ট্রাইব্যুনালের সাক্ষীর নিরাপত্তা: সেকাল-একাল

আরিফ রহমান
আরিফ রহমান
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ৯:২৮পরিবর্তন করতে ক্লিক করুন
ট্রাইব্যুনালের সাক্ষীর নিরাপত্তা: সেকাল-একাল

ঢাকা পেপার্স গ্রাফিক্স

শেয়ার করুন:

মোস্তফা হাওলাদারের বাড়িতে পুলিশ মোতায়েন থাকলেও তাঁর দরিদ্র পরিবার পুলিশের খাবারের খরচ বহন করতে পারছিল না। ফলে বাড়িতে পাহারা অব্যাহত থাকেনি বলে অভিযোগ রয়েছে। হামলাকারীরা প্রথমে তাঁর স্ত্রীকে এবং পরে তাঁকে কোপায়। পুলিশ প্রথমে ঘটনাটিকে ডাকাতির চেষ্টা বলে উল্লেখ করলেও পরে প্রাথমিক তদন্তে জামায়াতের সদস্যদের সম্পৃক্ততার কথা জানায়। ওই মাসেই মুজাহিদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া রঞ্জিত কুমার নাথের দোকান ও বাড়িতে পেট্রলবোমা ছোড়া হয়।

সাঈদীর মামলার বাদী মানিক পসারীর মৃত্যুর পর সাক্ষীদের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে সাক্ষীদের ওপর হামলা থেকে শুরু করে জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের মামলায় সাক্ষীকে হুমকি দেওয়ার অভিযোগ—দুই সময়েই সামনে এসেছে একই সংকট।

‘ট্রাইব্যুনালে দণ্ডিত সাঈদীর মামলার বাদী মানিক পসারীর দাফন না হলে, জুলাইয়ের বিচারে সাক্ষ্য দেবেন কে?’—প্রশ্নটি বিচারপ্রক্রিয়ায় সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা নিয়ে।

বাংলাদেশে বিচারপ্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ভিত্তি সাক্ষ্য-প্রমাণ। কিন্তু সাক্ষীরা যদি প্রাণনাশের আশঙ্কা, হামলা কিংবা সামাজিক হেনস্তার ভয়ে আদালতে আসতে না চান, তাহলে ন্যায়বিচার নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। গত দেড় দশকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের বিচার ঘিরে সাক্ষীদের নিরাপত্তার বিষয়টি বারবার সামনে এসেছে।

২.

২০১০ সালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হওয়ার পর থেকেই সাক্ষীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। ২০১৩ সালে কয়েকজন প্রসিকিউশন সাক্ষীর মৃত্যু এবং সাক্ষীদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা সেই উদ্বেগ বাড়িয়ে তোলে। ওই বছরের ১০ মার্চ গোলাম আযমের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া আহমেদ মিরাজ অজ্ঞাত হামলাকারীদের হাতে নিহত হন বলে অভিযোগ রয়েছে। তিনি শিল্পী আহমেদ ইমতিয়াজ বুলবুলের ভাই ছিলেন। একই বছরের ফেব্রুয়ারিতে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া ওয়াহিদুল আলম জুনুর রহস্যজনক মৃত্যু হয়।

২০১৩ সালের ১০ ডিসেম্বর পিরোজপুরের হোগলাবুনিয়া গ্রামের মোস্তফা হাওলাদার নিজ বাড়িতে নিহত হন। তিনি দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার সাক্ষী ছিলেন এবং এর আগে মৃত্যুর হুমকি পাচ্ছিলেন বলে জানা যায়।

ঘটনাটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল সাক্ষীর নিরাপত্তায় পুলিশের উপস্থিতি ও সেই নিরাপত্তা বজায় রাখার বাস্তবতা। মোস্তফা হাওলাদারের বাড়িতে পুলিশ মোতায়েন থাকলেও তাঁর দরিদ্র পরিবার পুলিশের খাবারের খরচ বহন করতে পারছিল না। ফলে বাড়িতে পাহারা অব্যাহত থাকেনি বলে অভিযোগ রয়েছে। হামলাকারীরা প্রথমে তাঁর স্ত্রীকে এবং পরে তাঁকে কোপায়। পুলিশ প্রথমে ঘটনাটিকে ডাকাতির চেষ্টা বলে উল্লেখ করলেও পরে প্রাথমিক তদন্তে জামায়াতের সদস্যদের সম্পৃক্ততার কথা জানায়। ওই মাসেই মুজাহিদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া রঞ্জিত কুমার নাথের দোকান ও বাড়িতে পেট্রলবোমা ছোড়া হয়।

২০১১ সালের সংশোধনীর মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষমতা পেলেও একটি পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাক্ষী সুরক্ষা কর্মসূচি গড়ে ওঠেনি বলে অভিযোগ রয়েছে। ফলে সাক্ষীদের সুরক্ষার ব্যবস্থা অনেক ক্ষেত্রেই তাৎক্ষণিক বা ঘটনানির্ভর ছিল। পরে ট্রাইব্যুনালের আরেক সাক্ষী সুমন জাহিদের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর মৃত্যুকে কেউ কেউ আত্মহত্যা বলে সন্দেহ করলেও পরিবারের দাবি ছিল, সাক্ষ্য দেওয়ার কারণে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

৩.

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার যে ট্রাইব্যুনালে হয়েছে, সেই আদালতেই এখন বিচার চলছে ২০২৪ সালের জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের। তবে আদালতকেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থা দৃশ্যমান হলেও সাক্ষীদের নিরাপত্তা আদালতকক্ষের বাইরেও নিশ্চিত করা যাচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠে।

                                                         

শেখ হাসিনার মামলার রায়ের দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‍্যাব ও পুলিশের চার স্তরের নিরাপত্তাব্যবস্থা ছিল। কিন্তু আদালতের সামনে কঠোর নিরাপত্তার পাশাপাশি সাক্ষীদের ব্যক্তিগত নিরাপত্তা, তাঁদের বিরুদ্ধে হুমকি এবং সাক্ষ্য দেওয়ার পর তাঁদের সুরক্ষার বিষয়টিও গুরুত্বপূর্ণ।

২০২৫ সালের আগস্টে রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যার মামলায় সাক্ষ্য দেওয়ার পর সহযোগী অধ্যাপক আঞ্জুয়ারা ইয়াসমিনের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে হেনস্তা বা মব তৈরির চেষ্টা হয় বলে অভিযোগ ওঠে।

শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের সহযোগী অধ্যাপক আঞ্জুয়ারা ইয়াসমিন চানখাঁরপুলের হত্যাকাণ্ডের মামলার একজন সাক্ষী। আদালতে সাক্ষ্য দেওয়ার পর থেকে কয়েকজনের কাছ থেকে হুমকি পাওয়ার কথা জানান তিনি। তাঁকে অসম্মান করা এবং বিভিন্ন মাধ্যমে তাঁর ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগও ওঠে। এ পরিস্থিতিতে নিজের নিরাপত্তা চেয়ে আদালতে আবেদন করেন তিনি।       

                 

এই ঘটনা সাক্ষী সুরক্ষার বিষয়টিকে নতুন করে সামনে এনেছে। কারণ, আদালতে সাক্ষ্য দেওয়ার পর কোনো ব্যক্তি যদি হুমকি, সামাজিক হেনস্তা কিংবা সংঘবদ্ধ আক্রমণের আশঙ্কায় থাকেন, তাহলে তা শুধু তাঁর ব্যক্তিগত নিরাপত্তার বিষয় থাকে না; বিচারপ্রক্রিয়ায় সাক্ষীদের অংশগ্রহণের পরিবেশের সঙ্গেও যুক্ত হয়।

৪.

আদালতকেন্দ্রিক নিরাপত্তার ঘাটতির অভিযোগ শুধু সাক্ষীদের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। বিভিন্ন সময়ে আদালত প্রাঙ্গণ ও পুলিশি হেফাজতে থাকা ব্যক্তিদের ওপর হামলার ঘটনাও ঘটেছে।

ঢাকার সিএমএম আদালতে সালমান এফ রহমান ও সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। সাবের হোসেন চৌধুরীকে ঘুষি মারা হয়। হবিগঞ্জে ব্যারিস্টার সুমনের প্রিজনভ্যানে ডিম ছোড়ার ঘটনাও ঘটে। নিসুল হকের দিকে ডিম ছোড়ার ঘটনাসহ বিভিন্ন ঘটনায় আদালত প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে প্রশ্ন উঠেছে। আসামিপক্ষের আইনজীবীদের ওপর হামলার অভিযোগও রয়েছে।

এসব ঘটনাকে মানবাধিকারকর্মীদের কেউ কেউ ‘মব-জাস্টিসের নতুন ধরন’ হিসেবে বর্ণনা করেছেন। তাঁদের উদ্বেগ, বিচারাধীন ব্যক্তি কিংবা তাঁর আইনজীবীকে আদালতের বাইরে বা আদালত প্রাঙ্গণে আক্রমণের মুখে পড়তে হলে বিচারপ্রক্রিয়ার প্রতি আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সালমান এফ রহমান কিংবা আনিসুল হকের বিরুদ্ধে দায়ের করা মামলার বিচার হোক—এমন দাবি থাকলেও বিচারাধীন ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কোনো ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকলেও তাঁর নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনানুগ বিচারপ্রক্রিয়ার মধ্য দিয়ে অভিযোগের নিষ্পত্তি করা রাষ্ট্রের দায়িত্বের বাইরে নয়।

একইভাবে, সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে বিচারপ্রক্রিয়ায় তাঁদের অংশগ্রহণ বাধাগ্রস্ত হতে পারে। ফলে সাক্ষী ও আসামি—উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা আইনের শাসন প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ শর্ত।

৫.

সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরেই পৃথক সাক্ষী সুরক্ষা আইনের প্রয়োজনীয়তার কথা বলা হচ্ছে। বিচ্ছিন্ন নিরাপত্তাব্যবস্থা বা কোনো ঘটনার পর সাময়িক ব্যবস্থা গ্রহণের পরিবর্তে একটি কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার দাবি রয়েছে। এ ক্ষেত্রে তিনটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ।
প্রথমত, সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে পৃথক সাক্ষী সুরক্ষা আইন দ্রুত প্রণয়ন ও কার্যকর করা প্রয়োজন। এ আইনে সাক্ষীর ঝুঁকি মূল্যায়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং হুমকির ঘটনায় প্রতিকার পাওয়ার সুস্পষ্ট বিধান থাকা দরকার। দ্বিতীয়ত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের অধীনে নিরপেক্ষ ও প্রশিক্ষিত সুরক্ষা ইউনিট গঠন করা যেতে পারে। সাক্ষ্য দেওয়ার আগে, সাক্ষ্য দেওয়ার সময় এবং সাক্ষ্য দেওয়ার পরও যাতে সাক্ষীরা নিরাপদ থাকেন, সে জন্য এই ইউনিটের কার্যকর ব্যবস্থা থাকা প্রয়োজন।

তৃতীয়ত, রাষ্ট্রীয় হেফাজতে থাকা প্রত্যেক আসামির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আদালত প্রাঙ্গণে সাক্ষী, আইনজীবী ও বিচারপ্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের ওপর হামলা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার থেকে জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের বিচার—দুই সময়ের অভিজ্ঞতাই দেখায়, আদালতের নিরাপত্তা শুধু বিচারকক্ষের সীমানায় সীমাবদ্ধ থাকতে পারে না। সাক্ষীকে নিরাপদে আদালতে আসতে পারা, নির্ভয়ে সাক্ষ্য দেওয়া এবং সাক্ষ্য দেওয়ার পরও নিরাপদে থাকা নিশ্চিত করা প্রয়োজন।

কারণ, সাক্ষীর কণ্ঠ ভয়ে থেমে গেলে ক্ষতিগ্রস্ত হয় শুধু কোনো একটি পক্ষ নয়, পুরো বিচারপ্রক্রিয়া। আইনের শাসনে বিচার হয় আদালতে, রাস্তায় নয়।


-- --
লেখকঃ গবেষক ও সাংবাদিক

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: