যেভাবে চা আইনে বঞ্চিত পঞ্চগড়ের প্রান্তিক চাষী

রোকন-উজ-জামান
রোকন-উজ-জামান
প্রকাশ: ৮ জুন ২০২৬, ১৩:৩১পরিবর্তন করতে ক্লিক করুন
যেভাবে চা আইনে বঞ্চিত পঞ্চগড়ের প্রান্তিক চাষী

ছবি: উইকি

শেয়ার করুন:

ছোট ছোট বাগানের বিশেষ ধরন অনুযায়ী চাষীদের অধিকার রক্ষা,  চা পাতার নূন্যতম ন্যায্যমূল্য নিশ্চিত করা বা চাষীদের কাছ থেকে ক্রয়ের বাধ্যবাধকতার কোন বিধান নাই। এ আইনে চা চাষীদের কারখানা মালিকের হাতে জমিদারের বন্দি প্রজা হিসেবে তুলে দেওয়া হয়েছে।

 

দেশের দ্বিতীয় বৃহত্তম চা উৎপাদনকারী পঞ্চগড়সহ সমতলের চা চাষীদের ন্যায্যমূল্যের নিশ্চয়তা নেই ‘চা আইন, ২০২৩’ এ। সমতলে খোদ উৎপাদনকারীদের জন্য নির্যাতনমূলক এ আইনের এখনই পরিবর্তন করতে হবে।

 

বাংলাদেশ ‘চা আইন, ২০২৩’-এর মূল অংশে ক্ষুদ্র ও মাঝারি চা চাষীদের স্বীকৃতিকে একটা বিশাল অগ্রগতি হিসেবে প্রচার করা হচ্ছে।  নতুন আইনে পূর্বের চা অধ্যাদেশের তুলনায়  অগ্রগতি এ অর্থে যে সমতলের চাষীরা যে নিজের জমিতে ঋণ বা প্রণোদনা সহায়তা ছাড়া নিজেরা বিনিয়োগ করে চা চাষ করছে- সেটাকে বাগানের মত চা চাষ বলে স্বীকার করা হয়েছে।

 

এই ছোট ছোট বাগানের বিশেষ ধরন অনুযায়ী চাষীদের অধিকার রক্ষা,  চা পাতার নূন্যতম ন্যায্যমূল্য নিশ্চিত করা বা চাষীদের কাছ থেকে ক্রয়ের বাধ্যবাধকতার কোন বিধান নাই। এ আইনে চা চাষীদের কারখানা মালিকের হাতে জমিদারের বন্দি প্রজা হিসেবে তুলে দেওয়া হয়েছে।

 

তবে একক কোনো সংজ্ঞা না দিয়ে, আইনের বিভিন্ন ধারায় মূল চাষীদের (যারা চা বাগানের মালিক নন, বরং জমিতে চাষ করেন) থেকে আলাদা করে “ক্ষুদ্র ও মাঝারি চা চাষী”দের কথা বলা হয়েছে।

 

বোর্ডে প্রতিনিধিত্ব ধারা ৬(২) আইনের সবচেয়ে বড় পরিবর্তন হলো বাংলাদেশ চা বোর্ডের পরিচালনা পর্ষদে এই চাষীদের জন্য সরাসরি সদস্য পদ রাখা। ধারায় বলা আছে, বোর্ডে দুইজন সদস্য থাকবেন, যারা ক্ষুদ্র ও মাঝারি চা চাষীদের মনোনীত প্রতিনিধি হবেন। এটি তাদের কণ্ঠস্বর নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি বলে প্রচার করে, আইনে তাদের বঞ্চনার দিকটি ঢাকার চেষ্টা করা হয়েছে।

 

‘ক্ষুদ্র’ ও ‘মাঝারি’র সুনির্দিষ্ট সংজ্ঞা (যেমন- কত একর জমি বা কত পাতা উৎপাদন) আইনে দেওয়া হয়নি। তা নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে চা বোর্ডের উপর। ফলে এটি এখনও পুরোপুরি স্পষ্ট নয়।

 

আইনে কিছু সুবিধা ও সুরক্ষার নিশ্চয়তা দেওয়ার চেষ্টা করার একটি ভান রয়েছে  মাত্র।

 

আগের আইনে (Tea Ordinance, 1977) ‘চা আবাদি জমি’ বলতে ছিল চা বাগানের জন্য ইজারা দেওয়া সরকারি জমি। নতুন আইনে প্রথমবারের মতো ক্ষুদ্র চাষীদের নিজস্ব মালিকানাধীন জমিকে ‘চা চাষের জমি’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটি নাকি বড় একটি আইনি অধিকার, কারণ এর ফলে তাদের জমি ‘চা আবাদ’ হিসেবে বৈধ স্বীকৃতি পায়, যার আগে কোন আইনী স্বীকৃতি ছিল না।  চা বোর্ড কি  চা চাষের উন্নয়ন আর প্রসারের জন্য প্রতিষ্ঠা হয়েছে নাকি স্বীকৃতি ঘোষনার জন্য। চাষীরা নিজেরা প্রসার ঘটাবে আর বোর্ড গিয়ে তার কাজের স্বীকৃতি দিবে। খালি স্বীকৃতি দিয়েই সমতলের চা চাষ প্রসারের সব ক্রেডিট তার। চাষীদের উৎপাদিত চা পাতা ন্যায্য মূল্যে বিক্রির কোন নিশ্চয়তা নেই আইনে। যা সিলেট বা চট্টগ্রামের সরকারি জমি ইজারা নিয়ে করা বাগানে আছে।

 

পরিচালনা পর্ষদে অংশগ্রহণের অধিকার এই আইনে সবচেয়ে বড় ক্ষমতায়নমূলক অধিকার বলা হচ্ছে। প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও বোর্ডে প্রতিনিধিত্ব। বাস্তবে কোন ক্ষুদ্র চা চাষী বোর্ডের সদস্য পদ এখনো পায়নি। পেলেইবা কি?! কারখানার মালিকদের কাছে আইনগত ভাবে হাত-পা বাধা গরীব চা চাষী সেখানে গিয়ে কি করবে?!

 

আইনটি পঞ্চগড়সহ সমতলের চা চাষীদের মৌলিক চাওয়া পূরণে ব্যর্থ হয়েছে। আর তা হচ্ছে পাতার ন্যায্যমূল্য ও বাধ্যতামূলক ক্রয়ের নিশ্চয়তা নেই।  কারখানা স্থাপনের শর্ত যখন একজন ক্ষুদ্র বা মাঝারি চা চাষীর পূরণ করা সম্ভব নয়। তখন আইনে পাতার ন্যায্যমূল্য ও বিক্রির নিশ্চয়তা না রাখা মূলত

কারখানা মালিকদের  একচেটিয়াত্বের কাছে চাষীদের হাত-পা বেধে ছেড়ে দেয়া। একটা আইন কিভাবে মূল কাচা চা পাতা উৎপাদক বিরোধী হতে পারে। এমন কি চা উৎপাদনের উন্নয়ন- প্রসার তথা আইনের মূল স্পীরিট বিরোধী।

 

কারখানা মালিকদের ইচ্ছামত দামে তাদের কাছে সমতলের মূল কাঁচা চা পাতা উৎপাদক চা চাষীদের কাঁচা পাতা বিক্রিতে বাধ্য করেছে সর্বশেষ সংশোধিত এ আইন।

 

এমন কি চা পাতার ন্যূনতম সহায়ক মূল্য বা বাধ্যতামূলক ক্রয়ের কোনো বিধান রাখা হয়নি। যা সমতলের প্রধান কাঁচা চা পাতা উৎপাদক ক্ষুদ্র ও মাঝারি চা চাষীদের সবচেয়ে নূন্যতম আইনী সুরক্ষা দেয় না। ফলে চাষীদের ফেলেছে এক গভীর অনিশ্চয়তায়।

 

স্বতন্ত্র কারখানা স্থাপনের জটিলতা দূর না করে চাষীদের কারখানা মালিকদের মর্জি-মুনাফার উপর ছেড়ে দেয়া হয়েছে। ‘ক্ষুদ্র চা চাষী’ নিজে চা প্রক্রিয়া করবে কারখানা স্থাপনের আইনী শর্তের জটিলতায় তা সম্ভব নয়। সাধারণ কৃষকের পক্ষে তা পূরণ করা প্রায় অসম্ভব, যা তাদের চিরকাল বড় কারখানাগুলোর উপর নির্ভরশীল করে রাখে।

 

আইনে চাষীদের রাষ্ট্রীয় সহায়তা, ভর্তুকি, বা সহজ শর্তে ঋণ তথা কৃষিঋণ বা প্রণোদনার সুস্পষ্ট কোনো প্রতিশ্রুতি নেই। অথচ বৃহৎ চা বাগানের মালিক সিলেট বা চট্টগ্রামের বাগান মালিকরা নামমাত্র মূল্যে শত বছরের জন্য খাস জমি লিজের মাধ্যমে চা চাষ শুরুই করেন জমি আকারে বিশাল ভর্তুকির মাধ্যমে।

 

নিবন্ধন, লাইসেন্স, এমনকি কোনো জমি চা চাষের অনুপযোগী ঘোষণা করার মতো বিষয়ে চা বোর্ডকে নিরঙ্কুশ ক্ষমতা দেওয়া হয়েছে, যা ক্ষুদ্র চাষীদের প্রজায় পরিনত করেছে। আর চা বোর্ড খোদ যেন জমিদার।

 

বাংলাদেশ ‘চা আইন, ২০২৩’ অনুযায়ী ক্ষুদ্র ও মাঝারি চা চাষীরা নিজের জমিতে নিজের টাকা বিনিয়োগ করে চা চাষ করবে। চার বছর পর যখন কাঁচা পাতা উৎপাদন শুরু হবে, তখন ইচ্ছামত দাম ঠিক করবে কারখানা মালিকরা। বলা হচ্ছে, এই আইনের সবচেয়ে বড় অর্জন নাকি তাদের চা চাষী হিসেবে জমিদার, মানে চা বোর্ডে স্বীকৃতি দিয়েছে।  চাষী নিজের জমিতে, নিজের টাকায় চা চাষ করবে তা দয়া করে স্বীকৃতি দেবে চা বোর্ড। মজার ব্যাপার হলো ইচ্ছে হলে স্বীকৃতি নাও দিতে পারে৷ বোর্ডে দুই জন চাষীকে বোর্ড মেম্বারও করেছে। অর্থাৎ  তাদের বসতে দেওয়া হবে  জমিদার বোর্ডের কাছারিতে। 

 

প্রধান আর্থিক সমস্যা (পাতার ন্যায্যমূল্য) সমাধানের কোনো আইনি নিশ্চয়তা না থাকায় আইনটি আসলে সমতলে চা উৎপাদন বিরোধী, চাষী বিরোধী আইনে পরিনত হয়েছে।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: