ইমিগ্রেশনে একা নারী ট্রাভেলার: বৈধ নথির পরও কেন এই সাংবিধানিক অধিকার লঙ্ঘন?

ফেরদৌস আরা রুমী
ফেরদৌস আরা রুমী
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ৭:১১পরিবর্তন করতে ক্লিক করুন
ইমিগ্রেশনে একা নারী ট্রাভেলার: বৈধ নথির পরও কেন এই  সাংবিধানিক অধিকার লঙ্ঘন?

কার্টুনঃ এআই

শেয়ার করুন:

বাংলাদেশের সংবিধানে নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। অনুচ্ছেদ ২৭ ও ২৮ অনুযায়ী, নাগরিকের মাঝে লিঙ্গভেদে বৈষম্য করা সরাসরি সংবিধানের লঙ্ঘন। অনুচ্ছেদ ৩৬ অনুযায়ী, প্রত্যেক নাগরিকের চলাফেরা এবং দেশত্যাগের পূর্ণ স্বাধীনতা রয়েছে। আমাদের পাসপোর্ট অর্ডার বা বিদ্যমান কোনো বিধিমালাতেও ‘নারীর একা ভ্রমণে নিষেধাজ্ঞা’ নেই। তবুও ইমিগ্রেশনে গেলেই একা নারীদের প্রতি কর্মকর্তাদের ‘বাঁকা চোখ’ এবং বৈষম্যমূলক মানসিকতা স্পষ্ট হয়ে ওঠে।

পাসপোর্ট কিংবা ভিসা—কোনোটিই লিঙ্গ বা জেন্ডার বিচার করে ইস্যু করা হয় না। আইনত আপনার কাছে প্রয়োজনীয় সব নথি—যেমন বৈধ ভিসা, হোটেল বুকিং, রিটার্ন টিকিট এবং ভ্রমণের যথাযথ কারণ—যদি উপস্থিত থাকে, তবে ইমিগ্রেশন পুলিশ আপনাকে দেশের বাইরে যেতে বাধা দেওয়ার কোনো আইনগত ক্ষমতা রাখে না। বরং নাগরিক হিসেবে তাঁরা আপনাকে যেতে দিতে বাধ্য। একজন প্রাপ্তবয়স্ক নারী হয়ে আপনি কেন একা যাচ্ছেন, স্বামী বা পরিবারের পুরুষ সদস্যদের সঙ্গে কেন নেননি—এসব অপ্রাসঙ্গিক ও অমর্যাদাকর প্রশ্ন করার সুযোগ বাংলাদেশের সংবিধানে নেই। কিন্তু অপ্রিয় বাস্তবতা হলো, দেশের ইমিগ্রেশনে প্রতিনিয়ত নারীদের এমন দৃষ্টিভঙ্গির মুখে পড়তে হচ্ছে। সম্প্রতি ঢাকার বিমানবন্দর থেকে নেপালগামী তিন নারীকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। তাঁদের ভ্রমণে কোনো আইনি ত্রুটি বা কাগজপত্রের ঘাটতি ছিল না। তাঁদের অপরাধ ছিল একটাই—তাঁরা অবিবাহিত হয়েও কেন একা নেপাল যাচ্ছেন। এ যেন ইমিগ্রেশন পুলিশের নিছক ‘মেজাজ-মর্জি’র ওপর নির্ভর করে কোনো নাগরিকের বিদেশ যাওয়ার অধিকার।

পার্থক্যের দেয়াল: আইন বনাম মানসিকতা


বাংলাদেশের সংবিধানে নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। অনুচ্ছেদ ২৭ ও ২৮ অনুযায়ী, নাগরিকের মাঝে লিঙ্গভেদে বৈষম্য করা সরাসরি সংবিধানের লঙ্ঘন। অনুচ্ছেদ ৩৬ অনুযায়ী, প্রত্যেক নাগরিকের চলাফেরা এবং দেশত্যাগের পূর্ণ স্বাধীনতা রয়েছে। আমাদের পাসপোর্ট অর্ডার বা বিদ্যমান কোনো বিধিমালাতেও ‘নারীর একা ভ্রমণে নিষেধাজ্ঞা’ নেই। তবুও ইমিগ্রেশনে গেলেই একা নারীদের প্রতি কর্মকর্তাদের ‘বাঁকা চোখ’ এবং বৈষম্যমূলক মানসিকতা স্পষ্ট হয়ে ওঠে।

নারীবাদী লেখক মোশফেক আরা শিমুল এই অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে লিখেছেন, "আমার এই হ্যারাসমেন্টের কারণ আমার সাথে পুরুষ মানুষ নাই। আর আমি একা। একা একজন নারী কেনো দেশের বাইরে যাবে সেটা ইমিগ্রেশনের ব্যাটা মানুষের সহ্য হয় না। একা নারী পেলে পৃথিবীর সকল পুরুষ মানুষ তার অভিভাবক হওয়ার চেষ্টা করে।"


একই সুর জেন্ডার বিশ্লেষক ফারহানা হাফিজের কথায়: "নারী ব্যক্তিগত সফর হোক বা কর্মক্ষেত্র, অহেতুক প্রশ্নের মুখোমুখি হননি এমন সংখ্যা কম। নারীকে ইঞ্চিতে ইঞ্চিতে মাপার বিষয়টি আগে হেনস্থার মধ্যে ছিলো, এখন রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এজেন্ডা বাস্তবায়নের সম্মুখ সারির যোদ্ধার মতো কাজ করছে একদল লোক।"


বিশ্বের উদাহরণ এবংআমাদের অবস্থা


বর্তমান প্রেক্ষাপট বিচার করলে দেখা যায়, ইরান, ইয়েমেন বা জর্দানে শরিয়াহ বা কট্টর স্থানীয় আইনের কারণে নারীর দেশত্যাগে স্বামীর বা অভিভাবকের লিখিত অনুমতির প্রয়োজন হয়। এমনকি সৌদি আরবেও ২০১৯ সালের আগে পুরুষ অভিভাবকের অনুমোদন বাধ্যতামূলক ছিল। কিন্তু ২০১৯ সালের পর থেকে সেখানেও ২১ বছর বা তার বেশি বয়সী নারীদের স্বাধীনভাবে ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ হওয়া সত্ত্বেও এয়ারপোর্টগুলোতে কখনো কখনো ইরানের চাইতেও কঠিন পরিস্থিতি তৈরি করা হয়। সৌদিতেও এখন যা অনুমোদন লাগে না, বাংলাদেশে তা পুলিশি জেরার মুখে এসে দাঁড়ায়। পাচার প্রতিরোধের দোহাই দিয়ে যে সন্দেহ করা হয়, অনেক ক্ষেত্রে তা ‘ভার্বাল সেক্সুয়াল অ্যাবিউজ’ বা মৌখিক হয়রানির নামান্তর।


প্রতিকার ও পথচলা


নেপালগামী সেই তিন নারী উচ্চ আদালতের শরণাপন্ন হলে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কেন আইনের আওতায় আনা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। আদালতের এই হস্তক্ষেপ আমাদের কিছুটা স্বস্তি দিলেও চূড়ান্ত সুরাহা আসবে কর্মকর্তাদের মানসিকতা ও পুরো সিস্টেমের আধুনিকায়নের মাধ্যমে। আপনার যদি সঠিক ভ্রমণ নথিপত্র থাকে এবং এরপরও কোনো ইমিগ্রেশন অফিসার বাধা দেয়, তবে মনে রাখবেন—এটি আপনার সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করা। এমন পরিস্থিতিতে মৌখিক তর্কে না গিয়ে তাদের কাছ থেকে ‘অফলোড’-এর লিখিত কপি বা মেমো চাইতে হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণা দিতে হবে। পাসপোর্টের মতো একটি রাষ্ট্রীয় ও আইনি দলিলের মর্যাদা কোনো ব্যক্তির ব্যক্তিগত রক্ষণশীলতা বা খেয়াল-খুশির চেয়ে অনেক বেশি শক্তিশালী।

---
*লেখক: জেন্ডার বিশ্লেষক এবং মানবসম্পদ বিভাগ প্রধান, ঢাকা পেপার্স।

ইমেইল: [email protected]

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: