ভর্তি পরীক্ষায় শুধু এমসিকিউ নয়, আগামীতে বিশ্লেষণধর্মী প্রশ্নের চিন্তা ইউজিসির

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ইউজিসি স্পষ্ট করেছে, কোনো সিদ্ধান্তই বিশ্ববিদ্যালয়গুলোর ওপর চাপিয়ে দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন ও নিজস্ব আইনের প্রতি শ্রদ্ধা রেখেই কেবল সমন্বয়ের ভূমিকা পালন করবে কমিশন। উপাচার্যদের পারস্পরিক সহযোগিতায় এবারের ভর্তি পরীক্ষা আরও সুশৃঙ্খল ও শিক্ষার্থীবান্ধব হবে বলে আশা করছে ইউজিসি।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কেবল বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) রাখার প্রথা থেকে বেরিয়ে আসার চিন্তা করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আগামী শিক্ষাবর্ষ থেকে এমসিকিউ পদ্ধতির পাশাপাশি বিষয়ভিত্তিক ও বিশ্লেষণধর্মী প্রশ্ন যুক্ত করার বিষয়ে আলোচনা শুরু হয়েছে। তবে চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আগের নিয়মেই এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
সোমবার (৯ নভেম্বর) ইউজিসি কার্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব বিষয়ে আলোচনা হয়। সভায় ভর্তি পরীক্ষার সময়সূচি, এইচএসসির সম্পূরক পরীক্ষার ফল এবং ভর্তি কার্যক্রমে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভা শেষে সংবাদ সম্মেলনে সভার সিদ্ধান্ত জানান ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি জানান, সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে ২০২৭ সালের জানুয়ারিতে। আর ফেব্রুয়ারি মাস থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মধ্যে সমন্বয় করে পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা করবে।
প্রশ্নপদ্ধতি পরিবর্তন প্রসঙ্গে ইউজিসি চেয়ারম্যান বলেন, ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের শুধু মুখস্থনির্ভর জ্ঞান যাচাই করা যথেষ্ট নয়। তাদের বিষয়ভিত্তিক দক্ষতা, বিশ্লেষণী ক্ষমতা এবং সমস্যা সমাধানের যোগ্যতাও যাচাই করা প্রয়োজন। একজন শিক্ষার্থী যে বিষয়ে উচ্চশিক্ষা নিতে চায়, সে বিষয়ে তার মৌলিক ধারণা থাকা জরুরি। এ কারণেই আগামী শিক্ষাবর্ষ থেকে বিশ্লেষণধর্মী প্রশ্ন যুক্ত করার বিষয়টি ভাবা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোর মতামত ও প্রস্তুতির ওপর ভিত্তি করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা হিসেবে জিপিএর শর্ত নির্ধারণে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ার জন্য উপাচার্যদের অনুরোধ জানিয়েছে ইউজিসি। এ বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা এবং উচ্চশিক্ষার মোট আসনসংখ্যা বিবেচনায় নিয়ে ভর্তি কার্যক্রম পরিচালনার পরামর্শ দেওয়া হয়েছে।
ইউজিসির তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় ১৮০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম বর্ষে আসন রয়েছে প্রায় ৬৩ হাজার। জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য অধিভুক্ত কলেজে আসন রয়েছে ১০ লাখের বেশি। এ ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে চার লাখের বেশি আসন রয়েছে। এই বিপুলসংখ্যক আসনের বিপরীতে শিক্ষার্থীদের মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করার ওপর জোর দিয়েছে কমিশন।
ইউজিসি স্পষ্ট করেছে, কোনো সিদ্ধান্তই বিশ্ববিদ্যালয়গুলোর ওপর চাপিয়ে দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন ও নিজস্ব আইনের প্রতি শ্রদ্ধা রেখেই কেবল সমন্বয়ের ভূমিকা পালন করবে কমিশন।উপাচার্যদের পারস্পরিক সহযোগিতায় এবারের ভর্তি পরীক্ষা আরও সুশৃঙ্খল ও শিক্ষার্থীবান্ধব হবে বলে আশা করছে ইউজিসি।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



