সিরাজ সিকদার: বিপ্লব, জাতীয় মুক্তি ও রাষ্ট্রীয় হত্যাকাণ্ড


ঢাকা পেপার্স গ্রাফিক্স
দেশে কোনো বাম দলের তত্ত্ব অনুযায়ী আজ পর্যন্ত বিপ্লব না হওয়ায় সিরাজ সিকদারের ভুল-ত্রুটি মূল্যায়নের যোগ্যতাও আমাদের নেই। তবে বিপ্লবী আকাঙ্ক্ষা, দেশপ্রেম ও আত্মত্যাগের কারণে শত্রুর কাছেও তাঁর আবেদন অমলিন। এ দেশের শোষিত মানুষের কিংবদন্তি কমরেড সিরাজ সিকদারকে জন্মদিনের শ্রদ্ধা।
আজ সিরাজ সিকদারের জন্মদিন। ১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হয়ে পাকিস্তান কায়েম হলেও পূর্ব বাংলার মানুষের মুক্তি মেলেনি; পুরনো প্রভুর জায়গায় চেপে বসে পাকিস্তানি উপনিবেশ। ১৯৭১ সালে এই নতুন উপনিবেশের বিরুদ্ধে দীর্ঘ প্রস্তুতির চূড়ান্ত বিস্ফোরণ ঘটে। কিন্তু আমাদের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো, শাসকশ্রেণির আনুকূল্য পাওয়া এলিট জাতীয়তাবাদী ইতিহাসবিদদের চোখে নিম্নবর্গের মানুষের লড়াই কখনোই ধরা পড়েনি। উঠতি মধ্যবিত্ত আর ক্ষমতাসীন বুর্জোয়াদের ফরমায়েশি ইতিহাসের পাতা থেকে খুব কৌশলে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে সিরাজ সিকদার ও তাঁর প্রতিষ্ঠিত ‘পূর্ব বাংলার সর্বহারা পার্টি’কে।
শাসকগোষ্ঠীর বয়ানে সিরাজ সিকদার ও তাঁর দল ছিল ‘সংঘবদ্ধ ডাকাতদল’ কিংবা ‘সিআইএর চর’। আবার এ দেশের প্রবীণ বামপন্থীরা—যাঁরা নিষিদ্ধ থাকার অজুহাতে আওয়ামী লীগ বা ন্যাপের ভেতরে মিশে ক্ষমতাসীনদের অনুষঙ্গ হয়েছিলেন—তাঁরা মার্কসবাদী তত্ত্বের দোহাই দিয়ে তাঁকে ‘হঠকারী’ বলে খারিজ করতে চেয়েছেন। এখানে ইসলামপন্থী বা কমিউনিস্ট—সবাই যখন বাইরের দেশের দিকে তাকিয়ে রাজনীতি করেছে এবং মস্কো কিংবা পিকিংয়ের অন্ধ অনুকরণে ব্যস্ত থেকেছে, তখন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তরুণ ছাত্র সিরাজ সিকদার তাকিয়েছিলেন নিজের দেশের মাটি, নদী আর ঝড়বৃষ্টিতে সিক্ত ভূমির দিকে। দেশীয় ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে রাজনীতি ও রণকৌশলের মেলবন্ধন ঘটিয়ে তিনি বঙ্গীয় রীতিতে বিপ্লবী রাজনীতির জন্ম দেন।
ব্যক্তিজীবনে চে গুয়েভারার মতো এই বিপ্লবী মাত্র তিন মগ পানি দিয়ে তিন মিনিটে গোসল সারতে পারতেন এবং প্রখর রৌদ্রতাপ উপেক্ষা করে মাত্র দুই মিনিটের ভেতর ঘুমিয়ে পড়তে পারতেন। পেশায় প্রকৌশলী হিসেবেও তিনি ছিলেন অত্যন্ত দূরদর্শী। চট্টগ্রাম একদিন বাণিজ্যিক রাজধানী হবে এবং বারবার সেতু নির্মাণ সম্ভব নয়—এই ভাবনা থেকে ষাটের দশকে চট্টগ্রাম শহরে ঢোকার মুখে তিনি যে বিশাল সেতু নির্মাণ করেছিলেন, তা আজও টিকে আছে।
স্বাধীনতার প্রথম লিখিত ঘোষণা ও জাতীয় মুক্তির তাত্ত্বিক রূপরেখা
ষাটের দশকে পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট আন্দোলন যখন রুশ ও চীন—এই দুই শিবিরে বিভক্ত হয়ে তাত্ত্বিক বিতর্কে ব্যস্ত, তখন সিরাজ সিকদার বুঝেছিলেন নিজস্ব বিপ্লবী তত্ত্ব ও রণকৌশল ছাড়া মুক্তির লড়াই অসম্ভব। ১৯৬৭ সালে তিনি ঢাকার মালিবাগে ‘মাও সেতুং চিন্তাধারা গবেষণা কেন্দ্র’ গড়ে তোলেন। তৎকালীন জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসংঘের সশস্ত্র হামলার কারণে নিরাপত্তাজনিত সংকটে কেন্দ্রটি বন্ধ হয়ে গেলেও তিনি দমে যাননি। ১৯৬৮ সালের ৮ জানুয়ারি তিনি গঠন করেন ‘পূর্ব বাংলার শ্রমিক আন্দোলন’ এবং সেদিনই পেশ করেন তাঁর ঐতিহাসিক ‘পূর্ব বাংলার শ্রমিক আন্দোলনের থিসিস’।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই থিসিসটিই ছিল স্বাধীনতার প্রথম লিখিত তাত্ত্বিক ঘোষণা ও পূর্ণাঙ্গ রূপরেখা। হাসান হাফিজুর রহমান সম্পাদিত রাষ্ট্রীয় প্রকাশনা ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র’ গ্রন্থে এই থিসিসকে মুক্তিযুদ্ধের প্রথম লিখিত ঘোষণা হিসেবে স্বীকৃতি দিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রচলিত মস্কোপন্থী বামরা যখন পাকিস্তানের কাঠামোর ভেতরেই শান্তিপূর্ণ উত্তরণের স্বপ্ন দেখছিল এবং পিকিংপন্থীদের বড় অংশ বাঙালির জাতীয় আত্মনিয়ন্ত্রণাধিকারের লড়াইকে অবমূল্যায়ন করছিল, তখন মাত্র ২৪ বছর বয়সী সিরাজ সিকদার পূর্ব বাংলাকে পাকিস্তানের একটি উপনিবেশ হিসেবে চিহ্নিত করেন।
এই থিসিসে তিনি পাকিস্তানি শাসকগোষ্ঠীর সঙ্গে পূর্ব বাংলার জনগণের জাতীয় দ্বন্দ্বকে সমাজের প্রধান দ্বন্দ্ব হিসেবে তুলে ধরেন এবং জাতীয় মুক্তিসংগ্রামের সঙ্গে শ্রেণিসংগ্রামকে এক বিন্দুতে মেলান। ১৯৬৮ সালেই তিনি ভবিষ্যৎ রাষ্ট্রের রূপরেখা ও পররাষ্ট্রনীতি নির্ধারণ করে ঘোষণা দেন, দীর্ঘস্থায়ী সশস্ত্র গণযুদ্ধের মধ্য দিয়ে পূর্ব বাংলা একটি স্বাধীন, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও প্রগতিশীল দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। শুধু তাত্ত্বিক ঘোষণায় সীমাবদ্ধ না থেকে সে বছরই তিনি ‘পূর্ব বাংলার বিপ্লবী সেনাবাহিনী’ গঠন করে গেরিলা যুদ্ধের প্রস্তুতি শুরু করেন। এমনকি মিয়ানমারের কমিউনিস্টদের সঙ্গে যোগাযোগের জন্যও তিনি প্রতিনিধি পাঠিয়েছিলেন; যে প্রক্রিয়ায় কর্নেল তাহেরের পরিবারের প্রায় সবাই যুক্ত থাকলেও পরে তাঁরা আর সর্বহারা পার্টিতে যোগ দেননি।
দৈনিক পূর্বদেশের ‘নতুন পতাকা’ ও লাল-সবুজ পতাকার আসল কারিগর
বাংলাদেশের জাতীয় পতাকার ইতিহাস নিয়ে গত পাঁচ দশক ধরে বড় ধরনের রাজনৈতিক মিথ্যাচার চলেছে। প্রচলিত ইতিহাসে বলা হয়, ১৯৭০ সালের জুনে বা ১৯৭১ সালের মার্চে ছাত্রলীগ নেতারা শিবনারায়ণ দাসের নকশায় মানচিত্রখচিত যে পতাকা তৈরি করেছিলেন এবং ১৯৭২ সালে পটুয়া কামরুল হাসান যেখান থেকে মানচিত্র বাদ দেন, সেটাই আমাদের পতাকার জন্মকথা। কিন্তু আর্কাইভের দলিল ভিন্ন সাক্ষ্য দেয়। শিবনারায়ণ দাস মূলত পতাকার মাঝখানে কেবল মানচিত্রটুকু এঁকেছিলেন; অথচ মানচিত্র ছাড়া সবুজ জমিনের ওপর রক্তলাল সূর্যের যে জাতীয় পতাকা আজ আমরা দেখি, তার আসল কারিগর ছিল সিরাজ সিকদারের ‘পূর্ব বাংলার শ্রমিক আন্দোলন’।
১৯৭০ সালের ৮ জানুয়ারি সংগঠনটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা, মুন্সীগঞ্জ ও ময়মনসিংহসহ দেশের ১৫-১৬টি জেলায় প্রকাশ্যে এই নতুন পতাকা উত্তোলন করা হয়। সেদিন মুন্সীগঞ্জের কোর্ট কাচারি, গুদারাঘাট ও হরগঙ্গা কলেজেও পতাকাটি উড়েছিল। তৎকালীন জনপ্রিয় পত্রিকা ‘দৈনিক পূর্বদেশ’-এর ভেতরের পাতায় ‘নতুন পতাকা’ শিরোনামে এই খবর ছাপা হয়, যা আজও বাংলা একাডেমি ও জাতীয় আর্কাইভে অক্ষত রয়েছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নুরুল আমিন ব্যাপারীর দক্ষিণ এশিয়ার মাওবাদ বিষয়ক পিএইচডি থিসিস, ডা. রিয়াজুর রহমানের লেখা এবং সাপ্তাহিক বিচিত্রার অনুসন্ধানী প্রতিবেদনেও এই পতাকার দালিলিক ইতিহাস উঠে এসেছে।
আমাদের লাল-সবুজ পতাকার মূল নকশাকার ছিলেন ঢাকা মেডিকেল কলেজের মেধাবী ছাত্র ও পূর্ব বাংলার শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় নেতা সাইফুল্লাহ আজমী। ১৯৪৭ সালের দেশভাগের পর তাঁর পরিবার ভারতের বিহার থেকে পূর্ব বাংলায় অভিবাসী হয়ে এসেছিল। নারায়ণগঞ্জের এক নারী কর্মী প্রথম এই পতাকাটি সেলাই করেন। বর্তমান জাতীয় পতাকার সঙ্গে সেই পতাকার কেবল একটি সূক্ষ্ম পার্থক্য ছিল—সবুজ জমিনে লাল সূর্যের ভেতরে সেখানে তিনটি মশালের স্মারক রাখা হয়েছিল। রাষ্ট্রীয় সব প্রতীকে যেখানে উগ্র বাঙালি জাতীয়তাবাদের একচেটিয়া আধিপত্য কায়েম করা হয়েছে, সেখানে সিরাজ সিকদারের দল এ দেশের ধর্মীয়, জাতিগত ও ভাষাগত সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পতাকায় ওই তিনটি মশাল রেখেছিল।
ইতিহাসের নির্মম পরিহাস, একাত্তরে বিহারিদের একটি অংশ পাকিস্তানি হানাদারদের সহযোগী হলেও বিহারি তরুণ সাইফুল্লাহ আজমী স্বাধীন বাংলাদেশের পতাকার নকশা করেছিলেন এবং অস্ত্র হাতে লড়েছিলেন। অথচ ১৯৭১ সালের আগস্টের শুরুতে সাভারে মুজিববাহিনীর সঙ্গে ঐক্যবদ্ধ যুদ্ধের বৈঠক করতে গেলে পতাকার নকশাকার সাইফুল্লাহ আজমীসহ সর্বহারা পার্টির পাঁচজন যোদ্ধাকে নির্মমভাবে হত্যা করে মুজিববাহিনী।
প্রলেতারিয়েতের বাংলা ‘সর্বহারা’ ও পেয়ারাবাগানের প্রথম মুক্তাঞ্চল
সিরাজ সিকদারের আগে এই অঞ্চলে গড়ে ওঠা সব বামপন্থী দলের নামেই ইংরেজি ‘কমিউনিস্ট পার্টি’ শব্দটি যুক্ত ছিল। তিনিই প্রথম প্রলেতারিয়েতের মাটিঘনিষ্ঠ বাংলা ‘সর্বহারা’ শব্দটি দিয়ে পার্টির নামকরণ করেন।
১৯৭১ সালের এপ্রিলে বরিশালের বানারীপাড়া ও স্বরূপকাঠির বিশাল পেয়ারাবাগান অঞ্চলে অবস্থান নেয় পূর্ব বাংলার শ্রমিক আন্দোলন। ৩০ এপ্রিল গঠিত হয় ‘পূর্ব বাংলার জাতীয় মুক্তিবাহিনী’ এবং পেয়ারাবাগানকে ঘোষণা করা হয় মুক্তিযুদ্ধের প্রথম মুক্তাঞ্চল ও গেরিলা ঘাঁটি। এই মুক্তাঞ্চলেই ১৯৭১ সালের ৩ জুন কামানের গোলার শব্দের ভেতর লাখো মানুষের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জন্ম নেয় ‘পূর্ব বাংলার সর্বহারা পার্টি’। ভারতের মাটিতে আশ্রয় না নিয়ে দেশের জনগণের ওপর নির্ভর করে বরিশাল, মাদারীপুর, শরীয়তপুর, ভোলা ও ফরিদপুর অঞ্চলে পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে অসংখ্য সফল গেরিলা অপারেশন পরিচালনা করে দলটি।
শেখ মুজিবের কাছে খোলা চিঠি ও অসমাপ্ত বিপ্লবের ডাক
১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় পেলেও পাকিস্তানি সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তরে টালবাহানা শুরু করে। ১৯৭১ সালের ১ মার্চ জেনারেল ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করার পরদিনই—২ মার্চ—শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের উদ্দেশে একটি ঐতিহাসিক খোলা চিঠি দেয় পূর্ব বাংলার শ্রমিক আন্দোলন।
শেখ মুজিব যখন ইয়াহিয়ার সঙ্গে আলোচনার টেবিলে সমঝোতা খুঁজছিলেন, তখন সেই চিঠিতে সিরাজ সিকদার স্পষ্টভাবে লেখেন, ছয় দফার রক্তাক্ত ইতিহাস প্রমাণ করেছে যে কেবল সশস্ত্র সংগ্রামের মাধ্যমে পূর্ব বাংলাকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন ও স্বাধীন করেই জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব। চিঠিতে অবিলম্বে স্বাধীন গণতান্ত্রিক পূর্ব বাংলা প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া এবং শ্রমিক-কৃষকসহ প্রকাশ্য ও গোপনে কার্যরত সব দেশপ্রেমিক শক্তির প্রতিনিধিদের নিয়ে অস্থায়ী বিপ্লবী সরকার ও ‘জাতীয় মুক্তি ফ্রন্ট’ গঠন করে সশস্ত্র মুক্তিযুদ্ধের ডাক দেওয়ার আহ্বান জানানো হয়। কিন্তু একলা চলো নীতিতে বিশ্বাসী আওয়ামী লীগ নেতৃত্ব তাতে কর্ণপাত করেনি।
১৬ ডিসেম্বর ভারতীয় বাহিনীর হস্তক্ষেপে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করার পর সর্বহারা পার্টি সতর্ক করে জানায়, দেশ ভারতীয় সম্প্রসারণবাদের নতুন উপনিবেশে পরিণত হচ্ছে। সদ্য স্বাধীন দেশে মুজিব সরকারের কাছে পাঠানো ২৭ দফার আরেকটি খোলা চিঠিতে দলটি দাবি জানায়—অনতিবিলম্বে শর্তহীনভাবে সব ভারতীয় সৈন্য ও উপদেষ্টাকে ফেরত পাঠানো, মুক্তিবাহিনীর যোদ্ধাদের দিয়ে নিয়মিত সেনাবাহিনী গড়ে তোলা এবং জামায়াতে ইসলামী, মুসলিম লীগ, পিডিপি, নেজামে ইসলামসহ পাকিস্তানি বাহিনীর সহযোগী আলবদর-রাজাকারদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ভূমিহীন কৃষকদের মধ্যে বণ্টন ও যুদ্ধাপরাধীদের কঠোর বিচার করা। সেদিন সরকার এই দাবি মানলে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য জাতিকে চার দশক অপেক্ষা করতে হতো না।
উল্টো শুরু হয় বিরোধী মত ও মাওবাদীদের ওপর রক্ষীবাহিনীর নির্মম দমন-পীড়ন। এরই প্রেক্ষাপটে ১৯৭২ সালের মার্চে সিরাজ সিকদার হাজির করেন তাঁর নতুন থিসিস—‘পূর্ব বাংলার বীর জনগণ আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি, পূর্ব বাংলার অসমাপ্ত জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সম্পূর্ণ করার মহান সংগ্রাম চালিয়ে যান’। সর্বহারা পার্টি ১৬ ডিসেম্বরকে ভারতীয় সম্প্রসারণবাদের কাছে মুজিব সরকারের ‘আত্মসমর্পণ দিবস’ ও ‘কালো দিবস’ ঘোষণা করে। ১৯৭৩ ও ১৯৭৪ সালের ১৬ ডিসেম্বর দলটির ডাকা দেশব্যাপী হরতালে মওলানা ভাসানীও সন্তোষ থেকে সমর্থন জানান এবং গোটা দেশ অচল হয়ে পড়ে।
নির্মম হত্যাকাণ্ড ও স্বাধীন বাংলাদেশের প্রথম ক্রসফায়ার
১৯৭৪ সালের ১৬ ডিসেম্বরের সফল হরতালের পর ২৮ ডিসেম্বর দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে মুজিব সরকার। ইতিমধ্যে পার্টির কেন্দ্রীয় কমিটির অন্য সব সদস্য রাষ্ট্রীয় বাহিনী ও মুজিববাহিনীর হাতে নিহত হওয়ায় সিরাজ সিকদার একাই এক সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দল পরিচালনা করছিলেন। ১৯৭৫ সালের ১ জানুয়ারি চট্টগ্রামের নিউমার্কেট এলাকা থেকে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশের হাতে তিনি গ্রেপ্তার হন। সেদিনই বিশেষ বিমানে তাঁকে ঢাকায় এনে মালিবাগে স্পেশাল ব্রাঞ্চের অফিসে চালানো হয় অমানুষিক নির্যাতন।
১৯৯২ সালের ৪ জুন আদালতে দায়ের হওয়া সিরাজ সিকদার হত্যা মামলার বিবরণী অনুযায়ী, ২ জানুয়ারি সন্ধ্যায় হাত ও চোখ বাঁধা এবং হ্যান্ডকাফ পরা অবস্থায় তাঁকে শেখ মুজিবুর রহমানের সামনে হাজির করা হয়। সেখানে এই অবস্থায় রাষ্ট্রপতির সামনে আনার কারণ জানতে চেয়ে ভারতীয় সেবাদাসত্ব ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানালে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়া হয়। তৎকালীন পুলিশ সুপার মাহবুব উদ্দিন আহমেদ ও রক্ষীবাহিনীর হর্তাকর্তা তোফায়েল আহমেদরা পিস্তলের বাট দিয়ে মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন।
সেই গভীর রাতেই শেরেবাংলা নগরের রক্ষীবাহিনীর সদর দপ্তর হয়ে সাভারের তালবাগ এলাকায় নিয়ে যাওয়া হয় তাঁকে। চারটি রাইফেলের বুলেট ঝাঁঝরা করে দেয় বিপ্লবের এই বাঁশিওয়ালার বুক; একটি বুলেট এফোঁড়-ওফোঁড় করে দেয় তাঁর হৃৎপিণ্ড। পরদিন ৩ জানুয়ারি দৈনিক ইত্তেফাকসহ সব পত্রিকায় ছাপা হয় পুলিশের প্রেস রিলিজ—‘গ্রেফতারের পর সাভারের কাছে ভ্যান হইতে লাফাইয়া পলায়নকালে পুলিশের গুলীতে সিরাজ সিকদার নিহত’। এর তেইশ দিন পর ২৫ জানুয়ারি সংসদে দাঁড়িয়ে শেখ মুজিবুর রহমান দম্ভভরে উচ্চারণ করেন—‘কোথায় আজ সিরাজ সিকদার?’
রাষ্ট্রীয় হেফাজতে সেদিন যে প্রথম ক্রসফায়ারের জন্ম হয়েছিল, সেই রক্তাক্ত পথ ধরে পরবর্তীতে মাওবাদী বামেরা অকাতরে প্রাণ হারিয়েছে। অথচ সিরাজ সিকদারের হত্যাকারী এসপি মাহবুব আজও ঢাকার গুলশানে আলিশান জীবন যাপন করছেন। ৫ আগস্টের পটপরিবর্তনের পরও তাঁর বিরুদ্ধে কোনো জনরোষ বা ‘মব’ তৈরি হয়নি; উল্টো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরাজ সিকদারের গ্রাফিতি মুছে দিয়েছিল ছাত্রশিবির।
সিরাজ সিকদার বেঁচে থাকলে বিপ্লব হতো, নাকি অন্য দশজন বামপন্থীর মতো তাঁরও স্বাভাবিক মৃত্যু হতো অথবা তিনি আওয়ামী লীগ-বিএনপিতে পরিণত হতেন—তা আর জানা সম্ভব নয়। দেশে কোনো বাম দলের তত্ত্ব অনুযায়ী আজ পর্যন্ত বিপ্লব না হওয়ায় তাঁর ভুল-ত্রুটি মূল্যায়নের যোগ্যতাও আমাদের নেই। তবে বিপ্লবী আকাঙ্ক্ষা, দেশপ্রেম ও আত্মত্যাগের কারণে শত্রুর কাছেও তাঁর আবেদন অমলিন। এ দেশের শোষিত মানুষের কিংবদন্তি কমরেড সিরাজ সিকদারকে জন্মদিনের শ্রদ্ধা।
____
*লেখক: সম্পাদক, ঢাকা পেপারস।
ইমেইল: [email protected]
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



