জ্বালানি তেলের পর ভোজ্য তেলের সংকটের নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৮ এপ্রিল ২০২৬, ৯:২৩পরিবর্তন করতে ক্লিক করুন
জ্বালানি তেলের পর ভোজ্য তেলের সংকটের নেপথ্যে
শেয়ার করুন:

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে এমনিতেই পরিবহন ও কৃষি খাতে উৎপাদন ব্যয় বেড়েছে। এর ওপর যদি ভোজ্যতেলের মতো নিত্যপণ্যের বাজারও অসাধু ব্যবসায়ীদের কবজায় থাকে, তবে সাধারণ মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে।

দেশের জ্বালানি তেলের বাজারে অস্থিরতা কাটিয়ে ওঠার আগেই এবার সাধারণ মানুষের রান্নাঘরের অপরিহার্য পণ্য ভোজ্যতেলের বাজারে ভয়াবহ নৈরাজ্য শুরু হয়েছে। ক্রেতাদের অভিযোগ, সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে খুচরা বাজারে প্রতি লিটার সয়াবিন তেল ৩০ টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি হচ্ছে, যা সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রাকে চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে। বুধবার (৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এই পরিস্থিতিকে একটি ‘সংগঠিত প্রতারণা’ হিসেবে অভিহিত করেছে।

 

ক্যাবের বিশ্লেষণ বলছে, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে ভোক্তাদের পকেট কাটার এক নজিরবিহীন প্রতিযোগিতা চলছে। বর্তমানে সরকার নির্ধারিত বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৭০ টাকা হলেও ক্রেতাদের কিনতে হচ্ছে ২০০ টাকায়। একইভাবে ১৮৫ টাকা নির্ধারিত খোলা সয়াবিন তেল এবং ১৬২ টাকা নির্ধারিত পাম তেলও বাজারে অনেক চড়া দামে বিক্রি হচ্ছে। এই মূল্যবৃদ্ধির পেছনে বিশ্ববাজারের দোহাই দেওয়া হলেও বাস্তবে এটি স্থানীয় সিন্ডিকেট ও মজুতদারদের কারসাজি বলেই অভিযোগ উঠেছে।

 

মানবন্ধনে ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির অত্যন্ত ক্ষোভের সাথে জানান, প্রশাসন ও বাজার তদারকি সংস্থাগুলোর কার্যকর ভূমিকার অভাবেই বাজারের এই বেহাল দশা। বিশেষ করে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের দুর্বল মনিটরিং ব্যবস্থার সুযোগ নিয়ে কতিপয় অসাধু আমদানিকারক ও পাইকারি বিক্রেতা শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছে।

তার অভিযোগ, যখনই বাজারে কোনো পণ্যের সরবরাহ সামান্য হ্রাস পায়, তখনই এই চক্রটি মজুতদারির মাধ্যমে বাজারে কৃত্রিম হাহাকার তৈরি করে এবং কয়েক দিনের ব্যবধানে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। বাজার নিয়ন্ত্রণে ডিরেক্টরেট অব ন্যাশনাল কনজ্যুমার রাইটস প্রটেকশন (ডিএনসিআরপি) মাঝেমধ্যে অভিযান চালালেও তা সিন্ডিকেটের মূল উপড়ে ফেলতে পারছে না।

 

বিশ্লেষকদের মতে, বাজারের অস্থিরতার পাশাপাশি জনস্বাস্থ্যের বিষয়টিও এখন বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্যাব জানায়, বাজারে খোলা সয়াবিন ও পাম তেল বিক্রির ক্ষেত্রে এখনো অস্বাস্থ্যকর ‘নন-ফুড গ্রেড’ ড্রাম ব্যবহার করা হচ্ছে। এসব ড্রামে আগে রাসায়নিক দ্রব্য পরিবাহিত হতো, যা এখন ভোজ্যতেল সংরক্ষণে ব্যবহৃত হচ্ছে। এটি জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি এবং দীর্ঘমেয়াদে মরণব্যাধি ক্যানসার ও লিভারের সমস্যার কারণ হতে পারে। আইন অনুযায়ী বোতলজাত বা স্বাস্থ্যসম্মত ড্রামে তেল বিক্রির কথা থাকলেও সিন্ডিকেটের প্রভাবে তা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।

 

এই সংকটময় পরিস্থিতি থেকে সাধারণ ভোক্তাদের মুক্তি দিতে ক্যাব পাঁচটি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করেছে। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে:

অবিলম্বে সরকার নির্ধারিত দামে খোলা ও বোতলজাত তেল বিক্রি নিশ্চিত, তেলের বাজারে সক্রিয় অসাধু চক্রকে চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা, কেবল জরিমানা নয়, মজুতদারির প্রমাণ মিললে লাইসেন্স বাতিল ও কারাদণ্ডসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া,  ড্রামে খোলা তেল বিক্রি বন্ধ করে ফুড-গ্রেড প্যাকিং বাধ্যতামূলক এবং বাজার তদারকি সংস্থাকে ঢেলে সাজানো ও আমদানিকারক পর্যায়ে নিয়মিত জবাবদিহিতা নিশ্চিত করা।

 

বিশ্লেষকদের মতে, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে এমনিতেই পরিবহন ও কৃষি খাতে উৎপাদন ব্যয় বেড়েছে। এর ওপর যদি ভোজ্যতেলের মতো নিত্যপণ্যের বাজারও অসাধু ব্যবসায়ীদের কবজায় থাকে, তবে সাধারণ মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে। প্রশাসনের উদাসীনতা ও সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ না হলে এই সংকট সামাজিক অস্থিরতায় রূপ নিতে পারে। তাই সরকারের উচিত হবে কেবল আলোচনার টেবিলে সীমাবদ্ধ না থেকে মাঠ পর্যায়ে কঠোর হস্তক্ষেপের মাধ্যমে তেলের বাজার স্থিতিশীল করা।

 

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: