মৌলবাদ ও মব সন্ত্রাসের বিরুদ্ধে সৌহার্দ্যের বাংলাদেশের ১০ দফা দাবি, ২০ নভেম্বর ঢাকা-ময়মনসিংহ লংমার্চ

বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৭পরিবর্তন করতে ক্লিক করুন
মৌলবাদ ও মব সন্ত্রাসের বিরুদ্ধে সৌহার্দ্যের বাংলাদেশের ১০ দফা দাবি, ২০ নভেম্বর ঢাকা-ময়মনসিংহ লংমার্চ

ঢাকা পেপার্স

শেয়ার করুন:

মৌলবাদ, মব সন্ত্রাস, ধর্মীয়-সাংস্কৃতিক নিপীড়ন ও সকল প্রকার আগ্রাসনের বিরুদ্ধে ন্যায়বিচার ও নাগরিক নিরাপত্তার ১০ দফা দাবি জানিয়েছে সামাজিক ঐক্যজোট সৌহার্দ্যের বাংলাদেশ। দাবি আদায়ে দেশের ৬৪ জেলায় স্মারকলিপি প্রদান, মানববন্ধন, মশাল মিছিল এবং শহীদ মিনার থেকে ঢাকা-ময়মনসিংহ লংমার্চসহ ধারাবাহিক কর্মসূচিও ঘোষণা করেছে জোটটি।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে সুফি, সুন্নি, সনাতন, বৌদ্ধ, খ্রিস্টান, সাম্যবাদী, বাউল, আদিবাসী ও সংস্কৃতিমনস্ক মানুষের সম্মিলনে ধর্মীয় উগ্রবাদ প্রতিরোধের কর্মসূচি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মৌলবাদ, মব সন্ত্রাস, ধর্মীয়-সাংস্কৃতিক নিপীড়ন ও সকল প্রকার আগ্রাসনের বিরুদ্ধে ন্যায়বিচার ও নাগরিক নিরাপত্তার ১০ দফা দাবি জানিয়েছে সামাজিক ঐক্যজোট সৌহার্দ্যের বাংলাদেশ। দাবি আদায়ে দেশের ৬৪ জেলায় স্মারকলিপি প্রদান, মানববন্ধন, মশাল মিছিল এবং শহীদ মিনার থেকে ঢাকা-ময়মনসিংহ লংমার্চসহ ধারাবাহিক কর্মসূচিও ঘোষণা করেছে জোটটি। সংবাদ সম্মেলনের সারসংক্ষেপ তুলে ধরেন মাহাথির মুহম্মদ। সংবাদ বিবৃতি পাঠ করেন হাসান সুরেশ্বরী নুরী দিপু। কর্মসূচি ঘোষণা করেন অ্যাডভোকেট সুমন কুমার রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাসির উদ্দীন চিশতী।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও খ্রিস্টান প্রতিনিধি নির্মল রোজারিও, বৌদ্ধ ধর্মের প্রতিনিধি ভিক্ষু সুনন্দ প্রিয়, বাংলাদেশ সুপ্রিম পার্টির যুগ্ম সম্পাদক মো. ইব্রাহিম মিয়া, গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের সমন্বয়ক আব্দুল্লাহ ক্বাফী রতন, ইউনাইটেড তরিকত পার্টির নেতা মোস্তাক রাজাজি, আশ্বেকানে আউলিয়া ঐক্য পরিষদের আল্লামা হানিফ নুরী, বাংলাদেশ সনাতন পার্টির (বিএসপি) ধর্মযাজক প্রণবানন্দ মহারাজ, সন্তোষ চন্দ্র দাস, এনপিএ নেতা অনিক রায় প্রমুখ বিভিন্ন সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

বিবৃতিতে জানানো হয়, সৌহার্দ্যের বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত সামাজিক ঐক্যজোট। সুন্নি-সুফি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী ও অন্যান্য নৃগোষ্ঠী, বাউল-ফকির, শিল্পী, আইনজীবী, বুদ্ধিজীবী, বিচারক, সাবেক সামরিক কর্মকর্তা, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সকল গণতন্ত্রকামী ও অসাম্প্রদায়িক নাগরিক এই জোটে এক কাতারে দাঁড়িয়েছেন। নাগরিকের জীবন, স্বাধীনতা, বিশ্বাস, সংস্কৃতি ও মর্যাদা রক্ষায় শান্তিপূর্ণ ও আইনসম্মত পথে লড়াই করতে তাঁরা অঙ্গীকারবদ্ধ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে তাঁদের উত্থাপিত ১০ দফা দাবি হলোঃ

১. মব সন্ত্রাসের বিচার, ক্ষতিপূরণ ও সকল প্রতিষ্ঠানের নিরাপত্তা

মাজার, মন্দির, আখড়া, খানকা, দরবারসহ সকল ধরনের ধর্মীয় উপাসনালয়; উদীচী, ছায়ানটের মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠান; প্রথম আলো, ডেইলি স্টারের মতো পত্রিকা অফিস; রাজনৈতিক দলের কার্যালয়; কেবল বিশ্বাসের কারণে আক্রান্ত মানুষের আবাসিক এলাকা; যাত্রা, নাটক, গানের অনুষ্ঠান, ওরশ, পূজা, মেলা, কনসার্ট এবং মেয়েদের খেলাধুলার প্রতিযোগিতাসহ সকল শান্তিপূর্ণ ও আইনসঙ্গত প্রতিষ্ঠান ও চর্চার ওপর "মব"-এর নামে যত সন্ত্রাসী হামলা হয়েছে, তার প্রতিটির নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। হামলার শিকার প্রতিটি ব্যক্তি, পরিবার, সম্প্রদায় ও প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয়ভাবে যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন দিতে হবে। সকল আইনসঙ্গত ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান, সম্প্রদায় ও চর্চার নিরাপত্তা রাষ্ট্রকেই সমানভাবে নিশ্চিত করতে হবে।

২. মাদ্রাসায় শিশু নির্যাতন ও যৌন নিপীড়নের বিচার

মাদ্রাসায় শিশুদের ওপর চলমান নির্যাতন, জোরপূর্বক যৌন নিপীড়ন ও ধর্ষণ এখনই বন্ধ করতে হবে। এ জন্য কঠোর ব্যবস্থা নিতে হবে, প্রয়োজনে নতুন আইন প্রণয়ন করতে হবে। ইতঃপূর্বে মাদ্রাসায় সংঘটিত প্রতিটি যৌন নিপীড়নের ঘটনায় দায়ীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

৩. নিরাপত্তার ধুয়ো তুলে ধর্ম ও সংস্কৃতিচর্চায় নিষেধাজ্ঞা নয়

ওরশ, মেলা, পূজা, ধর্মীয় অনুষ্ঠান, মেয়েদের খেলাধুলার আসর, সাংস্কৃতিক অনুষ্ঠান, কনসার্ট বা অন্য কোনো শান্তিপূর্ণ সমাবেশের ওপর নিরাপত্তার ধুয়ো তুলে কোনো প্রকার রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধতা আরোপ করা যাবে না। হুমকি থাকলে তা কঠোরভাবে দমন করাই রাষ্ট্রের দায়িত্ব, আয়োজন বন্ধ করে দেওয়া নয়। ধর্ম, সংস্কৃতি ও শিল্পচর্চার জন্য অবাধ, স্বতঃস্ফূর্ত, নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ রাষ্ট্রকেই গড়ে তুলতে হবে।

৪. বিশ্বাস কিংবা অবিশ্বাসের জন্য হত্যা ও সহিংসতার বিচার

সুফি হওয়ার অপরাধে মাওলানা রইস উদ্দিন, হিন্দু হওয়ার অপরাধে দিপু চন্দ্র দাস, ফকির হওয়ার অপরাধে শামীম আল জাহাঙ্গীর আল সুরেশ্বরী ওরফে শামীম, কথিত ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম; "ব্লগার হত্যা"র নামে লেখক ও সাহিত্যিক হত্যা—বিশ্বাস কিংবা অবিশ্বাসের জন্য সংঘটিত প্রতিটি হত্যা ও সহিংসতার নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। রংপুরে গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের ওপর সংঘটিত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে।

ধর্ম অবমাননার ধুয়ো তুলে সুনামগঞ্জের দোয়ারাবাজার ও তাহিরপুরে হিন্দুদের ওপর, কুমিল্লার হোমনায় সুফিদের ওপর এবং মানিকগঞ্জে বাউলের ওপর হামলাসহ ধর্ম অবমাননার নামে সংঘটিত সকল হামলার দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ধর্ম রক্ষার নামে নুরাল পাগল, মোস্তফা সরোয়ার রাজাজিসহ যাঁদের মৃতদেহের ওপরও সহিংসতা চালানো হয়েছে, সেসব বর্বরতারও বিচার করতে হবে। কোনো সম্প্রদায়কে "অমুসলিম" ঘোষণার দাবি নাগরিক অধিকার ও জননিরাপত্তার সরাসরি বিরোধী। এ ধরনের দাবিকে জঙ্গিবাদী ও রাষ্ট্রবিরোধী তৎপরতা হিসেবে গণ্য করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। রাষ্ট্রীয়ভাবে নাগরিকের ধর্মকে পরিচয় হিসেবে উল্লেখ করা যাবে না এবং নাগরিকের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

৫. ওরশে হয়রানিমূলক অনুমতির নিয়ম বাতিল

ওরশ আয়োজনের জন্য অনুমতি নেওয়ার হয়রানিমূলক নিয়ম বাতিল করতে হবে। ভক্ত-আশেকানরা যেন কারও দুয়ারে ধরনা না দিয়ে স্বাধীনভাবে ওরশ উদযাপন করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।

৬. ধর্মীয়-আধ্যাত্মিক প্রতীক ও লোকায়ত সংস্কৃতির সুরক্ষা

বাউল-ফকিরের চুল ও জটা, হিন্দু সাধুর জটা, ত্রিশূল, পাক পাঞ্জাতনের চিহ্ন, রুদ্রাক্ষের মালা, কণ্ঠির মালা, বালাসহ সকল ধর্মীয় ও আধ্যাত্মিক প্রতীক বহনের অধিকার ও নিরাপত্তা দিতে হবে। জোর করে চুল বা জটা কেটে দেওয়া, প্রতীকের ওপর আক্রমণ, অপমান, সামাজিক বয়কট, ভয়ভীতি বা মানসিক নিপীড়নকে শাস্তিযোগ্য অপরাধ গণ্য করে কঠোর শাস্তি দিতে হবে। ধর্মীয় শুদ্ধিকরণের নামে বাউল, ফকির, সুফি, হিন্দু সাধু এবং নিশিকাইন্দা-ছ্যাই, খোয়াজ খিজির, দক্ষিণ রায়, বনদেবী, বনদুর্গাসহ যেকোনো লোকদেবতা বা লোকায়ত শক্তির উপাসক সম্প্রদায় ও গোষ্ঠীর ওপর কোনো প্রকার হামলা, আক্রমণ কিংবা সামাজিক বা মানসিক চাপ প্রয়োগ করা যাবে না। বাংলার ঐতিহ্যবাহী লোকায়ত চর্চাকে কুফর, শিরক, বিদআত বা "হিন্দুয়ানি" বলে আক্রমণের লক্ষ্যবস্তু বানানো যাবে না। কোনো বৃক্ষ, নদী, পাহাড়, টিলা, পাথর বা স্থানকে ঘিরে স্থানীয় মানুষের লোকায়ত আধ্যাত্মিক বিশ্বাস ও চর্চাকে কুসংস্কার আখ্যা দিয়ে গাছ কাটা, চর্চার বস্তুর ক্ষতি সাধন বা চর্চায় কোনো বাধা দেওয়া যাবে না। এসব নিদর্শন সংরক্ষণে আইনসম্মত ও পরিবেশসম্মত ব্যবস্থা নিতে হবে।

৭. নারীর জীবন, শরীর, মর্যাদা ও স্বাধীনতার পূর্ণ নিরাপত্তা

নারীর ওপর সংঘবদ্ধ আক্রমণ, কথিত "মব"-এর নামে হেনস্থা, ধর্ষণ, যৌন সহিংসতা, পোশাকের কারণে আক্রমণ-অপমান-হেনস্থা-টিজিং, নথ-টিপসহ যেকোনো অলংকার পরার কারণে সহিংসতা, মেয়েদের খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় বাধা, বাল্যবিবাহ—তথা নারীর ওপর সংঘটিত সকল নির্যাতন ও সহিংসতার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। প্রাপ্তবয়স্ক নারীর নিজের জীবন, শরীর, পোশাক, বিশ্বাস, শিক্ষা, পেশা, চলাফেরা, সংস্কৃতি ও ক্রীড়া নিয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা নিশ্চিত করতে হবে। কর্মস্থলে নারীর নিরাপত্তা এবং গর্ভাবস্থায় নারী শ্রমিকের সবেতন মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করতে হবে। মধ্যপ্রাচ্যসহ বিদেশে নারী শ্রমিক পাঠানোর আগে সংশ্লিষ্ট দেশের সঙ্গে রাষ্ট্রীয় পর্যায়ে নিরাপত্তা চুক্তি, শ্রম অধিকার ও অভিযোগ প্রতিকারের কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তা না করে একজন নারী শ্রমিককেও পাঠানো যাবে না।

৮. ঐতিহাসিক সুফি মাজার ও খানকার স্বাতন্ত্র্য ও ঐতিহ্য রক্ষা

শাহজালাল, শাহপরান, শাহ আলী, কল্লা শহীদ, শাহ সুলতান বলখি, শাহ সুলতান কদরুদ্দিন রুমি, খানজাহান আলী, বায়েজিদ বোস্তামীসহ দেশের সকল ঐতিহ্যবাহী মাজারের মসজিদে সুফি সম্প্রদায়ের ইমাম ও মুয়াজ্জিন নিয়োগ দিতে হবে। এসব ঐতিহ্যবাহী সুফি প্রতিষ্ঠানে কওমি, ওহাবি, সালাফি তথা আহলে হাদিস কিংবা মওদুদীবাদী ধারার কোনো ব্যক্তিকে নিয়োগ দেওয়া যাবে না।

মাজারের মোতোয়াল্লি হবেন সেই তরিকার মানুষ, যে তরিকার সুফির মাজার। মোতোয়াল্লিই হবেন মাজারের ট্রাস্টি বোর্ডের প্রধান এবং তিনি কেবল আদালতের কাছে জবাবদিহি করবেন। ওয়াকফ আইন সংশোধন করে মাজারের ওপর থেকে স্থানীয় প্রশাসনের সকল ক্ষমতা রহিত করতে হবে।

বাংলার সুলতান ও নবাবদের জারি করা আইন অনুসারে মাজার ও খানকাগুলোকে তাদের ঐতিহাসিক লাখেরাজ সম্পত্তি ফিরিয়ে দিতে হবে। এ বিষয়ে ব্রিটিশ আইনের পরিবর্তে বাংলার সুলতান ও নবাবদের আইনই অগ্রগণ্য বলে বিবেচিত হবে।

৯. অর্পিত/শত্রু সম্পত্তি আইন বাতিল ও সম্পত্তি ফেরত

অর্পিত বা শত্রু সম্পত্তি আইন বাতিল করতে হবে। সিএস খতিয়ান অনুসারে দেশে বা বিদেশে বসবাসরত হিন্দু নাগরিকদের তাঁদের ভূসম্পত্তি ফিরিয়ে দিতে হবে। মালিকানা ও উত্তরাধিকার নির্ধারণে সিএস খতিয়ানের পাশাপাশি সকল প্রাসঙ্গিক ঐতিহাসিক দলিল, রেকর্ড ও আদালতের রায় বিবেচনা করতে হবে। অবৈধ দখল, জাল দলিল, প্রশাসনিক অনিয়ম ও ভূমিদস্যুতার বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নিতে হবে।

১০. সনাতনী অধিকার আন্দোলনের কর্মীদের মুক্তি

সনাতনী সম্প্রদায়ের অস্তিত্ব, নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার রক্ষার দাবিতে আন্দোলন করার কারণে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ যাঁরা গ্রেপ্তার বা কারাবন্দী হয়েছেন, তাঁদের মামলা নিরপেক্ষ ও ন্যায়সঙ্গতভাবে পর্যালোচনা করতে হবে। কেবল শান্তিপূর্ণ ও আইনসম্মত মতপ্রকাশ বা আন্দোলনের কারণে যাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং যাঁদের বিরুদ্ধে অপরাধের বিশ্বাসযোগ্য প্রমাণ নেই, তাঁদের দ্রুত আইনানুগ মুক্তি দিতে হবে।

সংবাদ সম্মেলনে জোটের অঙ্গীকার সম্পর্কে নেতৃবৃন্দ বলেন, সৌহার্দ্যের বাংলাদেশ কোনো ধর্ম বা মতাদর্শের বিরুদ্ধে নয়। জোটটি দাঁড়িয়েছে সহিংসতা, মব সন্ত্রাস, ধর্মীয় উগ্রবাদ, সাংস্কৃতিক দমন, নারী নির্যাতন, সাম্প্রদায়িক বৈষম্য এবং সকল প্রকার আইনবহির্ভূত আগ্রাসনের বিরুদ্ধে। জোটের ভাষ্য, রাষ্ট্রের কাজ নাগরিককে নিয়ন্ত্রণ করা নয়; নাগরিকের সাংবিধানিক অধিকার, জীবন, স্বাধীনতা, মর্যাদা, বিশ্বাস ও নিরাপত্তা রক্ষা করা। আইনের শাসন, ন্যায়বিচার, সমঅধিকার ও মানবিক মর্যাদার ভিত্তিতে একটি সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গড়াই তাঁদের লক্ষ্য। দ্রুততম সময়ের মধ্যে দাবিসমূহ মেনে নেওয়া না হলে দেশব্যাপী স্মারকলিপি প্রদান, অনশন ও লংমার্চের মতো কর্মসূচি নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি দেন জোটের নেতারা। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৩ থেকে ৫ নভেম্বর দেশের ৬৪ জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। ৫ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী বরাবর সরাসরি স্মারকলিপিও দেওয়া হবে। ১৩ নভেম্বর দাবি আদায়ে মানববন্ধন, বিক্ষোভ, শপথ ও মশাল মিছিল অনুষ্ঠিত হবে। আর ২০ নভেম্বর শহীদ মিনার থেকে ঢাকা-ময়মনসিংহ লংমার্চ করবে সৌহার্দ্যের বাংলাদেশ।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: