০ টাকায় বিক্রি হওয়ার কোনো যৌক্তিক কারণ ছিল না। মাত্র তিন দিনের মাথায় দাম আবারও ৪০ টাকায় নেমে আসাই প্রমাণ করে যে, কিছু চক্র কেবল সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল। বাজারে চাঁদাবাজি বন্ধের বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী বলেন, চাঁদাবাজি দমনে তিনি কেবল মুখে আশ্বাস দেবেন না, বরং কাজের মাধ্যমেই তা প্রমাণ করবেন।
এছাড়া, টিসিবির পণ্য কিনতে গিয়ে সম্প্রতি হুড়োহুড়িতে দুজন নারীর পড়ে যাওয়ার ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং পণ্য বিতরণে সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট ডিলারদের ইতোমধ্যে কঠোরভাবে সতর্ক করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



