সয়াবিন তেলে ক্ষতিকর ভারী ধাতু: গবেষণায় যা মিলল, স্বাস্থ্যঝুঁকি কতটা গভীর?
ছবিঃ প্রথম আলো
দেশে যে হারে কিডনি বিকল হওয়া, হৃদরোগ বা কার্ডিওভাসকুলার রোগ এবং ক্যান্সারের প্রকোপ বাড়ছে, তার পেছনে প্রতিদিনের ভোজ্য তেলের মতো দূষিত খাদ্য উপাদানের দীর্ঘমেয়াদি ভূমিকা কোনোভাবেই উড়িয়ে দেওয়া যায় না।
রান্নায় সয়াবিন তেল ছাড়া আমাদের একটি দিনও চলে না। তবে প্রতিদিনের এই অপরিহার্য খাদ্য উপাদানটি নিয়েই সম্প্রতি উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। ঢাকার বাজারে বিক্রি হওয়া সয়াবিন তেলে গ্রহণযোগ্য সীমার চেয়ে কয়েক গুণ বেশি মাত্রায় সীসা, নিকেল, আর্সেনিক ও কপারের মতো ক্ষতিকর ভারী ধাতুর উপস্থিতি পেয়েছেন গবেষকরা।
গবেষণায় পাওয়া বিষাক্ত উপাদানের চিত্র দিচ্ছে ভয়াবগ তথ্য। আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় দেশের সয়াবিন তেলের নমুনায় বিষাক্ত ধাতুর উপস্থিতি রীতিমতো আশঙ্কাজনক অবস্থায় পৌঁছেছে। দেশের ৫ টি ব্র্যান্ডের কোম্পানির নমনুনা,বাকি সব খেলার নমুনা নেয়া হয়। এরপর ব্র্যান্ড ও খোালা তেল সবগুলোর ভেতর পরীক্ষায় উদ্বেগজনক হারে এসব পাওয়া গেছে। তবে গবেষনার নীতিগত কারনে ওই পাচ ব্র্যান্ডের নাম তারা বলেনি। তবে ধারণা করা ভুল হবে না যে দেশের সব শীর্ষ ব্র্যান্ডের সয়াবিন তেলে ক্ষতিকর এসব পদার্থ আছে।
সীসার মাত্রাঃ আন্তর্জাতিক কোডেক্স মান অনুযায়ী প্রতি কেজি তেলে সর্বোচ্চ ০.০৮ মিলিগ্রাম সীসা (লেড) থাকতে পারে। পরীক্ষায় ২১টির মধ্যে ২০টি নমুনাতেই সীসা মাত্রাতিরিক্ত পাওয়া গেছে। সর্বোচ্চ মাত্রা মিলেছে ১.৫২৯ মিলিগ্রাম প্রতি কেজি, যা অনুমোদিত সীমার চেয়ে প্রায় ১৯ গুণ বেশি।
নিকেলের মাত্রাঃ কোডেক্স মানদণ্ড ভেঙে (০.১ মিলিগ্রাম প্রতি কেজি) ১৪টি নমুনাতেই অতিরিক্ত নিকেল পাওয়া গেছে। সর্বোচ্চ মাত্রা ছিল ২.৩৬৮ মিলিগ্রাম প্রতি কেজি, যা গ্রহণযোগ্য সীমার চেয়ে প্রায় ২৪ গুণ বেশি।
তামার মাত্রাঃ ২১টি নমুনার প্রতিটিতেই কোডেক্স নির্ধারিত সীমা (০.১ মিলিগ্রাম প্রতি কেজি) ছাড়িয়ে গেছে। সর্বোচ্চ মাত্রা মিলেছে ০.৮০৬ মিলিগ্রাম প্রতি কেজি, যা আন্তর্জাতিক সীমার চেয়ে ৮ গুণ বেশি।
আর্সেনিকের মাত্রাঃ সবকটি নমুনাতেই আর্সেনিক নির্ধারিত সীমার (০.১ মিলিগ্রাম প্রতি কেজি) ওপরে পাওয়া গেছে। সর্বোচ্চ মাত্রা মিলেছে ০.২৭৬ মিলিগ্রাম প্রতি কেজি, যা প্রায় ৩ গুণ বেশি।
ক্রোমিয়াম ও পারদের উপস্থিতিঃ তেলে উচ্চমাত্রার মোট ক্রোমিয়াম (সর্বোচ্চ ৫.৬৪৩ মিলিগ্রাম প্রতি কেজি) এবং পারদ বা মার্কারি (সর্বোচ্চ ০.২৬৪ মিলিগ্রাম প্রতি কেজি) মিলেছে। তবে একমাত্র ক্যাডমিয়াম সবকটি নমুনায় নিরাপদ সীমার মধ্যে ছিল।
বিজ্ঞান বলছে, ভারী ধাতু শরীরে প্রবেশ করলে তা সহজে বের হতে পারে না, বরং ধীরে ধীরে রক্ত ও বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গে জমতে থাকে (বায়োঅ্যাকিউমুলেশন)। সীসা মানবদেহের স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি করে, শিশুদের মানসিক বিকাশ ও বুদ্ধিমত্তা ব্যাহত করে এবং রক্তশূন্যতা ও কিডনির জটিলতা তৈরি করে। আর্সেনিক সরাসরি ক্যান্সার সৃষ্টিকারী একটি উপাদান (কার্সিনোজেন)। এটি ত্বক, মূত্রথলি ও ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী। একইভাবে, ক্রোমিয়ামের ক্ষতিকর রূপ হেক্সাভ্যালেন্ট ক্রোমিয়াম শরীরে কোষের মিউটেশন ঘটিয়ে ক্যান্সার তৈরি করতে পারে। অতিরিক্ত নিকেল ও কপার শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বাড়িয়ে দেয়, যা দীর্ঘমেয়াদে লিভার, ফুসফুস ও কিডনির স্থায়ী ক্ষতি ডেকে আনে।
এই গবেষণাটি সম্পন্ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান গবেষক, রসায়ন বিভাগ, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বিএইসি), বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) একদল বিজ্ঞানী। গবেষণাটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞান প্রকাশনা সংস্থা এলসেভিয়ারের ‘জার্নাল অব ফুড কম্পোজিশন অ্যান্ড অ্যানালাইসিস’-এ প্রকাশিত হয়েছে।
নমুনার উৎস হিসেবে ঢাকার কারওয়ান বাজার, নিউ মার্কেট, মিরপুর ও মোহাম্মদপুর—এই চারটি পাইকারি বাজার থেকে দৈবচয়ন ভিত্তিতে ২১টি সয়াবিন তেলের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৬টি ছিল বোতলজাত ব্র্যান্ডের তেল এবং ১৫টি খোলা ড্রামের তেল। পরমাণু শক্তি কমিশনের পরীক্ষাগারে আধুনিক ‘আইসিপি-এমএস’ (ইন্দাক্টিভলি কাপল্ড প্লাজমা মাস স্পেকট্রোমেট্রি) প্রযুক্তির মাধ্যমে এগুলো বিশ্লেষণ করা হয়। গবেষকরা নীতিগত কারণে কোনো নির্দিষ্ট কোম্পানির নাম গবেষণাপত্রে সরাসরি উল্লেখ করেননি। নমুনাগুলোকে সংকেত হিসেবে চিহ্নিত করা হয়েছে (ব্র্যান্ডের তেল এস-১ থেকে এস-৬ এবং খোলা তেল এস-৭ থেকে এস-২১)। তবে একটি তাৎপর্যপূর্ণ বিষয় উঠে এসেছে—খোলা তেলের চেয়ে প্যাকেটজাত ব্র্যান্ডের তেলে নিকেলের মাত্রা গড়ে বেশি ছিল (ব্র্যান্ডের তেলে গড় ০.৯২৮ মিলিগ্রাম প্রতি কেজি এবং খোলা তেলে গড় ০.১৩৭ মিলিগ্রাম প্রতি কেজি)। গবেষকদের ধারণা, তেল পরিশোধনের সময় ব্যবহৃত ক্যাটালিস্ট বা কারখানার প্রক্রিয়াকরণ যন্ত্রপাতির সংস্পর্শে আসার কারণে এই ধাতুটি তেলে মিশে থাকতে পারে।
আন্তর্জাতিক বিভিন্ন গবেষণার তুলনায় বাংলাদেশের সয়াবিন তেলে ভারী ধাতুর মাত্রা বহু গুণ বেশি দেখা গেছে। স্পেনের ভোজ্য তেলে যেখানে সীসার উপস্থিতি মেলে ০.০০৮ মিলিগ্রামের নিচে, সেখানে বাংলাদেশে মিলেছে গড়ে ০.৫৯২ মিলিগ্রাম। চীনে সয়াবিন তেলে সীসা পাওয়া যায় ০.০১২ থেকে ০.০১৮ মিলিগ্রাম প্রতি কেজি এবং নিকেল পাওয়া যায় ০.০৪৩ থেকে ০.০৬৪ মিলিগ্রাম প্রতি কেজি; অথচ বাংলাদেশের তেলে নিকেল মিলেছে সর্বোচ্চ ২.৩৬৮ মিলিগ্রাম প্রতি কেজি পর্যন্ত। ইতালি বা তুরস্কে যেখানে তামার মাত্রা ০.১৩ থেকে ০.৮ মিলিগ্রাম প্রতি কেজির নিচে থাকে, সেখানে ঢাকার তেলের প্রতিটি নমুনাই আন্তর্জাতিক মান ছাড়িয়ে গেছে।
গবেষণায় একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া হয়েছে: একজন প্রাপ্তবয়স্ক মানুষ গড়ে দৈনিক যে পরিমাণ তেল খান (প্রায় ২৬.৭৫ গ্রাম), কেবল সেই সয়াবিন তেলের কারণে এককভাবে তাৎক্ষণিক কোনো বিষক্রিয়া বা রোগ তৈরি হবে না (নন-কার্সিনোজেনিক হ্যাজার্ড ইনডেক্স ১-এর নিচে)।
তবে, বিপদের মূল জায়গা হলো সম্মিলিত খাদ্যাভ্যাস (কিউমুলেটিভ এক্সপোজার)। দেশের মানুষ শুধু তেল নয়—ভাত, মাছ, শাকসবজি এবং পানির মাধ্যমেও প্রতিদিন সীসা ও আর্সেনিকের মতো বিষাক্ত উপাদানের সংস্পর্শে আসছে। এই বহুমুখী খাদ্যের মাধ্যমে শরীরে বছরের পর বছর ভারী ধাতু জমা হতে থাকে। দেশে যে হারে কিডনি বিকল হওয়া, হৃদরোগ বা কার্ডিওভাসকুলার রোগ এবং ক্যান্সারের প্রকোপ বাড়ছে, তার পেছনে প্রতিদিনের ভোজ্য তেলের মতো দূষিত খাদ্য উপাদানের দীর্ঘমেয়াদি ভূমিকা কোনোভাবেই উড়িয়ে দেওয়া যায় না।
আমদানি করা অপরিশোধিত তেল থেকে শুরু করে কারখানার পরিশোধন ও বাজারজাতকরণের পুরো প্রক্রিয়ায় কঠোর নজরদারি এবং বিএসটিআই-এর মান নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় প্রয়োজন।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



