জাতিসংঘ: প্রত্যাশা আর প্রাপ্তিতে এখনো অনেক ফাঁরাক

মোঃ আবু সাঈদ
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০২পরিবর্তন করতে ক্লিক করুন
জাতিসংঘ: প্রত্যাশা আর প্রাপ্তিতে এখনো অনেক ফাঁরাক

স্কেচ: এআই

শেয়ার করুন:

গাজা, ইউক্রেন ও ইরান সংকটে জাতিসংঘের নিষ্ক্রিয়তা, সাধারণ অধিবেশনের খরচ এবং বিশ্ব রাজনীতিতে সংস্থাটির প্রাসঙ্গিকতা নিয়ে একটি বিশ্লেষণমূলক পর্যালোচনা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকা আর ভয়াবহতার পটভূমিতে একটি ‘বীজ’ রোপণ করা হয়েছে। যা ধীরে ধীরে অঙ্কুরিত হয়ে আজ শুধু পল্লবিত বৃক্ষই নয় মোটে, রীতিমতো মহীরুহ! কিন্তু সেই অঙ্কুরিত বৃক্ষটি মহীরুহে পরিণত হলেও তার থেকে শীতল ছায়া কী পাচ্ছি? না কি আশায় বুক বেঁধে রোপণ করা বৃক্ষটি থেকে আজ বিশ্ববাসীর কপালে কেবল বিষবাষ্পই জুটছে? বিশ্বের প্রায় দুইশ দেশের মানুষের ঘাম আর শ্রমের অর্থে বিলাসী জীবনযাপন করা আন্তর্জাতিক সংস্থাটির কর্মকর্তারা (দুই-একজন ছাড়া) নিজেরা কি বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়েছেন কখনো? বলছি জাতিসংঘ নামের বহুজাতিক সংস্থাটির বিষয়ে।

বিশ্বের কোথাও উত্তেজনা, যুদ্ধ বা অশান্তি হলে ‘উভয় পক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান জানাচ্ছি’ এতটুকু বিবৃতি ছাড়া এর আর কোনো কাজ কি আছে? আছে শুধু যুদ্ধ হলো এর কয়েকটি সংস্থার কিছু মানুষ সেখানে গিয়ে উচ্চ বেতনে চাকরির নামে আয়েশী জীবনযাপনের হাজার হাজার উদাহরণ। কিছু সভা-সেমিনার আর শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে বসে স্থানীয় প্রশাসনের সাথে চা-নাস্তা খাওয়া আর ডিজিটাল প্রেজেন্টেশন দেওয়া। এই তো? এছাড়া হাল আমলে কি কোনো নজির কারো চোখে পড়েছে?

এবারও এই ‘সংঘ’–এর বার্ষিক সাধারণ অধিবেশনের নামে একটি বৈশ্বিক আসর বসছে। কি হবে সপ্তাহকালব্যাপী এক সাধারণ বিতর্ক করে? রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামবে? ইরানে মার্কিন-ইসরায়েল হামলা বন্ধ হবে? এই হামলার বিপরীতে পুরো মধ্যপ্রাচ্য অশান্ত আর আতঙ্কিত করে রাখা ইরান কি তাদের প্রতিশোধের নেশা থামাবে? ইরানের সর্বোচ্চ নেতাকে দলবলে হত্যার প্রতিশোধ ভুলে কি তারা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করবে আমেরিকার সাথে? সবগুলো প্রশ্নের উত্তর না। তাহলে ম্যানহাটনে বসে দুইশ দেশের নেতারা কি বিতর্ক করবেন? না কি দশকের পর দশক ধরে সেপ্টেম্বরে রাষ্ট্র ও সরকারপ্রধানদের জাতিসংঘ সফরের নামে মার্কিন অর্থনীতিতে কিছু অর্থের জোগান বাড়াবে। জাতিসংঘের এই সাধারণ অধিবেশনকে অনেকে বিশ্বনেতাদের পিকনিকও বলেন।

প্রতিটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সফরে যদি গড় হিসেবে ২০ কোটি টাকা করেও খরচ ধরা হয় তবে তা প্রায় চার-পাঁচ হাজার কোটি টাকা। এর সঙ্গে আরো সরকারি কর্মকর্তা ও স্ব-স্ব দেশের স্থানীয় মিশন আর জাতিসংঘের হিসাব যোগ করলে শুধু সেপ্টেম্বরেই নিউইয়র্কের অর্থনীতিতে প্রায় কয়েকশ মিলিয়ন ডলারের প্রবাহ বাড়ে। যদিও আন্তোনিও গুতেরেসের প্রস্তাবিত ৩ দশমিক ৭১৫ বিলিয়ন ডলার থেকে মাত্র ২৬৫ মিলিয়ন বাজেট কাটছাঁট করে ২০২৬ সালের জন্য তিন দশমিক ৪৫ বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে।

১৯৯৪ সালের রুয়ান্ডা গণহত্যা এবং ১৯৯৫ সালে বসনিয়ার স্রেব্রেনিৎসা গণহত্যা ঠেকাতে জাতিসংঘের ভূমিকা মারাত্মকভাবে ব্যর্থ বলে বিবেচিত। হাল আমলে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামানো বা মধ্যপ্রাচ্যের (গাজা-ইসরায়েল) দীর্ঘমেয়াদি সংঘাত নিরসনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যকরী কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। ইরানের বিষয়ে তো জাতিসংঘের একটি সংস্থার একজন কর্মী জাতিসংঘের ষড়যন্ত্রমূলক ভূমিকার কারণে পদত্যাগই করলেন (২০২৬ সালের মার্চ মাসের শেষের দিকে প্যাট্রিয়টিক ভিশন অ্যাসোসিয়েশনের জাতিসংঘ প্রতিনিধি মোহামাদ সাফা দাবি করেন যে জাতিসংঘ ইরানে সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিস্থিতির প্রস্তুতি নিচ্ছে)।

এখনো তৃতীয় বিশ্বযুদ্ধ লাগেনি অনেকে এটাকে জাতিসংঘের কূটনৈতিক সফলতা বলে দাবি করছেন। কিন্তু বিশ্বের সাধারণ চিন্তার কোনো মানুষ এটা মনে করে কী? এছাড়াও ১৯৬২-র কিউবা সংকট, ১৯৫৬ সালের সুয়েজ খাল নিয়ে সৃষ্ট জটিলতা, ১৯৮৮ সালের আট বছরের বিধ্বংসী ইরান-ইরাক যুদ্ধ বন্ধে জাতিসংঘ প্রস্তাব ৫০৯ এবং ১৯৯১ সালে কুয়েত থেকে ইরাকি আগ্রাসন হটাতে জাতিসংঘের যৌথ পদক্ষেপ; ১৯৯২-র কম্বোডিয়া, মোজাম্বিক, এল সালভাদর, ১৯৮৯-র নামিবিয়া এবং ১৯৯৯-র পূর্ব তিমুরে গৃহযুদ্ধ বন্ধ করে গণতন্ত্রের আশায় শান্তিরক্ষী মিশন পরিচালনাকে অনেকেই বড় করে সফলতা দাবি করতে পারেন।

অনেকে আবার ১৯৮৮ সালে শান্তিতে নোবেল অর্জনকেও জাতিসংঘের অপ্রাপ্তির মুকুটে একটি সোনালি-রুপালি পালক দাবি করতে পারেন। কিন্তু নোবেল শান্তি পদক নিয়েও ইতিমধ্যে জন্ম নিয়েছে অনেক বিতর্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও গত বছর প্রায় আধা ডজন ‘নিশ্চিত যুদ্ধ’ বন্ধ করার দাবি করেছেন। এর জন্য তিনি নিজেই শান্তিতে নোবেলের দাবিদার। যদিও ভেনেজুয়েলা কাণ্ডের পর একটি শান্তি নোবেলের ভাগ তিনি পেয়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু হচ্ছে। সাইডলাইনের অনেক আলোচনা আর সেমিনার আছে। তবে মূল অধিবেশনে বিতর্ক পর্বের জন্য নির্ধারিত দিন-তারিখ ২২ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর।

জাতিসংঘ নামের এই মহীরুহ ইসরায়েল-ফিলিস্তিন নিয়ে সিদ্ধান্ত দিয়েছে, রেজল্যুশন নিয়েছে। কিন্তু ইসরায়েল তা মানেনি। পাল্টা কি করেছে? মার্কিন প্রশাসন ভেনেজুয়েলা থেকে প্রেসিডেন্ট মাদুরো আর তাঁর স্ত্রীকে রাতের আঁধারে সিনেমার গুন্ডাদের মতো করে তুলে এনেছে। বিচারের নামে তাদের বন্দি করে রেখেছে। এখন ইরানে হামলার নামে মধ্যপ্রাচ্যে অশান্তির বাষ্প থেকে মূলত নতুন পরাশক্তির জন্ম দিচ্ছে।

এরপর মার্কিন দানবীয় হামলা হয়তো আছড়ে পড়বে এশিয়ায়। তাই এশিয়ার নেতারা বিষয়টি আগে থেকেই অনুধাবন করে জোট গঠনে মনোযোগী হয়েছেন।

তবে এখানে লক্ষণীয় বিষয় হলো তারা নয়া জোটকে শুধু এশিয়ায় সীমাবদ্ধ না করে বরং বৈশ্বিক নয়া জোট গঠন করেছেন। যাকে অনেক বিশ্লেষকই জাতিসংঘের সমান্তরাল জোট হিসেবে দেখছেন। পশ্চিমা শক্তির হাতিয়ার বিশ্বব্যাংক বা আইএমএফ-এর মতো করে তারা ব্যাংকও তৈরি করছেন। সাংহাই কো-অপারেশন ব্যাংক এখন মগজ থেকে কাগজ পর্যন্ত অগ্রগতি হয়েছে বলছে বিভিন্ন সূত্র।

এদিকে ব্রিকস তাদের জন্য অভিন্ন মুদ্রার বিষয়েও জোরালো চিন্তায়। তবে কি ঠুঁটো জগন্নাথ হয়ে থাকা পশ্চিমা তাঁবেদারির কল্যাণে জাতিসংঘ শিগগিরই (এক-দেড় দশকে) তার প্রয়োজনীয়তা হারাবে? মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অনুদান কমানোর ফলে এক ধাক্কায় প্রায় তিন হাজার কর্মী ছাঁটাই করতে হয়েছে আন্তোনিও গুতেরেসকে।

জাতিসংঘের বাজেটের সর্বোচ্চ ২২ শতাংশ অর্থের জোগান দিত যুক্তরাষ্ট্র। অন্যান্য দেশগুলো তাদের অর্থনীতির আকার ও জিডিপির ভিত্তিতে অর্থ দিয়ে থাকে। সেই হিসেবে জাতিসংঘের সাধারণ বাজেটের প্রায় ২০ শতাংশ আর শান্তিরক্ষী বাজেটের ১৮ দশমিক ৭ শতাংশ দেয় চীন। জাপান ৮-৮.৫%। জার্মানি ৬-৭%। যুক্তরাজ্য ৫-৭% আর ফ্রান্স প্রায় ৫% অবদান রাখে।

ম্যানহাটনের ফার্স্ট অ্যাভিনিউতে হোস্ট কান্ট্রির প্রেসিডেন্টের যাত্রাপথ নির্বিঘ্ন করতে ফ্রান্সের প্রেসিডেন্টের পায়ে হাঁটাও যখন বন্ধ করা হয় তখন তো তার কিছু রাজনৈতিক প্রভাব থাকেই। এবার আর কোন দেশের কোন সরকার বা রাষ্ট্রপ্রধানকে এই বিড়ম্বনায় পড়তে হবে দেখার বিষয়। যদিও সাধারণ মানুষের চোখে এসব নিছকই একটি ঘটনা। কূটনীতি আর রাজনীতি ও ভূ-রাজনীতির খেলায় এর অন্তর্নিহিত জলের গভীরতা অনেক অনেক। জাতিসংঘ তার প্রয়োজনীয়তার গুরুত্ব অনুধাবন করে সামনের দিকে এগোবে? না কি ধীরে ধীরে নিঃশেষ হয়ে নতুন শক্তিগুলোকে এগিয়ে আসার সুযোগ প্রশস্ত করবে।

-- --

লেখক: ফ্রিল্যান্স সাংবাদিক।

[email protected]

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: