আমাদের কিশোরীদের বাঁচাতে হবে

ফেরদৌস আরা রুমী
ফেরদৌস আরা রুমী
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১৪:৪১পরিবর্তন করতে ক্লিক করুন
আমাদের কিশোরীদের বাঁচাতে হবে

ছবি: ভিডিও থেকে নেওয়া

শেয়ার করুন:

ঘটনাটি ফাঁস হওয়ার পর যখন ‘সম্মতি’ কিংবা ‘দ্বিতীয় বিয়ের’ ধর্মীয় তকমা দিয়ে অপরাধ আড়ালের চেষ্টা করা হয়, তখন স্পষ্ট হয়ে যায় কীভাবে ধর্মকে অপব্যবহার করে এরা। একই সাথে এক অসহায় কিশোরীর মানবাধিকার হরণের পাশাপাশি তার শৈশব-কৈশোরের উচ্ছ্বল স্বপ্নও কেড়ে নেওয়া হয়।

 

একটি ভিডিও কয়দিন ধরে সারাদেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে। যেখানে মানুষ ভিডিওটির চটকদার উপাদান খুঁজছে, লাইক-শেয়ার-ট্রল ইত্যাদি করছে। যদিও অনেকে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করার কারণে তীব্র নিন্দা জানাচ্ছেন। মূলধারার অনেক মিডিয়াই ভিডিও ব্লার করে দিয়ে হোক অথবা না দিয়ে ঘটনাটি প্রকাশ করেছে। এত উত্তেজনা, নৈতিকতার বাগাড়ম্বরের মধ্যে চাপা পড়ে গেছে হতবিহ্বল কিশোরীর মুখ, আতঙ্কিত চোখ আর লজ্জায় কুকড়ে যাওয়া একটি পূর্ণাঙ্গ মানুষ। তার সমাজ-জীবন বাস্তবতার খবর কয়জনই বা রাখার দায় অনুভব করছে?

 

এদিকে আলোচিত এবং সমালোচিত এমপি গাজী নজরুল ইসলাম নির্বাচনের আগে ঈমানি জোসে জনতার সামনে দাঁড়িয়ে যিনি নারীদের শালীনতা, পর্দা আর ধর্মীয় অনুশাসনের নসিয়ত শোনাতেন কিংবা বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকারে নারীর পর্দা এবং চলাফেরার সময় গায়েরে মাহরাম সাথে থাকা দরকার বলে বক্তব্য দিচ্ছেন; সেই তিনিই নির্বাচিত হওয়ার পর অবিবাহিত কিশোরী মেয়েদের নিয়ে হোটেলে বা নারীদের হোস্টেলে ঘুরছেন। নিজের দেওয়া বয়ান কে নিজেই এভাবে পায়ে দলিত করছেন! এটি একজন জামাত নেতার কেবল নৈতিকস্খলন নয়; বরং ধর্মকে রাজনৈতিক ঢাল বানিয়ে নিজেদের অপকর্ম ঢাকার চরম দ্বিচারিতা ও মুনাফেকি।

 

ঘটনাটি ফাঁস হওয়ার পর যখন ‘সম্মতি’ কিংবা ‘দ্বিতীয় বিয়ের’ ধর্মীয় তকমা দিয়ে অপরাধ আড়ালের চেষ্টা করা হয়, তখন স্পষ্ট হয়ে যায় কীভাবে ধর্মকে অপব্যবহার করে এরা। একই সাথে এক অসহায় কিশোরীর মানবাধিকার হরণের পাশাপাশি তার শৈশব-কৈশোরের উচ্ছ্বল স্বপ্নও কেড়ে নেওয়া হয়।

 

জামাতে ইসলামীর নেতা-কর্মীদের কথায়-বয়ানে নারীকে সম্মানজনক অবস্থানে কিংবা পূর্ণাঙ্গ মানুষ হিসেবে দেখার স্পষ্ট বক্তব্য দেখা যায়নি অতীতেও, এখনো সেই মনোভাবের পরিবর্তন ঘটেনি। তারা বরং নারীদের সকল দায়িত্ব নেয়ার আড়ালে সংসার আর সন্তান জন্মদানের বস্তু হিসেবে দেখেন এবং তাদের স্ত্রী—কন্যারা তাদের এই অভিভাবকত্ব হাসিমুখে মেনে নিয়েছেন। অন্যদিকে তাদের এই বয়ানের আড়ালে ঢেকে যায় অবিবাহিত নারীদের সাথে নীতিগর্হিত আচরণ—যা প্রকাশ্যে আসার পর ধর্মকে ব্যবহার করে নিজেকে শুদ্ধ করার চেষ্টা; কথিত বিয়ে কিংবা ধর্মে একাধিক বিয়ে বৈধ ইত্যাদির তকমা। কিন্তু ইসলাম ধর্মে কখন কোন সমাজ বাস্তবতায় বৈধ ছিল তাও স্পষ্ট করে বলা আছে—যে সমাজ বাস্তবতা এখন অবশিষ্ট নেই। উপরন্তু জামাতের বর্তমান রাজনীতি সমাজে নারীর নিরাপত্তাহীনতার চরম ও করুণ বাস্তবতা আমাদের সামনে তুলে ধরে।

 

ধর্মকে ব্যবহার করে তাদের যে রাজনৈতিক ঢাল তা কেবল তাদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির হাতিয়ার। দলটির ভেতরে বা নেতাদের পরিবারে থাকা নারীদের এমন এক অন্ধ মানসিকতায় আটকে রাখা হয়, যেখানে তারা নিজেদের পুরুষ অভিভাবকদের সর্বেসর্বা এবং নিজেদের জীবনের ত্রাতা বলে মেনে নিতে বাধ্য হন। এর নির্মম ও বাস্তবরূপ আমরা দেখলাম, যখন এই জামাত নেতার প্রথমাস্ত্রীকে সামাজিক মাধ্যমে এনে ভাঙা ভাঙা কণ্ঠে বলানো হলো—‘আমার অনুমতি আছে।’ একজন নারীকে কতটা মানসিকভাবে পরাধীন ও আজ্ঞাবহ করে রাখলে তিনি নিজের স্বামীর ফৌজদারি অপরাধকে আড়াল করতে তোতাপাখির মতো এমন শিখিয়ে দেওয়া বুলি আওড়াতে পারেন?

 

প্রশ্ন ওঠে, জামাত দলটির নারী নেত্রী বা সংসদ সদস্যদের এই বিষয়ে বক্তব্য কী? তারা কীভাবে দিনের পর দিন দলের এই পিতৃতান্ত্রিক নীতি ও দ্বিচারিতাকে সমর্থন করে যান? তাদের নিজেদের কোনো স্বাধীন মতামত বা কণ্ঠস্বর কি নেই, নাকি তারা সারাজীবন পুরুষ নেতাদের শেখানো বুলি আউড়ে যাবেন? নারীদের অদৃশ্য রেখে এবং তাদের অধিকারকে দমন করে এই রাজনীতি আর কতদিন চালাবেন? অন্যদিকে, দল হিসেবে জামাত এমন একটি ঘটনার পর কেবল বাহ্যিক বহিষ্কারের নাটক সাজিয়ে নিজেদের দায়মুক্ত ঘোষণা করবে? একজন অপ্রাপ্তবয়স্ক কিশোরীর সাথে ঘটা এমন মারাত্মক ফৌজদারি অপরাধের পর অভিযুক্তকে অবিলম্বে আইনের হাতে তুলে না দিয়ে এভাবে বহিষ্কার করা কি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীলতা প্রমাণ করে? এটি কি অপরাধীকে আড়াল করা এবং বিচারব্যবস্থাকে তোয়াক্কা না করার উদাহরণ নয়?

 

তবে এই রাজনীতি ও নীতিহীনতার বলি হয় অসহায় কিশোরীরা যারা গাজী নজরুলের মতো ধর্ষকামীর নজরে পড়ে। আমরা জানি না এমন কত বিত্তহীন, নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের মেয়েদের শৈশব ও কৈশোর এই পটেনশিয়াল ধর্ষকদের কাছে মৃত্যু ঘটে। জানি না আমরা, প্রতিদিন তাদের কত অসম যুদ্ধ চালিয়ে যেতে হয়! তারা পরিবারে অবহেলিত ও বোঝা, রাস্তায় নিরাপত্তাহীন আর জনপ্রতিনিধিদের কাছে শোষণের শিকার।

 

অন্যান্য শিশুদের মতো সাধারণ আর স্বাভাবিক ভঙ্গিতে বেড়ে ওঠার কোনো সুযোগ তাদের থাকে না। যখন কোনো মেয়ে এই চরম বাস্তবতার চাপে পড়ে শোষিত হয় বা ফাঁদে পড়ে, সমাজ তখন তাকে ন্যূনতম সহানুভূতিটুকু দেয় না। বরং তার সেই করুণ অসহায়ত্ব হয়ে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমের ‘ভাইরাল কনটেন্ট’ ও সস্তা বিনোদনের খোরাক। একটি মেয়ে যত বেশি দুমড়ে-মুচড়ে যায়, সাইবার দুনিয়ায় সে তত বেশি সাড়া ফেলে। তার চোখের জল, তার অনিশ্চয়তা বিক্রি করে অন্যরা মুনাফা কিংবা বিনোদন কুড়ায়।

 

অপরদিকে এই ভিডিওতে কেবল একজন ব্যক্তির অপরাধ দেখা যাচ্ছে না, পাশাপাশি দেখা যাচ্ছে, সমগ্র সমাজের এক গভীর ক্ষত। আজ আমরা এসব দেখে সস্তা মজা নিচ্ছি কিংবা কপট ক্ষোভ প্রকাশ করছি। কিন্তু এর মধ্যে আমাদের কালেক্টিভ অসংবেদনশীলতাও ফুটে উঠেছে। এর দায় সমগ্র রাষ্ট্রীয় ও সামাজিক কাঠামোরও। যে সমাজ মেয়েশিশুদের ন্যূনতম নিরাপত্তা ও অর্থনৈতিক সুরক্ষা দিতে পারে না, যে রাজনীতি ধর্মকে বর্ম বানিয়ে নারীকে শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তার দায় থেকে সমাজ ও রাষ্ট্র মুক্ত থাকতে পারে না।

এসব ধর্মীয় ভণ্ডামি আর পিতৃতান্ত্রিক মানসিকতার আমূল পরিবর্তন না হলে আমাদের কিশোরীদের আমরা বাঁচাতে পারবো না। আমরা কী বুঝতে পারছি একজন নারী কোন বাস্তবতায় পড়লে একটি চাকরির জন্য ৫০ বছর বয়সের ব্যবধানের এক পুরুষের সাথে হোটেলে যেতে বাধ্য হচ্ছে? এই অসহায়ত্বের সুযোগ যারা নিচ্ছে তাদের নৈতিক চরিত্র স্খলনের চেয়ে ফৌজদারি অপরাধটাকে আমরা খাটো করছি, সংবিধান ছুঁয়ে শপথ নেয়া একজন সংসদ সদস্যর ফৌজদারি অপরাধ গৌণ করে তার চরিত্র ফেসবুক আদালতে হাজির করে বিচার করছি। এতে লোকটার আসল অপরাধ মাফ পেয়ে যাচ্ছে সেদিকটা কী আমাদের নজরে আসছে?

---
*লেখক: জেন্ডার বিশ্লেষক এবং মানবসম্পদ বিভাগ প্রধান, ঢাকা পেপার্স।

ইমেইল: [email protected]

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: